| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু সাদৃশ্য ও বৈপরীত্য
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
আমাদের দৈনন্দিন জীবনে দেখা ঘটনাবলী প্রকাশ করার সময় আমাদের কথায় এবং লেখায় আমরা প্রায়ই দু’টি বিপরীতার্থক শব্দ একত্রে ব্যবহার করে থাকি; যেমনঃ রাত-দিন, সাদা-কালো, আঁধার-আলো, ইত্যাদি। আজ সকালে কিছু রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলাম। সম্মুখের প্রবেশ পথে না থেমে পেছনের ‘মরচুয়ারী গেইট’ দিয়ে প্রবেশ করার সময় ‘মরচুয়ারী’ লেখাটার পেছনের দৃশ্যাবলী দেখে তা আমার কাছে ‘মরচুয়ারী’ শব্দটার সাথে বৈপরীত্যের বদলে সাদৃশ্যময় মনে হলো। একটি ‘মরচুয়ারী’ বা শবাগার সাধারণতঃ একটি নীরব এলাকা হয়ে থাকে। কেননা এখানে যারা শায়িত থাকেন, তাদের কণ্ঠ নীরব এবং দেহ নিথর থাকে। কেউ এখানে থাকেন মাত্র কয়েক ঘণ্টার জন্য, অন্যের দ্বারা শেষ গোসল সম্পন্ন হবার পর তারা বাহিত হন তাদের এ ইহজগতের শেষ গন্তব্যস্থলে, ক্ববরে। কেউ কেউ তাদের নিকটাত্মীয়দের অনুরোধে হিমঘরে কয়েকদিনের জন্যেও থাকেন, প্রবাস থেকে কোন প্রিয়জনের আগমনের অপেক্ষায়। ‘মরচুয়ারী’ কে বাংলায় ‘শবাগার’ বলে। এর চেয়ে সুন্দর কোন শব্দ থাকলেও থাকতে পারে, তবে এ মুহূর্তে তা আমার মনে পড়ছে না। ইংরেজিতে ‘মরচুয়ারী’ ছাড়াও এর একটি আলংকারিক নাম আছেঃ ‘ফিউনারেল পার্লার’। এখানে একটি প্রাণহীন দেহকে সাফসুতরা করে তার শেষ ইহজাগতিক গন্তব্যের জন্য প্রস্তুত করা হয়, প্রয়োজনে সংরক্ষণও করা হয়। সংরক্ষণের নিমিত্ত দেহসমূহ অতি শীতল তাপমাত্রায় রাখা হয়, ফলে সেগুলো শক্তকঠিন হয়ে যায়। তাদেরকে সাধারণতঃ নিরিবিলি, নীরব একটা কক্ষে রাখা হয়ে থাকে, তবে মাঝে মাঝে শোক সহ্য করতে না পারা কোন প্রিয়জনের বুকফাটা ক্রন্দন তথা বিলাপের কারণে সে নীরবতা ভঙ্গও হয় বটে, কিন্তু সেটা ব্যতিক্রম। বেশিরভাগ ক্ষেত্রে আজকাল প্রিয়জনেরা কান্না করলেও তারা নীরবে অশ্রুপাত করেন, আঁচলে কিংবা রুমালে মাঝে মাঝে চোখ-মুখ মুছে নিজেকে সামলে রাখেন।
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম। সুন্দর এই সাদৃশ্যটুকু ক্যামেরাবন্দী করে রাখার জন্য যেই না আমার সেলফোনের ক্যামেরা তাক করলাম, অমনি দেখি কোথা থেকে যেন একটা পাখি ফুরুৎ করে উড়ে গেল। লক্ষ্য করে দেখলাম, ‘মরচুয়ারী’ শব্দটার প্রথম অক্ষর ‘ম’ এর উপরে বাম কোণা থেকে কিছু খড়কুটো বের হয়ে আছে। বুঝলাম, পাখিটি সেখানেই দুই দেয়ালের ফাঁকে কোনমতে তার নীড় বেঁধেছে, এবং হয়তো সেটি সেখানে ডিম পেড়ে সেগুলোতে তা’ দিচ্ছিল। এতে ইমারতের সৌন্দর্যের কিছুটা হানি হয়তো হয়েছে, কিন্তু প্রাণের সৃষ্টির চেয়ে বড় সৌন্দর্য তো আর কিছু নেই। এজন্য তার এ সাময়িক ব্যবস্থাপনাটা মেনে নেয়া যায়। পাখিটি উড়ে বেশিদূর যায়নি। কাছেরই একটা গাছের ডালে বসে সে আমার কার্যাবলীর উপর তীক্ষ্ণ নজর রাখছিল। নাগরিক জীবনের কোলাহলপূর্ণ কর্মযজ্ঞ ও হৈ-হুল্লোরের মাঝে সে হয়তো বিশাল ইমারতের ঐ ছোট্ট একটি কোণাকেই তার সৃষ্টি্কর্মের জন্য নিরাপদ ও উপযোগী মনে করেছিলঃ
"তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিব ধীরে
জীবনের ক'দিনের কাঁদা আর হাসা;
ধন নয়, মান নয়, এইটুকু বাসা
করেছিনু আশা"!
জগতের সকল সৃষ্টিরই সূত্রপাত হয় নিভৃতে নীরবে। কি এক অপূর্ব প্রাকৃতিক চক্র আমাদের অগোচরে ক্রিয়াশীল! একই ইমারতের একপাশে প্রাণহীন দেহ নীরবে পড়ে রয়, অপর দিকের এক কোণায় প্রাণ সৃষ্টির ঐকান্তিক প্রয়াসও চলে নীরবে নিভৃতে। এসব সাদৃশ্য আর বৈপরীত্য নিয়েই চলমান আমাদের জাগতিক জীবন।
ঢাকা
১১ জুন ২০২৬
শব্দ সংখ্যাঃ ৪৫৬
লক্ষ্য করে দেখলাম, ‘মরচুয়ারী’ শব্দটার প্রথম অক্ষর ‘ম’ এর উপরে বাম কোণা থেকে কিছু খড়কুটো বের হয়ে আছে।
©somewhere in net ltd.