নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আমাদের অপরিচিত বার্মাকে ব্রিটিশরা ভালভাবেই জানত

১৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৩


হাব্বানিয়া লেক, ইরাক
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২সালের মার্চ মাসে মেজর জেনারেল স্লিম ইরাকের রাজধানী বাগদাদের কাছের হাব্বানিয়া লেকের থেকে সি প্লেনে করে ভারতে আসার জন্য রওয়ানা হন। সে সময় তিনি ইরাকে একটা ডিভিশন কমান্ড করছিলেন। প্লেনটি তাঁকে নিয়ে ভারতের গোয়ালিয়র শহরের বাহিরের একটা লেকে অবতরন করে। ইরাক এবং ভারত দুইটি দেশই তখন ব্রিটিশদের অধীনে ছিল। সেখান থেকে ট্রেনে করে তিনি ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী দিল্লী পৌঁছান। এরপর তিনি বার্মা ফ্রন্টে যাওয়ার জন্য আদিষ্ট হন এবং কোলকাতায় এক রাত কাটিয়ে বার্মার আকিয়াবের উদ্দেশে যাত্রা করেন। বর্তমানে আকিয়াব সিতওয়ে নামে পরিচিত এবং রাখাইন রাজ্যের রাজধানী। জেনারেল স্লিমের কাছে আকিয়াব শহরকে বেশ পরিচ্ছন্ন ও ছিমছাম মনে হয়েছিল।

মন স্টেট, মিয়ানমার
১৯৪২ সালের ৯ মার্চ জাপানীদের হাতে রেঙ্গুনের পতন হয়। জাপানীরা ব্রিটিশ বার্মায় ঢুকে পড়ে এবং ব্রিটিশদের মূল ক্ষমতার উৎস ভারতের দিকে অগ্রসর হতে থাকে। ভারত থেকেই ব্রিটিশরা তাদের খাদ্যপণ্য ও অন্যান্য রসদ সংগ্রহ করত। ব্রিটিশরা সিয়াম বা বর্তমান থাইলান্ডের দিক থেকে এই আক্রমণের অপেক্ষা করছিল। জাপানীরা সিংগাপুর দখল করে বার্মার দিকে এগিয়ে আসে যা ব্রিটিশদের জন্য একটা সারপ্রাইজ ছিল। সে সময় বার্মার এয়ারফিল্ড গুলো থাইল্যান্ড ফ্রন্টে যুদ্ধের জন্য বানানো হয়েছিল। মারগুই, মৌলমিন,রেঙ্গুন, টংগু, নামসাং এবং লাসিও তে এয়ারফিল্ড গুলো ছিল। এ ছাড়া ও মাগোয়ে, মিকটিলা,সোয়েবো ও মিত কানিয়াতে কিছু সম্পুরক এয়ার স্ট্রিপ ছিল।

কাও কারিক পাস, মন স্টেট
১৫ ফেব্রুয়ারি জাপানিদের হাতে সিঙ্গাপুরের পতন হয়। সে সময় বার্মা ফ্রন্টের বিমান সদর দপ্তর ছিল কোলকাতায় আর সেনা সদর দপ্তর ছিল মান্দালের পাশে মেইমোতে। ব্রিটিশরা সে সময় থাইল্যান্ডের দিক থেকে জাপানিদের মূল আক্রমণ আশা করছিল, জাপানীরা সেখান থেকে না এসে সিংগাপুর হয়ে বার্মার দক্ষিণের তানিনথারি রিজিয়নের কাও কারিক পাস দিয়ে মৌলমিনে আক্রমণ চালিয়ে তা দখল করে নেয়। সে সময় সেখানে থাকা ১৭ ডিভিশন মৌলমিন থেকে উত্তর পূর্ব বার্মার মন স্টেটের বিলিনে পশ্চাৎ অপসারণ করে। জাপানীরা দ্রুত গতিতে আগাতে থাকে ও ৯ মার্চ তারা রেঙ্গুন দখল করে। ব্রিটিশ রা প্রথমবারের মত বার্মায় বড় ধরনের ধাক্কা খায় ও ব্রিটিশ বাহিনীর বার্মা থেকে পিছু হটা শুরু হয়।

বিলিন শহরতলী, মন স্টেট
জাপানিদের একসময় ব্রিটিশরা বার্মা ছেড়ে ভারতের মণিপুরে চলে চলে আসতে বাধ্য হয়। পরে জেনারেল স্লিমের নেতৃত্বে নতুন করে সংগঠিত হয়ে ব্রিটিশ বাহিনী জাপানিদেরকে বার্মা থেকে তাড়িয়ে দেয়। জেনারেল স্লিম তাঁর লিখা ‘ডিফিট ইনটু ভিক্টোরি’ বইটিতে যুদ্ধের বর্ণনা এবং বার্মার ভূপ্রকৃতি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। এই বই আমাদেরকে আরাকান ও বার্মা সম্পর্কে অনেক তথ্যে সমৃদ্ধ করে।
আমি অনেক বছর মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা নিয়ে লিখালিখির সুবাদে মিয়ানমার বা বার্মা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা বার্মা সম্পর্কে কম জানলে ও ব্রিটিশরা সেসময় বার্মা সম্পর্কে অনেক তথ্য জানত। এসব জ্ঞানই সেসময় তাদেরকে বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে সাহায্য করেছিল। ১৯৯৬ সালে ইরাকে অবস্থান কালীন সময়ে কুয়েত থেকে আমরা বাগদাদের এই হাব্বানিয়া মিলিটারি এয়ার বেইসে ল্যান্ড করতাম। সে সময় বাগদাদ বিমান বন্দর নো ফ্লাই জোনের আওতায় বন্ধ ছিল। ইরাকের সাথে অন্য দেশের বিমান চলাচল বন্ধ ছিল। শুধু জাতিসংঘ ও অস্ত্র পরিদর্শকদের বিমান সে সময় ইরাকে নামতে পারত। এই বিমান বন্দরের পাশেই ছিল হাব্বানিয়া লেক এবং এর পাশেই বিশাল সুন্দর একটা টুরিস্ট রিসোর্ট গড়ে উঠেছিল। ১৯৪২ সালে জেনারেল স্লিম এই লেক থেকে ভারতে গিয়েছিলেন বার্মায় যুদ্ধের জন্য। যুদ্ধ ও অবরোধ ইরাকের মানুষের কণ্ঠরোধ করে তাদেরকে মানবেতর জীবন যাপনে বাধ্য করেছিল। সুন্দর এই রিসোর্ট বন্ধ থাকায় বিনোদনের সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছিল।
ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করার জন্য নিজেদের প্রভাব ও জ্ঞান দিয়ে সবকিছুকে তাদের নিয়ন্ত্রণে এনেছিল। আমরা এই একবিংশ শতাব্দীতে এই বিশাল জ্ঞানের কতটুকু নিজেদের আয়ত্তে আনতে পারছি তা বিবেচনায় রেখে আমাদের জানার পরিধি বাড়াতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা বার্মা সম্পর্কে কম জানলে ও ব্রিটিশরা সেসময় বার্মা সম্পর্কে অনেক তথ্য জানত।
...................................................................................................................
বাস্তবে আমরা বার্মা সর্ম্পকে কম জানি, অথচ ভারতের মত এটাও আমাদের প্রতিবেশী দেশ ।
আমি বার্মা যেতে অনেকবার চিন্তা করেছি , কিন্ত তথ্য ও সাপোর্টের অভাবে যাওয়া হলোনা ।
জাপান-বৃটিশ যুদ্ধকালিন তথ্য ভালো হয়েছে, আরও তথ্য বার্মা সর্ম্পকে থাকলে লিখুন ।

২| ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪২

নাহল তরকারি বলেছেন: ইতিহাসের ঘটনাগুলো শুধু অতীতের গল্প নয়, বরং ভূরাজনীতি, সামরিক কৌশল ও একটি অঞ্চলের ভূপ্রকৃতি বোঝার গুরুত্বপূর্ণ উপাদান। ব্রিটিশদের বার্মা সম্পর্কে বিস্তারিত জ্ঞান ও সেই জ্ঞানকে সাম্রাজ্য পরিচালনায় কাজে লাগানোর বিষয়টি সত্যিই চিন্তার। আমাদেরও ইতিহাস, ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে জানার পরিধি বাড়ানো প্রয়োজন। চমৎকার তথ্যসমৃদ্ধ লেখার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জানার পরিধি বাড়ানোর জন্য পড়তে হবে। পড়লেই মানুষ মানবিক ও হৃদয়বান হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.