| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
March 30, 2014 at 12:12am
গত বছরের হাড় কাঁপানো শীতের সময়ের ঘটনা। স্টেশনে বেশ জনাকীর্ণ ভিড়ের অগুণতি জনতার একজন হয়ে আমিও ভিড়টাকে বর্ধিত করছি। হঠাৎ নাসারন্ধ্রে উৎকট গন্ধের তীব্র ধাক্কায় সচকিত হয়ে গন্ধের উৎস অনুসন্ধানে বামে তাকালাম। দেখলাম অগোছালো পোশাক, উস্কোখুস্কো চুল আর রক্তজবার মত টকটকে লাল চক্ষুসম্পন্ন এক যুবক হাতে যে বস্তু নিয়ে ড্যাম কেয়ার ভঙ্গিতে ধুমসে টান মারছে সেটাকে আর যাই হোক সিগারেট বলা যায় না। আর সেটি যে কি মহার্ঘ্য তা অভিজ্ঞ অনভিজ্ঞ কাউকেই বুঝিয়ে বলার দরকারও পড়ে না। ভদ্রসমাজস্থ অনেক ভদ্রলোকের চাপা ক্ষোভমিশ্রিত স্বরের "স্ক্রাউণ্ডেল", "বাস্টার্ড" শব্দগুলো কানে এলো। যুবকটি নির্লিপ্ত ভাবে তার ধূম্রগ্রহণ পর্ব শেষ করলো। তারপর পূর্ববৎ নৈর্লিপ্তির সাথেই গায়ের বেশ দামী ব্লেজারটা খুলে অদূরে আদুল গায়ে শুয়ে থাকা এক বিকলাঙ্গ ভিখিরী শিশুটার দেহে ভালভাবে জড়িয়ে দিল। তারপর মাথা নিচু করে যাবার সময় সশব্দে থুথু ফেলল জনৈক স্যুটেড-বুটেড ভদ্রলোকের পায়ের কাছে। ভদ্রলোকটি লাফিয়ে উঠে সরে যেতে যেতে গালি ঝাড়ল "ননসেন্স!" 'ননসেন্স'টি ততক্ষণে দৃষ্টিসীমা থেকে তিরোহিত হয়েছে। আর আমরা "ভদ্দরলোক"রা 'সামাজিক অবক্ষয় ও তার প্রতিকার' নিয়ে কোমর কষে আলোচনায় নামলাম।
©somewhere in net ltd.