| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফড়িং তিড়িং বিড়িং
"আমি নিজের কাছে অপরিচিত এবং এটা আমাকে দুঃখ দেয়" -এটা কবে লিখেছিলাম জানিনা। তবে আর আমার নিজেকে জানার কিছু নেই, একজন ভীতু, মূর্খকে চেনার মধ্যে কোন সফলতা নেই।
তখন ক্লাশ নাইনে পড়ি। অল্পতে অভিমানের বয়স। প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ করায় শাস্তিস্বরুপ আমাকে বছরের মাঝামাঝি সময়ে পুরাতন প্রাইভেট Change করে কাকার প্রাইভেটে ভর্তি করায় দেয়া হয়। দিনাজপুরের কাকার প্রাইভেট আর বিদ্যুত্ স্যারের প্রাইভেট ফাঁকিবাজদের জন্য হাবিয়া দোযখ সমতূল্য। উল্লেখ্য যে, দুইজায়গাতেই আমি দুমাসের বেশি টিকতে পারিনাই। কী কষ্ট! মনে হত আমার নিঃশ্বাসের উপর পাহারা বসানো হয়েছে। রাতে ঘুমাতে পারতাম না আগামীদিনের প্রাইভেটের কথা চিন্তা করে। কাকার প্রাইভেট টাইম ছিল ৩-৬টা, আর ৬-৯টা পর্যন্ত সেখানে বসে পরের দিনের পড়া করতে হত।
একদিন দুপুরে প্রাইভেট যাবার আগে মার সাথে কী নিয়ে যেন ঝগড়া হয়।প্রাইভেট যাবার আগে এমনিতে আমার মাথা কান গরম হয়ে থাকত, তো সেদিন না খেয়েই কাঁদতে কাঁদতে প্রাইভেট যাই। সেখানে গিয়ে স্বাভাবিকভাবে এসব ভুলে গিয়ে পড়ছিলাম। একঘন্টা পর কাকা এসে ধমক দিয়ে বলে, "কি রে না খায়া আসছিস কেন? তোর আম্মা আসছে। যা কথা ক।"
আমিতো বিশাল হতভম্বর উপর থ! দেখি আমার পাগলী মা আমাকে দেখে কাঁন্দা শুরু করসে! বলে কি, "এতক্ষণ প্রাইভেটে থাকবি, ভাত না খায়ে কষ্ট হবে।" দেখি বিশাল এক টিফিনবাটিতে করে সে আমার জন্য ভাত নিয়ে আসছে!
আজকে ভাত খাওয়ার সময় হঠাত্ এই ঘটনা মনে পড়ল আমার মায়ের মত ভালো মা আমি পাঁচশ বার জন্ম নিলেও হতে পারব না।
আম্মা, মাঝেমাঝে কেমন জানি ভিতরটা দুমড়মুচড়ে যায়। কেন যায় জানিনা। তখন তোমাকে খুব মনে পড়ে। সেদিন বাথরুমে পানির জন্য অনেকক্ষণ বসে ছিলাম। তুমি কাছে থাকলে ঠান্ডা লাগবে এই টেনশনে কি চিল্লাচিল্লিটাই না করতে। এইবার যখন বাসায় গেলাম তুমি যখন আমার পা গরম করে দিচ্ছিলা ইচ্ছে হচ্ছিল তোমাকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদি, হাজারমুহূর্তের কষ্টগুলো তোমার কাছে দিয়ে দিই, তুমি তাদের অনেক বকা দাও।
©somewhere in net ltd.