| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা আছে বলে মনে হয় না। সরকারও আপাতত ধীরে চলো নীতি গ্রহণ করেছে। একটু খোঁজখবর নিতে শুরু করলাম, আওয়ামী লীগের মাঠ গরম করার চেষ্টার প্রতিবাদে লীগবিরোধী পক্ষের কেউ মাঠে নেমেছে কি না। তেমন কাউকে খুঁজে পেলাম না। তবে একটি সংগঠনকে পাওয়া গেল। সেটি হলো জাসাস।
জাসাসের পূর্ণরূপ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। এর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন মরহুম জিয়াউর রহমান। সবার কমবেশি জানা আছে , আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিপরীতে বিএনপির নিজস্ব সাংস্কৃতিক শক্তি গড়ে তোলার উদ্দেশ্যেই জাসাসের জন্ম। আওয়ামী লীগের অঙ্গসংগঠন থাকবে, বিএনপিরও তো তেমন কিছু সংগঠন থাকা দরকার। না হলে সব সেক্টরে লড়াই করবে কীভাবে? রাজনীতিতে সংগঠন ছাড়া টিকে থাকা কঠিন। এমনকি সংস্কৃতির জগতেও।
তবে জাসাসের সঙ্গে বাংলাদেশের একজন বিখ্যাত কবির নাম জড়িয়ে আছে। তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। আপাতত তাকে নিয়ে আলোচনা করছি না। বর্তমান ঘটনায় ফিরে আসি।
জাসাস এফডিসিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। কিন্তু সেখানে চলচ্চিত্রের তথাকথিত কয়েকজন নায়ক-নায়িকা সেই কর্মসূচিতে অংশ নেননি। এতে জাসাসের আহ্বায়ক, সাবেক চিত্রনায়ক হেলাল খান বেশ ক্ষুব্ধ হয়েছেন। তিনি এফডিসিতে গিয়ে উপস্থিত কয়েকজনকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর বলে আখ্যা দিয়েছেন। এখন দেশে পাইকারি দরে ফ্যাসিস্ট শব্দটি বিক্রি হচ্ছে। মনে হচ্ছে, শব্দটির বাজারদর কমে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে অপছন্দ হলেই তকমা লাগিয়ে দিলেই দায়িত্ব শেষ।
জাসাসের এই প্রতিবাদী কর্মসূচি দেখে অতীতের কথা মনে পড়ে গেল। আওয়ামী লীগ সরকারের আমলে উদীচী নামের সাংস্কৃতিক সংগঠনটিকে প্রায়ই বিএনপির কর্মসূচির বিপরীতে মাঠে দেখা যেত। বিএনপি কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগের সঙ্গে উদীচীর নেতাকর্মীদেরও মিছিল-সমাবেশে দেখা যেত। বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে তাদের সরাসরি রাজনৈতিক কর্মসূচির ইতিহাসও আছে।
তবে ২০২৪ সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে উদীচী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটিও স্বীকার করতে হবে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার অবক্ষয়, গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদের ধারাবাহিকতা কতটা ছিল?
আওয়ামী লীগ আমলে উদীচীর রাজনৈতিক ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ২০২৪ সালের জুলাইয়ে তাদের প্রতিবাদকে স্বাগত জানাই। কিন্তু সেই প্রতিবাদকে আগের পনেরো বছরের নীরবতা বা সীমিত প্রতিবাদের বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই। ক্ষমতাসীনদের অন্যায় যখন সহ্য করা যায় না, তখন সরকার কোন দলের, সেটি বিবেচনার বিষয় হওয়ার কথা নয়।
বর্তমানে উদীচীর মতো আচরণের কিছু লক্ষণ জাসাসের মধ্যেও দেখতে পাচ্ছি। প্রতিবাদ কর্মসূচি দেওয়া পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু সেই কর্মসূচিতে কেউ অংশ না নিলেই তাকে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের দোসর বলতে হবে কেন? সাংস্কৃতিক সংগঠনের কাজ কি এখন রাজনৈতিক আনুগত্যের সার্টিফিকেট বিতরণ করা ?
জাসাসের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তাঁকে আমি অনুসরণ করি। মানুষের কথা শুনতে আমার ভালো লাগে। একসময় উদীচীর নাসির উদ্দিন বাচ্চুর কথা শুনতাম, এখন শুনি আবদুল হাই শিকদারের কথা। আসলে বোঝার চেষ্টা করি, এঁরা দেশের সংস্কৃতির জন্য কতটা কাজ করতে পারেন, নাকি সংস্কৃতির নাম ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়াই তাঁদের প্রধান কাজ। অধিকাংশ সময় দ্বিতীয় ঘটনাটি বেশি চোখে পড়ে।
সম্প্রতি আবদুল হাই শিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেশ বিতর্কিত একটি মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকার না করার অভিযোগে এক ছেলেকে হত্যা করে তার বাবাকে বাধ্য করা হয়েছিল ছেলের কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে। তিনি আরও দাবি করেছেন, শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বললে ‘জীব’ কেটে ফেলা হতো।
বক্তব্যটি শুনে প্রথমেই আলাউদ্দিন খিলজির কথা মনে পড়ে গেল। মধ্যযুগের শাসকদের নিষ্ঠুরতা নিয়ে ইতিহাসে অনেক ঘটনা পাওয়া যায়। আলাউদ্দিন খিলজির আমলেও বিদ্রোহী ও শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ দমন-পীড়নের বিবরণ রয়েছে। মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ এবং বিদ্রোহ দমনের ঘটনায় কাটা মাথা প্রদর্শনের মতো নির্মমতার কথাও ইতিহাসে এসেছে।
তাহলে কি স্বাধীন বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছিল? আওয়ামী লীগ কি আলাউদ্দিন খিলজির মতো নিষ্ঠুর শাসন চালিয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কারণ আবদুল হাই শিকদার যে ঘটনার কথা বলেছেন, সেটি কোনো সাধারণ রাজনৈতিক অভিযোগ নয়। একটি ছেলেকে হত্যা করে তার বাবাকে ছেলের কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে বাধ্য করার অভিযোগ ভয়াবহ অপরাধের বর্ণনা।
কিন্তু সেই বাবা কে? ছেলেটিই বা কে? ঘটনাটি কোথায় ঘটেছিল? কোন সালে ঘটেছিল? কোনো সমসাময়িক পত্রিকা, প্রত্যক্ষদর্শীর বিবরণ কিংবা স্বাধীন ঐতিহাসিক নথিতে কি এর উল্লেখ আছে?
এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার। আবদুল হাই শিকদার যত বড় কবি বা সাংবাদিকই হোন, এমন গুরুতর ঐতিহাসিক অভিযোগের পক্ষে তথ্যসূত্র দেওয়া তাঁর দায়িত্ব। শুধু মঞ্চে দাঁড়িয়ে ভয়াবহ একটি গল্প বললেই সেটি ইতিহাস হয়ে যায় না। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে এমন বক্তব্য দেওয়া হলে তার দায় আরও বেশি।
এখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাই বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর কাছে শুনেছি, ভাইভা বোর্ডে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু উপাধি ব্যবহার না করায় তাঁকে তিরস্কার করা হয়েছিল। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশের মধ্যে বাড়াবাড়ি ছিল। এটি বাস্তব অভিজ্ঞতা। আমাদের আলা-ভোলা রাজীব নূর ভাইও মাঝেমধ্যে শুধু শেখ মুজিব বললে রাগ করেন। হা হা !
কিন্তু একটি রাজনৈতিক দলের সমর্থকদের বাড়াবাড়ি আর রাষ্ট্রীয়ভাবে কাউকে হত্যা করে তার পরিবারের সদস্যকে কাটা মাথা দিয়ে ফুটবল খেলতে বাধ্য করার ঘটনা এক বিষয় নয়। দুটিকে এক করে ফেলার সুযোগ নেই। আবদুল হাই শিকদারের অভিযোগটি তাই যথাযথ তদন্তের দাবি রাখে।
জাসাসের ভবিষ্যৎ নিয়েও আমার কিছু প্রশ্ন আছে। সংগঠনটি যদি শুধু বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে লোক জোগাড় করা, আওয়ামী লীগের বিরোধিতা করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার কাজে ব্যস্ত থাকে, তাহলে দেশের শিল্প-সংস্কৃতিতে তাদের অবদান কোথায়? নতুন শিল্পী তৈরি, নাটক, চলচ্চিত্র, সংগীত, সাহিত্য কিংবা সাংস্কৃতিক গবেষণায় তাদের পরিকল্পনা কী ?
আমাদের দেশে ক্ষমতা বদলায়, রাজনৈতিক দলের স্লোগান বদলায়, মঞ্চে বক্তার মুখ বদলায়। কিন্তু সংস্কৃতিকে রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার বানানোর প্রবণতা খুব একটা বদলায় না। আওয়ামী লীগ আমলে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য দেখেছি। এখন বিএনপির সাংস্কৃতিক সংগঠনের কারও কারও মধ্যে সেই একই ধরনের মানসিকতার লক্ষণ দেখা যাচ্ছে।
ফটোকার্ড : রেডিও আমার
২|
১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৪০
আলামিন১০৪ বলেছেন: হাসিনা আসলেই ফাঁসির দড়িতে ঝুলাইয়ে দিবে- এই জন্য বিএনপি এখন রা করছেনা- বুবি ট্র্যাপ যারে বলে
৩|
১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৪৮
মাথা পাগলা বলেছেন: এই ব্যক্তি রবীন্দ্রনাথকে কালচারাল ফ্যাসিস্ট বলেছিলেন। ইউনুস স্যার না বললে আপনিও উত্তেজিত হয়ে পড়েন।
--------------
কবি’ আব্দুল হাই শিকদার-এর দুই কবিতা
অঙ্কোলিকা
ড. ইউনূস আপনার হাসিটা আমার সংসারের দেয়ালে বাঁধিয়ে রাখবো। আর আপনার সাথে হাত ঝাঁকাঝাকিরত অবস্থায়
আমার একটি ছবি তুলে রাখা দরকার।
নইলে কুড়িগ্রামের লোকদের মতো আমার মেয়েও একদিন মুখ ফসকে বলে বসতে পারে,
‘ড. মুহাম্মদ ইউনূস তোমাকে চেনেন-বল কি বাবা!’
তারেক রহমান
তারেকের মতো তারেক ফুটেছে কমলের সরোবরে,
জননী খালেদা তুলে দিলো তাঁকে জনতার অন্তরে।
দেশের শত্রু, জাতির শত্রু ডেকে আনে সন্ধ্যা,
চালায় নানান ষড়যন্ত্র দেশকে করতে বন্ধ্যা।
সেই সে জ্বালার বিরুদ্ধে দাঁড়ায় নতুন কালের তারেক,
বাংলাদেশের আকাশ থেকে দূর করে উদ্বেগ।
তারেক মানে নতুন পৃথিবী, নতুন সম্ভাবনা,
তারেক মানে আগামী দিনের সোনালি আলোর কণা।
তারেক করেছে স্পেন জয়, তারেক করে না ভয়,
তারেকের হাতে হবে নিশ্চয় অকল্যাণের ক্ষয়।
তারেকের হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহমায়া,
তারেকের মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া।
৪|
১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: উদীচিতে আমি নিয়মিত যেতাম।
অনেক ছেলেমেয়ে এখানে নাচ গান আর অভিনয় শিখতে আসতো।
৫|
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি ইদানিং ভুলভাল টপিক নিয়ে পোষ্ট করছেন।
"নতুন দিনের নতুন বন্দোবস্তে কান্ডারি" গতকাল রাতে লন্ডনে নাকি উদোম ক্যালানি খেয়েছে। আমাদের এক ব্লগার নাকি ইষ্ট লন্ডনের চমন্বয়ক; তার ও এই প্রোগ্রামে থাকার কথা। আশাকরি এনসিপি সমর্থক লন্ডনের থাকা সকল ব্লগারগন শা*য়া- মা*য়া নিয়ে বহাল তবিয়তে সুস্থ আছেন।
১৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৯
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপিকে নিয়ে লেখা মানে সময় অপচয় । এসব মারামারি সামনে আরো হবে ; সবাইকে নিজের মতো করে সেইফ থাকতে হবে ।
৬|
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৫
শ্রাবণধারা বলেছেন: লেখাটার মাঝখানে উদীচী নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে " হাসিনার আমলে উদীচী কেন নীরব ছিল" - এ জাতীয় কথা ঢুকিয়ে দিলে কি লেখাটা বেশ ব্যালান্সড হয় বলে আপনার মনে হয়?
এই আব্দুল হাই শিকদার লোকটা সাংবাদিক ইলিয়াসের বাংলা সাহিত্য সংস্করণ। এদের কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন।
১৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মধ্যে আমি সূক্ষ্ম পরিবর্তন দেখতে পাচ্ছি। উদীচীর অনেক ভূমিকা থাকতে পারে, কিন্তু তাদের সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত হয়নি। একটি সাংস্কৃতিক সংগঠনের কাজ হলো সংস্কৃতির চর্চা ও সাংস্কৃতিক জাগরণকে সারা দেশে ছড়িয়ে দেওয়া। আসাদুজ্জামান নূর সংস্কৃতিমন্ত্রী ছিলেন। দেশের ৬৪টি জেলায় সাংস্কৃতিক জাগরণ ঘটানোর জন্য প্রয়োজন হলে উদীচী আওয়ামী লীগ সরকারের সঙ্গেও কাজ করতে পারত। কিন্তু তারা সেই কাজ করেনি। অন্যদিকে, বিএনপি সরকার যাত্রাপালা, পুতুলনাচ, মেলাসহ হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিগুলো ফিরিয়ে আনতে চায়। অথচ তাদের সাংস্কৃতিক অঙ্গনের লোকজনই উল্টাপাল্টা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। উদীচী সরাসরি আওয়ামী লীগের সাংগঠনিক শাখা না হলেও রাজনৈতিকভাবে তারা বিএনপিকে মোকাবিলা করার অবস্থান নিয়েছিল। এটা তাদের কাজ হতে পারে না। একটি সাংস্কৃতিক সংগঠনের কাজ রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা নয়, বরং দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়া। আর যুগান্তরে যারা চাকরি করেন, তাদের অধিকাংশই টাউট-বাটপার।
৭|
১৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০
শেরজা তপন বলেছেন: একদিন এই ব্লগে তারেক রহমানকে ভয়ানক গালিগালাজ করা হোত, বলা হ্ত তাকে দুর্নীতি আর সন্ত্রাসের বরপুত্র! তখন একজন ব্লগারকে এর প্রতিবাদ করতে দেখিনি। ব্লগের সেই সোনালী আর উত্তাল সময়ে তকন তারেকের পক্ষে একটামাত্র মানুষও হাল শক্ত করে দাঁড়িয়ে থাকেনি বলেই আমি যতদুর মনে করতে পারি- আর আজ তিনি এই দেশের প্রধানমন্ত্রীক তেলবাজ আর হাইব্রিড তোষামোদকারীতে ভরে গেছে দেশ!
হাসিনা বিদায়ের প্রথম কয়েকমাসো তার চাটুকারেরা মুখে কুলুপ এটে বসে ছিল। এখন সময় বুঝে খোলস থেকে সব্বাই বের হয়ে আসছে!
১৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২
সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমানকে এখনো গালিগালাজ করা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও তাঁর নাম ধরে অশালীন স্লোগান দেওয়া হয়। তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়েও কটূক্তি করা হয়। যারা এসব করে, তাদের নিজেদেরই রুচি ও মানসিকতার পরিচয় প্রকাশ পায়। আমি ব্যক্তিগতভাবে গালিগালাজ ও অশালীন রাজনৈতিক চর্চার বিপক্ষে। রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, সমালোচনাও হতে পারে, কিন্তু কাউকে অপমান করা কিংবা তাঁর পরিবারের সদস্যদের আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ আমলে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য দেখেছি।
এখন বিএনপির সাংস্কৃতিক সংগঠনের কারও কারও মধ্যে সেই একই
ধরনের মানসিকতার লক্ষণ দেখা যাচ্ছে।
.......................................................................................
অনেকে বলে থাকে যে,
রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও বিএনপির মুদ্রার এপিঠ ওপিঠ
সুতরাং শাসন ব্যবস্হায় এরা কখনোই জনগণের উপকারে আসবেনা ।