| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জানোনা, কি আগুন জ্বালিয়ে রেখে গেছো তুমি!
অসংখ্য কৃষ্ণচূড়ার বুকে, স্বচ্ছ সরোবরে-
বারে বারে ফিরে আসো তুমি বলিষ্ঠ শপথে।
তুমি জেনেছিলে-
একদা এ কুঁজোরা হেঁটেছিল অতীতের পিঠে
শামুকের মতো গুটিগুটি পায়ে
লণ্ডভণ্ড করেছিলো হরিণ-বেড়ের বাঁক
সান্ধ্য-মুখোশে আবৃত করেছিলো কুয়াকাটার ভোর
আজ আবারো ফিরেছে তারা, সদলবলে
অনাসৃষ্টিতে ভরপুর করেছে এ উর্বরা ভূমি
তাই হ্যামেলিনের বাঁশি হাতে ফিরতে চেয়েছিলে তুমি।
আমিতো টেনিসন নই-
তবুও আঁকবো তোমার কীর্তিগাথা নকশিকাঁথার বুকে
পরাক্রমশালী রাজা আর্থারের বেশে
আজ সৃষ্টির উৎসমূল যা প্রজন্ম-সরোবরে
আমি গুন টেনে পাড়ি দেবো তাকে পারমাণবিক মহাসমুদ্রে
ভরদুপুরে, এ তল্লাটে, ও তল্লাটে
মাঠে, ঘাটে, হাঁটে।
জেনে রেখো, জেগে আছি আমরা
আরো একটি বিষ্ফোরণের অ্যাম্ফিথিয়েটারে
হ্যাজাক আলোতে খুঁজে ফিরছি ভয়ঙ্কর বাইনসকল
টোটাবিদ্ধ করার প্রতিশ্রুতিতে
তুমি অশরীরি হাল ধরে চলো ‘হে জাগরণ-মাঝি’
এ ফুটন্ত সরোবরে-
যদিও বিদায় বলিনি বন্ধু
তবুও বিদায় দেয়ার তরে…
[প্রজন্ম চত্বরের জাগরিত আন্দোলনের প্রতীক নৃশংসতার শিকার প্রয়াত ব্লগারের প্রতি, প্রথম আলো ব্লগে পূর্ব প্রকাশিত]
**********
৩০শে ফাল্গুন, ১৪১৯
মতিঝিল, ঢাকা।
©somewhere in net ltd.