নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে । চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই ।

সাব্বির আহমেদ সাকিল

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা ম্যাডাম শ্যাম্পু করা খোলা চুলে প্রথম ক্লাস নিতে আসবেন । আলেয়া ম্যাডাম দিস্তার পর দিস্তা শূন্যস্থান, শু-অ লিখে নেবেন । আইয়ুব স্যার পেটে আর আঙ্গুলের মধ্যে কলম দিয়ে মোচড় দেবেন । হেডমাস্টার মান্নান স্যার কর্কশভাবে আমাদের ধমক দেবেন । স্কুল ছুটি হলেও মোসাদ্দিকা ম্যাডাম আমাদের সবার পড়া ধরা শেষ করে ছুটি দেবেন ।

মা হলুদ দিয়ে সেদ্ধ ডিম লাল লাল করে ভেজে দেবে সাথে থাকবে চিকন করে কাটা আলু ভাজা । সন্ধ্যেবেলায় আব্বার কলিংবেলের শব্দ শুনেই ভয়ে আমরা বই নিয়ে বসবো । সকালবেলা বিছানায় পড়তে বসা নিয়ে আব্বার সাথে কতদিন ধুমধুমার কাণ্ড ঘটে যাবে । তবুও আমি জোর করেই বিছানায় টুপতে টুপতে ঢলে পড়বো ।

এশারের দিকে আব্বা কখনও-সখনও আমাদের পাশে এসে বসবেন, দেখতে যে আমরা সব পড়া পড়েছি কি-না । আব্বা স্বল্প অক্ষরসম্পন্ন মানুষ । তবুও তিনি পছন্দ করতেন আমরা যেন জোরে জোরে পড়ি ।

আমাদের পাড়াতে সবচেয়ে উচ্চস্বরে পড়তো সাদিয়া । আমার ব্যাচমেট ছিল । ওঁর এমন পড়ার শব্দে এলাকায় বেশ নাম ডাক ছিল । সবাই বলতো উমুকের মেয়ে কি সুন্দর করে পড়ে । আরেকটা বড় দিক হলো এলাকার সবচেয়ে ভালো মেয়ে হিসেবে সমাদৃত ছিল সাদিয়া আর তাঁর জ্যেঠাত বোন আতিয়ার ।

যেদিন স্কুলে স্যারদের মিটিং থাকবে, সেদিন আমাদের আর কোনো ক্লাস থাকবে না । সেদিন আমি মোস্তফাদের বাড়িতে যাবো । করতোয়া নদীর ওপরে ওঁদের বাড়ি । দুপুরে নদীতে নেমে সাঁতার কাটবো । গোসল শেষে মোস্তফার মা ছনের মাদুরে ভাত খেতে দেবেন । ছাচি/জাংলার লাউ দিয়ে ডিমের ঝোল । আমি তৃপ্তি করে ভাত খাবো ।

চাচি বলবেন, আরেকটু দিই? আমি বলবো না থাক আজকে আর না, অন্যদিন এসে খাবো । সেই অন্যদিন আর কখনও হয়ে উঠবে না । এই পৃথিবীতে আনন্দগুলো খুবই ক্ষণস্থায়ী বলেই হয়তো!

টিফিন পিরিয়ডে বাঁশঝাড়ের মধ্যে যাবো । নাদিমদের বাড়ির পেছনে পিতরাজের গাছের ডালে লুঙ্গির মধ্যে কিছু একটা টোপলা করে বাঁধা আছে । আমরা ওই গাছে উঠে দেখবো আসলে সেটাতে কি আছে, কারোর লাশ কি নাকি কারোর দেহের খণ্ডিত অংশ?

বাদলদের বাড়িতে প্রতিদিন ডিভিডিতে শরীফ উদ্দিনের গান বাজে । হাকিম ভাই খুব গানপ্রেমী মানুষ । উনি বেশিরভাগ সময় ‘ও বন্ধু লাল গোলাপি’ গান শোনেন । আমরা সেই গোলাপিকে দেখার জন্য পুকুরের পাড় দিয়ে তাঁদের বাড়ির ওদিকে যেতাম ।

গ্রাম পুলিশ একু বাটার বাড়িতে যাবো । উনি কি এখনও রেগুলার গাঁজা টানেন । একটা মানুষের জীবন এতটা গাঁজানির্ভর হলো কেন । উনার পাশে বসে উনার সাথে গল্প করবো । বিশালদেহী একু কাকারে দেখে অনেকেই ভয় পেত । ভরাট কন্ঠে কথা বলতেন তিনি।

আরও অনেককিছুই করবো হয়তো । আমি মনভোলা মানুষ । প্রাইমারির অনেক স্মৃতিই আমার মাথা থেকে মুছে গেছে । সেসব স্মৃতি উদ্ধার করার জন্য ইমরানের সাহায্য নিতে হবে । আমি ক্লাসের ফার্স্ট বয় অথচ আমার চাইতে ওঁদের মস্তিষ্ক কত শার্প, কত স্মৃতি ধরে রাখতে পারে ।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) গ্লোবাল হেলথ এস্টিমেটস অক্টোবর ২০২৬-এ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৭ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১.১ বছরের কথা বলেছে । আমার বর্তমান বয়স উনত্রিশের কাছাকাছি । আমার দাদা পঞ্চাশ ক্রস করতে পারেননি । আব্বার বয়স পঁয়তাল্লিশের আশেপাশে ।

আমি জানি না কেনো এতদিন পর এতগুলো কথা লিখলাম । কিসের জন্য লিখলাম । স্যরি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা সবাই আবার শিশু হয়ে যাই
সব পাপ মুছে যাবে, এবং আমরা
আবার নিষ্পাপ হয়ে , মানবতার সেবায় অংশগ্রহন করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.