| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনলিপি
১৮/০৩/২০২৬
— ইয়া রাব্ব; জীবনে যা কিছু আপনার নিকট চেয়েছি তা হয়তো আমার জন্য উত্তম নয়, কল্যাণজনক নয়। তাই তো আপনি আমাকে তা দেননি। এখন আর চাওয়ার মত তেমন কিছু নেই। আপনি উত্তম পরিকল্পনাকারী বলে সবকিছু আপনার নিকট সমর্পণ করেছি। এখন শুধু এতটুকুই চাই - দ্বিধাগ্রস্ত মানসিক চাপ থেকে আমাকে মুক্ত করে দিন। কিছুটা মানসিক শান্তি ও মন ভরে নিশ্বাস নিতে চাই। আপনি মহান দয়ালু- এতটুকু দয়া আপনি আমাকে করতেই পারেন।
— ভেবে দেখলাম আমার জীবনে যেসকল অপ্রাপ্তি রয়েছে, তার কারণ টা আমি নিজেই। ভুলটা যে ঠিক কোথায় হয় আমি তা বুঝতে পারিনা, শুধু একটা সময়ের পর বুঝি ভুল করেছি। আমি আজীবন সঠিক সিদ্ধান্ত ভুল জায়গায় নিয়েছি, নয়তো সঠিক জায়গায় ভুল সিদ্ধান্ত। সঠিক সময়ে সঠিক কোনো কাজই আমার দ্বারা এযাবৎ পর্যন্ত হয়নি, ভুল টা হয়তো এখানেই। মাঝেমাঝে ভাবি আর ভাববো না; কপালে যা আছে তা-ই তো হবে, কিন্তু আমি এতটাই নিষ্কর্মা যে ভাবনাদের কি করে উপেক্ষা করতে হয় সেটাও জানিনা।
— আমি সেই হাতুড়ি; দুনিয়ার সবচেয়ে হেলাফেলায় পড়ে থাকা ভাঙা হাতুড়ি, যার ব্যবহার হয়েছে দামী দামী সকল দালানকোঠায়। যাকে রড–সিমেন্টের সাথে ঠোকর খেতে খেতে ক্ষয়ে যেতে হয়েছে। একটা সময়ের পর যে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। শত যন্ত্রপাতির নিচে যে চাপা পড়েছিলো। ভাঙারি এসে ডাক দিয়ে যাকে খুব সীমিত মূল্যে ক্রয় করেছে। সেই হাতুড়ি তখনও ঠিকানাহীন। ভাঙারি থেকে অবহেলায় অনাদরে পড়ে থাকা এমন বস্তুকে ক্রয় করে তুমি জায়গা দিয়েছো নিজের ঘরে। এমন উদারতা কেনো দেখালে তুমি? তোমার এই ঋণ আমি জনমভর চেষ্টা করলেও শোধ করতে পারবো না। ক্ষমতা থাকলে নিজের ক্ষয়ে যাওয়া শেষ অস্তিত্বটুকু দিয়ে হলেও কিছুটা ঋণ চুকিয়ে যেতাম। আমার মতো অপ্রয়োজনীয়; তুচ্ছ একটা মানুষকে তুমি যে করুণা দেখালে, আমার আফসোস হচ্ছে বাকি জীবন ঋণীই থেকে যেতে হবে আমাকে।
আশরাফুল মাহমুদ তাইফ
ঢাকা, বাংলাদেশ।

©somewhere in net ltd.