| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল হুদা চৌধুরী, শেখ রাজ্জাক আলী এবং ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার স্যারদের সংসদ পরিচালনা ভালো ছিলো। সংসদে আমার কাছে খুব মজার বিষয়- সংসদের প্রশ্ন উত্থাপনঃ সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়! এ যেনো সেই কৌতুক- "সৌদি আরবে কথা বলা, লেখা পড়া- সবকিছুই আরবিতে, শুধু আজানটাই বাংলায়"!
একবিংশ শতাব্দী থেকে উনবিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতে বিশেষ করে উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুতে জমিজমা বা সম্পত্তি হস্তান্তরের দলিলগুলোতে তৎসম (সংস্কৃত), সাধু বাংলা এবং ফার্সি-আরবি শব্দের এক অদ্ভুত মিশ্রণ দেখা যেত। সে সময়ের অল্প শিক্ষিত দলিল লেখক (মুহরি)রা নিজেদের পাণ্ডিত্য ও আইনি গাম্ভীর্য বোঝাতে সংস্কৃত শব্দবহুল সাধু রীতি ব্যবহার করতেন।
যেমনঃ "শ্রীশ্রীহরি যজ্ঞেশ্বর সহায়। সন ১৩২৫ সাল, তারিখ ১৫ই অগ্রহায়ণ। লিখিতং শ্রীযুত রামচন্দ্র চক্রবর্তী, পিং স্বর্গীয় হরিশ্চন্দ্র চক্রবর্তী, জাতি ব্রাহ্মণ, পেশা যাজন ও গৃহস্থী, সাং পরগণা বিক্রমপুর, থানা শ্রীনগর, জেলা ঢাকা। কস্য ভূমি বিক্রয় কবলা পত্রমিদং কার্যঞ্চাগে..."
"অত্র পত্র দ্বারা অঙ্গীকার পূর্বক লিপিবদ্ধ করিতেছি যে, আমার পৈতৃক ও স্বত্বদখলীয় নিম্ন তফসিল বর্ণিত ভূমিখণ্ড অদ্যকার বাজার দর অনুযায়ী নগদ মবলগে ১০০/- (একশত) টাকা পণ ধার্য্যে আপনার নিকট সাফ কবলা শর্তে বিক্রয় করিলাম। অদ্য হইতে কস্য ভূমিতে আমার এবং আমার ওয়ারিশানগণের সর্বপ্রকার স্বত্ব নিঃশেষিত হইয়া আপনকার ও আপনকার ওয়ারিশানগণের স্বত্ব সাব্যস্ত হইল।"
(এই লেখাটা আমার দাদার নামে একটা দলিল থেকে উদ্ধৃত, তবে স্থান কাল পাত্র কিঞ্চিৎ বদলে দিয়েছি)।
এবার আসি একবিংশ শতাব্দীতে আমাদের মহান জাতীয় সংসদের প্রশ্ন উত্থাপনের ভাষাঃ ''মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি-...?"
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রশ্ন করার একটি নির্দিষ্ট ছক বা ফরম্যাট রয়েছে, যেখানে ঐতিহ্যগতভাবে এই সাধুভাষার বাক্যগুলো ব্যবহৃত হয়ে আসছে। প্রশ্নোত্তরের নির্ধারিত ফরমগুলো সাধুভাষায় সংসদ সচিবালয় থেকে সেই ছক অনুযায়ী প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া হয়।
সাধুভাষা ব্যবহারের ঐতিহাসিক কারণঃ
আমাদের সংসদীয় ব্যবস্থার অনেক রীতি ব্রিটিশ পার্লামেন্ট এবং পরবর্তীতে পাকিস্তান গণপরিষদ থেকে এসেছে। ইংরেজি "Will the Honourable Minister be pleased to state..." বাক্যটির আক্ষরিক ও আনুষ্ঠানিক বাংলা অনুবাদ হিসেবে "মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি...?" বাক্যটি গৃহীত হয়েছিল।
১৯৭২-৭৩ সালে যখন বাংলাদেশের সংবিধান ও সংসদের বিধিবিধান তৈরি হয়, তখন সরকারি নথিপত্র ও আইনি ভাষায় সাধু রীতির প্রচলন ছিল। পরবর্তীতে দাপ্তরিক কাজে চলিত রীতি চালু হলেও সংসদের এই নির্দিষ্ট ছকটি থেকে গেছে।
যদিও চলিত ভাষায় প্রশ্ন করতে কোনো আইনি বাধা নেই। কোনো সংসদ সদস্য যদি চলিত ভাষায় প্রশ্ন করেন বা সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করেন, তবে তা আইন বা বিধির লঙ্ঘন নয়।
মজার ব্যাপার, সম্পূরক প্রশ্নে লিখিত বা তারকাচিহ্নিত প্রশ্নের শুরুতে ছাপানো অংশটুকু সাধুভাষায় পড়া হলেও, তাৎক্ষণিক সম্পূরক প্রশ্ন করার সময় সংসদ সদস্যরা সাধারণত চলিত ভাষাই ব্যবহার করেন। স্পিকার বা সংসদ সচিবালয় কেবল প্রশ্নের বিষয়বস্তু ও শালীনতা যাচাই করেন, সাধু বা চলিত রীতি নিয়ে কোনো আপত্তি তোলেন না। তারপরও আমাদের মাননীয় সংসদ সদস্যগণ প্রশ্নটা সাধু ভাষায়ই করেন!, সগৌরবে৷ য়
©somewhere in net ltd.