নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার শব্দগুলোর উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস

আমি সানজিদা , আলোতে আমার অস্তিত্ব

আলোর পরী

লিখে যেতে চাই আত্মতৃপ্তির জন্য এক সাহসি কলম হাতে

আলোর পরী › বিস্তারিত পোস্টঃ

যাত্রা

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১





অনেকক্ষণ টানা ভ্রমণের পর মহাজাগতিক হলঘরটায় পৌঁছলাম । অনেকক্ষণ সময়টা কতক্ষণ সেটা হিসেব করে বলতে পারব না । সময়টা কয়েক ঘণ্টা , দিন বা মাস ও হতে পারে ।



সে এক অন্য রকম যাত্রা , আমি যেন তুচ্ছ , অতি নগণ্য এক বালুকণা , এক বিশাল , হ্যাঁ অতি বিশাল নিকষ কালো অন্ধকারের মধ্যে ছুটে চলছি । আমার গতিটা ছিল অবিশ্বাস্য । পৃথিবীর কোন জেট বিমান বা রকেট কোন কিছুর সাথে এর তুলনাই চলবে না । আর অমন অন্ধকারও পৃথিবীর কেউ দেখেনি কোনদিন ।



অন্ধকারে , প্রচণ্ড গতির সেই যাত্রা একসময় শেষ হল ।



- আর আপনার কেমন লাগছিল ? সোজাসুজি বা দিকে দাঁড়ানো লোকটা আমায় জিগ্যেস করল । মেরুদণ্ডে আঘাত জনিত কোন কারণে তার মৃত্যু হয়েছে ,পিঠে বিকৃত একটা ভাঁজ নিয়ে সে দাঁড়িয়ে আছে ।

- হুম , অনুভূতি কেমন তা তখন ই বলা যায় যখন পরিপার্শ্বের সাপেক্ষে আপনি কোন একটা কিছু আপনি অনুভব করেন । নিকষ কালো অন্ধকারে , অন্ধকার ছাড়া অন্য কিছু অনুভব করা কঠিন । তবে কারও যদি দু কানে জল ঢোকার পরের সেই ভারসম্যহীন অভিজ্ঞতাটা মনে থাকে তাহলে আমারটাও বোঝা সহজ হবে ।



-

- কিন্তু জানেন , আমার ভ্রমণটা ছিল ঠিক আপনার উল্টো । খর্বাকৃতির গড়নের একজন বলল যার শরীরটা সম্পূর্ণ ঝলসানো ।

- আপনি কি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন ?



- হুম আমি চীনের ফুজিয়ান ফুজিয়ান প্রদেশে একটা খনিতে কাজ করতাম , খনিতে আগুন লেগে আমার মৃত্যু হয় । কিন্তু জানেন আমার ভ্রমণটা ছিল খুব আলোময় ।

- আলোকময় ! আপনিতো অনেক ভাগ্যবান , তাহলে তো আপনার যাত্রাটা বেশ উপভোগ্য ছিল !

- হ্যাঁ তা বৈকি , সূর্যকে আপনার চোখের তিনহাত দূরে রাখলে আপনার যেমন আনন্দ হবে তেমন ।

- কি বলেন মশাই ! আমাদের পাশের স্ফীত পেটের মহিলা ককিয়ে উঠলেন । পেটটা আড়াআড়ি ভাবে চেরা , সন্তান হতে গিয়ে মারা গিয়েছেন ইনি ।



- খর্বাকৃতির চীনা লোকটি বলে চলল ,

চারপাশে এত আলো , সাদা রঙের তীক্ষ্ণ আলো , মনে হয় শয়ে শয়ে সূর্য একত্রে রেখে দিয়েছে কেউ , আর তাদের আলো যেন লক্ষ বিদ্যুৎ চমক , এমনকি আমার বন্ধ চোখের পাতার উপর দিয়ে মাথার মধ্যে গিয়ে মাথাটাকে ভোতা করে দিচ্ছিল ।



- আর আপনি ? আপনাকে ত দেখে ফ্রান্সের মনে হচ্ছে, আর আপনার সন্তানটিই বা কোথায় ?

- না আমি ইতালিয়ান , সিসিলি দ্বীপে থাকতাম । আমার স্বামীর ইচ্ছে ছিল ঘর ভর্তি বাচ্চা । পাঁচটি সন্তানের জন্মও দিয়েছি আমি । ষষ্ঠটি হতে গিয়েই এ অবস্থা হল আমার । দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি ।



- ষষ্ঠটির জন্য খুব খারাপ লাগছে । বেচারা জানতেই পারবে না , মায়ের চুমু কেমন , আর কেমন ই বা তার কোলের উষ্ণতা ।

জানেন আমি এ ভ্রমণটা করতে চাই নি , উদাসী হয়ে বললেন তিনি ।

একটা রক্তের সাগরে ডুবে যাচ্ছিলাম আমি , সাগর বললে ভুল হবে , সে এক মহাসাগর , এমনকি মাথার উপর যেখানে আকাশ থাকার কথা ছিল সেখানটা ছিল ফাঁকা ।

আমি অনেকক্ষণ সাঁতরেছি, তার পর একসময় ডুবে গেছি , ডুবে ডুবেই শেষ হল নোনতা স্বাদের এক যাত্রা ।

কিন্তু সব বাবা মাই কি আপনার মত হয় ? অনেক দূরে থেকে বলে উঠল সবচেয়ে কম বয়স্ক মৃত ছেলেটি । বড় জোর ১৫ বছর পৃথিবীকে দেখেছে সে ।

মুখটা নীল হয়ে আছে । ওকে সবার থেকে আলাদা করে রাখা হয়েছে । আত্মহত্যা করেছে বলে হয়ত ।



- তুমি বাছা এত অল্প বয়সে এখানে এলে কেন ? দার্শনিকের মত চেহারার উসকোখুসকো চুলের লোকটা বলে উঠলো ।

- আমার বাবা মা বিশেষ করে আমার মা যদি আমার মনটা একবারও বোঝার চেষ্টা করত , তাহলে আর আমাকে বিষ খেতে হত না । ছেলেটা ডুকরে কেঁদে উঠলো ।

- তুমি কি কারো প্রেম এ পড়েছিলে ? পেট কাটা মহিলা জিজ্ঞেস করলেন ।

- না , আমি থাকতাম ভারতের হায়দ্রাবাদে , একটা মোটর বাইকের খুব স্বপ্ন ছিল আমার । প্রথমে অনুনয় বিনয় করে বলেছি , শোনেনি , পরে খাবার বন্ধ করে দিয়েছিলাম বলে বাবা কি মারটাই না মারলেন । আর সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে আসার । দরজা বন্ধ করে বিষ খেয়েছিলাম আমি ।



- আচ্ছা বিষ খাওয়ার পর কেমন লেগেছিল ? দার্শনিকটা জানতে চাইল ।

- মনে করুন একটা ঢালাই মেশিন আপনার পেটের মধ্যে চালিয়ে দেওয়া হলে সেটা যদি আপনার পেটের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢালাই করতে থাকলে কেমন লাগবে আপনার ?

- আর আপনাকে দেখে ত বেশ সুস্থ মনে হচ্ছে , আপনি কিভাবে এলেন ? দার্শনিকটার মত লোকটাকে জিজ্ঞেস করল সে ।



- আমি ? আমার হৃদ-যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল । আমেরিকায় বাস ছিল আমার। সারা জীবনের সঞ্চয় শেয়ার মার্কেটে রাখলাম । একদিন গ্রাফটা গেল নিচে নেমে , তার পর নামতেই থাকলো । আর আমার হতচ্ছাড়া হৃদপিণ্ড টাও আর কাজ করবে না বলে জানান দিল ।

হটাৎ করে আমি যেন রোলার কোস্টারে উঠে গেলাম আর সেই কোস্টার যেন খাড়া আমাকে নিয়ে নিচে নামতেই থাকলো । তীব্র গতি আর পড়ে যাওয়ার ভয় দুইয়ে মিলে সমাপ্ত হল দীর্ঘ যাত্রা ।



- আমারা সবাই ত যাত্রার কথা বললাম আপনি ত একা কিছুই বললেন না , আমি আমাদের মাঝের সবচেয়ে বয়ঃ বৃদ্ধকে জিজ্ঞেস করলাম । ভ্রু ও কানের পক্ক কেশ তার দীর্ঘ বয়সের ইঙ্গিত দিচ্ছিল ।

তিনি শুধু একটু মিচকি হাসলেন । অন্য কোন দিন হয়ত বলা যাবে ।

একটা ঘণ্টাধ্বনির মত শব্দ শুনলাম, আমাদের সবাইকে প্রাথমিক মৃত রেজিট্রেশনের স্তরে নেওয়া হবে , এখানে সব কিছু খুব নিয়ম মেনে হয় ।



আমরা আবার যাত্রা শুরু করলাম । আমাদের আগের জায়গায় নতুন মৃতরা আসতে শুরু করলো । মৃত্যু যাত্রায় তাদের অনুভূতি নিয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ভালো লাগলো +++++++

শুভ সন্ধ্যা :)

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭

আলোর পরী বলেছেন: অপূর্ন ধন্যবাদ , একটু ভিন্ন ধাঁচের লেখা , আমি ত ভেবেছিলাম কেউ পড়বে না । আপনি ত আমায় পূর্ণ করে দিলেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.