নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ফকির-দরবেশ কিংবা পীরে আমার আস্থা নেই, তবে...

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪


ব্যক্তিগত জীবনে আমি প্রথাগত ফকির-দরবেশ কিংবা পীর ধারনায় বিশ্বাস করি না। আমার ধারনা সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত ওয়ান টু ওয়ান, মানে সরাসরি সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক, মাঝখানে কারো আসার সম্ভাবনা বা প্রয়োজন নেই। তবে কেবল আমার ধারনাই যে সঠিক সেটাও কাউকে জোর করে বিশ্বাস করতে বলছি না। কেউ চাইলে বিশ্বাস করতে পারেন, না করলেও কোন সমস্যা নেই।

আবার কেউ যদি মনে করেন যে কোন কারনেই হোক তার ফকির-দরবেশ প্রয়োজন আছে, সেখানেও আমি সমস্যা দেখি না। বিষয়গুলো নিতান্তই ব্যক্তিগত ধ্যান-ধারনার ও দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে বলে আমার মনে হয়, এখানে জোর-জবরদস্তির কোন অবকাশ নেই। তবে এক জীবদ্দশায় নিজের চারপাশে আর পত্র-পত্রিকায় এ ধরনের পদবীধারী এত বাটপার আর ধাপ্পাবাজের ব্যাপারে জেনেছি যে, এখন সাধু-সন্ন্যাসীকেও প্রথম দেখায় বিশ্বাসীদের তালিকায় নেয়ার সাহস হয় না। আবার এদের সবাইকে ঢালাওভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখা ও বিচার করার বিষয়টিও আমার কাছে অনৈতিক বলে মনে হয়।

এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য ছিলো কুষ্টিয়ার দৌলতপুরের তথাকথিত পীর শামীম রেজার বিষয়ে কিছু কথা বলা। লোকটার বিষয়ে আগে-পরে ভালো-মন্দ কখনোই কিছু শুনিনি। তাই হঠাৎ করে একজন জ্যান্ত মানুষকে এভাবে পিটিয়ে-কুপিয়ে মেরে ফেলার বিষয়টি তাই আমাকে বেশ ব্যাথিত ও আহত করেছে। ভাবছি, এটা কি করে সম্ভব? এতগুলো মানুষ মিলে কিভাবে একজন মানুষের উপর এভাবে আক্রমনাত্মক হতে পারে!! একজন মানুষ, সে পীর হোক বা চোর, তার বিরুদ্ধে যদি সত্যিই কোন ঘোর অভিযোগ থেকে থাকে তবে তাকে আইনের হাতে তুলে দেয়া যেত, মামলা দেয়া যেত। তা না করে, একদল সন্ত্রাসী দিনে-দুপুরে শামীমকে আত্মপক্ষ সমর্থন করার আগেই ধর্মীয় অবমাননার অভিযোগে নিষ্ঠুর ভাবে হত্যা করা হল। শামীমের বিরুদ্ধে অভিযোগের কোন পরিষ্কার তথ্য আমার জানা নেই। আসলে সেটা জানারও কোন প্রয়োজন দেখছি না কারন কোন কারনেই একজন মানুষকে এভাবে হত্যা করার সঠিক কাজ নয়। নৈতিক কিংবা আইনগত দৃষ্টিভঙ্গিতেও এটাকে কোনভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না।

যতটুকু জানতে পারলাম তাতে পুরো বিষয়টি অনেকটাই সুপরিকল্পিত বলে মনে করছেন অনেকে। আর পুরো ঘটনায় আশে-পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ অংশগ্রহণ করেছে বলে জানতে পারলাম। আমি জানিনা তারা কোন ধর্মের অনুসারী তবে যে ধর্মের হয়ে থাকুক না কেন, তারা যে তাদের ধর্ম সম্পর্কে প্রকৃত ধারনা রাখেন না সেটাও বেশ স্পষ্ট। কোন ধর্মই এ ধরনের হিংস্রতাকে প্রশয় দেয় বলে আমার জানা নেই। তার চেয়েও বড় কথা আইন কাউকেই এভাবে আইনকে নিজের হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয় নি। আত্মরক্ষা ছাড়া কোন মানুষের প্রতি এরকম বর্বর ও প্রাণঘাতী আক্রমন, কখনোই সমর্থনযোগ্য নয়।

এটা সত্য যে, বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়গুলো নতুন নয়। তবে বিগত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি, বাংলাদেশের অনেক মানুষের মাঝে এক ধরনের ভয়ানক হিংস্র ও আক্রমনাত্মক আচরণ পরিলক্ষিত হচ্ছে। এটা জাতি হিসেবে আমাদেকে একটা ভয়ানক বার্তা দিচ্ছে। সেই সাথে আগামীর বাংলাদেশের জন্যও এটা বিরাট উদ্বেগের বিষয়। এই বিষয়গুলো নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সেই সাথে প্রয়োজন আইনের শাসন ও প্রয়োগ। বিনা বিচারে এভাবে কারো প্রয়াণ না হোক, বাংলাদেশ তথা এ দেশের মানুষগুলো আরো মানবিক, সচেতন ও দায়িত্ববোধসম্পন্ন হোক এটাই প্রত্যাশা থাকবে।

ছবি কপিরাইট: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের মব অণ্য এক চেহারায় !
যা কিনা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে ছিলো একদিন ।
এখন জনগন তার মজা পেয়ে গেছে ।

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: দ্বিমত পোষণ করি। সংঘবদ্ধ সহিংসতাকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের দাবী জানাই। ধন্যবাদ।

২| ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: পুরোটাই টারগেটেড কিলিং । সময় সুযোগ বুঝে লোকটাকে সরিয়ে দেয়া হয়েছে ।

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য মিথ্যে জানি না। আসলে ঘটনাটির খুব বেশী গভীরে জানা সম্ভব হয় নি বা ইচ্ছেও নেই। শুধু জানি কোন মানুষকে বিচারবিহীন এভাবে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবারই থাকা উচিত। ধন্যবাদ।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ আর মানুষ নেই। সব অমানুষ।

পীর ফকির এগুলো ভুয়া। এরা মূলত ধর্মকে সঙ্গী করে ধান্দাবাজি করে।

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: নিঃসন্দেহাতীতভাবে এদেশের মানুষগুলোর মানবিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় হয়েছে বিগত কয়েক দশকে। অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিত জনপদে শিক্ষার আলো না জ্বালাতে পারলে এরা চিরকালই ধান্দাবাজি করবে। দোষ জনগণের বলেই মনে করি। ধন্যবাদ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: প্রথম দুটি অনুচ্ছেদের সূচনা বক্তব্য এবং শেষের অনুচ্ছেদের উপসংহার চমৎকার হয়েছে। এতে ধর্মীয় বিষয়াদিতে আপনার উদার মনোভাব প্রতিফলিত হয়েছে। এই কথাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। +
আক্রমণকারী এবং হত্যাকারীদেরকে আইনের সম্মুখীন করে উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি।

২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বক্তব্যে অনুপ্রাণিত হলাম। নিতান্তই ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করেছি। সবার জন্যেই একটা সুন্দর পৃথিবী কামনা করি। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

৬| ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

নতুন বলেছেন: এটা পরিকল্পিত। এই হত্যাকান্ডের পেছনে যারা আছে তারা দেশের ধর্মান্দতার প্রভাব সম্পর্কে ভালোই জানে। তারা সাধারন কিছু মানুষকে উসকে দিয়ে মব বানিয়েছে আর তাদের খুনিরা হত্যাকান্ড করেছে।

এই দেশের প্রতিটা ধর্মীয় প্রতিস্ঠানেই মানুষ হত্যার বিরুদ্ধে জনগনকে বয়ান দেওয়া উচিত।

দেশের বড় বড় ধর্মীয় বক্তারা এই রকমের কাজের পরেও জনসচেতনতা বাড়াতে কথা বলতে দেখা যায় না।

কারন তাদের বেশিরভাগও কিন্তু বিভিন্ন সময় ভিন্ন ধর্মের, মতের মানুষের বিরুদ্ধে কথা বলে,

তাই এমন ভিন্ন মতের মানুষ মারা গেলে তারাও সেটাকে এক রকমের মৌন সম্মতি আছে বলেই তারা চুপ থাকে।

২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: এই পৃথিবী সকল ধর্ম ও ধ্যান-ধারনার মানুষের। চিন্তা ধারার বৈচিত্রতাই মানব জাতির আসল সৌন্দর্য। হিংসা, বিদ্বেষ এর অবসান হোক। ভাতৃপ্রেমে উদ্বুদ্ধ হোক সকল প্রাণ, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:১০

কাঁউটাল বলেছেন: রাজীব নুর বুদ্ধির অভাবে ভন্ডপীর হইতে পারল না। আফসোস।

০২ রা মে, ২০২৬ রাত ১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: B-)

৮| ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৫

জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছে। আপনার মতামতের সাথে একাত্মতা অনুভব করছি।

০২ রা মে, ২০২৬ রাত ১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৯| ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৮

নতুন নকিব বলেছেন:



চমৎকার বলেছেন। আপনার সাথে সহমত পোষন করছি। আসলে আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণেই দেশে আজ একের পর এক এসব ঘটে চলেছে। সত্যিকারের আইনের শাসনের সঠিক প্রয়োগ থাকলে পীর নামের আড়ালে এই জাতীয় আগাছা সমাজের অলিগলিতে জন্মই নিতে পারতো না। দেশে আজ মাদকসেবি, নেশাখোরদের নামের আগেও পীর শব্দ লাগাতে দেখা যায় যা বড়ই দুর্ভাগ্যজনক।

শুভকামনা জানবেন।

০২ রা মে, ২০২৬ রাত ১:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.