| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
ভূমিকা
খতিয়ান অনেকভাবে সংগ্রহ করা যায়। তবে সার্টিফাইড খতিয়ান বা খতিয়ানের জাবেদা নকল উত্তোলনের একমাত্র স্বীকৃত অফিস হল স্ব স্ব ডিসি অফিস তথা স্ব স্ব জেলার জেলা প্রশাসকের কাযালয়। এর বাইরে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা সেটেলমেন্ট অফিসে খতিয়ানের ভলিউম সংরক্ষিত থাকলেও সেগুলো শুধুমাত্র প্রশাসকি কাজে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়, জনসাধারণের জন্য নয়। তবে বিশেষ পরিস্থতিতে মৌখিকভাবে অনুরোধ করে এসব অফিস থেকেও একজন নাগরিক তথ্য নিতে পারে। কিন্তু এসব অফিস খতিয়ানের কোনো কপি সরবরাহ করে না।
সার্টিফাইড খতিয়ান উত্তোলনের নিয়ম
বর্তমানে সকল সার্টিফাইড খতিয়ান অনলাইনে আবেদনপূর্বক উত্তোলন করতে হয়। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি আবেদন করে সার্টিফাইড খতিয়ান বা অনলাইন খতিয়ান উত্তোলন করা যায়। অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট ফি পরিশোধ করে ডাকযোগে বা সরাসরি অফিস থেকে মূল কপি সংগ্রহ করা যায়।
যেসব খতিয়ান অনলাইনে নেই
যেসব খতিয়ান অনলাইনে নেই সেগুলো সাধারণত অর্থ খরচ করে প্রথমে অনলাইন এন্ট্রি করাতে হয়। অনলাইন করার পর যথানিয়মে আবেদন করলে সেগুলোর সার্টিফাইড কপি ও অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।
খতিয়ান ছেঁড়া থাকলে
যদি কোনো খতিয়ান ভলউমে ছেঁড়া থাকে, তবে অনলাইনে আবেদন করে সবসময় এসব খতিয়ানের তথ্য পাওয়া যায় না। সেক্ষেত্রে সরাসরি ডিসি অফিসে আবেদন করে ভলউম ছেঁড়া মর্মে প্রতিবেদন সংগ্রহ করতে পারবেন।
অনলাইন আবেদনের ধাপসমূহ
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে (DLRMS) ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করার পর খতিয়ানের ধরন (যেমন- CS, SA, RS, BS) বাছাই করে খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম দিয়ে অনুসন্ধান করতে হবে। কাঙ্ক্ষিত খতিয়ানটি খুঁজে পেলে 'সার্টিফাইড কপি' সিলেক্ট করে ঝুড়িতে যুক্ত করুন। আপনার জাতীয় পরিচয়পত্র (NID), মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করুন। নির্ধারিত সরকারি ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পরিশোধ করুন।
খতিয়ান প্রাপ্তি
অনলাইনে আবেদন ও ফি প্রদানের পর সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে আবেদনকারীর দেওয়া ঠিকানায় ডাকযোগে খতিয়ান পাঠিয়ে দেওয়া হয় অথবা আবেদনের সময় উল্লেখ করা তারিখে সরাসরি উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুমে গিয়ে গ্রহণ করা যায়।
ডিসি অফিস ব্যতীত অন্য কোনো অফিস থেকে খতিয়ান উত্তোলন করা যায় কি না?
ডিসি অফিস ব্যতীত অন্য কোনো অফিস থেকে খতিয়ানের সার্টিফিইড কপি তথা নকল ওঠানো যায় না। তবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC), ডাকঘর (Post Office) এবং ভূমিসেবা কল সেন্টারের সাহায্য নিয়ে খতিয়ানের আবেদন করা যায়। তবে মনে রাখবেন, আইনি কাজের জন্য প্রয়োজনীয় চূড়ান্ত বা সার্টিফাইড কপিটি (সিল ও স্বাক্ষরসহ মূল কাগজ) মূলত জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রেকর্ড রুম থেকেই ইস্যু করা হয়।
সার্টিফাইড খতিয়ানের আইনগত ভিত্তি কী?
সার্টিফাইড খতিয়ান হলো একটি জমির দখল সংক্রান্ত সরকারি ও আইনগতভাবে স্বীকৃত প্রধান দলিল। খতিয়ান বা রেকর্ড অব রাইটস (ROR) কোনো নতুন মালিকানা তৈরি করে না, তবে এটি সরকারের রেকর্ডে কার মালিকানা বা দখল রয়েছে তার প্রাথমিক সত্যতার প্রমাণ (Prima Facie Evidence) হিসেবে কাজ করে। সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief Act)-এর আওতায় জমিতে নিজের দখল বা স্বত্ব প্রমাণ করার জন্য সার্টিফাইড খতিয়ান সবচেয়ে বড় ঢাল। দেশের প্রচলিত সাক্ষ্য আইন (Evidence Act) এবং ভূমি আইন অনুযায়ী এর রয়েছে শক্তিশালী আইনি ভিত্তি। সাক্ষ্য আইন, ১৮৭২ (Evidence Act, 1872)-এর ৭৪ ধারা অনুযায়ী, খতিয়ান বা পর্চা হলো একটি 'পাবলিক ডকুমেন্ট' বা সরকারি দলিল। এই আইনের ৭৭ ধারা মোতাবেক, যেকোনো পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি (Certified Copy) আদালতে মূল দলিলের বিকল্প হিসেবে সরাসরি গ্রহণযোগ্য এবং এটি একটি প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence) হিসেবে বিবেচিত হয়।
লেখক: সরওয়ার নিজামী
অ্যাডভোকেট, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
ট্যাক্স, ভ্যাট এন্ড কাস্টমস ল’ কনসালট্যান্ট
আইনগ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ প্রণেতা
যোগাযোগের ঠিকানা: লেক্সলেইন চেম্বারস, ফ্ল্যাট নং- ২বি, প্রপার্টি প্যারাগন
১১৬ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০। মোবাইল- ০১৮১৫ ৮১৯২৩৯।


©somewhere in net ltd.