| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন খেতে পেতাম না বলে
ভাতের ফেনা খেয়েছি,
কত রাত চাল ভাঁজা খেয়েই ঘুমাতে হয়েছে
তার হিসেব নেই;
কত দিন শুধু জল ।
রাত কখনও শেষ হত না
ক্ষিধের দুনিয়া উঠত জ্বলে ।
কতদিন ভেবেছি এমন জনম না হলেই হত,
অথবা বাবা-মায়ের চৌদ্দ গুষ্টি উদ্ধার করেছি।
দাদা তখন বলতেন,
এই তো আর ক’টা দিন দেখবি একদিন আমরাও ।
তারপর পাশ করে একটি চাকরী নেব।
দাদাকে কতদিন বলতে শুনেছি,
মাইনে পাঁচ হাজার হলেই ,
আমাদের সবার চলে যাবে ।
আট জনের সংসার,
বাবা তখন বেকার ,
বুড়ো কালে সাদী করে বুড়োটা
ছয় ছয়টি আদম সন্তান এনেছে ।
একটু বড় হয়ে ভাবতাম
কেন যে তখন ফ্যামিলি প্লানিংটা ছিল না ।
স্কুলের ফি দেইনি কোনদিন
জুন আর ডিসেম্বরে এলে,
সব ভাইবোনের বৃত্তির অর্থ মিলে
তিন মাসের চাল ডাল হয়ে যেত আমাদের ;
বিদ্যাই যেখানে বৃত্তি ।
এক টাকার জন্য কোন কোন দিন
দাদার কলেজে যাওয়া হয়নি ;
দেনটি মা কোনদিন টিফিনের টাকা হাতে,
লাল আইসক্রীম খেয়েছি
কখনও খাইনি দুধ আইসক্রীম ।
তবুও পিছিয়ে আসিনি;
আজ মাথা নত হয়ে আসে ।
একদিন যে হাতে ললিপপ ছিল না,
আজ সে হাতে দামী সিগারেট,
ধোঁয়ায় ধোঁয়ায় উড়ে যায়
কাড়ি কাড়ি টাকা ।
এখন সবাই বিত্তবান ,
হিসাবটা কেউ কাউকে দেয় না ।
মাঝে মাঝে মনে মনে বলি,
একবার নত জানু হয়ে
মায়ের কাছে বলি ,
মা, আবার আমরা আগের মত ,
সমস্ত অর্থ দেব
তোমার পায়ের কাছে ঢেলে ।
সঙ্কল্প সদা টলে
সন্দেহের দোলায়,
আদৌ কি কখনও বলা হবে কথাটা
নাকি কখনও ফিরে পাব ,
ছোট বেলার একতার দিনগুলো।
মায়ের অভাব এখনও যায় নি
এখনও তার ভালো খাবারের জন্য ,
এখনও ঔষধের জন্য,
কোথাও কারও দুঃখ লাগবের জন্য
হাত পাততে হয়।
সময় গড়িয়েছে
পরিবর্তন হয়েছে পৃথিবী,
বদলেছি আমি ,আমরা
এখন পাঁচ,পঞ্চাশ হাজার বা লক্ষ টাকায়ও
আমার, দাদার চলে না ।
একদিন পাঁচশ টাকা হতে একশ দিতেন
এখন আমাদের লক্ষ টাকা হতেও টাকা হয় না ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
লীলা চক্রব্ত্তী বলেছেন: অতি বাস্তব, তাই সুন্দর বলতে ভয় হয়। খুব ভাল হয়েছে।