| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথগায়ক
জন আশবেরি
একজন মারা গেলো, আর অন্য একজনের দেহ থেকে
হেঁচকা টানে খুলে নেওয়া হলো আত্মা, রাস্তায় হাঁটে
কোটের মতো কোনো পরিচয় গায়ে, চেয়ে চেয়ে দেখে
একই আনাচকানাচ, ভলিউমেট্রিক্স, ছায়া, গাছের নিচে
যতোদূর শব্দ যায় তার চেয়ে দূরে, বর্ধিষ্ণু উপশহরে
বাতাসে ও রাস্তায়, শরৎ ঝরে পড়ে সবকিছুর ওপর
পশমি বস্ত্র অখ্যাত কোনো গেরস্থের ঘরের মালামাল
ছেড়ে চলে আসে বাস্তুহারা পথে, অন্যজন অন্যকারো
দৃষ্টিগুলো টেনে নেয় নিজের চোখের ভেতরে
অবশেষে দিব্যজ্ঞান। পারস্পরিক ঘৃণা ও বিস্মৃতি।
তাই গড়পরতা একটা ভায়োলিন হাতে তুলে নেই
এটি জানে শুধু অনুষ্ঠানে গাওয়া ভুলে যাওয়া সুর
কিন্তু দাবি করে নীরস ধ্রবকচরণের সঙ্গে বাঁধা
জোরালো কথার সম্ভাবনা, বছর ঘুরে নভেম্বর আসে
ফাঁকে ফাঁকে দিন, আরো উদার, হাড়ের ওপর
আরো সহজে দৃশ্যমান মাংস, উৎপত্তির স্থান নিয়ে
আমাদের প্রশ্ন ঝুলে থাকে ধোঁয়ার মতোঃ পাইন বনে
আমরা কিভাবে পিকনিক করেছিলাম, সাগরের ধারে
যেখানে জল সবসময় গড়িয়ে আসে আমাদের দিকে
ময়লা-আবর্জনা ছড়িয়েছিটিয়ে পড়ে, দৃশ্যপট মাখামাখি
আমরা যা হতে পারতাম সেরকম বানানোর প্রয়াস।
©somewhere in net ltd.