| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০
অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর পাড় ধরে হাঁটছিলাম। সপ্তাহে শুধু জুম্মার দিনই ভিক্ষুকদের মাসজিদের আশেপাশে ভিড়ার সুযোগ দেয়া হয়, তাও কেবলমাত্র জুম্মার নামায শেষ হবার পর এবং কেবল কয়েকটি নির্দিষ্ট জায়গায়। বাকি দিনগুলোতে ভিক্ষুকের প্রবেশ ও যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সপ্তাহে মাত্র একটি দিন ভিক্ষা চাওয়ার সুযোগ থাকাতে ঐ দিনটিতে ভিক্ষুকদের প্রচুর সমাবেশ হয়। পুরুষ ভিক্ষুকের চেয়ে নারী ভিক্ষুকের সংখ্যা প্রায় তিন-চার গুণ বেশি থাকে। নারী ভিক্ষুকেরা আবার তাদের সাথে দুই একজন করে বাচ্চা (নিজেদের অথবা অপরের) নিয়ে এসে তাদেরকে ভিক্ষার লাইনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু বাচ্চারা তো বাচ্চাই। তারা কিছুক্ষণ মুসল্লীদের পেছনে পেছনে হাত পেতে সুর করে ভিক্ষা চাইতে চাইতে একসময় রণে ভঙ্গ দিয়ে সুযোগ খুঁজতে থাকে কি করে সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে কিছুটা সময় পুকুর পাড়ের দোলনায় বসে মনের সুখে দোল খেতে পারে।
পুকুরের পূর্ব পাড় দিয়ে হেঁটে যাবার সময় আমি একটা দোলনায় পাঁচজন শিশুকে একসাথে বসে দোল খেতে দেখলাম। ওদের চেয়ে বয়সে একটু বড় অপর একটা মেয়ে পেছন থেকে ওদেরকে দোল দিচ্ছিল। এ সময়টা ওরা বেছে নিয়েছিল কারণ এ সময়টাতে অন্যান্য কর্তব্য পালনে ব্যস্ত থাকার কারণে সিকিউরিটি গার্ডদের এ দিকটাতে নজর দেয়ার সম্ভাবনা কম থাকে। ওদেরকে দেখে আমি ওদের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে ওরা খানিকটা ভড়কে গেল, কিছুটা অজানা ভয়ে আর কিছুটা দোলনার সুখ থেকে বঞ্চিত হবার আশঙ্কায়। আমার চেহারা দেখে ওরা অনুমান করার চেষ্টা করলো, আমি ওদের friend না foe। আমি ওদের সাথে গল্প জুড়ে দিলাম। আমার কথা শুনে ওরা আস্থা ফিরে পেতে শুরু করলো এবং একে অপরের সাথে মুখ চাওয়া চাওয়ি করে যাচাই করে নিচ্ছিল আমি নির্ভরযোগ্য কিনা। এক সময় অঙ্গভঙ্গিসহ আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো।
শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। এক সময় ওরা লক্ষ্য করলো যে দূর থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে আসছেন। ওরা আমাকে বললো, “স্যার, আপনি থাইকেন, যাইবেন না কিন্তু। আমরা ঐ নানার কাছ থিকা ভিক্ষা লইয়া আসি”। আমি বললাম, “তোমরা তো ছোট, তোমাদেরকে কেউ ভিক্ষা দেবে না”। তখন ওরা বললো, “না স্যার। বুড়া মানুষেরা দেয়। নানু দাদুরা দেয়, ভাইয়া আপুরাও দেয় কেউ কেউ। কিন্তু আঙ্কেল আন্টিরা কেউ দিতে চায় না”। দেখলাম, ওরা হাত পাতার সাথে সাথে সেই বয়স্ক ভদ্রলোক ওদের প্রত্যেকের হাতে একটি করে দশ টাকার নোট গুঁজে দিলেন। টাকা পেয়ে খুশি হয়ে ওরা আবার দৌড়ে এসে দোলনায় চেপে বসে নতুন কিছু শোনার জন্য আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। ওদের পাঁচজনের মধ্যে একজন আর্জেন্টাইন সমর্থক ছিল। সে আর্জে্নটিনা ফুটবল দলের জার্সি'র রেপ্লিকা পরিহিত ছিল। তার চুল এবং পোষাক অন্যদের তুলনায় বেশ পরিপাটি ছিল। সব শিশুদের মধ্যে সে-ই ছিল সবচেয়ে বেশি সপ্রতিভ ও প্রাণবন্ত। এর কিছুক্ষণ পর কয়েকজনের মা এসে ওদেরকে বললো, “গার্ড আসতাছে, চল বাড়ি যাই”। মুহূর্তের মধ্যে এক দৌড়ে ওরা সবাই চোখের আড়ালে চলে গেল!
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শব্দ সংখ্যাঃ ৪৩৮
আমার কথা শুনতে শুনতে হয়তো তাদের ভয় কিছুটা কেটে যাচ্ছিল। ছবিতে তাদের অভিব্যক্তি দেখে সেরকমই মনে হচ্ছে। নতমুখ দু'জনের মধ্যে একজন মাথা তুলে তাকালো, তৃৃতীয় একজনের মুখে একটু হাসির রেখাও দেখা দিল।
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১৪ঃ০৯
ওদের মধ্যে যে ছিল সবার বড়, সে পেছনে দাঁড়িয়ে ওদের দোলনাটা ঠেলছিল। ওরা পেছন ফিরে তার মুখের অভিব্যক্তি পাঠ করে আস্থা অর্জনের চেষ্টা করছিল। ওদের মধ্যে একজন আর্জেন্টাইন সমর্থকও ছিল। তার মুখের অভিব্যক্তিই সবচেয়ে স্পষ্ট ছিল। সে হা করে আমার কথা শুনছিল।
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১৪ঃ০৯
ওরা নিজেদের মধ্যে কিছু শলা পরামর্শও সেরে নিচ্ছিল।
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
সেই আর্জেন্টাইন সমর্থকের হাসিটা ছিল একেবারে প্রাণখোলা। আমার মনে হয়, আমার কথাগুলো সে-ই সবচেয়ে বেশি উপভোগ করেছে।
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শিশুহীন, শূন্য দোলনা!
চোখের তারায় যাদের আলোর ঝিলিক, হাসিতে যাদের প্রাণের বন্যা, তাদের কারণে প্রাণহীন দোলনাটাকেও প্রাণবন্ত মনে হয়েছিল। ওরা চলে যাওয়াতে দোলনাটাও প্রাণহীন, স্থবির হয়ে গেল!
ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: এটা কোন পার্ক নয়। পুকুর পাড়ে হাঁঁটতে আসা ক্লান্ত পথচারীদের কিছুক্ষণ বসে জিরিয়ে নেয়ার জন্য রাখা হয়েছে বেঞ্চ ও দোলনা।
"তাহলে গার্ডকে তাদের ভয় কেন ?" - মাঝে মাঝে গার্ড এসে ওদেরকে তাড়িয়ে দেয়, সে কারণে। তবে তারা বুদ্ধিমান শিশু; গার্ড যদি থাকে ডালে ডালে, ওরা থাকে পাতায় পাতায়।
২|
২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মায়াময় মুখ সব
আমারও ভালো লাগে এদের সাথে কথা বলে সময় কাটাতে
২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: এই নিষ্পাপ মুখগুলো যেন ঠিকমত বিকশিত হতে পারে, সে লক্ষ্যে তাদের জন্য কোন সামাজিক সুরক্ষা নেই। জীবনের সাথে যুদ্ধ করেই ওরা বেঁচে থাকে। ৫৫ বছরে ওরা রাষ্ট্র থেকে তেমন কিছুই পেলো না। আজ হোক বা কাল হোক, এ অবস্থার পরিবর্তন হতেই হবে।
৩|
২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৯
হুমায়রা হারুন বলেছেন: ছবিতে শিশুদের হাসি কত নির্মল। কিন্তু সামনের জীবন ভয়ংকর অনিশ্চিত।
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: "ছবিতে শিশুদের হাসি কত নির্মল। কিন্তু সামনের জীবন ভয়ংকর অনিশ্চিত" - এটাই হলো তাদের জীবনের Irony। এ অবস্থার পরিবর্তন অবশ্যই হতে হবে।
৪|
২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:২৪
রাসেল বলেছেন: নিজেদের প্রতারণার আড়ালে নিষ্পাপের মুখোশ পরে থাকতে থাকতে, আমরা তাদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী উপহার দিতে পারলাম না।
৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: আফসোস!
৫|
২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১
চারাগাছ বলেছেন: আপনার লেখার শেষের শূন্য দোলনাটা মন ছুঁয়ে গেল, খায়রুল আহসান স্যার। কিছুক্ষণ আগেও যেখানে শিশুর হাসিতে প্রাণের স্পন্দন ছিল, ওরা চলে যেতেই সেখানে নেমে এলো শূন্যতা। অথচ ওদের হাসির আড়ালে লুকিয়ে থাকা শৈশবের গল্পটা বড্ড বিষণ্ণ। ভালো লাগলো, আপনি অন্তত কিছুক্ষণের জন্য ওদের মুখে হাসি ফোটাতে পেরেছিলেন।
৩০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫১
খায়রুল আহসান বলেছেন: "কিছুক্ষণ আগেও যেখানে শিশুর হাসিতে প্রাণের স্পন্দন ছিল, ওরা চলে যেতেই সেখানে নেমে এলো শূন্যতা" - স্থবির দোলনাটার দিকে তাকিয়ে আমি সেই শূন্যতাটা হৃদয় দিয়ে অত্যন্ত গভীরভাবে অনুভব করেছিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি নিয়মিত লিখে চলেছেন দেখে প্রীত হয়েছি।
৬|
২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনার জার্সি পরা বাচ্চাটা বেশি কিউট।
৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
খায়রুল আহসান বলেছেন: হুঁ।
৭|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬
মেহবুবা বলেছেন: চ্যালেন্জ ছুঁড়ে দিয়ে কেমন প্রমান দিল!
আসলেই শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা প্রখর, তবে যদি তাদের মন চায়।
৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: "আসলেই শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা প্রখর" - সাইকোলজি না পড়েও ওরা সাইকোলজি'র ব্যবহারিক প্রয়োগে সক্ষম।
৮|
৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩
জুল ভার্ন বলেছেন: কী সুন্দর পবিত্র, নিষ্পাপ উচ্ছ্বসিত মুখ!
বারিধারা ডিওএইচএস এর পুকুরটা সত্যিই সুন্দর! গাছপালায় ঢাকা, ছায়াঘেরা, চারিদিকে বসার জন্য চমতকার ব্যবস্থা!
০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: সত্যি, ছবিগুলোর দিকে তাকালে প্রাণটা ভরে যায়, বিশেষ করে শেষের থেকে দ্বিতীয় ছবিটাকে দেখে। আবার এই উচ্ছ্বল শিশুদের ভবিষ্যৎ জীবনের কথা ভাবলে মনটা বিষাদে ছেয়ে যায়।
গাছপালার কারণে দুপুর বেলায়ও পুকুর পাড়ে হাঁটতে অসুবিধা হয় না।
৯|
০৩ রা নভেম্বর, ২০২৬ ভোর ৬:০৩
অধীতি বলেছেন: অনিশ্চিৎ জীবনের মধ্যেও এরা কি হাস্যোজ্বল। এজন্যই বোধহয় আমরা বারবার শৈশবে ফিরে যেতে চাই। অমলিন হাসিগুলোর জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: "এজন্যই বোধহয় আমরা বারবার শৈশবে ফিরে যেতে চাই। অমলিন হাসিগুলোর জন্য" - জ্বী, ধনী-দরিদ্র নির্বিশেষে অধিকাংশ শিশুর জন্য শৈশবের স্মৃতি সাধারণতঃ সুখ-জাগানিয়া হয়ে থাকে। তবে অত্যন্ত দুঃখজনক হলেও এ কথা সত্য যে অনেক শিশুর জন্য শৈশবের স্মৃতি বিভীষিকাময়ও হয়ে থাকে; সেজন্য তারা শৈশবের কোন স্মতি রোমন্থন করতে চায় না। জীবনটা তাদের জন্য অনেক কঠিন রূপে আবির্ভূত হয়।
১০|
০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:২০
নীল-দর্পণ বলেছেন: ফেসবুকে ফ্রেন্ড সাজেস্ট করে, মাঝে মাঝে আপনার আইডিটা আসে। একদিন তেমনি আপনার আইডিটা এলে ওয়ালে ঘুরতে গিয়ে দেখি এই ছবি দিয়েছিলেন। তখনি প্রথম দেখেছিলাম। কী প্রাণবন্ত মুখগুলো! সুন্দর একটা ভবিষ্যত ওদেরও ত পাওনা অথচ সামনে কী অপেক্ষা করছে তা আমরা সবাই জানি!
০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটা ভবিষ্যত অবশ্যই ওদেরও প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা সুনিশ্চিত করা।
ওদের প্রতি সহমর্মী মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১১|
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
লেখাটি পড়ে ও সুন্দর ছবিগুলি দেখে মন একদিকে যেমন আনন্দে ভরে উঠল, অন্যদিকে তেমনি গভীরভাবে
স্পর্শ করল এক নির্মম সামাজিক বাস্তবতা। এই শিশুগুলোর প্রাণোচ্ছল হাসি, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, পর্যবেক্ষণক্ষমতা
ও সহজাত চপলতার আড়ালে লুকিয়ে আছে আমাদের সমাজের বৈষম্য, দারিদ্র্য এবং বঞ্চনার এক করুণ চিত্র।
যে বয়সে তাদের হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা স্বপ্ন আর মনজুড়ে থাকার কথা দুরন্ত শৈশবের
আনন্দ, সেই বয়সেই জীবিকার তাগিদে তাদের হাত পাততে হচ্ছে মানুষের দ্বারে দ্বারে।
অথচ একটু ভালোবাসা, সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা এবং উপযুক্ত সামাজিক সুযোগ-সুবিধা পেলে এই শিশুরাই
একদিন হয়ে উঠতে পারে দেশ ও সমাজের সম্পদ। তাদের মেধা, প্রাণশক্তি ও বুদ্ধিমত্তাকে ভিক্ষাবৃত্তির অন্ধকার থেকে
বের করে এনে শিক্ষা, সৃজনশীলতা ও কর্মমুখী জীবনের আলোকিত পথে পরিচালিত করা আমাদের সকলের সামাজিক
ও মানবিক দায়িত্ব।
আপনার সংবেদনশীল দৃষ্টি ও আন্তরিক কথোপকথনের মধ্য দিয়ে শিশুদের মুখে যে অনাবিল হাসির ঝিলিক ফুটে
উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। পরিশেষে, এই নিষ্পাপ, প্রাণোচ্ছল ও বুদ্ধিমান শিশুগুলোর জন্য রইল হৃদয়ের গভীর
থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। ওদের হাত যেন আর কখনো ভিক্ষার জন্য প্রসারিত না হয়; বরং একদিন
সেই হাতেই ধরা থাকুক বই, কলম ও নিজেদের স্বপ্নপূরণের হাতিয়ার। দারিদ্র্যের পরিচয় ছাপিয়ে ওরা যেন প্রত্যেকে
প্রতিষ্ঠিত হতে পারে আত্মমর্যাদাসম্পন্ন, শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে। ওদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল, সুন্দর ও সম্ভাবনাময়।
শিশুরা ভিক্ষার পাত্র নয়, তারা সম্ভাবনার একেকটি উজ্জ্বল প্রদীপ প্রয়োজন শুধু সেই আলো জ্বালিয়ে দেওয়ার মতো
একটু ভালোবাসা, সুযোগ ও মানবিক উদ্যোগ।
শুভকামনা রইল
০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: "এই শিশুগুলোর প্রাণোচ্ছল হাসি, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, পর্যবেক্ষণক্ষমতা ও সহজাত চপলতার আড়ালে লুকিয়ে আছে আমাদের সমাজের বৈষম্য, দারিদ্র্য এবং বঞ্চনার এক করুণ চিত্র" - কথাটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য।
আপনার বাকি কথগুলোর সাথেও একমত।
ওদের প্রতি সহমর্মী মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
১২|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
আমার অভাগীর সুর ব্যঞ্জনা গল্পটির ২য় পর্ব প্রকাশ করা হয়েছে । আমার ভুলে যাওয়া গল্প অধ্যায়টিকে স্মরণে
নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, পড়ে দেখবো।
এ বয়সে ভুলোমনা হওয়াটা স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তখন ওরা বললো, “না স্যার। বুড়া মানুষেরা দেয়। নানু দাদুরা দেয়,
ভাইয়া আপুরাও দেয় কেউ কেউ। কিন্তু আঙ্কেল আন্টিরা কেউ দিতে চায় না”।
......................................................................................................
তাহলে দেখা গেল তাদের আই কিউ অনেক চমকপ্রদ,
হাসিখুশী জীবনের মাঝেও তারা বুদ্ধিমত্তার পরিচয় দেয় ।
কিন্ত অধিকাংশ পার্কে দোলনা ফ্রী , তাহলে গার্ডকে তাদের ভয় কেন ???