| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকুল কথা।
মাধববাড়ির কাছে মহীরুহ বকুলগাছটা আমি রেখে এসেছিলাম
আমার ফ্রি প্রাইমারি ইশকুলে যাওয়ার পথে সে দাঁড়িয়ে থাকতো দৈত্যের মত,
দূর থেকে তার বৃহদাকার মাথাটি শুধু চোখে পড়তো ধূসর সবুজ,
কোনোদিন একাকী তার কাছাকাছি এলে কেমন গা ছম ছম করতো
মহীরুহের গোড়াটি যে কত বড় তখন আন্দাজ পেতাম না, কিন্তু
গোড়ায় দাঁড়িয়ে কখনো উপর দিকে তাকালে শুধু ঘন ঘনতর অন্ধকার
দেখে বুক ঢিব ঢিব করতো, অথচ সেই আঁধারে কত শত পাখির উড়াউড়ি, কিচির মিচির ;
ওদের ভয় ছিল না,ভয় ছিল শুধু আমার
সারা বছর ভয় দেখিয়ে দেখিয়ে শীত-শেষের বাতাসে মহীরুহটি যেন আহ্লাদে আটখানা হয়ে থাকতো
তার পাদদেশ তখন ইতস্তত ঝরা বকুল ফুলের গন্ধে ম ম করতো
আমরা তখনো বকুল ফুলের মর্ম বুঝিনি, যারা বুঝতো
তারা আমাদের দিয়ে বকুল ফুল আনিয়ে কেমন যেন এক মনে মালা গাঁথতো
আমাদের আনন্দ ছিল ফুলের সঙ্গে ছড়ানো পক্ক বকুলফল দেখে
হালকা মিষ্টি ও ফিকে হলদে রঙের খানিক দানাদার বকুলফল পাখিদের মত আমাদেরও ভোজ্য ছিল
আর সেই কারণে ফল কুড়োনোর জন্য যাতায়াতের পথে
আমাদের প্যান্টের পকেট বোঝাই করে নিয়ে ইশকুলে পৌঁছুতে দেরি হয়ে যেত
এবং এর জন্য প্রাপ্য শাস্তিও কম হতো না
অনেককাল পরে মাধববাড়ির দেখা পেয়ে বুঝতে পারলাম গাছটি নেই !
না নেই। একেবারেই নেই। কোনো চিহ্নও নেই।
একটি মহীরুহের না-থাকাটা যেন অনেক কিছু না-থাকা;
তখনো বিশ্বাস হচ্ছিলো না। ভুল জায়গায় এসে পড়িনি তো! না, তা হবে কেন,
এইতো কাছেই মাধববাড়ির রুগ্ন দালানটি। এখনো আগের মতোই ।
এদিক ওদিক তাকাই; এতো আর ছোটখাটো কিছু না যে দৃষ্টি এড়িয়ে যাবে!
শেষ পর্যন্ত থাকতে না পেরে একজন পথচারীকে পেয়ে জিজ্ঞেস করলাম।
তিনি কয়েক পলক অবাক চোখে আমায় পরখ করে গম্ভীর হয়ে শুধু বললেন
অমুক সনের ঝড়ে গাছটা পড়ে গেছিল—
আমি যেন শুনলাম গাছটি প্রচণ্ড ঝরে উড়ে গেছে মহাশূন্যের দিকে
মৃত বকুল গাছটি সেই থেকে ধীরে ধীরে আমার মর্মে বাসা বেঁধে থাকতে শুরু করলো
এত দিন এত বছর আমি বকুল গাছ নিয়ে ভাবিনি। এখন ভাবি
আশে পাশে বকুল গাছ চোখে পড়লে আমার ভেতরের সেই মহীরুহটির কথা মনে পড়ে
মনে হয় পৃথিবীর সব বকুল গাছ সেই মাধববাড়ির মহীরুহটিরই বংশধর।
কিশোর বয়সী বকুল গাছ দেখলে মায়া হয়। কাছে যেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তার নরম নধর পাতাগুচ্ছে হাত রাখি
একটি না-থাকার বেদনা যেন বলে ওঠে
ওহে,তুমি যে আসলে একটি বকুল গাছ এখন টের পাও !!
#রাজাসরকার
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০
রাজা সরকার বলেছেন: ধন্যবাদ।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০
রাজা সরকার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩১
হুমায়রা হারুন বলেছেন: সুন্দর ভাবনা। বকুল ফুলের ছবি যুক্ত করে দিয়েন।