নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

নিস্প্রভ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৬



জীবন তোমাকে দেখার জন্য পৃথিবীটাকে গুছিয়েছিল,
তুমি কেবল চোখ তুলে দেখেছিলে তার অগোছালো দিন।
জীবন রোজ খালি রাস্তা পেরিয়ে আসতো তোমার ডাক শুনবে বলে,
তুমি ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থেকে তাকে একা করে দিতে।

জীবন জন্মদিনের সংখ্যা গুনে রেখেছিল বুকের ভাঁজে,
তুমি এমনভাবে দূরে সরিয়ে দিলে
মৃত্যু দিনের সংখ্যায় ঢেকে গেলো সেসব উদযাপন।

এলাচি চায়ের কাপে ডুবিয়ে রেখেছিল তোমার নাম,
ধোঁয়ার ভিতর খুঁজেছে কত আহারে বোকা জীবন,
তুমি ঠোঁট ছুঁইয়ে চা পান করেছো ভাবলেশহীন
উষ্ণতা বোঝোনি।

জীবন ক্ষুধার মতো অপেক্ষা করেছে তোমার সময়ের জন্য,
তুমি ব্যস্ততার সাগরে ভাসতে ভাসতে তীরে ভিড়োনি কোনোদিন।
জীবন নিঃস্ব বিকেলগুলো বিক্রি করে তোমার জন্য কিনেছিল দু’মুঠো কথা,
তুমি কেবল প্রয়োজনীয় শব্দ সাজিয়ে ব্যর্থ সংলাপ শেষ করেছ তাড়াতাড়ি।

জীবন নিস্প্রভ রাতগুলোয় জানালার পাশে দাঁড়িয়ে
তোমার আলো জ্বলা ঘরটাকে ভেবেছে মহাকাল,
তুমি পর্দা টেনে শিখিয়েছ অপেক্ষারও একসময় মৃত্যু হয়।

জীবন তোমার সাগরের ঢেউয়ে লিখেছিল নাম,
তুমি জোয়ারের মতো এসে মুছে দিয়ে গেছ বার বার।

জীবন প্রতিদিন রোজ নিজের ভিতর তোমাকে বাঁচিয়ে রেখে, পেয়েছে নিঃস্ব দিন,
এখনো বালুচরে পড়ে আছে অব্যবহৃত দুমুঠো বিকেল।

জীবনের নিস্প্রভ সন্ধ্যাগুলো জানে তারাগুলোয় আর আগের মতো উজ্জ্বলতা নেই,
তবু সে অব্যবহৃত সময়গুলো আঁকড়ে ধরে বসে থাকে বালুচরে।
সকল অপেক্ষারও একটা সময় থাকে,
আর সেই সময়টাও একদিন নিঃশব্দে শেষ হয়ে যায়।

ছবিঃনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.