নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এই যে জীবন

২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসাই, তারপর হঠাৎ মনে পড়ে, একটা সময় এই সাধারণ সকালগুলোর মধ্যেও অনেক ব্যস্ততা থাকতো স্বপ্ন থাকতো মনের জোর থাকতো। এখনো থাকে, তবে আগের মতো না।

শহরটা আগের মতোই ব্যস্ত থাকে। রাস্তার মোড়ে প্রেমিক-প্রেমিকারা দাঁড়িয়ে কথা বলে, কেউ ফোনে হাসে, কেউ কফির দোকানে বসে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে। বাচ্চা সাথে নিয়ে গার্ডিয়ানরা স্কুলে যায়, রাস্তায় রাস্তায় ব্যস্ততা সকলের, তাদের দেখলে মাঝে মাঝে মনে হয়, পৃথিবী কারও জন্য থেমে থাকে না, প্রেমও না। একজনের গল্প শেষ হলে আরেকজনের শুরু হয়ে যায়।

আমি এখন ছোট ছোট বিষয়ে বিরক্ত হই। রিক্সাওয়ালা কিংবা তরকারিওয়ালা দশ টাকা বেশি নিলে তর্ক করি, দোকানদার ফেরত কম দিলে সঙ্গে সঙ্গে ধরে ফেলি। জীবনকে খুব হিসাব করে চালাই এখন, আমি নিজেও আগের আমি নেই কিছু জায়গায় অদ্ভুত রকম এলোমেলো হয়ে গেছি। হঠাৎ চেনা পারফিউমের গন্ধে পরিচিত কারো কথা মনে পড়ে যায়।

প্রেম শেষ হয়ে গেলে মানুষ ভাবে সব অনুভূতিও শেষ হয়ে যাবে একদিন। আসলে তা হয় না। কিছু অনুভূতি খুব সাধারণ জিনিসের ভিতরে লুকিয়ে থাকে। এক কাপ কফি, সন্ধ্যার নরম আলো, কিংবা একা বসে থাকা কোনো টেবিলের পাশে, পুরানো কোন এক বিখ্যাত লেখকের উপন্যাসে। তখন মনে হয়, জীবন নিয়ে এখন বড় কোনো দাবি নেই।
শুধু বুঝে গেছি, শেষ পর্যন্ত কোন‌‌ মানুষই জীবনে স্থায়ী ভাবে থাকতে পারে না। কেউ কেউ জীবনে কিছুদিন খুব প্রিয় হয়ে থাকে, তারপর দূরে হারিয়ে যায়, কিন্তু জীবনে তাদের জন্য তৈরি হওয়া ছোট ছোট শূন্যতাগুলো চিরস্থায়ীভাবে থেকে যায়। আর সেই শূন্যতার সঙ্গেই একসময় মানুষ খুব স্বাভাবিকভাবে বাঁচতে শিখে যায়।


ছবিঃ নিজের তোলা

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনবদ্য লিখনী।

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার এমন উৎসাহব্যঞ্জক মন্তব্য সত্যিই অনুপ্রেরণা জোগায়।

২| ২৮ শে মার্চ, ২০২৬ রাত ২:৩১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মানুষকে বেঁচে থাকতে হয়। জীবনের এই বেলায় এসে মনে হয়, লাভ ইউরসেল্ফ, রেস্পেক্ট ইউরসেল্ফ এর থেকে বড় কিছু আসলে হয় না। চেনা পারফিউম, কফির কাপ, গোধূলির কন্যা সুন্দর আলো এরকম অসংখ্য মুহূর্ত মানুষের জীবনে একটা পেইন্টিং এ অনেকগুলো শেড এর মত। লিখাটা সুন্দর। ভালো থাকবেন।

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪১

সামিয়া বলেছেন: খুব সুন্দরভাবে বলেছেন। নিজের প্রতি মমতা আর সম্মান বোধহয় সত্যিই সবচেয়ে জরুরি শিক্ষা। আপনার অনুভবভরা মন্তব্য ভালো লাগলো খুব।

৩| ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৫৪

অপু তানভীর বলেছেন: এই কথাটা সত্য। কোন মানুষই জীবনে স্থায়ী ভাবে থাকতে পারে না। আরো ভাল করে বললে একজন মানুষের প্রতি আমাদের অনুভূতি কোনই একই রকম থাকে না। দিন এগিয়ে যাওয়ার সাথে সাথে সেসব অনুভূতি পরিবর্তিত হয়। একজন যাদের ছাড়া দিন কাটবে না ভেবেছিলাম আজকে তাদের সাথে কালে ভাদ্রে কথা হয়!

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। সময়ের সঙ্গে অনুভূতির রং বদলে যায়, মানুষও দূরে সরে যায়, অথচ একসময় মনে হতো তাদের ছাড়া কিছুই সম্ভব নয়। আপনার কথাগুলো গভীরভাবে ছুঁয়ে গেল।

৪| ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫

কামাল১৮ বলেছেন: জীবন এমনই।বেঁচে থাকাই জীবন।

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: ঠিকই বলেছেন, জীবন তার নিজস্ব নিয়মেই এগিয়ে যায়। সেই চলার মধ্যেই মানিয়ে নেওয়ার নামই বেঁচে থাকা।

৫| ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫৭

ফেনা বলেছেন: আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪৩

সামিয়া বলেছেন: মৃত্যুচিন্তা মানুষকে কখনো কখনো গভীর ভাবনায় ডুবিয়ে দেয়। তবু যতদিন আছি, অনুভব আর মানবিকতাই হয়তো আমাদের সবচেয়ে বড় পরিচয়।

৬| ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২৬

কিরকুট বলেছেন: পজেটিভ ভাবে ভাবুন । জীবন আপনাকে যা দিয়েছে এই পৃথীবির ৮৯ ভাগ মানুষ কে তা দেয় নাই । তারা সেই না পাওয়া নিয়ে হা-হুতাশ করছে । আপনি কোথায় থাকেন জানি না । যদি দেশে থাকেন কাছাকাছি কোন নদী থাকলে তার পাশে গিয়ে বসুন, কথা বলুন । নদী ও নদীর জল অপুর্নতা ভোলাতে ওস্তাদ ।

মৃত্যু অবশ্মভাবী । একে এড়ানোর কোন উপায় নাই । তাই বেহুদা একে নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় কেন নষ্ট করবেন ? আপনাকেই যে পৃথীবিতে একটা কিছু করে যেতেই হবে এর কোন অর্থ নাই । চুলয় যাক পৃথীবি ও তার প্রানীকুল ।

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪৪

সামিয়া বলেছেন: আপনার কথাগুলো ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে নদীর পাশে বসে অপূর্ণতা ভুলে থাকার কথাটি খুব সুন্দর লেগেছে। যদিও আমি যেখানে আছি তার আশেপাশে নদী নেই। হুম, জীবনকে অন্য ভাবে দেখার চেষ্টা করবো।

৭| ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: পৃথিবীতে সবাই আসলে একাই.......সবাইকে মানিয়ে চলতে হয়...... আনন্দে বেঁচে থাকা শিখতে হয়!

২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪৫

সামিয়া বলেছেন: সত্যিই, অনেক কিছুই শেষ পর্যন্ত নিজেকেই সামলাতে হয়। তবু আনন্দে বেঁচে থাকার চেষ্টাটাই সব থেকে বড় প্রয়োজন।

৮| ২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: আপনি বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন।

২৯ শে মার্চ, ২০২৬ রাত ১:২১

সামিয়া বলেছেন: কি ব্যাপারে? অভিজ্ঞতা সব প্রাণীরই আছে কিন্তু সবাই বলতে বা লিখতে পারে না

৯| ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১০| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



জীবন নাটকের গল্প। ভালোই লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.