| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Source: Click This Link
ঢাকা, আগষ্ট ২১: বে-আইনিভাবে ৭ জন শ্রমিক কর্মচারীকে চাকুরীচ্যুত করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। এছাড়া বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে কোম্পানিটি। বুধবার প্রেসক্লাবে বেলা ৩টায় সংবাদ সম্মেলন এসব কথা জানান রবি আজিয়াটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (প্রস্তাবিত) নেতারা।
তারা বলেন, ৩০ শতাংশ শ্রমিক কর্মচারী নিয়ে গত ২০ জুলাই ‘রবি আজিয়াটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ গঠন করা হয় এবং গত ২৫ জুলাই ইউনিয়নটির নিবন্ধনের লক্ষে শ্রম পরিচালক বরাবরে আবেদন করা হয়। যা বর্তমানে শ্রম দফতরে বিবেচনাধীন। ইতিমধ্যে রবি আজিয়াটার শ্রমিক কর্মচারীরা বাংলাদেশ শ্রম আইন অনুসারে ট্রেড ইউনিয়ন গঠন ও পরিচালনা শুরু করেন। ফলে রবি কর্তৃপক্ষ আমাদের ওপরে নানা হয়রানিতে লিপ্ত হয়ে পড়েছেন। এরই অংশ হিসাবে রবি আজিয়াটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (প্রস্তাবিত) ৭ সদস্যকে চাকুরীচ্যুত করা হয়েছে।
শ্রমিক কর্মচারী ছাটাইয়ের প্রতিবাদে রবি আজিয়াটা শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত প্রতিবাদে আরো জানানো হয়, আইনের পরোয়া না করে শ্রমিক ইউনিয়ন নেতা প্রভাস কুমার সাহাকে গত ১৭ জুলাই থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়। এরপর গত ১৫ আগষ্ট প্রস্তাবিত ইউনিয়নের আরো ৬ সদস্যকে ছুটির দিনে চাকুরীচ্যুত করা হয়।
এই ৬ সদস্য হলেন কল্লোল বড়–য়া, মোস্তাফিজুর রহমান, মো. আরিফ, শাহ হাসান আহমেদ রশিদ, তারেক মাহমুদ সিদ্দিকী ও তোফাজ্জল হোসেন। পাশাপাশি কোম্পানির পূর্ব ঘোষিত নানা সুবিধা না দিয়ে শ্রম আইন লঙ্ঘন করে প্রস্তাবিত কমিটির সদস্যদের ওপর অহেতুক মানসিক চাপ সৃষ্টি করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কোম্পানির স্থায়ী কর্মী হিসেবে যারা চলতি বছরের মার্চ থেকে বেতনভুক্ত তাদের ট্যাবলেট পিসি দেয়ার কথা থাকলেও তা না দেয়া; কর্মরত থাকা অবস্থায় ইউনিয়নের সক্রিয় সদস্য আরিফুল ইসলামের মোবাইল ফোন সুবিধা বন্ধ করে দেয়া; লাইন সুপারভাইজারের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে বহিস্কারের হুমকি; ইউনিয়নে যোগ না দিলে কর্মচারীদের অতিরিক্ত সুবিধা প্রদানের প্রলোভন এবং নিধারিত সময়ের অধিক কাজ করিয়ে নেয়া ইত্যাদি।
এছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে রবি আজিয়াটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (প্রস্তাবিত) নামক সংগঠনের নিবন্ধনের জন্য শ্রম দফতরে আবেদন করা হলেও আবেদনকারীদের চাকুরিচ্যুত করার হুমকি দেয়া হচ্ছে। কোম্পানি কর্তৃপক্ষের ক্রমাগত হুমকির ফলে গত ১৬ আগস্ট রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৬১০) করেছেন প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে তারা রবি কর্তৃপক্ষের কাছে বেশকিছু দাবি পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চাকুরি ঝুঁকি ভাতা আনুমানিক ২০ লাখ টাকা প্রদান; পেশাগত দায়িত্ব সম্পর্কিত রোগের কারণে ক্ষতিপূরণ সম্পূর্ণ চাকুরি জীবনের জন্য ১০ লাখ টাকা প্রদান; শ্রম আইন অনুসারে কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ প্রদান; আইএলও (ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন) নিধারিত শ্রমমান ও বাংলাদেশের শ্রম আইন অনুসারে শ্রম ঘন্টা নির্ধারণ; সম্প্রতি চাকুরিচ্যুত শ্রমিকদের নিঃশর্তে চাকুরিতে ফেরত নেয়া; ইউনিয়ন কার্যক্রম চলাকালীন কোনো শ্রমিক বা সদস্য/কর্মকর্তা/কার্যনিবাহী কমিটির সদস্যদের বে-আইনিভাবে রবখাস্ত বা অন্য কোনোভাবে চাকুরিচ্যুত বা হয়রানি বন্ধ করা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সভাপতি নির্মল সরকার, সহসভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, সহসাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান, অর্থ সম্পাদক এস এম তানভীর জামান, সাংগঠনিক সম্পাদক গাফ্ফার সরকার, দফতর সম্পাদক শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফুর্তি বর্মন, কার্যকরী কমিটির সদস্য শামিমউল আলম প্রমুখ।
শেয়ারনিউজ/আনিস/ডব্লিউএন/২০০৫ঘ. - See more at: Click This Link#sthash.OXzIPiap.dpuf
©somewhere in net ltd.