নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর আমজাদ

ওমর আমজাদ › বিস্তারিত পোস্টঃ

পত্র দিয়ো

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯



জীবন রথের নতুন বাঁধনে তুমি কেমন আছো আজ?
পত্র দিয়ো পত্র দিয়ো।
নতুন ভুবনে নতুন আয়োজনে কাটছে কেমন দিন তোমার
পত্র দিয়ো পত্র দিয়ো
সবুজ স্মৃতির মলিন ছবিগুলো মনে রেখেছো কি!
পারলে খবর দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো
বাংলা ঘরের দাবায় সেই শুকপাখিটা আজও কি আছে;
কেমন আছে? আমার নামটা কি মাঝে-মধ‍্যে ডাকছে?
পারলে খবর দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।
আমার এই পাখিটাকে সোহাগ দিয়ো প্রণয় দিয়ো
আর আমায় পত্র দিয়ো পত্র দিয়ো।

ভালোবাসতে বলে প্রথম যবে রোজার ঈদে ঈদকার্ডটা দিয়েছিলাম,
সেটা কি এখনো আছে তোমার সকাশে?
চন্দ্রঘাটের মায়াবি তোমার হংসমিথুন কেমন আছে?
পত্র দিয়ো পত্র দিয়ো
হরিদ্র-পান্ডুর সূবর্ণ স্মৃতিগুলো মনে রেখো
পত্র দিয়ো পত্র দিয়ো।
হাট হতে কেনা দর-বাজারের হাঁসুলি-বলয়―
আজও কি তোমার অঙ্গে প্রসাধনী হয়ে আছে?
নাকি ছুঁড়ে ফেলে দিয়েছো!!
একটু কাঁদতে যেনো পারি!
ছন্নছাড়া হাবাতে এই হতভাগারে খবর দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো
বিকেল বেলার মধুময় কোলাহল মনে রেখো
ও! আমার শেখানো গানটা গাও কি?
আমার এই দুখের দিনে আমায় মনে করে
পারলে তুমি সেই চৈতি গানটা গেয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো
রোজ বিহানে কুঁড়াতে বকুল এখনো কি যাও?
তাহলে শেষ নিশিকান্নার রোল শুনিয়ো
পারলে জীবনের শেষ বকুল মালাটা গেঁথে দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।

জীবন রথের নতুন বাঁধনে তুমি কেমন আছো আজ?
পত্র দিয়ো পত্র দিয়ো
আপন প্রিয়ের হিয়ার ব‍্যথা কতটা আর বুঝবে মন তোমার!
পত্র দিয়ো পত্র দিয়ো।
স্বপ-চোখের ব‍্যাকুল রাত্রি-তিয়াসা মনে রাখো কি?
পারলে খবর দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো
ঘুমভাঙা স্বপ্নকাতর সেই আকুল মন আজও কি আছে?
দিন দুপুরের নির্জনতায় পাখিগুলো কি আছে?
(তুমি কি) আগের মতোই চঞ্চল আছো!!
পত্র দিয়ো পত্র দিয়ো
পড়লে মনে আমার কথা মাত্র একটা চিঠি দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।

আকুল মনে মিছে স্বপ্নের সুতোয় গাঁথা হাবড়হাটি-পত্র দিয়েছিলাম;
সেই কবেকার দিন, খেলাঘর পাশে
ছেলে-মানুষির অবোধ দুষ্টুমি সব কি তোমার মনে আছে?
পত্র দিয়ো পত্র দিয়ো
হেসে গড়িয়ে পড়তে যে-পত্র পড়ে―মনে রেখো
কষ্ট হলেও বেলি বৃক্ষটায় জল দিয়ো,যত্ন নিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।
বিষম বিরহে চোখ স্থির ক‍্যালেন্ডারের পাতায়
(কী যে) যন্ত্রণা অব‍্যক্ত বেদনা কদিনের অদেখায়!
সেসব কি মনে রেখেছো?
নাকি সব তাতে দিব‍্যি আড়ি
সব ভুলে গেলেও এই শেষ একটামাত্র চিঠি দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।
চির জনমের এই দুখিকে একটু মনে রেখো
ও, আমার শেখানো গানটা গাও কি ?
আমার এই দুখের দিনে আমায় মনে করে
পারলে তুমি সেই চৈতি গানটা গেয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো,

আর না হলে হাস‍্যোচ্ছলে ভুলেই যেয়ো―ব‍্যথাই দিয়ো
কী আসে-যায় তোমার―ভুলে আমায় যেয়ো
পারলে আমার এ শেষ চিঠিটার জবাব দিয়ো
পত্র দিয়ো পত্র দিয়ো।

চট্টগ্রাম,
৬ মাঘ―১৪২১বঙ্গাব্দ।
Omar amzad

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.