| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ধরো, তুমি যদি আমার হতে,
সকালটা শুরু হতে পারত
আমার কপালে তোমার ঠোঁটের ছোঁয়ায়।
অফিসে যাওয়ার সময় তুমি দরজায় দাঁড়িয়ে থাকতে, যতক্ষণ না আমি তোমার চোখের আড়াল হই।
দুপুরে লাঞ্চ বক্সটা খুলতেই তোমার রান্নার ঘ্রাণে
ভরে যেতে পারত আমার সমস্ত দুপুর।
সন্ধ্যায় ক্লান্ত পায়ে যখন বাড়ি ফিরতাম,
আমার চোখ আটকে যেতে পারত তোমার মিষ্টি হাসিতে। তোমার বানানো ধোঁয়া ওঠা চায়ের কাপে মিলিয়ে যেতে পারত আমার সারাদিনের ক্লান্তি।
হঠাৎ বৃষ্টি নামলে
দুজন একসাথে ভিজতে পারতাম।
ছুটির দিনে সমুদ্রের পাড়ে পাশাপাশি বসতে পারতাম। ঢেউয়ের শব্দে হারিয়ে যেতে পারত আমাদের সব দুঃখগুলো।
আমাদের দুটো কিউট বাবু হতে পারত,
একজন আমার মতো ডানপিটে,
অন্যজন তোমার মতো মিষ্টি।
ওদের হাসি-কান্নায় মুখর হতে পারত আমাদের ছোট্ট নীড়।
ওরা গভীর ঘুমে তলিয়ে গেলে
আমরা তখন বারান্দায় বসতে পারতাম।
তুমি আমার কাঁধে আলতো করে মাথা রাখতে পারতে,
আমি তোমার চুলে হাত বুলিয়ে দিতে পারতাম।
মাথার ওপর চাঁদটা
নির্বাক পাহারা দিতে পারত আমাদের।
কিন্তু... হলো না।
সেই রাতে, একটু সাহস করে যদি
তোমার হাতটা ধরে রাখতাম আমার হাতের মুঠোয়,
তাহলে হয়তো এসবই হতো।
এখনও চাঁদ আমার বারান্দায় আসে,
কিন্তু জোছনা আমাকে ছোঁয় না।
কারণ, আমি ডুবে আছি এক দীর্ঘ অমাবস্যায়।
©somewhere in net ltd.