| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বিকেলের হলুদ আলোটা কিছু বলবে বলে বার্তা নিয়ে এসেছিল। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারের জ্যামে নাকি আটকে গেছে। একই আকাশের নিচে থাকা রোদ, একই আকাশের নিচে থাকা আলো জ্যামের ফাঁকফোকর গলে আজও পৌঁছুতে পারেনি বলে মন খারাপ নেই কারও। না প্রেরক, না প্রাপক না বার্তাবাহক। কেবল ডাকপিওনটা আগামী বৃহস্পতিবারের আশায় দুপুরের ভাত ঘুমে ঢুলছে। এ বেলা ভীষণ রোদ, ওবেলার ঠাণ্ডায় জমে গেছে নেটওয়ার্ক। ডাক্তারখানায় জমে যাচ্ছে ভিড়; এ শহর আটকে রেখেছে শরীর। কিন্তু মন চলে গেছে মরে যাওয়া নদীর বালু ঘাটে। সোঁতের অল্প তেজ মিশে যাচ্ছে ড্রেজারের শোষণ নলে। আর কদিন পর হয়তো এ বালুরঘাটও হয়ে যাবে নষ্টালজিক, তাই দ্রুত ছবি তোলার তাড়ায় চলছে ক্যামেরার শাটার। সেলফি ক্যামেরা বন্ধ করে দিয়েছে অন্যকে ডাকার মন “ভাই একটা ছবি তুলে দিবেন?”
এই বিকেল আটকে গেছে রোববারের জ্যামে, মন খারাপের বাতাস চলে গেছে মরা নদীর বালুঘাটে! আর হায়েনার মতন মাঘের ঠাণ্ডা বাতাস খুঁজে যাচ্ছে কারও মনভুলে খুলে রাখা জানলা; অনধিকার ঢুকে পড়ার ইচ্ছে নিয়ে।
হয়তো আমার জানালাটাও আজকে মনভুলে খোলা!
©somewhere in net ltd.