| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
অপার্থিব সৌন্দর্যের খোঁজে মালাক্কা যেতে পারি, অ্যান্টার্কটিকা যেতে পারি,
গলে পড়া জোৎস্নার প্রবল প্রবাহে সারা রাত ভিজতে পারি,
লোবানের ঘ্রাণে ঘ্রাণে রাত্র ভারী করে কিছু ক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলতে পারি।
তবু এক দিন তো নিজের কাছেই ফিরতে হয়।
মহাসাগর সাতরে পৃথিবীর শেষ বিন্দুটি ছুঁতে পারি,
উত্তরের মেরুপ্রভা দেখে বিস্ময়ে দীর্ঘশ্বাস ফেলতে পারি,
অরণ্যের নীরবতায় দাঁড়িয়ে জগতের সমস্ত নির্মলতা গায়ে জড়াতে পারি।
তবু এক দিন তো নিজের কাছেই ফিরতে হয়।
সমস্ত অভিমান জলে ভাসাতে পারি,
নিষ্প্রাণ,খরখরে স্মৃতিগুলোকে চিতার আগুনে পোড়াতে পারি,
নতুন নাম, নতুন পরিচয়, নতুন জীবন বেছে নিতে পারি।
তবু একদিন তো নিজের কাছেই ফিরতে হয়।
শত শত বইয়ের পাতায় প্রশ্নের উত্তর খুঁজতে পারি,
হাজারো দর্শনের দরজায় কড়া নাড়তে পারি,
বিশ্বাসের বস্তু মেলানোর জন্য মহাদেশের পর মহাদেশ পাড়ি দিতে পারি,
প্লেটোনিক প্রেমের খোঁজে গণিতের অগণিত সমীকরণে ডুবে থাকতে পারি।
তবু একদিন তো নিজের কাছেই ফিরতে হয়।
নিজেকে চিনতে হয়…
©somewhere in net ltd.