| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতনু আবরার
আমি ফাজিল কিন্তু সেই সঙ্গে ভীষণ সিরিয়াস একটা ছেলে, ঘুমাতে ভালোবাসি, অবসর কাটে মুভি দেখে আর ব্লগিং করে।
পৃথিবীর শেষ রাঙ্গাজবাটা ফুটেছিল তোমার জন্যে;
তুমি হেসেছিলে ভীষণ, বলেছিলে,"এমনটাও আবার হয় নাকি !!"
আমি চুপ হয়ে ছিলাম, দেখেছিলাম তোমার চোখে মায়াদীঘির জল, টইটুম্বুর
আমিতো ভাবতাম শেষরাতে আমরা দুজনে মিলে হাঁটতে বেরুবো নিরুদ্দেশ,
"পাগল", বলতে তুমি,"আমিতো ঘুমিয়ে থাকি তখন !!"
আমি বলতাম,"তোমার ঘুম ভাঙ্গাব আমি রাজকন্যা, জিয়নকাঠি ছুঁইয়ে দেব তোমার কপালে"
তুমি হেসে বলতে,"আমাকে খুঁজে পাবেতো? আমি কিন্তু হারিয়ে যাই মাঝেমধ্যে"
আমি বলতাম, তোমাকে ঠিক খুঁজে নেব আমি অযুত মানুষের জমাটবাঁধা ভিড়ে, তোমাকে ঠিক খুঁজে নেব আমি সবকটা নক্ষত্রের আড়াল থেকে অনায়াসে,
তোমার পায়ের ছাপ সোঁদা চিহ্ন রেখে যায় আমার বুকে, তুমি জানোনা?
একথা শুনে তুমি হাসতে শুধু;
আমিতো দেখতাম তোমার চুলের মাঝে সহস্র মেঘ জমা হয়েছে, ছুঁয়ে দিলেই যেন বৃষ্টি হবে,
তুমি বলতে ও আমার দেখার ভুল,
আমি বলতাম, "তোমার নখের ডগায় শিশিরবিন্দু জমেছে, তুমি চুপটি বসা শীতের সকাল"
তুমি বলতে কুয়াশা হয়ে থাকতেই তুমি ভালোবাসো,
তুমি ভেসে বেরাও দিগ্বিদিক
আমি বলতাম তুমি আমার ঠোঁটের কোনায় জমাট ভালবাসা,
তুমি আমার রৌদ্রদিনের ঘাম
তুমি আমার জ্বরগ্রস্ত প্রলাপ,
আমার জমিয়ে রাখা বয়ামভরা জোনাকি,
বলতাম তুমি আমার মিঠেকড়া মায়ের বকুনি,
আমার ছোটবোনের গালভরা হাসি,
আমার ধূলিধুসর কবিতার খাতা তুমি, তুমি আমার বর্ষাদিনের ঘুম
বলতাম তুমি আমার বাড়ীর উঠোনের পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন নিমগাছ, তুমি ঘাসের সবুজ,
তুমি আমার অস্থিরতা, আমার গায়ের রঙচটা শার্ট তুমি,
তুমি আমার চশমার ঝাপসা কাঁচ,
সবটা ফুরিয়ে যাবার পরেও তুমি থাকো,
তোমায় আমি লুকিয়ে রাখি বুকপকেটে,
তুমি আমার সবটুকু, তুমি আমার সবটুকু, তুমি আমার সবটুকু
আমার কথা শুনে তুমি হয়তো কাঁদছিলে তখন, কিংবা আমার দেখার ভুল
মায়াদীঘির মায়াবী জল উপচে পড়ে, ডুবতে থাকি আমি, জলে জলে টইটুম্বুর
©somewhere in net ltd.