নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............

শ্রাবণধারা

" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."

শ্রাবণধারা › বিস্তারিত পোস্টঃ

আমার শৈশবের ধর্মানুভূতি

১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা। সেই রাস্তায় তখনও বাস বা অটোরিকশা চলত না; সাইকেল আর রিকশাই ছিল ভরসা। রিকশায় নানাবাড়ি পৌঁছাতে আড়াই থেকে তিন ঘণ্টা লেগে যেত।

শহর পেরোলেই দুপাশে বিস্তীর্ণ খোলা মাঠ আর ধানক্ষেত, কোথাও হাঁটুজল থাকা প্রায় শুকিয়ে যাওয়া সরু নদী। রাস্তা ধরে অনেকটা দূর যাওয়ার পর বাজারের কাছে এসে রিকশা থামতো। রিকশাওয়ালা কোমরে বাঁধা গামছাটা খুলে মাথার ঘাম মুছে নিতেন; তারপর তিনি চা-নাশতা খেতেন আর একটুখানি জিরিয়ে নিতেন। রিকশায় বসে থেকেই মা আমাকে ব্যাগ থেকে দুই-পাঁচ টাকা বের করে পাশের দোকান থেকে পেঁয়াজু বা ডালপুরি কিনে আনতে পাঠাতেন।

গ্রীষ্মের ছুটি শুরু হলে আমাকে একাই নানাবাড়ি পাঠিয়ে দেওয়া হতো। তখন আমার নানি বাড়িতে প্রায়ই একা থাকতেন। নানা মারা গিয়েছিলেন আগেই; মামারা শহরে থেকে লেখাপড়া করতেন, কেউবা চাকরিতে নতুন ঢুকেছেন। তবে ছুটি-ছাটা পেলে তাঁরা সবাই গ্রামে ছুটে আসতেন।

যাত্রাপথে কুমোরপাড়া বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামটার পাশ দিয়ে যেতে যেতে কুমোরদের বাড়ির উঠোনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাঁড়ি-পাতিল, মটকা, কলস ইত্যাদি মাটির তৈরি তৈজসপত্রের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। কুমোরপাড়া পার হলে নানাবাড়ির গ্রাম। সেখানে ঢোকার মুখে টিনের চালার কয়েকটি দোকান আর মাঠের মাঝখানে একটা প্রাচীন বটগাছ ও তার প্রকাণ্ড ঝুরিগুলো দেখে বোঝা যেত এটাই গ্রামের হাট। সপ্তাহে দুই দিন হাটুরেদের আনাগোনায় জায়গাটা সরগরম হয়ে উঠত।

সেই হাটে আমি বহুবার গিয়েছি। সেখানে বিশাল কড়াইয়ে গরম তেলে ভাজা জিলাপি যেমন খেয়েছি, তেমনি হাটে সবজি বিক্রিও করেছি। জমিতে অন্য ফসলের পাশাপাশি মুলা ও আলুর চাষ হতো; মামাদের সঙ্গে মুলা নিয়ে হাটে যেতাম বিক্রি করতে। মুলার দাম নির্ভর করত ক্রেতার চাহিদার ওপর। ক্রেতা বেশি থাকলে এক আঁটি মুলার দাম রাখা হতো আট আনা, ক্রেতা কম থাকলে চার আনাই সই।

বাজারের সীমানা পেরোলেই গ্রামের স্কুল। গ্রামে বাড়িঘর খুব বেশি নেই। রাস্তার ধারের ধানক্ষেতগুলো সবুজ থেকে ধীরে ধীরে সোনালি হয়ে উঠত, কোথাও হলুদ সরষে ফুলে মাঠ ছেয়ে যেত। পুকুরধারে তাল বা সুপারি গাছের সারি। কোথাও পাশাপাশি কয়েকটা শিমুলগাছ। আম, কাঁঠাল, সুপারি ও নারকেল গাছ প্রায় সব বাড়িতেই দেখা যেত।

বাজার পেরিয়ে রিকশা নানাবাড়ির মাটির রাস্তায় ঢুকলে রাস্তার অর্ধেকের বেশি জায়গাজুড়ে সবুজ ঘাস। তার মাঝখান দিয়ে ঘাসবিহীন সরু মাটির পথ। কিছুদূর এগোলে গাছগাছালির ছায়ায় রাস্তাটা এক জায়গায় সবুজ ছাউনির মতো হয়ে আসত। সেই রাস্তার পাশেই আমাদের নানাবাড়ি।

সামনের আঙিনায় ঢোকার মুখে কয়েকটি সুপারি গাছ। সামনের আঙিনাটি বালিময়। এক পাশে পারিবারিক কবরস্থান - সেখানে আমার নানা ও তাঁদের পূর্বপুরুষদের কবর। জায়গাটি গাছপালায় ঘেরা। একটা বড় করবী ফুলের গাছ থেকে ফুল ঝরে পড়ত কবরগুলোর ওপর, কিছু ফুল জমা হতো আঙিনায়। ফুল ঝরে গেলে গাছে যে কড়িফল ধরত, সেগুলো ছিল আমার খেলার টাকা, শৈশবের মহামূল্যবান সম্পদ।

কবরস্থান পার হলে একটা বড় পুকুর। কবরস্থানের সীমানার জামগাছের ছায়া পড়ত সেই পুকুরের পানিতে। পুকুরপাড় ঘেঁষে অনেকগুলো আমগাছ। এই আমগাছগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। কোনোটা কাঁচামিঠা, কোনোটা কলাপতি - এমনি সব বাহারি নাম! প্রতিটি গাছের আমের স্বাদ ও গন্ধ আলাদা। গ্রীষ্মের তপ্ত দুপুরে, বিদ্যুৎহীন গ্রামে, ঘরে থাকা কষ্টকর হয়ে ওঠার আগেই নানি আমাকে পুকুরপাড়ে পাঠিয়ে দিতেন বাতাসে ঠান্ডা হতে। তপ্ত দুপুরের সেই অলস সময়েই বোধ হয় পুকুরের পানিতে ছায়া ফেলা আমগাছগুলোর সঙ্গে আমার সখ্যতা হয়েছিল।

বাড়িতে ঢোকার মুখে একটা টিনের ঘর, ঘরটার নাম পড়াঘর। ঘরের দুই পাশে দুটো চৌকির ওপর বিছানা পাতা। সেগুলোর সাথে পড়ার চেয়ার-টেবিল। ঘরের মাঝখানে হেলান দিয়ে বসা যায় এমন একটা বেঞ্চ এবং কয়েকটা চেয়ার। এই ঘরে আমার ছোট দুই মামা থাকতেন। তাঁরা কিছুদিন আগেও স্কুলে পড়তেন। কিন্তু তখন স্কুল পাস করে অন্য শহরে চলে গেছেন কলেজে পড়তে। নাম যদিও পড়াঘর, ব্যবহারের দিক থেকে সেটা একটা সাধারণ বৈঠকখানা।

বাড়ির ভেতরের আঙিনায় গোল করে ধান শুকাতে দেওয়া হতো। আঙিনার এক পাশে বড় ঘরটা নানির। সেখানে পুরোনো আমলের একটা খাটের সাথে চৌকি জুড়ে দিয়ে ফুটবল মাঠের মতো বিছানা পাতা। এই বিছানায় নানির পাশে আমার থাকার জায়গা। বার্ষিক পরীক্ষা শেষে আমার মা ও খালারা যখন ছেলেমেয়ে নিয়ে বেড়াতে আসতেন, তখন তাঁরাও এই বড় বিছানায় আমাদের সাথে ঘুমোতেন।

ঘরের কড়িকাঠে নানার পিতামহের নাম এবং বহু পুরোনো একটা বাংলা সন খোদাই করা - যে সালে ঘরটা তৈরি করা হয়েছিল। কড়িকাঠে লেখা সেই সাল মনে করিয়ে দিত যে, এই ঘরে আগে আরও মানুষ বসবাস করেছেন।

ঘরের সাথে লাগোয়া আরেকটা কুঠুরি। সেখানে উচু পাটাতনে ধানের মাচা পাতা। ঘরের ভেতরে আসবাবপত্র বেশি নেই। খাটের পাশে মেঝেতে নিচু কাঠের আসন। আমরা বলতাম জলচৌকি। আমার নানি সেখানে নামাজ পড়তেন। ঘরে ঢুকতেই দরজাওয়ালা একটা তাক। সেটার ওপর আয়না, চিরুনি ও পাউডারের কৌটা রাখা। দেয়ালে কয়েকটি বাঁধাই করা কাপড়ে সেলাই করে আঁকা ফুলের নকশা। নকশাগুলোর মধ্যে ছোট কোনো বাণী বা কথা (যেমন: মায়ের দোয়া) লেখা।

নানির বিছানার পাশের জানালাটি খুললেই একটা ডালিমগাছ চোখে পড়ে। সেখানে ডালিম ফেটে লাল হয়ে উঠত, আর নতুন নতুন পাখির আনাগোনা হতো। আমার নানি বলতেন, ডালিম বেহেশতের ফল। আমার ধারণা ছিল, বেহেশতে গেলে অন্য সব গাছ আমি চিনি বা না-চিনি, ডালিমগাছগুলো চিনতে পারব। ডালিমগাছের উল্টো পাশে, বাড়ির মূল ফটকের কাছে একটা জবা ফুলের গাছ। সেটাতে সারা বছর ফুল ফুটত। গাছটির আকৃতি ছোট হলেও এর ডালগুলো আমার ভার বহনে সক্ষম ছিল। সে কারণে আমি এর ডালগুলো ধরে শাখামৃগের মতো ঝুলতাম।

ঘরের পেছনের আরেকটি জানালা খুললে জায়গাটা কিছু ভুতুড়ে মনে হয়। সেখানে নিজর্নে অনেকগুলো সুপারি গাছ আর খড়ের স্তূপ। বাড়ির সামনের আঙিনায় একটা জামরুলগাছ। সীমানার মধ্যে আম ও কাঁঠালগাছ বেশি। আর ছিল হাসনাহেনা ও কামিনী ফুলের গাছ। হাসনাহেনা সম্পর্কে আমার মনে ভয় ছিল। কার কাছে শুনেছিলাম, হাসনাহেনার গন্ধে নাকি সাপ আসে। সেই ভয়ে আমি গাছটির আশপাশে যেতাম না।

আমার নানি কখনো আমাকে ভূতের বা ভয়ের কোন গল্প বলতেন না। তাঁর গল্পের অধিকাংশই ছিল তাঁদের পরিবার নিয়ে। তাঁর স্বর্গীয় পিতার গল্প, তাঁদের গ্রামের চর এলাকার গল্প, নদীভাঙনের গল্প। আর তাঁর প্রিয় ছিল কবিতা। তিনি লিখতে-পড়তে পারতেন। তেরো বছর বয়সে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তিনি স্কুলে পড়েছেন।

ঘুমোতে যাওয়ার আগে শুয়ে শুয়ে তিনি তাঁর মৃত আত্মীয়দের গল্প করতেন। এসব গল্প করার সময় প্রায়ই জসীমউদ্‌দীনের "কবর" কবিতাটি আবৃত্তি করতেন, আর কাঁদতেন। আবার কখনো আমাকে উদ্দেশ্য করেই বোধ হয় আবৃত্তি করতেন কুসুমকুমারী দাশের "আদর্শ ছেলে" কবিতাটি - "আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"

নানির ঘরের কোনাকুনি রান্নাঘর। সেখানে টিনের ছাউনি ও বেড়া দিয়ে জায়গাটা কিছুটা বাড়ানো হয়েছে। রান্নার কাজ সম্পন্ন হতো খড়ির চুলায়। ফসল কাটার ব্যস্ত সময় শেষ হলে, যাকে আমরা বলতাম "মারাকাটি", শীতের শুরুতে আমার মা ও খালারা যখন সবাই নানির বাড়িতে বেড়াতে আসতেন, তখন খুব ভোরে, একেবারে অন্ধকার থাকতেই নানি, মা ও খালারা মিলে চুলার পাশে জড়ো হয়ে শীতের পিঠা তৈরি করতেন।

রান্নাঘরের পাশে ঢেঁকিঘর। এই ঘরের এক কোণে ছোট মাচায় ধানের খোসা আর খড় বিছিয়ে আরামদায়ক একটা জায়গা তৈরি করা হয়েছিল। সেখানে বাড়ির বিড়াল তার বাচ্চাদের নিয়ে থাকত। একবার এই বিড়ালটার কয়েকটি বাচ্চা হলো। খুব ভোরে নানি আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, "আগের রাতে বিড়ালের বাচ্চা হয়েছে, চল, দেখে আসি।"

আমার বয়স তখন সাত বা আট বছর হবে। সন্ধ্যার আজান হয়েছে, মামারা সবাই তখন নানাবাড়িতে; সামনের আঙিনায় মাদুর পেতে মাগরিবের নামাজের প্রস্তুতি চলছে। আঙিনাটি বালিময়। দুপুরের রোদে বালিগুলো চকচক করত। সারাদিনের গুমোট গরমের পরে সন্ধ্যায় হাওয়া বইছে, পুকুরের পানিতে শীতল হয়ে এসে সেই হাওয়া গায়ে লাগছে। বাড়ির কুকুরটা আঙিনার এক কোণে শুয়ে আছে। শেষ বিকেলের আলোয় চারদিকে রঙিন আভা ছড়িয়ে পড়েছে।

বয়সে ছোট বলে আমাকে নামাজে দাঁড়াতে হয়নি। মামাদের কেউ একজন আজান দিলেন। তারপর তাঁদের একজন সামনে নামাজে ইমামতি করতে দাঁড়ালেন, বাকিরা তাঁর পেছনে সারিবদ্ধ হলেন। আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু আমার সমস্ত মন সেই প্রার্থনার ভেতরে প্রবেশ করেছিল। প্রার্থনার প্রতিটি শব্দে, প্রতিটি আসনে ও ভঙ্গিতে - রুকুতে, সিজদায়, সালাম ফেরানোয় - এক প্রবল অনুভূতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল।

হয়তো সেই মুহূর্তে নিজের ক্ষুদ্র অস্তিত্ব ও জীবনকে শিশুর চোখে দেখার অনুভূতি ছিল সেটা। অথবা সেই সন্ধ্যার খোলা আঙিনা, পাশের কবরস্থান, পুকুরপাড় থেকে বয়ে আসা বাতাস, উঠানে শুয়ে থাকা কুকুরটি - চারপাশের এই পরিচিত দৃশ্য ও প্রকৃতির মধ্যে যে রহস্যময়তা, সেই আবহ মিশে গিয়েছিল মামাদের সুর করে কোরআন পাঠের সাথ। সেই রহস্যের অর্থ আমি বুঝতাম না, কিন্তু তার অনুভূতিটুকু উপলব্ধি করতে পারতাম।

পরবর্তী জীবনে আমি সেই শৈশবের অনুভূতিটিকে বোঝার চেষ্টা করেছি। আমার কল্পনায় ঈশ্বর কখনোই ঊর্ধ্বাকাশের ওপরে সিংহাসনে আসীন কোনো প্রবল প্রতাপশালী সম্রাটের মতো ছিলেন না।

তখন পর্যন্ত আমার ছোট্ট জগতের সবকিছুর কেন্দ্রবিন্দু ছিলাম আমি নিজেই। বাইরের মানুষদেরও আমি নিজের প্রেক্ষিত থেকেই বিবেচনা করতাম। তাঁদের পরিচয় নির্ধারিত হতো আমার সাথে তাঁদের সম্পর্ক, তাঁদের পেশা অথবা পার্থিব অবস্থান দিয়ে - কেউ আমার পিতা-মাতা, আত্মীয় বা অনাত্মীয়, কেউবা কৃষক, কেউ দরিদ্র দিনমজুর, অন্যের জমিতে কাজ করে যাঁদের জীবিকা নির্বাহ হতো। মামাদের প্রার্থনার সময় একটু দূরে দাঁড়িয়ে আমি অনুভব করলাম, আমার পরিচিত মানুষ ও পরিবেশের বাইরেও সম্পূর্ণ ভিন্ন কোনো অস্তিত্ব এবং উপলব্ধির জগৎ থাকতে পারে।

নিজের ক্ষুদ্র সত্তার দিকে তাকিয়ে একধরনের শূন্যতা অনুভব করেছিলাম; নিজের চেনা জগতের সীমাবদ্ধতা বেদনার্ত করেছিল। অন্য সব শিশুর মতো আমিও পরিচিত জগতের সবকিছুকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলাম। কিন্তু সেই প্রার্থনা আমাকে পরিচিত জগতের বাইরের ভিন্ন অস্তিত্বের মুখোমুখি দাঁড় করাল। সেই অস্তিত্বকে স্বীকার করতে গিয়ে নিজের এত দিনের ধারণা ও নির্ভরতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হল। অনুভব করলাম, নিজের ক্ষুদ্র জগতের বাইরে ভিন্ন কিছুর অস্তিত্ব স্বীকার করার মধ্যে ভালোবাসার অনুভূতিও আছে; আর সেটাই সবচেয়ে অলৌকিক।

এর অর্থ নিজের বাইরের অস্তিত্বকে শুধু অন্ধ ভাবে বিশ্বাস করা বা মেনে নেওয়া নয় এবং তাকে নিজের ক্ষুদ্র ধারণা ও দৃষ্টিভঙ্গির মধ্যে আটকে ফেলা নয়। বরং এর অর্থ নিজের মনকে বাইরের জগতের আলো-বাতাসের জন্য প্রসারিত করা। আত্ম-অনুসন্ধানের প্রকৃত যাত্রা শুরু হয় এমন এক "আমি" থেকে, যে নিজের মধ্যে আবদ্ধ না থেকে বাইরে এগিয়ে যায় এবং অন্যের অস্তিত্বের মধ্যে নিজের সত্তাকে নতুন করে আবিষ্কার করে। সে কারণেই দেখা যায়, সাধু-সন্তরা অন্য মানুষের মধ্যে - বিশেষ করে সমাজে যারা সবচয়ে সুবিধাবঞ্চিত - অনাথ শিশু, অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পান।

সিমোন ওয়েল নামে একজন ফরাসি দার্শনিক তাঁর জীবনের কয়েকটি ধর্মীয় অভিজ্ঞতার কথা লিখেছেন। এর মধ্যে একটি অভিজ্ঞতায় গ্রামবাসীদের স্তোত্রগান শুনতে শুনতে তাঁর মনে এই উপলব্ধি জন্মেছিল যে, "খ্রিস্টধর্ম মূলত দাসদের ধর্ম, আর তিনিও সেই দাসদেরই একজন।" তিনি লিখেছিলেন, "আনুগত্যই সবচেয়ে বড় গুণ।" ওয়েলের মতে, প্রেমের এই ধারণা প্রাক-রোমান খ্রিস্টধর্মে গভীরভাবে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু রোমান সভ্যতার প্রভাবে প্রেমের জায়গা দখল করে নেয় "গর্ব ও অহংকার"। ফলে প্রেমের এই উপলব্ধি কেবল অল্পসংখ্যক মরমী সাধকের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।

ওয়েল প্রার্থনার মধ্যে এমন এক নির্মল আনন্দ খুঁজে পেয়েছিলেন, যা তাঁকে এই বিশ্বাস দিয়েছিল যে, দুঃখ-দুর্দশার মাঝেও ঐশ্বরিক প্রেম নিয়ে বেঁচে থাকা সম্ভব। আমার শৈশবের অনুভূতিতেও হয়তো এই সত্যের একটা অস্পষ্ট আভাস ছিল।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.