নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাবিশ্বের বুকে অনন্তকাল ধরে ভেসে চলা ক্ষুদ্র কীট আমি-বিশেষত্ব নেই, মহত্ত্ব নেই, বিশেষ কোনো তাৎপর্যও নেই।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও যে মারাত্মক সাহিত্যকর্ম থাকতে পারে- তা মনে হয় শেষ জীবনে এসে উপলব্ধি করেছিলেন। আমি তারই সন্তান। পড়েছি বাংলা সাহিত্যে। পেশা হিসেবে নিয়েছি শিক্ষকতা। রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে, অল্প বয়সে ‘শেষের কবিতা’র লাবণ্যের প্রেমে পড়ে বড় হয়ে, হয়ে উঠেছি রবীন্দ্র বিরোধী। রবীন্দ্রনাথ নিয়ে আমার অভিযোগের শেষ নেই। রবীন্দ্রনাথকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি তাঁর সম্মুখে যাকে দাঁড় করাই তিনি কাউন্ট লিও নিকোলাইওভিচ টলস্টয়। টলস্টয় আমার কাছে একজন বড় সাহিত্যিক নন শুধু, তিনি একজন মহৎ মানুষ। আমি তাঁর জীবনাদর্শে অনুপ্রাণিত।

ছোটবেলায় প্রথম যে দু’ছত্র লিখেছিলাম, তা একজন শিক্ষকের অনুপ্রেরণায়। ২০০০ সাল। চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়েছি টঙ্গীর একটি কিন্ডারগার্ডেন স্কুলে। স্যার নাম পরিচয় জানতে চাইলেন। বললাম। তারপর জিজ্ঞেস করলেন, গ্রামের বাড়ি কোথায়? বললাম- বরিশাল। ব্যস্, স্যার বললেন- এক সাল, দুই সাল, তিন সাল- আমরা গেলাম বরিশাল। শব্দের এই চমৎকার খেলা আমাকে মুগ্ধ করলো। আমি স্যারের এই দুটো লাইন নিয়ে পরে নিজে থেকে আরেকটু লেখার চেষ্টা করলাম। আমি লিখলাম-
এক, দুই, তিন
পেলাম একটি পলিথিন
পলিথিনে লেখা দুই হাজার সাল।
এক সাল, দুই সাল, তিন সাল
আমরা গেলাম বরিশাল।
বরিশালকে বলা হয় বাংলার শস্যভাণ্ডার।
এটি কোনো কবিতা হয়নি- এমনকি পদ্য হিসেবেও দুর্বল। কিন্তু সেসময়ে এই লিখতে পারাটা আমার মধ্যে প্রবল এক আনন্দ তৈরি করেছিল। এই লেখার আগে আরো ছোট থাকতে, যখন কেবল শব্দ, অক্ষর চিনতে শিখেছি তখন ঈশপের গল্পগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে গল্প বানানোর চেষ্টা করতাম।

যাহোক, তারপর ২০০৭ সালে লেখি প্রথম কবিতা। নিঃসন্দেহে সেটাও দুর্বল।
কবিতাটা হলো-

ভালোবাসা
তোমার চোখে যখন দেখি আকাশ অনেক মেঘলা
তখন বুঝি তুমি এখন অনেক বেশি একলা।
তোমার সাথে গল্প করি, বলি কত কথা—
যায় না তবু মুছে ফেলা তোমার মনের ব্যথা।
আসি তোমার অনেক কাছে, বসি তোমার পাশে,
সঙ্গ দেই কত আমি, কত অবকাশে।
তবু তুমি দেখোনি কভু আমার অশ্রুবিন্দু,
তোমার ব্যথায় নয়ন দুটো হয়েছে যে সিন্ধু।
তোমার এত কীসের ব্যথা, কীসের এত দুঃখ!
বিষাদময় পৃথিবীতে তোমারটা নয় কিচ্ছু।
তুমি নাকি হারিয়েছো তোমার ভালোবাসা
কল্পনায় রয়েছে নাকি তোমার কত আশা!
তুমি-ও তো ছিলে কারো আশা, ভালোবাসা
জানলে তুমি পাবে না তো সান্ত্বনার ভাষা।
আগস্ট ৮, ২০০৭
মজার ব্যাপার, এই কবিতাটি আসলে কোনো মেয়েকে উদ্দেশ্য করে লেখা না। মানে এই কবিতাটা লেখার সময় কোনো বান্ধবী কিংবা কোনো মেয়েকে ভাবিনি। বরং এমনি এমনি হয়ে গেছে লেখা। এর পরের লেখা অধিকাংশ কবিতাই কোনো না কোনো বান্ধবী কিংবা সহপাঠিনীকে উদ্দেশ্য করে।

লেখার শিরোনাম দিলাম এক, আর লিখছি আরেক। চারজন মহান সাহিত্যিকের কথা বলব বলেছিলাম। দুজনের নাম তো বললাম- রবীন্দ্রনাথ ও টলস্টয়। এঁদের মুখোমুখি দাঁড় করালেও সাহিত্য রচনার ক্ষেত্রে এঁদের মধ্যে ভীষণ মিল ছিল। অন্যদিকে, অন্য দুজন আবার এক গ্রুপের। তাঁরা হলেন- বঙ্কিমচন্দ্র ও দস্তয়ভস্কি।

সাহিত্যের ছাত্র বলে যে ব্যাপক পড়া আমার তা নয়। কিন্তু এই চারজন মহান সাহিত্যিককে আমি অস্বীকার করতে পারি না। তাঁদের যে যে পরিচয়ই থাকুক না কেন, ঔপন্যাসিক হিসেবে, সাহিত্য জগতে উপন্যাস নামক এমন শক্তিশালী ধারাকে প্রতিষ্ঠা করায় তাঁদের অবদান সর্বাধিক।

তো, এই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয় ও দস্তয়ভস্কি- এই চারজন দুটি আদর্শে উপন্যাস রচনা করতেন। একটি আদর্শ ছিল- উপন্যাস তাঁরা এক ধারায় লিখে যেতেন, কোনো খসড়া কিংবা মাইন্ড ম্যাপ টাইপের কাজ তাঁরা করতেন না। আরেকদল, উপন্যাস লেখার আগে পরিকল্পনা লিখতেন। চরিত্র, ঘটনা, কাহিনির যোগসূত্র আগে ভাগে ভেবে নিতেন। হয়তো বিভিন্ন অংশ আগে পরে লিখতেন- এরপর জোড়া লাগাতেন।

আমার মনে হয় আপনার সহজেই বুঝতে পারছেন কারা কোন দলে। রবীন্দ্রনাথ আর টলস্টয় লিখতেন একটানা, কোনো রকম ড্রাফট না তৈরি করে, অন্যদিকে বঙ্কিমচন্দ্র আর দস্তয়ভস্কি ভীষণ মেপে মেপে লিখতেন। যেন একটা প্রজেক্ট। ওঁনারা আরেকভাবে দু’দলে বিভক্ত। রবীন্দ্রনাথ আর টলস্টয়ের সাহিত্যে শিল্প অপেক্ষা মানুষ গুরুত্বপূর্ণ ছিল, অন্যদিকে বঙ্কিমচন্দ্র ও দস্তয়ভস্কি শিল্পের জন্য শিল্প- এই তত্ত্বকে প্রাধান্য দিতেন। ওঁনারা সকলেই আমার পছন্দের তালিকায় কিন্তু দস্তয়ভস্কি যখন ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’-এ রাসকলনিকভের হাতে বাইবেল তুলে দেন, তখন বরং চার্চ থেকে বেরিয়ে যাওয়া টলস্টয়ের ফাদার সিয়ের্গিকে বেশি ভালো লাগে। অন্যদিকে, বঙ্কিম যখন রোহিণীকে শুধু শুধু হত্যা করে তখন শোভনলালের সংসারে লাবণ্যকে পাঠাতে আমার দ্বিধা হয় না। রবীন্দ্রনাথ আর টলস্টয় নিঃসন্দেহে সেরা চারের প্রথম দুই।
কিন্তু আমি যে উপন্যাস লেখার উদ্যোগ নিচ্ছি, তার জন্য রীতিমতো মাইন্ড ম্যাপ, ড্রাফট ও নোট নেওয়ার পরিকল্পনা করে ফেলছি। তাহলে আমি কি ঠিক পথে আছি??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয় ও দস্তয়ভস্কি- এই চারজন দুটি আদর্শে উপন্যাস রচনা করতেন।
..................................................................................................................................
চিন্তার জগত মানুষকে মর্হুতে মহাকাশ বিচরন করে আনতে পারে,
তাই উপন্যাস রচনার ক্ষেত্রে যে কোন স্বাধীনতা আপনার আছে ।
যে মাধ্যম সহজ ও কার্যক্ষম তাই গ্রহন করতে দ্বিধা বোধ করবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.