| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
img|https://s3.amazonaws.com/somewherein/pictures/ali2016/ali2016-1777154549-f4dc7ed_xlarge.jpg]
প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।
বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।
সবুজ ক্ষেতে সোনার ফসলে
স্বপ্ন বোনে প্রাণ
তারই হাতে জেগে ওঠে
আমাদের এই ধান।
গ্রাম-বাংলার চেনা দৃশ্যে
পুরুষ যেন এখনো মুখ্য
মাঠ-মাঠালির বিস্তীর্ণ বুকে
তাঁরই শ্রমের সুখ দু:খ কষ্ট।
কিন্তু ফসল উঠলে ঘরে
দৃশ্য বদলায় ধীরে ধীরে
নীরব শক্তি মমতার রূপ
জেগে ওঠে তখন ফিরে।
কুলা হাতে ধান ঝাড়াতে
উঠোন ভরে ধানের গানে
নারীর হাতে ছন্দ তোলে
সোনালি ধানের প্রাণে।
ধান শুকানো, সিদ্ধ করা
আবার রৌদ্রে তা শুকায়
ঢেকির পাড়ে তাল মিলিয়ে
পরিশ্রমের সুরটি যেন গায় ।
সাদা চালের দানা হয়ে
যখন হাসে ঘামঝড়া শস্য
উনুন জ্বেলে ভাতের গন্ধে
ভরে ওঠে কিষানের গৃহ।
পাতে ভাতের শুভ্র ঢেউয়ে
বউ ঝি মায়ের স্নেহ ঝরে
বাংলার কৃষি বাংলার প্রাণ
যেন নারীর হাতেই গড়ে।
তাই তো বলি কৃষকের ছবি
শুধু কি পুরুষ মানে?
বাংলার নারী শ্রমের রানী
আছেন সমান টানে।
মাঠের ফসল, ঘরের অন্ন
জীবন যাত্রার সকল ভার
পুরুষ-নারীর মিলিত ঘামে
সমৃদ্ধি আনে সোনার বাংলায়।
পোষ্টটি এই মেহনতি কিশান কিষানীদেরকে নিবেদিত করে লেখা হল শুরু ।
পোস্টটি নিন্ম লিখিত মোট ৪টি পর্বে গঠিত ।
পর্ব ১: বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও কাঠামোগত সংকট
পর্ব ২: কৃষি উন্নয়নে আন্তর্জাতিক শিক্ষণীয় উদাহরণ
পর্ব ৩: প্রযুক্তি আহরণের কূটনৈতিক ও কৌশলগত পথ এবং বাংলাদেশ কৃষি আধুনিকায়ন ২০৩৫ ভিশন কাঠামো
পর্ব ৪ : বাংলাদেশ কৃষি আধুনিকায়ন ২০৩৫ রোডম্যাপ: কৌশলগত স্তম্ভ, অর্থায়ন, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক প্রভাব ও উপসংহার।
পর্ব ১ : বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও কাঠামোগত সংকট
আমরা সকলেই জানি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষিখাত। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পখাতের কাঁচামাল সরবরাহ এবং সামগ্রিক আর্থসামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কৃষির ভূমিকা অপরিসীম। স্বাধীনতার পর খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে একটি উল্লেখযোগ্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। ধান, সবজি, মাছ, ফল, হাঁস-মুরগি ও দুগ্ধ উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি দেশের খাদ্যনিরাপত্তার ভিত্তিকে শক্তিশালী করেছে এবং কৃষকের শ্রম, উদ্ভাবনী ক্ষমতা ও অভিযোজনশীলতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
কিন্তু এই অর্জনের পরও একটি মৌলিক বাস্তবতা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশ এখনো কৃষিখাতকে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক, প্রযুক্তিনির্ভর, টেকসই এবং বৈশ্বিক বাজারসংযুক্ত শিল্পখাতে রূপান্তর করতে পারেনি। কৃষির বর্তমান কাঠামো এখনো অনেকাংশে জীবিকানির্ভর, খণ্ডিত জমিভিত্তিক এবং প্রথাগত উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভরশীল। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন, বৈজ্ঞানিক সংরক্ষণ ব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন বিপণন নেটওয়ার্ক এবং রপ্তানিমুখী মূল্যশৃঙ্খল এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত রূপান্তর এখনো ঘটেনি।
এই সীমাবদ্ধতার পেছনে একাধিক কাঠামোগত কারণ রয়েছে। প্রশাসনিক জটিলতা, সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতি, কৃষি ঋণ ও প্রণোদনা বিতরণে বৈষম্য, কৃষিপণ্যের বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটভিত্তিক গোষ্ঠীর আধিপত্য, কৃষিপণ্য সংরক্ষণ ও কোল্ড-চেইন ব্যবস্থার ঘাটতি, ফসল-পরবর্তী অপচয়, গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতা, এসব সমস্যা কৃষির সামগ্রিক অগ্রগতিকে সীমিত করে রেখেছে। ফলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন, কৃষিতে নতুন বিনিয়োগের আগ্রহ কমে যায়, এবং কৃষিকে একটি লাভজনক উদ্যোক্তা খাত হিসেবে গড়ে তোলার পথ বাধাগ্রস্ত হয়।
এ প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষিকে একটি নতুন উন্নয়ন দর্শনের আওতায় পুনর্গঠন করা সময়ের দাবি। এই নীতিপত্রের মূল লক্ষ্য হলো কৃষিকে কেবল খাদ্য উৎপাদনের খাত হিসেবে নয়, বরং উচ্চমূল্যের, প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল, রপ্তানিমুখী এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা।
এই রূপান্তরের জন্য প্রয়োজন হবে প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণ, কৃষি প্রযুক্তির আধুনিকায়ন, স্মার্ট সেচ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষিপণ্যের কোল্ড-চেইন ও সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারিত্বের মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তি আহরণ, এবং সর্বোপরি কৃষককে ভর্তুকি নির্ভর উৎপাদক থেকে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তায় রূপান্তর করা।
এই পেস্টে বর্ণিত নীতিপত্রে বাংলাদেশের কৃষির বর্তমান বাস্তবতা, কাঠামোগত সংকট, আন্তর্জাতিক সফল মডেল থেকে শিক্ষণীয় বিষয়, প্রযুক্তি আহরণের কৌশলগত পথ, দশ বছর মেয়াদী তথা ২০৩৫ সালের ভিশন, বাস্তবায়নযোগ্য কৌশলগত স্তম্ভ, অর্থায়ন কাঠামো এবং প্রত্যাশিত অর্থনৈতিক প্রভাব সমন্বিতভাবে বিশ্লেষণ করা হয়েছে।
এর কেন্দ্রীয় দর্শন একটিই “বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় শক্তি কেবল উর্বর জমি নয়; মানুষের শ্রম, প্রাকৃতিক বৈচিত্র্য, অভিযোজনশীলতা এবং সঠিক নীতিগত দিকনির্দেশনা।”
যদি সুশাসন, প্রযুক্তি, বাজার সংস্কার, আন্তর্জাতিক সহযোগিতা এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে কাজ করে, তবে ২০৩৫ সালের মধ্যে কৃষি বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
২. বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা ও কাঠামোগত সংকট
১.১ কৃষিখাতের অর্জন ও জাতীয় অর্থনীতিতে অবদান
বাংলাদেশের কৃষি কেবল একটি উৎপাদন খাত নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর একটি মৌলিক স্তম্ভ। জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ, শিল্পখাতের কাঁচামাল সরবরাহ এবং অভ্যন্তরীণ বাজারে ভোক্তা চাহিদা পূরণ সব ক্ষেত্রেই কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের কৃষি খাতের বাস্তব উপাত্ত ( উৎস: BBS (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো), DAE, FAO, World Bank, IFPRI প্রতিবেদনসমূহ)
১. জাতীয় অর্থনীতিতে কৃশির অবদান
কৃষি খাত বাংলাদেশের মোট GDP-এর প্রায় ১১%–১২% অবদান রাখে (সাম্প্রতিক গড় অনুমান)
চার্ট ১ : জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান
মোট কর্মসংস্থানের প্রায় ৩৭%–৪০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল
চার্ট ২ : Employment share
গ্রামীণ জনগোষ্ঠীর বড় অংশ কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে যুক্ত । অর্থনৈতিক বাস্তবতায় বলা যায় কৃষি এখনো দেশের সবচেয়ে বড় রুরাল এমপ্লয়মেন্ট জেনারেটর খাত।
২. জমি ও উৎপাদন কাঠামো
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমি: প্রায় ৮.৩–৮.৫ মিলিয়ন হেক্টর
কৃষিজমি গড় আকার: ০.৩–০.৬ হেক্টর (খণ্ডিত ক্ষুদ্র জমি)
বছরে একাধিক ফসল চাষের হার: প্রায় ১৯০%–২০০% (cropping intensity)
অল্প জমিতে উচ্চমাত্রার উৎপাদন হলেও, scale economy নেই যা বাণিজ্যিক কৃষির প্রধান বাধা।
৩. প্রধান ফসল উৎপাদন (আনুমানিক বার্ষিক গড়)
ধান
মোট উৎপাদন: প্রায় ৩.৮–৪.০ কোটি মেট্রিক টন
বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ ধান উৎপাদনকারী দেশ
সবজি
মোট উৎপাদন: প্রায় ১.২–১.৫ কোটি মেট্রিক টন
মাথাপিছু সবজি গ্রহণ বৃদ্ধি পেলেও post-harvest loss এখনো বড় সমস্যা
আলু
উৎপাদন: প্রায় ১.০–১.১ কোটি মেট্রিক টন
উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ
মাছ
মোট উৎপাদন: প্রায় ৪৫–৫০ লাখ মেট্রিক টন
বাংলাদেশ বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষস্থানীয়
ফলমূল
মোট উৎপাদন: প্রায় ১ কোটি মেট্রিক টন-এর কাছাকাছি
আম, কাঁঠাল, কলা, পেয়ারা প্রধান
চার্ট ৩: Production Index
৪. সেচ ও পানি ব্যবস্থাপনা
মোট কৃষিজমির প্রায় ৭৫%–৮০% সেচনির্ভর
সেচের বড় অংশ আসে: ভূগর্ভস্থ পানি (groundwater) , অগভীর টিউবওয়েল , ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা: প্রায় ৭০%+ সেচে
চার্ট ৪ : irrigation sources
ঝুঁকি হল পানির স্তর হ্রাস , উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি
৫. কৃষি শ্রম ও জনশক্তি
কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি: প্রায় ৩ কোটিরো মানুষ (আনুমানিক)
গ্রামীণ নারী শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ কৃষিতে যুক্ত,কৃষি এখনো মূলত manual labour intensive sector
কৃষিপণ্যের বাজার ও মূল্য কাঠামো
কৃষকের উৎপাদনমূল্য ও ভোক্তা মূল্যের ব্যবধান: ২ থেকে ৫ গুণ পর্যন্ত
মধ্যস্বত্বভোগী ও আড়তদার চেইন এখনো প্রধান নিয়ন্ত্রক
সংগঠিত “cold chain economy” এখনো সীমিত
ফসল-পরবর্তী ক্ষতি (Post-Harvest Loss)
FAO ও বিভিন্ন গবেষণার গড় অনুযায়ী শাকসবজি ও ফলমূল: ২০%–৩০% পর্যন্ত ক্ষতি এবং আন্যান্য ফসলের মধ্যে
ধান ও শস্য: ১০%– ১৫% ক্ষতি হয় প্রতি বছর ।
চার্ট ৫ : ফসল-পরবর্তী ক্ষতি
ফসল -পরবর্তী ক্ষতির প্রধান কারণ হিসাবে বলা হয় সংরক্ষণ ঘাটতি , পরিবহন অদক্ষতা ও সুষ্প্রঠু ক্রিয়াজাতকরণ অভাব ।
৮. কৃষি অবকাঠামো ও প্রযুক্তি ব্যবহার
মুলদ শারিরিক পরিশ্রমে হালের লাংগল জোয়াল মই , নিরানী , দা কুড়াল কাস্তে , ড্রামে পিটিয়ে ধান মারাই , তবে
যান্ত্রিকীকরণ (tractor, power tiller) দ্রুত বৃদ্ধি পেলেও এখনো অসম ।
ড্রিপ ইরিগেশন ব্যবহার: খুব সীমিত
গ্রিনহাউস/CEA কৃষি একেবারে প্রাথমিক পর্যায়ে
কৃষি ডিজিটালাইজেশন: আংশিক (pilot-based) ।
৯. কৃষি ঋণ ও অর্থায়ন
মোট কৃষি ঋণ প্রবাহ: বছরে প্রায় ২৫,০০০–৩০,০০০ কোটি টাকা (আনুমানিক)
ক্ষুদ্র কৃষকের বড় অংশ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং সিস্টেমের বাইরে ।
১০. জলবায়ু ঝুঁকি ও কৃষি
প্রতি বছর বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততায় কৃষি ক্ষতি , উপকূলীয় অঞ্চলের প্রায় ২০% কৃষিজমি লবণাক্ততার ঝুঁকিতে
জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদনশীলতা দীর্ঘমেয়াদে চাপের মধ্যে ।
এই তথ্য উপাত্ত থেকে স্পষ্টভাবে দেখা যায়:বাংলাদেশ কৃষির শক্তি মুলত উর্বর জমি , উচ্চ উৎপাদন ঘনত্ব , মানবসম্পদ
বৈচিত্র্যময় ফসল ।
বাংলাদেশ কৃষির দুর্বলতার মধ্যে অন্যতম হল প্রযুক্তি কম , বাজার অকার্যকর , সংরক্ষণ দুর্বল , পানিনির্ভরতা ঝুঁকিপূর্ণ ,value chain ভাঙা
চূড়ান্ত নীতিগত বার্তা হলো বাংলাদেশ কৃষির সমস্যা উৎপাদনের নয় বরং value creation, technology integration এবং market efficiency এর ঘাটতি।
গত কয়েক দশকে বাংলাদেশ ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একইসঙ্গে শাকসবজি, ফলমূল, মাছ, পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদনেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। উন্নত জাতের বীজ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষিযান্ত্রিকীকরণ, কৃষি সম্প্রসারণ সেবা এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কিন্তু কৃষির এই সাফল্য এখনো মূলত উৎপাদন-কেন্দ্রিক, মূল্য সংযোজন-কেন্দ্রিক নয়। অর্থাৎ আমরা বেশি উৎপাদন করছি, কিন্তু উৎপাদিত পণ্যের সর্বোচ্চ অর্থনৈতিক মূল্য আহরণে পিছিয়ে আছি। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে আমাদের সক্ষমতা এখনো সীমিত।
ফলে কৃষক উৎপাদন করেন, কিন্তু উৎপাদনের প্রকৃত অর্থনৈতিক সুফল অনেকাংশে অন্য স্তরে চলে যায়। এই বাস্তবতা পরিবর্তন না করলে কৃষিকে জাতীয় অর্থনীতির একটি উচ্চমূল্যের শিল্পখাতে উন্নীত করা সম্ভব হবে না।
১.২ কৃষির প্রধান কাঠামোগত সংকট
বাংলাদেশের কৃষির সামনে বর্তমানে কয়েকটি মৌলিক কাঠামোগত চ্যালেঞ্জ বিদ্যমান, যা সমাধান না করলে কৃষির আধুনিকায়ন কেবল নীতিপত্রের ভাষায় সীমাবদ্ধ থেকে যাবে।
১.২.১ ক্ষুদ্র ও খণ্ডিত জমির মালিকানা
দেশের অধিকাংশ কৃষিজমি ক্ষুদ্র ও খণ্ডিত আকারে বিভক্ত। এতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, বৃহৎ আকারে বাণিজ্যিক চাষাবাদ, পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা এবং দক্ষ উৎপাদন কাঠামো গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।
১.২.২ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি
অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘমেয়াদি খরা, আকস্মিক বন্যা, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুগত ঝুঁকি কৃষির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে।
১.২.৩ সেচে ভূগর্ভস্থ পানির অতিনির্ভরতা
বাংলাদেশের কৃষি সেচের বড় অংশ ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। ফলে অনেক এলাকায় পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যৎ কৃষির জন্য উদ্বেগজনক।
১.২.৪ কৃষিঋণ ও প্রণোদনা প্রাপ্তিতে বৈষম্য
কাগজে-কলমে অনেক সহায়তা কর্মসূচি থাকলেও বাস্তবে ক্ষুদ্র কৃষক প্রায়শই সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা পেতে জটিলতার মুখে পড়েন।
১.২.৫ বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের আধিপত্য
একজন কৃষক বছরের পর বছর শ্রম, ঘাম ও পুঁজি বিনিয়োগ করে ফসল উৎপাদন করলেও বাজারে গিয়ে প্রায়ই ন্যায্য মূল্য পান না। উৎপাদনস্থলে কম দাম এবং ভোক্তা পর্যায়ে কয়েকগুণ বেশি দামের ব্যবধানের মূল লাভ চলে যায় মধ্যস্বত্বভোগী গোষ্ঠীর হাতে। কৃষক বঞ্চিত হন, ভোক্তা শোষিত হন, বাজারে অস্বচ্ছতা তৈরি হয়।
১.২.৬ ফসল-পরবর্তী অপচয় ও সংরক্ষণ সংকট
পর্যাপ্ত কোল্ড স্টোরেজ, আধুনিক গুদামজাতকরণ, দ্রুত পরিবহন এবং মানসম্মত প্যাকেজিংয়ের অভাবে বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। এতে কৃষকের লোকসান যেমন বাড়ে, তেমনি বাজারে কৃত্রিম সংকটের সুযোগও তৈরি হয়।
১.২.৭ গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তবায়নের দুর্বল সংযোগ
কৃষি গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সেই প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছায় না। গবেষণা, সম্প্রসারণ সেবা ও কৃষকের বাস্তব প্রয়োগ এই তিন স্তরের মধ্যে কার্যকর সমন্বয় এখনো দুর্বল।
১.৩ পরিবর্তনের অনিবার্যতা
এখন আর প্রশ্ন এই নয় যে বাংলাদেশ কৃষিতে উন্নতি করেছে কি না
প্রশ্ন হলো, বাংলাদেশ কি কৃষিকে আগামী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান প্রযুক্তিনির্ভর শিল্পখাতে রূপান্তর করতে প্রস্তুত?
যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে প্রচলিত চিন্তা থেকে বেরিয়ে এসে কৃষিকে নতুন দৃষ্টিতে দেখতে হবে।
কৃষি শুধু ফসল উৎপাদন নয়; কৃষি হলো প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজার সংযোগ, রপ্তানি এবং জাতীয় সম্পদ সৃষ্টির একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা।
২: আন্তর্জাতিক শিক্ষণীয় উদাহরণ অনুসরণ করা যায়
আন্তর্জাতিক শিক্ষণীয় বিষয়াদি বিবেচনায় রেখে প্রযুক্তিনির্ভর কৃষি রূপান্তরের একটি বৈশ্বিক মডেল তুলে ধরা হল ।
বাংলাদেশের কৃষি আধুনিকায়নের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যাদের ভৌগোলিক সীমাবদ্ধতা, পানিসংকট, জলবায়ুগত প্রতিকূলতা এবং সীমিত আবাদযোগ্য জমি থাকা সত্ত্বেও তারা কৃষিকে উচ্চ উৎপাদনশীল, প্রযুক্তিনির্ভর এবং বৈশ্বিক বাজারমুখী শিল্পখাতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। এই দেশগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ইজরাইল। যদিউ জায়নবাদী ইজরাইলের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক নেই এবং কোন দিন ছিলো ওনা তথাপী ইজরাইলের কৃষি বিপ্লব থেকেও বাংলাদেশের জন্য যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে ।
বাংলাদেশের সঙ্গে দেশটির সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও কৃষি প্রযুক্তির ক্ষেত্রে তাদের সাফল্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আন্তর্জাতিক কেস স্টাডি হিসেবে বিবেচ্য। কারণ আধুনিক প্রযুক্তির জগতে জ্ঞান, উদ্ভাবন ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা কোনো একক ভূ-রাজনৈতিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়; বরং বৈশ্বিক গবেষণা, প্রযুক্তি লাইসেন্সিং, তৃতীয়-পক্ষীয় অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক জ্ঞান-বিনিময়ের মাধ্যমে তা বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। সেই দৃষ্টিকোণ থেকে ইজরাইলের কৃষি বিপ্লব বাংলাদেশের জন্য একটি বাস্তবভিত্তিক শিক্ষণীয় মডেল।
ইজরাইলের মোট ভূখণ্ডের একটি বড় অংশ শুষ্ক ও আধা-মরুভূমি অঞ্চল। দেশটি তীব্র পানিসংকট, সীমিত আবাদযোগ্য জমি, উচ্চ তাপমাত্রা এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে কৃষিকে গড়ে তুলেছে। কিন্তু এই সীমাবদ্ধতাগুলোকে তারা প্রতিবন্ধকতা হিসেবে নয়, বরং উদ্ভাবনের প্রেরণা হিসেবে গ্রহণ করেছে। কম জমি, সীমিত পানি, কঠিন আবহাওয়া এবং উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এই চারটি বাস্তবতার সমন্বয়ে তারা কৃষিকে উচ্চমূল্যের বাণিজ্যিক খাতে রূপ দিয়েছে।
এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, মাটি, মৌসুমি বৈচিত্র্য এবং পানির প্রাপ্যতা তুলনামূলকভাবে অনেক বেশি অনুকূল। ফলে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় সঠিক পরিবর্তন আনতে পারলে বাংলাদেশ আরও দ্রুত কৃষি রূপান্তর ঘটাতে সক্ষম হতে পারে।
২.১ সবজি উৎপাদনে প্রযুক্তিগত বিপ্লব: উচ্চ ফলন ও গুণগত মানের সমন্বয়
টমেটো উৎপাদনে যুগান্তকারী সাফল্য
সবজি উৎপাদনের ক্ষেত্রে ইজরাইলের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য টমেটো চাষে। বিশেষ করে গ্রিনহাউস টমেটো ও চেরি টমেটোর বাণিজ্যিক উৎপাদনে দেশটি বৈশ্বিক কৃষি প্রযুক্তিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় Cherry Tomato–এর আধুনিক বাণিজ্যিক জাত উন্নয়নে দেশটির গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাদের সাফল্যের মূল ভিত্তি হলো নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন, সুনির্দিষ্ট সেচ ব্যবস্থাপনা, পুষ্টি ব্যবস্থাপনার বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধী উন্নত জাতের ব্যবহার।
ফলাফল হিসেবে দেখা যায় খোলা মাঠের তুলনায় গ্রিনহাউস প্রযুক্তিতে ফলন দুই থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
উন্নত ব্যবস্থাপনায় প্রতি হেক্টরে ২০০–৩০০ টন পর্যন্ত টমেটো উৎপাদন সম্ভব হয়েছে।
ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে ইজরায়েল ঈর্শনীয় অগ্রগতি অর্জন করেছে
হেকটর প্রতি ৩০০ টন টমেটু উৎপাদন
যেখানে বাংলাদেশে অনেক অঞ্চলে গড় ফলন এখনো ৩০–৭০ টনের মধ্যে সীমাবদ্ধ।
ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে ৩০–৬০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব হয়েছে।
ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে প্রতি হেকটরে ৩০০ টন টমেটু উৎপাদন
এই শিরোনামে একটি সচিত্র বিস্তারিত বিবরণ আমি গত ১৬ জুলাই ২০১৬ সনে সামুতে তুলে ধরেছিলাম ।
শুধু উৎপাদনের পরিমাণ নয়, গুণগত মানেও তাদের সাফল্য বিস্ময়কর। উৎপাদিত টমেটো আকারে সমজাতীয়, দীর্ঘদিন সংরক্ষণযোগ্য, উচ্চ ব্রিক্স মানসম্পন্ন (স্বাদ, মিষ্টতা ও ঘনত্ব বেশি), রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য মান বজায় রাখতে সক্ষম।
এখান থেকে বাংলাদেশের জন্য মূল শিক্ষা হলো একই জমি থেকে বেশি ফলন পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের গুণগত কৃষিপণ্য উৎপাদনই আধুনিক কৃষির প্রকৃত লক্ষ্য হওয়া উচিত।
২.২ নিয়ন্ত্রিত পরিবেশে বহুমুখী সবজি উৎপাদন
ইজরাইল Controlled Environment Agriculture (CEA)–এর মাধ্যমে শসা, ক্যাপসিকাম, বেগুনসহ উচ্চমূল্যের বিভিন্ন সবজি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই পদ্ধতিতে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, পানি এবং পুষ্টি সবকিছু বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত হয়।
ফলে বছরে একাধিক উৎপাদন চক্র সম্ভব হয় , ক্রপিং ইনটেনসিটি বাড়ে , রাসায়নিক সারের ব্যবহার কমে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ে;
বাজারের চাহিদা অনুযায়ী আকার, রঙ, মান ও গুণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়, অপচয় কমে, একই জমি থেকে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বাংলাদেশের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নগর ও শহরতলি অঞ্চলে সীমিত জমিতে উচ্চমূল্যের সবজি উৎপাদনের মাধ্যমে কৃষিকে লাভজনক উদ্যোক্তা খাতে রূপান্তর করা সম্ভব।
২.৩ ফল উৎপাদনে উচ্চমূল্যের বাজার সৃষ্টির কৌশল
ফল উৎপাদনের ক্ষেত্রে ইজরাইল বিশ্বের উল্লেখযোগ্য মানসম্পন্ন অ্যাভোকাডো উৎপাদকদের অন্যতম। অ্যাভোকাডো একটি উচ্চমূল্যের রপ্তানিমুখী কৃষি ফল, কয়েক দশকে দেশটি অ্যাভোকাডোকে একটি উচ্চমূল্যের রপ্তানিমুখী কৃষিপণ্যে পরিণত করেছে। তাদের সাফল্যের কারণ হল উন্নত ফলনশীল জাত, বৈজ্ঞানিক সেচ ব্যবস্থা, পুষ্টি ব্যবস্থাপনার দক্ষতা, মানভিত্তিক গ্রেডিং, ঠান্ডা শৃঙ্খল (Cold Chain) বজায় রেখে বাজারজাতকরণ। ফলে উৎপাদিত ফল উচ্চ তেলমাত্রাসম্পন্ন, দীর্ঘ shelf-life–যুক্ত, দীর্ঘ দূরত্বে পরিবহনযোগ্য, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে বিক্রিযোগ্য।
কমলা লেবু জাতীয় ফলের ব্র্যান্ডভিত্তিক বিপণন
কমলা, মাল্টা ও আঙুরজাতীয় ফল উৎপাদনে তাদের অন্যতম সাফল্য ছিল “Jaffa Orange”–এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড গড়ে তোলা।এই সাফল্যের পেছনে ছিল নির্দিষ্ট মিষ্টতা ও অম্লতার বৈজ্ঞানিক ভারসাম্য, উন্নত প্যাকিং ব্যবস্থা, রোগমুক্ত চারা, মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিং ও বৈশ্বিক বাজার কৌশল।
বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা ও আনারসের ক্ষেত্রেও এ ধরনের ব্র্যান্ডভিত্তিক বাজার কৌশল গ্রহণ করা সম্ভব।
খেজুর: মরুভূমিকে অর্থকরী সম্পদে রূপান্তর
খেজুর উৎপাদনেও দেশটি উচ্চমূল্যের বাজার তৈরি করেছে। বড় আকার, উচ্চ শর্করা, নরম গঠন, উন্নত পুষ্টিমান এবং আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ এই সমন্বয়ে তারা বিশ্ববাজারে premium segment–এ শক্ত অবস্থান তৈরি করেছে।
এখান থেকে বাংলাদেশের শিক্ষা কেবল উৎপাদন নয়; গুণগত মান, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজার অবস্থান নির্ধারণ—এই চারটির সমন্বয়ই কৃষিপণ্যের প্রকৃত অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে।
২.৪ খাদ্যশস্যে প্রযুক্তিনির্ভর দক্ষতা
ইজরাইল গম বা ভুট্টার মতো বৃহৎ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ নয়; বরং অনেক ক্ষেত্রে আমদানিনির্ভর। কারণ দেশটির জমি সীমিত এবং পানি অপ্রতুল। তারা কমমূল্যের বৃহৎ খাদ্যশস্যের বদলে উচ্চমূল্যের কৃষিপণ্যে কৌশলগতভাবে গুরুত্ব দিয়েছে।
তবে যেখানে খাদ্যশস্য উৎপাদন হয়, সেখানে তারা Precision Farming , Soil Sensor Technology , Satellite Monitoring
AI-based Irrigation Scheduling এবং Crop Data Analytics করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে ।
উল্লেখ্য Precision Farming (নির্ভুল কৃষি) হলো প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি পদ্ধতি, যেখানে জমির অবস্থা বিশ্লেষণ করে সঠিক সময়ে, সঠিক স্থানে ও সঠিক পরিমাণে পানি, সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এতে GPS, GIS, সেন্সর, ড্রোন ও স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে খরচ কমে, অপচয় হ্রাস পায়, পরিবেশ রক্ষা হয় এবং ফলন বৃদ্ধি পায়।
Soil Sensor Technology (মাটি সেন্সর প্রযুক্তি) প্রযুক্তির মাধ্যমে মাটির আর্দ্রতা, তাপমাত্রা, pH ও পুষ্টি উপাদান পরিমাপ করা যায়। ফলে সেচ ও সার ব্যবস্থাপনা আরও নির্ভুল হয়, অপচয় কমে এবং উৎপাদন বাড়ে।
Satellite Monitoring (স্যাটেলাইট পর্যবেক্ষণ), স্যাটেলাইটের মাধ্যমে বৃহৎ কৃষিজমি, ফসলের স্বাস্থ্য, আবহাওয়া, রোগ-পোকা ও মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করা যায়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং সময় ও শ্রম সাশ্রয় হয়।
AI-based Irrigation Scheduling তথা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটি, আবহাওয়া ও ফসলের চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেচের সময় ও পরিমাণ নির্ধারণ করা হয়। এতে পানির সাশ্রয় হয়, খরচ কমে এবং ফলন বাড়ে।
Crop Data Analytics (ফসল তথ্য বিশ্লেষণ) প্রয়োগ করে ফসল, মাটি, আবহাওয়া ও রোগবালাই সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে সঠিক কৃষি সিদ্ধান্ত, ঝুঁকি পূর্বাভাস ও ফলনের অনুমান করা যায়। এতে সম্পদের দক্ষ ব্যবহার ও কৃষকের লাভ বৃদ্ধি পায়।
মোট কথা আধুনিক কৃষিতে Precision Farming, Sensor Technology, Satellite Monitoring, AI, Data Analytics একসাথে ব্যবহার করলে কৃষি আরও স্মার্ট, লাভজনক ও টেকসই হয়। ইজরাইল এই গুলি ব্যবহার করে প্রতি ইউনিট জমি, পানি এবং শ্রমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে।
বাংলাদেশের জন্য এখান থেকে শিক্ষা হলো ধান বা গমের উৎপাদন বাড়ানোই একমাত্র লক্ষ্য নয়; প্রতি ইউনিট জমি, পানি ও বিনিয়োগ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক মূল্য আহরণ করাই হওয়া উচিত কৃষি নীতির কেন্দ্রীয় লক্ষ্য।
২.৫ ইজরাইল অন্যতম একটি প্রকৃত বিপ্লব ঘটিয়েছে পানির দক্ষ ব্যবহার এর মাধ্যমে
ইজরাইলের সবচেয়ে বড় কৃষি সাফল্য শুধু ফলন নয়; বরং Water Productivity অর্থাৎ প্রতি ইউনিট পানি ব্যবহারে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা।
তারাFreshwater–এর ওপর নির্ভরতা কমিয়েছে,Treated Wastewater পুনর্ব্যবহার করছে, Desalination Water কৃষিতে যুক্ত করেছে, ড্রিপ ইরিগেশনকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করেছে, পানি ব্যবহারের তথ্য-নির্ভর ব্যবস্থাপনা চালু করেছে।
ফলে এমন বাস্তবতা তৈরি হয়েছে যেখানে যে পরিমাণ পানি ব্যবহার করে অন্য দেশ এক কেজি ফসল উৎপাদন করে, একই পানি ব্যবহার করে তারা আরও বেশি উৎপাদন নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশে ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপের প্রেক্ষাপটে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২.৬ বাংলাদেশের জন্য শিক্ষণীয় সারকথা
বাংলাদেশের মাটি, মৌসুমি বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে অনেক বেশি অনুকূল। তবুও আমরা পিছিয়ে আছি, কারণ
প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছাতে দেরি হয়,বাজার এখনো কৃষকবান্ধব নয়, ফসল-পরবর্তী অপচয় বেশি, Cold Chain দুর্বল (Cold Chain হলো নিয়ন্ত্রিত নিম্ন তাপমাত্রায় পণ্য সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা, যা ফল, সবজি, মাছ, মাংস, দুধ ও ওষুধের গুণগত মান বজায় রাখে। এতে পচন ও অপচয় কমে, সংরক্ষণকাল বাড়ে এবং বাজারজাতকরণ ও রপ্তানি সহজ হয়), গবেষণা ও বাস্তবায়নের মধ্যে সংযোগ কম,
প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা রয়েছে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়;জমি নয়, প্রযুক্তি; পানি নয়, ব্যবস্থাপনা; উৎপাদন নয়, Value Chain এটাই কৃষি সাফল্যের মূল চাবিকাঠি।
বাংলাদেশ যদি এই শিক্ষা গ্রহণ করে এবং রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে প্রযুক্তিনির্ভর কৃষি রূপান্তরকে স্থাপন করতে পারে, তবে কৃষি শুধু খাদ্য নিরাপত্তার ভিত্তি নয় বহুগুণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী, উচ্চমূল্যের, আধুনিক শিল্পখাতে পরিণত হতে পারে।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ
পরবর্তী পর্ব ৩ দেখার জন্য আমন্ত্রন রইল । সেখানে থাকবে জায়নবাদী রাস্ট্র ইজরাইলের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তাদের উদ্ভাবিত উন্নত কৃষি প্রযুক্তি তৃতীয় কোন দেশের মাধ্যমে আহরণের কৌশলগত পথ এবং বাংলাদেশ কৃষি আধুনিকায়ন ২০৩৫ ভিশন কাঠামোর বিস্তারিত বিবরণ ।
©somewhere in net ltd.