| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতনু আবরার
আমি ফাজিল কিন্তু সেই সঙ্গে ভীষণ সিরিয়াস একটা ছেলে, ঘুমাতে ভালোবাসি, অবসর কাটে মুভি দেখে আর ব্লগিং করে।
তাও! যা ছিল ছড়িয়ে-ছিটিয়ে দিনমানকার রৌদ্রে
সবকিছু কুড়িয়ে জড় করি মাঠের মধ্যিখানে
ছেঁড়াফাটা স্কচটেপে মুড়িয়ে রাখি সব, সযত্নে
বৃষ্টিতে ভিজে গেলেই হবে কেলেঙ্কারি, ফের
পড়ে থাকা শুকনো চালতাপাতা কুড়োই, ধুলোগুলো
ফেলে রাখি একপাশে, পুরোনো বোতল ভর্তি
মৃত চামচিকা তাকায় সহাস্যে, আকাশে আজ
অনেক মেঘ জানি, তবু, বৃষ্টিতে ভিজে গেলেই
হবে কেলেঙ্কারি
কুড়োই পথেরধারের সোনামুগ, বেওয়ারিশ বাবুইছানা
গৃহস্থবউয়ের হারিয়ে যাওয়া চুলের কাঁটা, ভাঙা
ওষুধের শিশি কুড়োই, কুড়োই ডাহুকের গান,
সবকিছু ভুলে গিয়েই বৃষ্টি নামবে হয়তো, তবু,
বৃষ্টিতে ভিজে গেলেই হবে কেলেঙ্কারি
কুড়োই আমি পুরোনো প্রেম, বিগত সকল ফুলতোলা রুমাল
কুড়োই সকল অপত্য স্নেহ, মৃতদের ভেজাদেহ, স্যাঁতস্যাঁতে,
কুড়োই পরিত্যক্ত সাপের খোলস, বেতঝোঁপের হলদেপোকা,
আবডালে খুঁজে পাই বহুযুগের ভুলে থাকা চুম্বন, ছুঁতে চাই,
তা বাতাসে মিলায়
তাও! যা ছিল ছড়িয়ে-ছিটিয়ে দিনমানকার রৌদ্রে
সবকিছু কুড়িয়ে জড় করি মাঠের মধ্যিখানে
ছেঁড়াফাটা স্কচটেপে মুড়িয়ে রাখি সব, সযত্নে
বৃষ্টিতে ভিজে গেলেই হবে কেলেঙ্কারি, ফের
©somewhere in net ltd.