| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে ইতালি যেতে চেয়েছিলেন। কিন্তু ইতালিতে যাওয়ার বৈধ পথ খোঁজার পরিবর্তে শেষ পর্যন্ত ভরসা করেছিলেন দালালের কথায়। দালাল তাঁকে আশ্বাস দিয়েছিল, ইতালি পৌঁছে দিলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই আশ্বাসের পেছনে ছুটতে গিয়ে সজলের পরিবার জমি বিক্রি করেছে, গরু বিক্রি করেছে, ঋণ করেছে। সব মিলিয়ে প্রায় পনেরো লাখ টাকা তুলে দিয়েছিল দালালের হাতে।
সজল প্রথমে বিমানে করে দুবাই যান। সেখান থেকে তাঁকে নেওয়া হয় লিবিয়ায়। এরপর আসে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পালা। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ৩২ জনের ধারণক্ষমতার একটি নৌকায় ৫২ জনের বেশি মানুষকে তুলে ইতালির উদ্দেশ্যে যাত্রা করানো হয়। কিন্তু ইতালি আর পৌঁছানো হয়নি সজলের। তিউনিসিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরেই শেষ হয়ে যায় তাঁর জীবন। পরিবারের জমি, গরু, ঋণ করে জোগাড় করা টাকা, সবকিছুই যেন সাগরে ডুবে গেল। সজলের বাবা ছেলেকে ইতালি পাঠাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে ছেলের লাশ দেশে ফেরত পাওয়ার অপেক্ষায় থাকতে হয়েছে ।
সজলের এই যাত্রাকে আসলে কী বলা যায়? বাংলাদেশে এমন অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রক্রিয়াকে অনেকেই বলেন ‘টারজান ভিসা’। নামের মধ্যে ভিসা শব্দ থাকলেও এটি কোনো বৈধ ভিসা নয়। দালালদের প্রলোভনে পড়ে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে, কখনো মরুভূমি, কখনো জঙ্গল, কখনো পাহাড় পেরিয়ে, আবার কখনো ছোট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টাকে টারজান ভিসা বলে । ভারতে এই ধরনের অভিবাসনপথের জন্য বহুল ব্যবহৃত একটি শব্দ হলো ‘ডাঙ্কি রুট’। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানুষকে এমন এক পথে পাঠানো হয়, যেখানে প্রতিটি ধাপে আছে প্রতারণা, নির্যাতন, মুক্তিপণ, গ্রেপ্তার কিংবা মৃত্যুর ঝুঁকি।
ইতালিতে কি সত্যিই বৈধ পথে যাওয়ার উপায় নাই ? বাস্তবতা হলো, ইতালি নিয়মিতভাবেই বিদেশি শ্রমিক নিয়োগ করে। দেশটির জনসংখ্যার বয়স বাড়ছে, বিভিন্ন খাতে শ্রমিকের প্রয়োজন তৈরি হচ্ছে। কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ, পরিবহন, গুদাম ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াকরণ, পোশাক ও জুতা শিল্প, স্বাস্থ্যসেবা এবং পারিবারিক পরিচর্যার মতো বিভিন্ন খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ইতালিতে কাজের সুযোগ নেই, বিষয়টি এমন নয়। বরং সুযোগ আছে, কিন্তু সেই সুযোগে বৈধভাবে প্রবেশ করার জন্য প্রয়োজন নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ, সঠিক দক্ষতা, ভাষাজ্ঞান এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ।
ইতালি ২০২৬ - ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন। এই নিয়োগের বড় অংশ মৌসুমি ও অমৌসুমি শ্রমিকদের জন্য। মৌসুমি কাজের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ। অ-মৌসুমি কাজের ক্ষেত্রে রয়েছে নির্মাণ, পরিবহন, খাদ্যশিল্প, হোটেল-রেস্তোরাঁ, স্বাস্থ্যসেবা, পরিচর্যা এবং আরও কয়েকটি খাত। এটি মূলত ৩৬টি দেশের শ্রমিকদের জন্য ইতালির সামগ্রিক নিয়োগ পরিকল্পনা।
বাংলাদেশের তরুণরা যখন অবৈধ পথে ইতালিতে যাওয়ার সময় মরছে তখন প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের কি অবস্থা ? ভারতের সঙ্গে ইতালির মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি চুক্তি হয়েছে ২০২৩ সালের নভেম্বরে। ২০২৬–২০২৮ সালের জন্য বছরে ১২ হাজার ভারতীয় শ্রমিক নিয়োগের সুযোগ নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৫ হাজার মৌসুমি এবং ৭ হাজার অ-মৌসুমি শ্রমিক। তিন বছরে সব মিলিয়ে ৩৬ হাজার ভারতীয় শ্রমিকের জন্য নির্দিষ্ট বরাদ্দ রয়েছে।
পাকিস্তানও ইতালির সঙ্গে শ্রমবাজার নিয়ে কাজ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে পাকিস্তান সরকার জানায়, ইতালি আগামী তিন বছরে তাদের জন্য মোট ১০ হাজার ৫০০ কর্মসংস্থানের কোটা দিয়েছে। অর্থাৎ বছরে ৩ হাজার ৫০০ জন। এর মধ্যে ১ হাজার ৫০০ জন মৌসুমি এবং ২ হাজার জন অমৌসুমি শ্রমিক। জাহাজ ভাঙা, কৃষি, হোটেল-রেস্তোরাঁ, স্বাস্থ্যসেবা, ওয়েল্ডিং, টেকনিশিয়ান, রান্না, হাউসকিপিং ও নার্সিংয়ের মতো কাজের কথা বলা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ইতালিরও একটি সমঝোতা স্মারক রয়েছে। ২০২৫ সালের ৬ মে দুই দেশের মধ্যে অভিবাসন ও শ্রমিক চলাচল নিয়ে এই সমঝোতা হয়। তখন ক্ষমতায় ছিলো ইউনুস সরকার । সেখানে বাংলাদেশি মৌসুমি ও অমৌসুমি শ্রমিকদের জন্য ইতালির ডিক্রিটো ফ্লুসি কাঠামোর মধ্যে কোটা সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক রয়েছে ইতালির কিন্তু ভারত বা পাকিস্তানের মতো বাংলাদেশের জন্য বছরে নিদিষ্ট শ্রমিকের কোটা বরাদ্দ থাকবে, এমন কোনো সংখ্যা কারো জানা নেই ।
আসলে বাংলাদেশের মানুষ যে কোনো প্রতিযোগিতায় শুরুতেই পিছিয়ে পড়ে। শুধু ইতালির সঙ্গে একটি সমঝোতা স্মারক করলেই শ্রমবাজার তৈরি হয় না। ইতালির কোন অঞ্চলে কোন ধরনের শ্রমিকের চাহিদা আছে, কোন কোম্পানি কতজন কর্মী নিতে চায়, কোন কাজের জন্য কী দক্ষতা প্রয়োজন, সেই নিয়োগকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। শ্রমিকদের ভাষা শেখাতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, দক্ষতার সনদ দিতে হয়। এরপর নিয়োগকর্তার সঙ্গে কর্মীর সরাসরি সংযোগ তৈরি করতে হয়। ভারত ও পাকিস্তান তাদের জন্য নির্দিষ্ট সংখ্যার সুযোগের কথা সামনে আনতে পেরেছে। বাংলাদেশও সেই ধরনের পরিমাপযোগ্য লক্ষ্য নিয়ে এগোতে পারত।
২০২৫ সালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের তরুণদের সিভি চাওয়া হচ্ছে। তরুণদের কাজ করার সামর্থ্য আছে, বিদেশে তাদের চাহিদাও রয়েছে। সেই চাহিদাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইউনুস সাহেবের সরকার কি উদ্যোগ নিয়েছিলো ? বিদেশি কোম্পানি যদি বাংলাদেশের তরুণদের সিভি চায়, তাহলে সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিয়োগের ব্যবস্থা করবে কে ? কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কতজনের সাক্ষাৎকার হয়েছে, কতজন চাকরির প্রস্তাব পেয়েছে, কতজনের ওয়ার্ক পারমিট হয়েছে, আর কতজন সত্যিই বিদেশে যেতে পেরেছে, এসব হিসাব কোথায়?
ইউনূস সরকারের আমলে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছিল, সেটি অবশ্যই একটি ভালো পদক্ষেপ। কিন্তু সেই সমঝোতার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট সংখ্যার কোটা, নিয়োগকর্তাদের সঙ্গে কার্যকর সংযোগ এবং বড় পরিসরে কর্মী পাঠানোর ব্যবস্থা কতটা তৈরি হয়েছে, সেটিই আসল প্রশ্ন। একই সময়ে পাকিস্তানও ইতালির সঙ্গে আলোচনা চালিয়ে নির্দিষ্ট সংখ্যার কর্মসংস্থানের ঘোষণা দিতে পেরেছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে শুধু চুক্তি হয়েছে বলেই সাফল্যের দাবি করার সুযোগ নেই। চুক্তি থেকে কতজন মানুষের চাকরি হলো, সেটাই সাফল্যের মাপকাঠি।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর বিষয়ে যতটা গুরুত্ব দিচ্ছে, ইতালির ক্ষেত্রে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। যেকোনো বৈধ শ্রমবাজারই বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ। কিন্তু ইতালির শ্রমবাজার নিয়ে ভারত ও পাকিস্তানের প্রস্তুতি এবং তাদের সঙ্গে ইতালির সমঝোতা দেখার পর বাংলাদেশেরও বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত ছিল।
সরকারের পক্ষ থেকে এক হাজার জুলাই যোদ্ধাকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় কম খরচে কর্মী পাঠানোর চেষ্টা চলছে। উদ্যোগটি যদি নেওয়া সম্ভব হয়, তাহলে ইতালির ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ জোরদার করা কঠিন হওয়ার কথা নয়। ইতালি তো এমন একটি দেশ, যেখানে আগামী তিন বছরে কয়েক লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে বাংলাদেশের তরুণদের জন্য নির্দিষ্ট সুযোগ তৈরি করতে সরকার কেন আরও সক্রিয় হবে না?
সরকারের বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিভিন্ন দেশে সফর করছেন। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন। চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের খবর আমরা নিয়মিত দেখি। কিন্তু ইতালির শ্রমবাজার নিয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পর্যায়ে কতটা আলোচনা হচ্ছে, সেটি খুব একটা চোখে পড়ে না। প্রয়োজন হলে শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের দল ইতালি সফর করতে পারে। সেখানে ইতালির শ্রম মন্ত্রণালয়, নিয়োগকর্তা, ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
বাংলাদেশ যদি ভারত বা পাকিস্তানের মতো ইতালির সঙ্গে নির্দিষ্ট সংখ্যার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, তাহলে হয়তো সবাই ইতালি যেতে পারবে না। কিন্তু অন্তত কিছু তরুণ বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে। কয়েক হাজার তরুণও যদি দালালের হাত থেকে বেঁচে গিয়ে দক্ষতা অনুযায়ী চাকরি নিয়ে ইতালি যেতে পারে, সেটিও বড় অর্জন। এর জন্য দরকার শুধু চুক্তি নয়, দরকার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ, পেশাভিত্তিক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং নিয়মিত অগ্রগতি প্রকাশ।
সজল বৈরাগীর পরিবার পনেরো লাখ টাকা দিয়েছিল ইতালিতে একটি ভালো জীবনের আশায়। সেই টাকা দিয়ে যদি তাঁর জন্য একটি বৈধ চাকরির ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো আজ তাঁর বাবা ছেলের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতেন না। টারজান ভিসার বাজার বন্ধ করতে হলে শুধু দালাল ধরলেই হবে না। বৈধ পথটাও তৈরি করতে হবে। কারণ মানুষ ঝুঁকিপূর্ণ পথে যায় শুধু দালালের প্রলোভনে নয়, অনেক সময় বৈধ পথের দরজা খুঁজে না পেয়েও। ইতালি যদি শ্রমিক নিতে চায়, তাহলে বাংলাদেশের কাজ হবে সেই সুযোগ নিজের তরুণদের কাছে পৌঁছে দেওয়া। নইলে একদিকে ইতালি শ্রমিক নেবে, আর অন্যদিকে আমাদের তরুণেরা টারজান ভিসার স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগরে ডুবে মরবে।
রেফারেন্স:
Italian Ministry of Labour and Social Policies: Decreto Flussi 2026–2028: 497,550 foreign workers
Ministry of External Affairs, Government of India: India–Italy Relations: 12,000 Indian workers annually under Decreto Flussi
Associated Press of Pakistan (APP) : Pakistan secures 10,500-job quota from Italy over three years,
Bangladesh–Italy Migration and Mobility MoU- ৬ মে ২০২৫
ফটোকার্ড : ডিবিসি নিউজ
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২০২৫ সালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের তরুণদের সিভি চাওয়া হচ্ছে। তরুণদের কাজ করার সামর্থ্য আছে, বিদেশে তাদের চাহিদাও রয়েছে। সেই চাহিদাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইউনুস সাহেবের সরকার কি উদ্যোগ নিয়েছিলো ?
............................................................................................................
বাটপারী করে মানুষের মন জয় করা যায়না ।