| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের কাছে, কারণ তাদের ভবিষ্যৎ পেশা হচ্ছে রাজনীতি। আর রাজনীতি ভালো লাগবে যারা রাজনীতির বেনিফিসিয়ারি / সুবিধাভোগী। এছাড়া আর কারও কাছে রাজনীতি বা রাজনীতি নিয়ে এতো এতো লেখা ভালো লাগার কথা না। ঠিক তেমনই অতিরিক্ত প্রেমের কবিতা, প্রেমের গানও বিরক্তিকর। এইসকল বিষয় ব্লগে ছোট বাচ্চা টাইপ / টিন এজ থাকলে হয়তো পছন্দ করতো। আর একটি বিষয় না বললে লেখার সূচনা অপূর্ণ থেকে যাবে. আর তা হচ্ছে খুবই সস্তা নিম্নমানের ধর্মীয় লেখা।
বিভাগীয় পোস্ট: ব্লগে শ্রেণীভুক্ত পোস্ট / বিভাগ চালু করা দরকার। এতো এতো “প্রেমের গান, প্রেমের কবিতা, বিরহের গান, বিরহের কবিতা, রাজনীতি, ধর্ম, গল্প, প্রবন্ধ, ছবি ব্লগ, ভ্রমণ ব্লগ, চিঠিপত্র” নির্দিষ্ট বিভাগে প্রকাশিত হবে। যারা যা পড়তে চাইবেন নির্দিষ্ট বিভাগে গিয়ে পড়বেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ইত্যাদি ইত্যাদি। ফ্রন্টপেজে শুধু আলোচিত পোস্ট থাকবে।
ভ্রমন ব্লগ: ব্লগে ভ্রমণ সংক্রান্ত লেখা আসে। লেখাগুলো খুবই দুর্বল। ভ্রমণে ভালো মন্দ দুটো দিক থাকার কথা, কিন্তু ব্লগে ভ্রমণ ব্লগ পড়ে আমার মনে হয়েছে ভ্রমণ হচ্ছে সরাসরি স্বর্গে চলে যাওয়ার মতো কিছু একটা হবে হয়তো। অথচ ভ্রমণ ব্লগ এমন হওয়ার কথা না। ভালোর সাথে ভ্রমণে কি কি সমস্যা হয়েছে তাও লেখা থাকার কথা। ভ্রমণের ছোট্ট কয়েকটি সমস্যা লিখছি - একবার টরেন্টো থেকে ঢাকা ফেরার পথে দুবাই এয়ারপোর্টে নেমে দুই দিন টার্মিনালে থেকেছি, দুবাই এয়ারপোর্ট রানওয়ে বৃষ্টিতে ডুবে গিয়েছিলো। একই বিষয় - ঢাকা থেকে মদিনা যাবো। ঢাকা বিমান বন্দরে এমিরেটস এয়ার ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমার দুবাই-মদিনা কানেক্টিং ফ্লাইট মিস হয়ে যায়। তারপরের ঘটনা - গল্প। ভ্রমণে ব্রেক হলে কি পরিমাণ কষ্ট হতে পারে তা ব্লগে আসা উচিত। এমন গল্প অসংখ্য অসংখ্য। সমস্যা হচ্ছে ব্লগে - ভ্রমণ ব্লগ, ভারত ভ্রমন, ইয়োরোপ ভ্রমণ, হজ্জ ওমরাহ ব্লগ হতাশ হওয়ার মতো লেখা। আমার মনে আছে, একটি ভালো ভ্রমণ ব্লগ পড়েছি রোকসানা লেইস-এর। খুব সম্ভব তিনি জাপান ও চীনে ভ্রমণের কথা লিখেছিলেন। জাপান ও চীনে ওয়াশরুমের সমস্যা। জাপান ও চীন যারা ভ্রমণ করেননি তারা বুঝতেও পারবেন না, স্বর্গের দেশ জাপানে কি নরক অপেক্ষা করছে। সাউদি আরবে মক্কাহ ও মদিনাতে বিলো ক্যাটাগরির হোটেলগুলোতে গোসল করার ও ব্যবহারের পানি আগুন গরম হয়ে থাকে বিনা হিটারে। ওমরাহ ও হজ্জে মানুষ কি পরিমাণ নির্যাতিত হয় তা কল্পনাতীত। ভ্রমণ ব্লগ উন্নত হওয়া দরকার। যারা ভালো ভ্রমণ ব্লগ লিখবেন তাদের পুরস্কার দেওয়া হবে। বর্তমানে দেশে ব্লগে চাহিদা তৈরি হয়ে আছে যেই বিভাগে - তা হচ্ছে “ভ্রমণ ব্লগ”। চাহিদাসম্পন্ন লেখা আরও আছে, একটি বাস্তবায়ন হলে বাদবাকী প্রস্তাবনা নিয়ে লিখবো। তবে অবশ্যই কাজের বিনিময়ে খাদ্য প্রোগ্রাম হতে হবে। বিনা পারিশ্রমিকে পরামর্শের কোনো মূল্য নেই, কেউ মূল্য দেয়ও না।
ছবি ব্লগ: ব্লগে বাংলাদেশের ছবি ব্লগ খুবই প্রয়োজন। যাতে করে দেশের প্রতিটি জেলার দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা, বেড়ানোর সময়কাল, ভ্রমণ খরচ, খাবার ব্যবস্থা, আবাসিক হোটেল ইত্যাদি উল্লেখ করে বিস্তারিত লেখার প্রয়োজন। এই কাজটি হবে সরাসরি দেশের জন্য কাজ। এই কাজটির কাছাকাছি যিনি ছবি ব্লগ করেছেন তিনি - মরুভূমির জলদস্যু। আমি সামহোয়্যারইন ব্লগের দূর দূরান্ত পর্যন্ত কেউ নই। আমি যদি উক্ত ব্লগের অতি সামান্যতমও কেউ হতাম তাহলে মরুভূমির জলদস্যু’কে ব্লগের পক্ষ হতে সুভিনিয়র ও পুরস্কার দিতে চাইতাম।
সামহোয়্যারইন ব্লগ সুভিনিয়র: ২০১৯ সনে সামহোয়্যারইন ব্লগ দিবস অনুষ্ঠানে একটি চিনামাটির মগ সুভিনিয়র করেছিলো। আর একটি বই প্রকাশিত হয়েছিলো, যাতে তেমন কোনো ভালো লেখা প্রকাশিত হয়নি, কারণ কি? - ব্লগ কর্তৃপক্ষ ভালো জানার কথা। ব্লগ এডমিন ব্লগ কর্তৃপক্ষের কাছে আমি বিশেষ একটি প্রস্তাব রাখতে চাই। - সামহোয়্যরাইন ব্লগের মনোগ্রাম ও নাম সম্বলিত সুভিনিয়র / উপহার সামগ্রী (চিনামাটির মগ ও কাঁচের মগ) থাকা জরুরী। যারা ভালো লিখেন তারা এই সুভিনিয়র পাবেন। যারা ভালো লিখতে পারেন না - যেমন আমি নিজে, আহমেদ জী এস সাহেব, ড: এম এ আলী সাহেব, চাঁদগাজী সাহেব, খায়রুল আহসান সাহেব, আর কেউ বৃদ্ধ মানুষ আছেন কিনা? আমরা না হয় ১০০ টাকা ডোনেশান করে সেই সুভিনিয়র কালেকশান করে নিবো। এমনকি ব্লগের সকল লেখক ডোনেশান করে সেই সুভিনিয়র কালেকশান করবেন বলে আমার ধারণা। বিক্রয়ের জন্য ব্যবসা হলেও মন্দ হবে না। কিন্তু সামহোয়্যারইন ব্লগের সুভিনিয়র থাকা অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয়। আমরা এতো এতো বছর কোথায় লিখেছি তার মূল্যায়ন হওয়া উচিত। বাদবাকী ব্লগ কর্তৃপক্ষ যা ভালো মনে করেন।
শেষ কথা: আমি কিছু প্রস্তাবনা দিয়েছি, জরুরী নয় আমার প্রস্তাবগুলো ব্লগ কর্তৃপক্ষের মেনে নিতে হবে। তবে আমি চাই ব্লগ কর্তৃপক্ষ আমার প্রস্তাবগুলো বিবেচনা করবেন। লেখকদের মূল্যয়ন হওয়া জরুরী। আমি ব্যবসায়ী মানুষ, ব্লগের মান উন্নয়নে ভালো পরামর্শ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আশা করি ব্লগ লাভবানই হবে। সবাইকে ধন্যবাদ।
বিশেষ ধন্যবাদ:
কাল্পনিক ভালোবাসা
জনাবা, সৈয়দা গুলশান ফেরদৌস জানা
জনাব, আরিল্ড ক্লোক্কেরহৌগ
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
১০০ ভাগ সঠিক। রাজনীতি, ধর্ম ও লাইলী মজনুর প্রেম একই বিষয় একই ভাবনা বারংবার খুবই বিরক্ত ও ব্লগের অবস্থান খারাপ হচ্ছে।
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০২
নিমো বলেছেন: এদুটো বিষয় বাদ পড়লে ব্লগ এমনিতেই ছাড়পোকা মুক্ত হয়ে যাবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি কথা ব্লগে পূর্বেও কেউ কেউ লিখেছেন। ব্লগে যারা লেখালেখি করেন তারা ব্লগকে বার্ষিক ফি দিবেন ! - এটি একটি ভুল চিন্তা। লেখক কেনো ফি দিবেন? বরং ব্লগের উচিত হবে লেখকদের প্রণোদনা দেওয়া।
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৩১
চারাগাছ বলেছেন:
আপনার লেখা কয়েকবার পড়লাম। এর আগে ব্লগ নিয়ে আলোচনা চলেছে। কিছু একটা হবে আশাকরি। ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
পোস্ট কয়েকবার পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময়ের প্রয়োজনে একটি পোস্ট দিয়েছি - এখন ব্লগ বিবেচনা করলে ভালো, বিবেচনা না করলেও ভালো। আমি আপনাদের মতোই একজন সাধারণ লেখক মাত্র।
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৩২
চারাগাছ বলেছেন: আমি নিমোর সাথে একমত।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
লেখককে প্রনোদনা দিতে হলে ব্লগ কর্তৃপক্ষের আয়ের ব্যবস্থা থাকা দরকার ।
এ বিষয়ে আশা করি একটি মুল্যবান পোস্ট দিয়ে ব্লগের বিকাশের দিকটিকে
এগিয়ে যেতে সহায়তা করবেন ।
শুভেচ্ছা রইল
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব, সালাম নিবেন।
১। ব্লগে - শ্রেণীভুক্ত পোস্ট / বিভাগ করতে হবে। সকল পোস্ট একসাথে প্রথম পৃষ্টায় থাকার প্রয়োজন নেই।
২। ভ্রমণ ব্লগ প্রয়োজন
৩। ছবি ব্লগ প্রয়োজন
আরও আছে, প্রাথমিক ভাবে এইগুলো বাস্তবায়ন হলে পরবর্তীতে অন্যান্য পদক্ষেপ নিয়ে আলোচনা করবো।
আপনার প্রতিও অনেক অনেক শুভ কামনা।
৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগে এখন দুজনকেই দেখি একজন সানের পাতায় আরেকজন পিছনের পাতায়নিত্যদিন ব্লগে রাজনৈকিক পোস্ট
লিখে চলেছেন । আপনার পোস্ট পাঠে তাদের যদি একটু বোধদয় হয় ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই সাহেব,
লেবু অতিরিক্ত চিপলে বা কচলালে তেতো হয়। চাঁদগাজী সাহেব রাজনীতি ছেড়ে কিছুদিন যদি তার জীবনী লিখেন - লেখার শার্পনেস দেখার মতো পড়ার মতো। কিন্তু কে বুঝাবে এই পাগল ভাইকে?
৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?
................................................................
এই চিন্তা ভাবনা , প্রস্তাবনা আরও আসুক । কথা চলমান থাকুক
সিদ্ধান্ত নেবার দ্বায়িত্ব কর্তৃপক্ষর । এখানে ২/১ টি বি ষয়ে আমার বলার আছে ।
১) লেখকের লেখা আইন করে বা ফরমায়েশ করে চলেনা ।
২) বিভিন্ন বিভাগ আগে থেকেই আছে, অভাব শুধু মনিটরিং , লেখা প্রকাশের পর
নিয়মিত সময় অতিক্রান্ত হলে তা সেই বিভাগে চলে যাবে এটাই নিয়ম । কিন্ত অতীতে ঠিকভাবে পালন হয় নাই ,
.... কারন মনিটরিং অটো ছিলনা ।
৩) ছবি ব্লগ, ভ্রমন ব্লগ অত্যন্ত জনপ্রিয়, তাকে আরও আকর্ষনীয় করার জন্য লেখকের কাছে কিছু টিপস থাকতে পারে ।
৪) সামহোয়্যারইন ব্লগ সুভিনিয়র: প্রতি বৎসর বের হতে পারে আলোচিত লেখা নিয়ে । যা লেখকরা সামুর কথা চিন্তা
করে কিনে নিবেন । তবে মূল্য অবশ্যই সকলের কথা বিবেচনা করে নির্ধারন করতে হবে ।
৫) সামহোয়্যারইন ব্লগের আর্থিক ভাবনা কর্তৃপক্ষ ভাববেন, তবে সেখান থেকে কোন সংকেত আসে তবে লেখকরা
একটি সিনিয়র লেখক ফোরাম গঠন করতে পারে, যা দিক-নিদের্শনা তুলে ধরতে ও সহায়তার প্রস্তাবনা দিতে পারে ।
======================================================================
ব্লগের মান উন্নয়নে ভালো পরামর্শ নিয়ে এমন আলোচনা চলতে পারে বা আরও নূতন ভাবনা
আসতে পারে বলে আমি বিশ্বাস করি।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার সাথে ১০০ তে ১০০ সঠিক বলেছেন। তবে একটি বিষয় সত্যি সত্যি জরুরী লেখকদের পুরস্কৃত করতে হবে। অতি সামান্য থেকে সামান্যতম পুরস্কার হোক। তারপরও পুরস্কার দিতে হবে।
৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি ব্লগ আর দিতে পারি না। সময় আর নিজস্ব পিসি নাই। মোবাইলে পোস্ট বড় কষ্টকর আর বাসায় সময় পাই না একদম
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মোবাইল / ট্যাব/ লেপটপ দিয়ে আমি শুধু ব্লগ পড়তে পারি। পোস্ট করার জন্য এমনকি মন্তব্য করার জন্যও আমার কম্পিউটার প্রয়োজন হয়। সবাই মোবাইল ফোনে সব কিছু পারেন না।
৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুরুর দিকে ফেসবুকে বাংলা লেখা যেত না।
এমনকি ইংরেজিও খুব বড় আকারের যেত না।
এই কারণে তখন অনেক গুলো বাংলা ব্লগ চালু হয়েছিল।
এখন ফেসবুকে সব ভাষা লেখার অবারিত সুযোগ রয়েছে।
পাঠকও অসংখ্য।
ফেসবুকে আয় করারও সুযোগ রয়েছে।
ব্লগে এই সব সুযোগ নেই। সম্ভবও না।
ফলে বাংলা ব্লগ মার খেয়ে গেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফেসবুক অনেক অনেক বড় প্রতিষ্ঠান। তারপরও ফেসবুক যদি ব্যবসা করতে পারে ব্লগ কেনো পারছে না? ব্লগের দূর্বলতা কি ছিলো? ব্লগের ব্যবসা তো খারাপ হওয়ার কথা না, পোস্ট ভিউ হবে, বিজ্ঞাপণ আসবে অটোমেটিক।
১০|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সামুর পুনরুজ্জীবন ও স্বাবলম্বী ব্লগের পথে একটি দূরদর্শী রোডম্যাপ
"প্রস্তাবনাটি অত্যন্ত সময়োপযোগী, বাস্তবসম্মত এবং সামহোয়্যার ইন ব্লগের গৌরবময় অতীতকে ধারণ করে একটি আধুনিক ও টেকসই ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়। দীর্ঘ সময় ধরে ব্লগে রাজনৈতিক লেখার আধিক্য কিংবা সাধারণ মানের লেখার যে খরা চলছে, তা দূর করতে এই খসড়া পরিকল্পনাটি একটি শক্তিশালী বুস্টার হিসেবে কাজ করতে পারে।
বিশেষ করে, ব্লগকে কেবল একটি মুক্ত মত প্রকাশের প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি 'স্বাবলম্বী ডিজিটাল পাবলিশিং মডেল'-এ রূপান্তরের আইডিয়াটি অসাধারণ। লেখকদের যদি মানসম্মত লেখার বিপরীতে রেভিনিউ শেয়ারিং বা সম্মাননার ব্যবস্থা করা যায়, তবে পেশাদার ও ঝানু লেখকেরা যেমন আবার ব্লগে ফিরবেন, তেমনি নতুন প্রজন্মের জেন-জি (Gen-Z) লেখকদের মধ্যেও সৃজনশীল কন্টেন্ট তৈরির এক দারুণ প্রতিযোগিতা শুরু হবে।
এছাড়া, বিভাগভিত্তিক ব্লগিং চালুর প্রস্তাবটি ব্লগের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। একজন ভ্রমণপিপাসু পাঠক যেন রাজনীতি বা ধর্মের ভিড়ে হারিয়ে না গিয়ে সরাসরি তথ্যবহুল ভ্রমণ ব্লগে পৌঁছাতে পারেন, সেটি নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সাথে ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'দেশীয় পর্যটন গাইড বুক' তৈরির আইডিয়াটি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের পর্যটন খাতের জন্য একটি অমূল্য দলিল হয়ে থাকবে।
পরিশেষে বলা যায় যে, সেই সৃজনশীল পরিবেশ, মেধা ও মেমেন্টোর ঐতিহ্য ফিরিয়ে এনে যদি মডারেশন প্যানেলকে আরেকটু প্রযুক্তিগতভাবে দক্ষ (বিশেষ করে কপি-পেস্ট ও এআই কন্টেন্ট ফিল্টারিংয়ের ক্ষেত্রে) করা যায়, তবে সামু আবার তার 'বাঁধ ভাঙার আওয়াজ' নিয়ে স্বমহিমায় বাঙালির মনন জগতে শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। এই দূরদর্শী ভাবনার জন্য সংশ্লিষ্ট ব্লগারকে আন্তরিক সাধুবাদ জানাই।"
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ব্লগের প্রাথমিক পরিবর্তন আনার বিষয়ে বলেছি। আরও ডেভেলপমেন্ট সেকশন আছে। কিন্তু জানতে চাই এই প্রাথমিক কাজগুলো ব্লগ পারবে কি না? তাহলে আগামীতে আরও কাজ করবো।
আপনাকে আবারও ধন্যবাদ।
১১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
ব্লগের উন্নয়ন নিয়ে অনেক আলোচনা আগেও হয়েছে কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। কারণগুলি ভেবে দেখতে হবে। অনেক কারণের মধ্যে একটি প্রধান কারণ সহ-ব্লগার নিমোপ্রথম মন্তব্যেই বলেছেন।
কেবল লেখকদের প্রনোদনা বা লেখার বিভাগ সাজিয়ে সমস্যার সমাধান হবে না। লেখক এখানে আসেন প্রানের টানে। তিনি যদি এখানকার পরিবেশ সুন্দর দেখতে পান (অর্থাৎ লেখক- পাঠকের মিথস্ক্রিয়া যদি সুন্দর এবং সভ্য হয়) , ব্লগের কারিগরী মানের ( মোবাইল দিয়ে অনেকেই ব্লগে ঢুঁকতে পারেন না। ) কারণে অস্বস্তিতে না পড়েন তবেই এখানে আসার টানটি তিনি অনুভব করবেন এবং তা বজায় রাখবেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগের অনেক টেকনিক্যাল ইস্যু আছে! কিন্তু বিষয় হচ্ছে এই টেকনিক্যাল ইস্যু নিয়ে আপনি কখন কাজ করবেন এবং কেনো করবেন?
ব্লগ যদি এগিয়ে নেওয়ার চিন্তা থাকে তাহলে ব্লগে বিভাগ চালু হওয়া হবে প্রাথমিক শুরু। এইখান থেকে ব্লগের এগিয়ে যাওয়া শুরু হবে। নিমো সাহেব যা বলেছেন তা আমারই ভাষ্য। ব্লগে শ্রেণীভুক্ত পোস্ট তৈরি হলে রাজনীতি ও ধর্ম প্রথম পৃষ্টায় থাকবে না। প্রথম পৃষ্টায় থাকবে শুধু আলোচিত পোস্ট।
প্রণোদনার বিষয়টি অনেক-অনেক বড় বিষয়। এই বিষয়টি ব্যবস্থা করা সকলের পক্ষে সম্ভব না। সামহোয়্যারইন ব্লগের পক্ষে কতোটা সম্ভব আমার জানা নেই। আমি একটি প্রস্তাব দিয়েছি মাত্র। ব্লগ তার যেই দল তৈরি করেছে সেই দল দ্বারা ব্লগ যেইভাবে চলার সেইভাবে চলবে। ব্লগ ভালো চললে ব্লগ এডমিন মডারেটর ও ব্লগ কর্তৃপক্ষ ব্যবসা করবেন। লেখকদের এইখানে কোনো লাভ নেই ক্ষতিও নেই। যারা লেখালেখি করেন তারা শুধু লেখালেখি করবেন।
ব্লগ যদি কোনোদিন আমার পোস্ট দেখে তার পরিবর্তন করে! - শুরুটা আমাকে প্রণোদনা দিয়ে শুরু করতে হবে আর একেই বলে বিজনেস।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৯
শায়মা বলেছেন: একটা সময় এ সবই ছিলো।
এখন আর নেই.....
আর কখনও ফিরে আসবে কিনা তাও জানিনা ....![]()
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগ ডেভেলপমেন্ট করার জন্য যেই সামান্য মতামত দিয়েছি। এখন মনে হচ্ছে কাজটি ঠিক হয়নি। ব্লগ উন্নয়নের বিষয়ে আমার মতামত আজকের মতো এইখানেই শেষ।
১৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ভ্রমন ব্লগ নিয়ে আপনার বিশ্লেষণ যথার্থ হয়েছে। আসলে বয়স, কাল, দৃষ্টিভঙ্গি ভেদে একেকজনের ভ্রমনের অভিজ্ঞতা একেক রকম। তারপর নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখা উচিত।
আর ব্লগ ডেভেলপমেন্ট শুধু বিভাগীয় পোষ্ট আর উচ্চ মানের লেখক, রপকার, গল্পকার দিয়ে পাঠক বা জনপ্রিয় করতে পারবেন না। জন্মের পর থেকে সামু প্রথম জেনারেশন এরপর কিছু আপডেটের পর দ্বিতীয় জেনারেশন এখন পর্যন্ত আটকে আছে। কোরিয়ান NAVER, Quora, Reddit মতো সাইটগুলো দেখলে বুঝবেন ব্লগিং এখন কোন পর্যায়ে চলে গেছে।
আমার রিসেন্ট একটা ভ্রমন ব্লগ লিখবো লিখবো বলে ভাবছি। কিন্তু আমার মোবাইলে তোলা একটা ছবি ৭/৮ মেগাবাইট। সামুতে ১ মেগাবাইটের উপরে কোন ছবি আপলোড দিতে পারি। এতো সময় কই ছবি রিসাইজ করে পোষ্ট দিবো।
সামু হয়ে গেছে এখন কিছুটা আফিমের মতো। গুটি কয়েক লেখক আর পাঠকের নেশা উঠলে একটু "ঠু" মেরে চলে যায়.....
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগে সময়ের প্রয়োজনে লিখি। আমার লেখালেখি কোথায় সমস্যা হয়েছে বলি। শুরু থেকে আমি ফেসবুক / রেডিট / কোরা তে লিখি নাই। ভিন্ন প্লাটফর্মে লিখলে নিশ্চয় আমার মাত্র ৯০ জন ফলোয়ার থাকার কথা না।
এখন ব্লগ ডেভেলপমেন্ট করার জন্য যেই সামান্য মতামত দিয়েছি। এখন মনে হচ্ছে কাজটি ঠিক হয়নি। ব্লগ উন্নয়নের বিষয়ে আমার মতামত আজকের মতো এইখানেই শেষ।
আপনার মন্তব্য বেশ কিছু বিষয় আমি ধারণা পেলাম। আমি ফেসবুকে আমার লেখাগুলো নিয়মিত করার ব্যবস্থা করবো খু্বই দ্রুত।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৪|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এখন ব্লগ ডেভেলপমেন্ট করার জন্য যেই সামান্য মতামত দিয়েছি। এখন মনে হচ্ছে কাজটি ঠিক হয়নি। আরে না সেটা হবে কেন? বিভাগীয় পোষ্ট বিষয়ে আপনার মতামত শতভাগ সঠিক। শুধু রাজনীতি কেন সকল বিভাগীয় বিষয়ের লেখক ও পাঠকের সমান সুযোগ দিতে হবে। খেলাধুলা, সংগীত, ব্যায়ামে, স্বাস্থ্য, রান্না বান্না সবকিছু....
পাশাপাশি শুধু লেখালেখি গুটিকয়েক ছবি লিংকের মধ্যে ব্লগ প্লাটফর্ম সীমাবদ্ধ রাখলে এই সময়ে আর হবে না। ধরুন মন্তব্যর এখানে ভয়েস ক্লিপ, যে কোন সাইজের ছবি সংযোজন, পছন্দের ভিডিও বা ভ্রমন ব্লগ সরাসরি আপলোড দেওয়ার মতো ফিচার যুক্ত করতে হবে।
পাশাপাশি পডকাষ্ট, ইউটিউব চ্যানেলে, ফেসবুক লাইভ, বড় বড় ইভেন্টের দর্শকদের সাক্ষাৎকার যেমন-বইমেলা, কনসার্ট, ওয়াজ মাহফিলে সাধারণ মানুষকে ব্লগের ব্যাপারে আরো আগ্রহ করে তুলবে। প্রথম আলো কিন্তু এখন আর কোন প্রিন্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; যুগের সাথে তাল মিলিয়ে সকল প্লাটফর্মে তাদের এক্টিভিটি আছে।
যদি এগুলো করতে বিশাল ফান্ড আর ডেডিকেটেড লোকবল দরকার.....
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগের আয় যা হচ্ছে তাতে ব্লগ যথেষ্ট ভালো আছে। আমরা অযথা বিচলিত হচ্ছি। আপনি যেই পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ বাস্তবায়ন করতে হলে আপনাকে প্রণোদনা দিতে হবে। এই কাজ ব্লগ দ্বারা সম্ভব না। আমিও যা পরামর্শ দিয়েছি শুধুমাত্র প্রাথমিক প্লান্টেশন। অদূরে প্রচুর কাজ করতে হবে। আর তা করতে হলে আমাকেও ব্লগের প্রণোদনা দিতে হবে। যা সম্ভব না।
আমাদের কাজ হবে ব্লগে শুধু লিখে যাওয়া free labor - বিনিময় যা আসবে তা পাবে ব্লগ কর্তৃপক্ষ। আমাদের ব্লগে লিখতে দিয়েছে আমরা ধন্য।
১৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। মরুভূমির জলদস্যুর কথা উল্লেখ আছে সেই জন্য না, বরং ব্লগ নিয়ে লিখেন সেই জন্য।
- নানা ঝামেলা আর ইচ্ছের বৈকল্যতার কারণে বেশ কয়েক বছর ধরেই আমি ব্লগে অনিয়োমিত। পোস্ট আর মন্তব্য খুবই কম করা হয়। কদাচিত আসলেও চোখ বুলিয়েই বেরিয়ে যাই। এতে ব্লগের কোনো দোষ নেই, বরং আমার আগ্রহ কমে গেছে, আর কিছু না।
- বিষয় ভিত্তিক ব্লগ নামে একটা অপশন আছে। সেখানে নানা বিভাগও আছে। তবে সেটি ২৩ সালের পরে আর আপডেট হয় নাই। আর আগে যখন মাঝে মাঝে আপডেট হতো তখনও দেখেছি বিষয় ভিত্তিক সব পোস্ট সেখানে যেতো না। সম্ভবতো বাছাইকৃত ব্লগগুলি স্থান পেতো।
ক - রাজনিতী নিয়ে আমি কখনো কোনো পোস্ট করি নাই, পড়িও না। কারণ রাজনিতীতে আমার কোনো আগ্রহ নেই। আমি স্বর্থপর টাইপের মানুষ।
খ - আমি আমার লেখা ফুলের পোস্ট গুলিতে কবিতার ব্যবহার করলেও, ব্লগের কবিদের লেখা কবিতা খুবই অল্প পড়ি। বলা যেতে পারে সামুর কবিতা আমি অপছন্দ করি।
গ - ধর্ম চর্চা বা ধর্মীয় শিক্ষা নিয়ে আমার কোনো পোস্ট নেই। ধর্ম সংক্রান্ত আমার যে পোস্ট গুলি আছে সেগুলি হয় কোন বা কারো ধর্মীয় ঘটনা বা ইতিহাস, নয়তো ধর্মের কোনো নিদিষ্ট বিষয়ে আলোচনা। সত্যি বলতে আমি ব্লগে ধর্ম শিখতে আসি না (সম্ভবতো কেউই আসে না।) নামাজ, রোজা, হজ্ব, যাকাতের মহাত্য-প্রয়োজনীয়তা জানতে আসি না। আমি আসি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে।
ব্লগে এই ৩ ধরনের পোস্টই বেশি চোখে পড়ে। ব্লগে আমার উপস্থিতি কমে যাওয়ার পিছনে ইচ্ছের বৈকল্য দায়ি তা আগেই বলেছি, তবে এই ৩ ধরনের পোস্টের আধিক্য কিছুটা নিয়ামক হিসেবে কাজ করেছে হয়তো।
মাঝে মাঝেই ভাবি আবার নিয়োমিত হবো। অনেক অনেক ভ্রমণ-ছবি আর সিনামেরা পোস্ট করার ইচ্ছে আছে। কিছু কিছু লিখতে শুরু করেও ফেলে রেখেছি। আগ্রহটা ধরে রাখতে পারি না বেশিক্ষণ।
ধন্যবাদ আপনাকে সুন্দর সুচিন্তিতো পোস্টের জন্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগ নিয়ে কিছুদিন ধরে হাহাকার করে একজনের পর একজন পোস্ট দিচ্ছিলেন। আমার মনে হলো, ব্লগ ডেভেলপমেন্ট কিভাবে শুরু করা যায় তার প্রাথমিক পরামর্শ দেই। দেখা গিয়েছে, প্রাথমিক পরিবর্তন বা প্রথামিক পরামর্শ নেওয়ার মতো অবস্থা ব্লগের নেই বা ব্লগের আসলে কোনো পরামর্শ প্রয়োজন নেই।
ধর্ম পোস্টে আমার কোনো আগ্রহ নেই। ব্লগে যারা ধর্ম নিয়ে লিখেন, তারা ধর্ম সম্পর্কে তেমন কিছু জানেনও না। আর রাজনীতি নিয়েও আমার কোনো আগ্রহ নেই - তারপরও রাজনীতি পোস্টে মন্তব্য করতে হয় কারণ তারা আমার পোস্টে মন্তব্য করেছে লাইক দিয়েছে। কৃতজ্ঞতা স্বীকার স্বরুপ।
ব্লগে অনেকে প্রাণের টানে আসে, মনের টানে আসে, কেউ কেউ অক্সিজেন নিতে আসে। আমি আসি অবসর সময়ে। লেখালেখি করি, কেউ পড়লে ভালো, না পড়লেও ভালো। দলাদলি করে আমার পোস্টে বেশি মন্তব্য টেনে আনতে হবে - এমন প্রয়োজন নেই।
ব্লগে রাজনীতি নিয়ে যেই পরিমাণ লেখালেখি হয় তার ৩%-৫% যদি বাংলাদেশে শিক্ষক ও চিকিৎসকদের ক্রাইম নিয়ে লেখা হতো তাহলে হয়তো কিছুটা হলেও ফেসবুকে ইউটিউবে এর প্রভাব পড়তো।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ভ্রমণ-ছবি আর সিনেমার
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী সম্পর্কে আপনার ধারণা সঠিক। আমি শত চেষ্টা করেও ভদ্রলোককে ভিন্নপথে সামান্যতম নিতে পারিনি।
ব্লগে ব্লগাররা যেই পরিমাণ লেখালেখি করেছেন. তার ১০% ফেসবুকে লিখে আয় করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সেই অর্থে বলতে হবে ব্লগ ব্লগারদের প্রতি অবিচার করেছে।
১৭|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩৯
রোকসানা লেইস বলেছেন: ব্লগে ফিরে আসার জন্য আবার লেখার জন্য ইদানিং বেশ কয়েকজন পুরানো ব্লগার পোষ্ট দিচ্ছেন। অনেকেই চাচ্ছেন আবার জমজমাট হয়ে উঠুক ব্লগ আগের মতন।
ব্লগ মনে হয় যেন পুরানো দিনের বাড়ির মতন । এক সময় খুব জমজমাট ছিল কিন্তু কেউ সেখানে বাস করে আর কেউ মাঝে মধ্যে ফিরে আসেন কেউ অনেক ইচ্ছা থাকার পরও আর আসতে পারেন না। আর কেউ অনেক অভিমান রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন আর ফিরে আসার চেষ্টাও করেন না।
আপনার সাজেশানগুলো ভালো। রাজনীতি আর ধর্ম বিষয়ক লেখা ব্লগে না এলেই ব্লগ জমজমাট হবে। অনেক ব্লগার এই দুই বিষয়ে লেখার জন্য হেনেস্তা হন। আর মাঝে মাঝেই বেশ ঝগড়া এই দুই বিষয়ের জন্যই লেগে যায়।
তবে সচেতনতা জরুরী।
ব্লগে সাহিত্য লেখা সে যেমনই হোক, সেটার চর্চা হলেই ভালো। গল্প, কবিতা, নিজের কথা, ভ্রমন এবং লেখা কর্ম সংস্থান, উন্নয়ন, ইত্যাদি নানা বিষয়ে লেখা চলুক। অনেকেই ব্লগে লেখা শুরু করে লেখক হয়েছেন। বই প্রকাশ করেছেন। তাই লেখা চলুক।
আপনি টরন্টো আবার আসলে জানাবেন।
আমার লেখা মনে করে আমার নাম নিয়ে লিখেছেন জেনে খুব ভালোলাগল।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি অবশ্যই আপনাকে জানাবো। আপনার লেখার মান খুবই উন্নত। আপনার একটি লেখা পড়েছিলাম আপনি চীন ও জাপানের বিষয়ে লিখেছিলেন। জাপানে শহরে যারা থাকেন - চাকরি, ব্যবসা, বাসা ভাড়া, ছোট বাসা, যাতায়াত সব মিলিয়ে মেশিন জীবনকেও ফেইল করে।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: ভালো বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৯
নিমো বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে ব্লগে রাজনীতি ও ধর্ম বিষয়ক লেখালেখি নিষিদ্ধের পক্ষে যদি না নূতন কোন দৃষ্টিকোণ থেকে বা সমাজ, দেশ বা কারও জন্য কল্যাণ বয়ে আনে। ঐ এক তোর বড়ি খাড়া চর্বিত চর্বণের কোন প্রয়োজন আছে বলেতো মনে হয় না।