নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

শীত: এক মায়াবী নস্টালজিয়া...

১৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২১


শীতকাল:এক মায়াবী নস্টালজিয়া…

শীতকাল আমার প্রিয় দুই-তিনটা ঋতুর মধ্যে একটি। প্রতিবারই শীত আমার মানস নদীতে ধেয়ে আসে নস্টালজিয়া বোঝাই সোনার তরী করে। শীত মানেই কুয়াশামাখা চাদরে হঠাৎ ঝলকে ওঠা এক রৌদ্রোজ্জ্বল সকালের নাম। শীত মানেই মুখরিত জীবনের ওপারে এক নিভৃত আবেশের নাম। প্রতিবারই শীতের প্রথম প্রহর আমার করোটিতে আসে রুপালি স্মৃতির অনুরণন হয়ে। বরাবরের মতো এবারো শীত আমার অন্তর্জগতের সদর দরজায় তাঁর আগমনী কড়া নেড়েছে। এবারো এই ধ্রুপদী শীত আমার অন্তর্লৌকিক জগতে এক পরম সুখের জাল বুনে গেছে।

শীতের আগমনী বার্তা বরাবরই আমার ভেতরে ও বাইরে এক নতুন উদ্যম, উদ্যোগ আর প্রেরণার সৃষ্টি করে। সময়ের আবর্তে প্রকৃতি যখন তার রূপ বদলাতে শুরু করে, হিমালয়ের হিমেল পরশ উত্তর-পশ্চিম দিক হতে যখন দোল দেওয়া শুরু করে, ঝরঝরে ধূলার প্রতিটি কণা যখন নিঃশব্দে আমার জানালার কাঁচ ছুঁয়ে যায়, তখনই বুঝতে পারি ধরায় শীত এসে গেছে!

দূরের লম্বা লম্বা গাছের আড়াল থেকে সূর্য যখন ধীরে ধীরে নিজেকে মেলে ধরে, তখন মনে হয় এই পৃথিবী বুঝি নতুন প্রাণে জেগে উঠছে!
শীতের সকালের এই মিষ্টি সৌন্দর্য দেহে, মনে, আত্মায় এক ধরনের স্বর্গীয় তরঙ্গ সৃষ্টি করে।
শীতের আগমন শুধু ঋতু বদলের সংবাদই নিয়ে আসে না, বরং সরিষা ফুলের হলুদ সমুদ্র আর গোলাপের স্নিগ্ধ সুবাস সঙ্গী করে বাংলার শীতকাল একরাশ ভালো লাগা আর অজস্র
ভালোবাসার ঝাঁপি খুলে বসে।

বাল্যকালে আমার শহুরে জীবনে শীত ছিল অন্যরকম মায়ায় ভরপুর। শীতে নতুন গরম পোশাক, সকালে রোদের সোনালি আভার জন্য বসে থাকা, বিকেলে ব্যাডমিন্টন খেলা কিংবা রাতে লেপের ওমে প্রশান্তির ঘুম—সবকিছুতেই যেন এক সীমাহীন আনন্দের রসদ খুঁজে পেতাম। দম বন্ধ করা পড়াশোনা আর পরীক্ষার পাঠ চুকিয়ে শীতের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে গিয়ে ভাপা-পুলির গন্ধে বুঁদ হয়ে থাকতে থাকতে আমার বাল্যকাল কেটে গেছে রূপকথার রাজপুত্রদের মতো। তখন শীতের একেকটা দীর্ঘ রাত ছিল শৈশবের কল্পনায় সাজানো একেকটি রঙিন পৃথিবীর মত।

গ্রামীণ জীবনের শীতকাল আমাকে বরাবরই ভীষণভাবে আকৃষ্ট করে, বিমোহিত করে। ভোরের হালকা কুয়াশায় ঢেকে থাকা মেঠোপথের নীরবতা, ঘাসের ডগায় জমে থাকা শিশিরের কান্না, খড়কুটোর আগুনে পোহানো শরীরের মৃদু উষ্ণতা ইত্যাদি স্মৃতিগুলো এখনো তরতাজা হয়ে আছে। খেজুরের রস, নতুন ধানের চালের পিঠা, মরিচ পোড়ানো বেগুন ভর্তা, ধোঁয়া ওঠা গরম সাদা ভাত—সবকিছু মিলে গ্রামীণ শীত যেন হয়ে ওঠে শিল্পীর নিজ হাতে আঁকা এক অনিন্দ্যসুন্দর ক্যানভাস।

সময়ের পালাবদলে বয়স বেড়েছে। বেড়েছে জীবন বাস্তবতার নানান হিসাব-নিকাশ। নাগরিক জীবনের এই ব্যস্ত শহরে শীত এখন আর আগের মতো প্রবল বেগে ছুটে আসে না। যানজট, জনজট আর এআই প্রযুক্তির পালে‌ হাওয়া লাগানো এই বাংলায় শীত উপভোগ করার নূন্যতম সময়টুকু আর পাওয়া যাচ্ছে না। কংক্রিটের দেওয়ালে আবদ্ধ এখনকার শীত তার চিরচেনা রূপ হারিয়ে ফেলেছে। তবু কোনো এক সকালে হঠাৎ হিমেল বাতাসের স্পর্শ কিংবা জানালার কাঁচে জমে থাকা কুয়াশার নরম আঁচড় আমাকে হঠাৎ হোঁচট খাইয়ে দেয়। আমাকে কিছুক্ষণের জন্য আবেগে আপ্লুত করে ফেলে।
সগৌরবে মনে করিয়ে দেয়, আমার ভেতরে এখনো একজন শীতপ্রেমী সেই বালকটি বেঁচে আছে!

কখনো কখনো মনে হয়,এই শীতকাল আমার চেতনার সবচেয়ে যত্নশীল কারিগর। কখনো মনে হয়, শীত মানেই টাইম মেশিনের চাকায় ঘুরতে ঘুরতে শেকড়ের কাছে ফিরে যাওয়া। মনে হয়, শীত মানেই হারিয়ে যাওয়া সুখের এক পুনর্জন্ম।

এখনো কোন এক শীতের সকালে হারিয়ে যাওয়া প্রিয় বন্ধুর কথা মনে পড়ে, মনে পড়ে কোনো এক বিকেলে শৈশবের সেই চেনা-জানা উঠোনের কথা।আবার কোন এক শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় মনে পড়ে জীবনের ফেলে আসা বিষণ্ন সব অধ্যায়ের কথা।

মানুষ হয়তো সময়ের সঙ্গে অনেক কিছু ভুলে যায়, কিন্তু কিছু অনুভূতি, কিছু কথা থেকে যায় অবিকল শীতের রাতের মতো। শীত এলেই এই সব স্মৃতিরা, এই সব অনুভূতিরা ধীরলয়ে ফিরে আসে অনুভূতির একান্ত প্রদেশে।

শীতের সকাল মানে এক চিলতে সোনালি রোদের জন্য ব্যাকুল অপেক্ষা, শীতের দুপুর মানে রোদমাখা অলসতার অনাড়ম্বর উৎসব, শীতের বিকেল মানে কৈশোরের দুরন্ত উচ্ছ্বাস, সর্বোপরি শীত ঋতু মানে ব্যস্ততার কোলাহল পেরিয়ে নিজের কাছে ফিরে আসার অবাধ অবকাশ।

ঋতুর ক্যালেন্ডারে শীতের স্থায়িত্ব যতটুকুই হোক, এই হাতের ভাঁজে, এই চোখের কোটরে, এই বুকের হাপরে, আমার প্রিয় শীতকাল আমারই হয়ে থাকুক আমৃত্যু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.