| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা বেশ মেঘাচ্ছন্ন|এক পলক দেখে যে কেউই নির্দ্বিধায় বলে দিতে পারবে যে একটা ঝুম বৃষ্টি হবে|
মাথার নিচ থেকে ইটটা সরে গিয়েছিল|সেটা টেনে ঠিক করে আকাশের দিকে নির্বিকারভাবে তাকিয়ে আছে সজল|মাথায় হালকা ব্যাথা পেয়েছে|কিন্তু এই ব্যাথা ওর জন্য কিছুনা|এটাতে সে অভ্যস্ত হয়ে পড়েছে|অবশ্য সবসময় যে ইটে শোয় তাও নয়|কারণ রাতে এই ফুটপাতটায় একটা ইটের জন্যও লড়াই করতে হয়|
আজকে সজলের ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে বিলাসের স্বাদ পেতে|কিন্তু সে জানে বিলাসিতা তার জন্য নয়|
বছর দুই হল সজল ঢাকায় এসেছে|এসেছে বললে ভুল হবে|ওকে রেখে চলে গেছে ওর মা|ওর বাবা মারা গেছে বছর চারেক আগে|একা একা দারিদ্র্যতাকে সামাল দিতে পারেনি ওর মা|ওর মা ওকে রেখে লুকিয়ে চলে গিয়েছিল|সজল আন্দাজ করতে পেরেছিল|তবুও সে এই ঘটনাটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে|
যখন প্রথম ঢাকায় আসল প্রথমে কয়েকদিন গাড়িতে গাড়িতে ভিক্ষা করেছে|ভিক্ষা না জুটলে ডাস্টবিনই ছিল ভরসা|তারপর একটা হোটেলে অনেক আকুতি-মিনতি করে একটা কাজ যোগাড় করেছিল|বেশ অনেকদিন কাজ করেছে ওখানে|কাজটা চলে গেল তা প্রায় ছয় মাস তো হবেই|যখন ও হোটেলে কাজ করা শুরু করে তখন ওর বয়স আট কি নয় হবে|ওকে হোটেল থেকে বের করে দেয়ার কারণ,ও একটা চায়ের কাপ ভেঙ্গেছিল|সেদিন প্রচণ্ড জ্বর ছিল|আজকের মত এমনি একটি মেঘলা দিনের বৃষ্টিতে ভিজেই জ্বরটা বাঁধিয়েছিল|হোটেলের ম্যানেজারের কাছে অনেক মিনতি করেছিল|উল্টা তাকে ঐ বজ্জাত ম্যানেজারটি মেরে বের করে দিয়েছিল|অথচ তার কয়েকদিন আগেই তার বয়সী একটা ছেলে একটি কাপ ভেঙ্গে ফেলার পরও কি আদরটাই না করেছিল ঐ ম্যানেজার!!
ঐদিন ওর খুব কাঁদতে ইচ্ছে করেছিল|খুব জোরে জোরে কাঁদতে চেয়েছিল|কিন্তু সে জানে তাদের শ্রেণীর মানুষের কান্নার কাজটা নীরবেই সারতে হয়|কারণ তাদের কান্নার আওয়াজ অট্টালিকার নিচে চাপা পড়ে যায়|
বৃষ্টির কয়েক ফোঁটা জল সজলের মুখে পড়ল|এতে যেন সে বাস্তবে ফিরে আসল|এতক্ষণ ঘোরের মধ্যে কেটেছিল ওর|ও কি করবে কিছু বুঝে উঠার আগেই নামল ঝুম বৃষ্টি|নিমিষেই ভিজে একাকার হয়ে গেল সে|নিষ্প্রাণ মুখটা খানিকটা সজীব হয়ে উঠল|
খুব আস্তে আস্তে উঠে দাঁড়াল সজল|উপরে স্তরের কিছু মানুষের সন্ধানে হাঁটতে লাগল সে|সজল এখন জ্যামের প্রতীক্ষায় রয়েছে|ট্রাফিক সিগনালে লাল বাতি দেখে ওর চোখটা ঝিলিক দিয়ে উঠল|একটি গাড়ির দিকে এগিয়ে যায় সে|
--পাঁচটা ট্যাকা দেন না দাদা?
_______
ঘুম থেকে উঠেই বিছানায় বসে পড়ে সজল|জানালা দিয়ে তাকিয়ে দেখল বাহিরে বৃষ্টি হচ্ছে|ও ওর রুক থেকে বের হয়ে আসল|ডাইনিং-এ নাস্তা সাজাচ্ছে রাসূ'র মা|সজলের সেদিকে খেয়াল নেই|সে তার মায়ের রুমে ঢুকে পড়ল|ওর মা এখনও ঘুমাচ্ছে|
সজল ওর মায়ের গায়ে হালকা ধাক্কা দিয়ে ডাকল,"Mom?"
ওর মা ঘুম জড়ানো কণ্ঠে বলল,"হুম"|
--Mom আমি না একটা বিশ্রী স্বপ্ন দেখেছি|
--কি দেখেছ বাবা?
--দেখলাম যে,Dad ঐ দিন গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা যে ছেলেটাকে নোংড়া বলে বকা দিয়েছিল সে না আমাকে জড়িয়ে ধরেছে|
--ও(দীর্ঘশ্বাস)
--Mom,আমি কি এখন শাওয়ার নিয়ে আসব??
২৯/০৭/২০১৩
নিয়াজ মোরশেদ ইমন
©somewhere in net ltd.