নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এই যে জীবন

২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসাই, তারপর হঠাৎ মনে পড়ে, একটা সময় এই সাধারণ সকালগুলোর মধ্যেও অনেক ব্যস্ততা থাকতো স্বপ্ন থাকতো মনের জোর থাকতো। এখনো থাকে, তবে আগের মতো না।

শহরটা আগের মতোই ব্যস্ত থাকে। রাস্তার মোড়ে প্রেমিক-প্রেমিকারা দাঁড়িয়ে কথা বলে, কেউ ফোনে হাসে, কেউ কফির দোকানে বসে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে। বাচ্চা সাথে নিয়ে গার্ডিয়ানরা স্কুলে যায়, রাস্তায় রাস্তায় ব্যস্ততা সকলের, তাদের দেখলে মাঝে মাঝে মনে হয়, পৃথিবী কারও জন্য থেমে থাকে না, প্রেমও না। একজনের গল্প শেষ হলে আরেকজনের শুরু হয়ে যায়।

আমি এখনো ছোট ছোট বিষয়ে বিরক্ত হই। রিক্সাওয়ালা কিংবা তরকারিওয়ালা দশ টাকা বেশি নিলে তর্ক করি, দোকানদার ফেরত কম দিলে সঙ্গে সঙ্গে ধরে ফেলি। জীবনকে খুব হিসাব করে চালাই এখন, আমি নিজেও আগের আমি নেই কিছু জায়গায় অদ্ভুত রকম এলোমেলো হয়ে গেছি। হঠাৎ চেনা পারফিউমের গন্ধে পরিচিত কারো কথা মনে পড়ে যায়।

প্রেম শেষ হয়ে গেলে মানুষ ভাবে সব অনুভূতিও শেষ হয়ে যাবে একদিন। আসলে তা হয় না। কিছু অনুভূতি খুব সাধারণ জিনিসের ভিতরে লুকিয়ে থাকে। এক কাপ কফি, সন্ধ্যার নরম আলো, কিংবা একা বসে থাকা কোনো টেবিলের পাশে, পুরানো কোন এক বিখ্যাত লেখকের উপন্যাসে। তখন মনে হয়, জীবন নিয়ে এখন বড় কোনো দাবি নেই।
শুধু বুঝে গেছি, শেষ পর্যন্ত কোন‌‌ মানুষই জীবনে স্থায়ী ভাবে থাকতে পারে না। কেউ কেউ জীবনে কিছুদিন খুব প্রিয় হয়ে থাকে, তারপর দূরে হারিয়ে যায়, কিন্তু জীবনে তাদের জন্য তৈরি হওয়া ছোট ছোট শূন্যতাগুলো চিরস্থায়ীভাবে থেকে যায়। আর সেই শূন্যতার সঙ্গেই একসময় মানুষ খুব স্বাভাবিকভাবে বাঁচতে শিখে যায়।


ছবিঃ নিজের তোলা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনবদ্য লিখনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.