| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, ধলপহরের স্নিগ্ধতা নেবে ?
এনে দেব পদ্মাবতীর বিল থেকে ।
যেখানে বকের সারিতে উঁকি মারে লাল পদ্ম ।
বর্ষার পরে হালকা বাতাসে দোলে সাদা কাশফুল ।
নাকি যাবে আমার সাথে ?
ঐ পদ্মাবতীর বিলে ।
রাখালীয়া বাঁশির সুরে ,
আনমনে হাঁটতে হাঁটতে পারি দেব ,
বহুদূরের পথ ।
কচি ঘাসের চুমু স্পর্শ করবে পদতল ,
আর অদ্ভুদ শিহরণে প্রকম্পিত হবে হৃদয় ।
মেয়ে , যাবে আমার সাথে ?
ঐ পদ্মাবতীর বিলে ।
পা ডুবিয়ে বসে থেকো ঢেউ খেলানো জলে ,
দলবদ্ধ পুঁটি বা কৈ মাছের সাঁতার কাটা দেখো ,
নীল আকাশে সাদা বকের ভেসে বেড়ানো দেখো ,
আরও দেখো বনেদি বাড়ির বড় নৌকাগুলো ।
কখনো মালামাল আবার কখনো বা রাঙা বৌ নিয়ে চলে দিগন্তের দিকে ।
বিকেলের শেষে সন্ধ্যার আভায় আবার ধরব বাড়ির পথ ,
এবার সঙ্গী হবে ঘরমুখো আরও শত পাখি ,
কোমল হাতে থাকবে পদ্ম আর ক'টি শুভ্র কাশফুল ।
সে ফুল ছিড়তে যদি আমার হাতটা কাটে ,
তবে কাটুক না ।
মেয়ে , যদি চাও ,
কাটিয়ে আসতে পারি একটি রাত ,
ঝিঁঝিঁ আর জোনাকীর সাথে ,
ডাহুক অথবা পেঁচার সাথে ।
দেখো , মাঝিরা কেমন ঝুপ করে জাল ফেলে ,
ওদের ডিঙি নৌকোগুলোতে টিমটিম আলো জ্বলে ,
মোহনীয় রাতে ,
শীতল বাতাসে শুনতে পাবে ,
ডাহুকের অভ্যর্থনা ।
মন চাইবে ,
কাটিয়ে দিই হাজারো এমন রাত !
যদি চাও তবে সঙ্গী হতে রাজি ,
মেয়ে, যাবে নাকি ,
পদ্মাবতীর বিলে !
..
©somewhere in net ltd.