| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাজিদ শুভ
অসাধারণের মাঝে অতি সাধারণ একজন
আমি একজন সঞ্চয়ী মানুষ।
ফেলতে পারি না। না মানুষ, না মুহূর্ত।
───
রাত্রে ঘুম আসে না। ঘুমের বদলে চোখে জায়গা কইরা নেয় একাকীত্ব আর বিষাদ। ড্রয়ার খুললে যেমন পুরান জিনিস বাইর হয়, মাথা খুললেও। মাথার ভেতরের ড্রয়ার খুলতে থাকি একটার পর একটা। প্রতিটা ড্রয়ারের দরজার পেছনে একেকটা সময় দাঁড়াইয়া থাকে, হাত বাড়ায়।
আমি জমাইতে থাকি —
ক্লাস টুতে প্রথম সাইকেল চালাইতে শিখছিলাম। পইড়া গেছিলাম, হাঁটু ছিইলা গেছিল, রক্ত বাইর হইছিল; কাঁদিনি। কারণ পাড়ার এক বড় ভাই দেখতেছিল। সেইদিন ব্যথার চেয়ে সম্মান বড় ছিল। দাঁত কামড়াইয়া উইঠা আবার প্যাডেল মারছিলাম। এখন বুঝি, সেইদিন থেইকাই শিখছিলাম কীভাবে ব্যথা লুকাইতে হয়। সেই মিথ্যা সাহসটা জমাই।
শীতের সকালে স্কুলের মাঠে কুয়াশার ভেতর এসেম্বলি হইত। জাতীয় সংগীত গাইতাম না মুখ নাড়তাম শুধু, গাওয়ার অভিনয় করতাম। পাশের বন্ধুও একই কাজ করত। চোখাচোখি হইত, মুখ চাইপা খিলখিল কইরা হাসতাম। কেউ দেখলে হাসি চাইপা রাখতাম দুইজনেই। সেই মুহূর্তে কোনো কথা ছাড়াই দুইজনের যে বোঝাপড়া ছিল, এইটুকুই বন্ধুত্বের জন্য যথেষ্ট ছিল। এইরকম বোঝাপড়া আর মেলে না তাই সেই চাইপা রাখা খিলখিল হাসিটা জমাই।
বিকেলে মাঠে খেলা শেষে বাসায় ফিরতাম যখন আকাশ লাল হয়ে যাইত, মাগরীবের আজান দিতো। মা দরজায় দাঁড়াইয়া থাকত। কিছু বলত না, কোনো প্রশ্ন করত না, শুধু দাঁড়াইয়া থাকত। তখন বুঝতাম না এইটা কী। এখন বুঝি। এইটা ছিল প্রতীক্ষা। নিঃশব্দ, নিঃস্বার্থ প্রতীক্ষা। কেউ একজন শুধু তোমার জন্য অপেক্ষা করতেছে পৃথিবীতে এইটুকুই সবচেয়ে নিরাপদ অনুভূতি। এখন বাসায় ফিরলে দরজায় কেউ থাকে না। সেই দরজায় দাঁড়ানো মানুষটাকে জমাই।
ক্লাস সিক্সে প্রথম প্রেমের চিঠি লিখছিলাম। পাঠানো হয়নি। ভাঁজ কইরা জ্যামিতি বক্সের নিচে লুকাইয়া রাখছিলাম। পরে একদিন একা একা খুইলা পড়ছিলাম। হাতের লেখা বিশ্রী, বানান ভুল, কিন্তু অনুভূতিটা একদম পিওর। এখন বুঝি সেই চিঠি আসলে তারে লেখা হয়নি। নিজেরে লেখা হইছিল। প্রথমবার নিজের ভেতরটা দেখার চেষ্টা করছিলাম, নিজের অনুভূতি বোঝার চেষ্টা করছিলাম শুধু ভাষা জানতাম না তখনো। সেই না-পাঠানো চিঠিটা জমাই।
বৃষ্টির দিনে টিফিনের পর স্কুল ছুটির গুজব উঠত। ছুটি আসলে হইত না কোনোদিন, আমরাই ছড়াইতাম। কারণ আমরা বিশ্বাস করতে চাইতাম। ব্যাগ গুছাইয়া গেটের কাছে দাঁড়াইতাম সবাই, বুকের ভেতর একটা আনন্দ নিয়া। শেষে স্যার আইসা আবার ক্লাসে পাঠাইয়া দিত। মাথা নিচু কইরা ক্লাসে ফিরতাম। তবু পরের বৃষ্টিতে আবার বিশ্বাস করতাম। সেই বারবার ঠকেও বিশ্বাস করার ক্ষমতাটা জমাই।
প্রথমবার ঢাকা আসছিলাম একা। বাসে উঠার আগে বাবা হাত মিলাইছিল। জড়াইয়া ধরেনি। আমাদের পরিবারে এইসব হয় না। শুধু হাত মিলাইছিল, একটু বেশিক্ষণ ধইরা রাখছিল। আঙুলগুলা শক্ত ছিল, ছাড়তে চাইতেছিল না। বাস ছাড়ার পর অন্য দিকে মুখ ঘুরায় ছিলাম। কাঁদব না বইলা। বাবাও নিশ্চয়ই ঘুরছিল। দুইজনেই জানতাম। কেউ বলিনি। সেই না-দেখানো চোখের পানি জমাই।
কেউ একদিন বলছিল, যাদের বুকে অনেক কিছু জমে তারা সুন্দর লেখে।
কথাটা শুইনা কষ্ট লাগছিল। কারণ এইভাবে সুন্দর হইতে চাই না।
তবু লিখি। কারণ না লিখলে রাখব কোথায়। বুক তো আর ড্রয়ারের মতো না যে বন্ধ কইরা রাখা যায় না।
মাঝে মাঝে এই স্মৃতিগুলা বের করি। ধরি। দেখি।
তখন টের পাই, ছোটবেলার আমি আর এখনকার আমি আসলে একই মানুষ। শুধু একজনের হাঁটু ছিইলা গেলে কাঁদত না লোকলজ্জায়, আরেকজন কাঁদে না অভ্যাসে।
দুইজনেই চাইপা রাখে। দুইজনেই জমায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেইদিন থেইকাই শিখছিলাম কীভাবে ব্যথা লুকাইতে হয়।
.....................................................................................
লুকানো স্বভাব বাদ দিন,
বাঘের মতো গর্জে উঠুন, দেখবেন অন্য একটি
জগত সামনে এসে পড়েছে ।