| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফা হ মি
নিতান্তই সাধারণ মানুষ কিন্তু স্বপ্ন দেখি অসাধারণ কারণ বিশ্বাস করি মানুষ তার আশার সমান বড়। পড়ব বেশি,লিখব যখন যা মনে আসে...।
সিলেট ছেড়ে এসেছি।সাড়ে ৬ বছরের চেনামুখ,সময়,চারপাশ পেছনে ফেলে এসেছি আজ প্রায় ১৫ দিন হতে চললো।মিস করবো জানতাম কিন্তু এতোটা মিস করবো কখনো বুঝতে পারিনি।আমার বোঝার ভুল ছিল।যে আমি একটা টুকরা কাগজ ফেলতে পারি না,স্মৃতি ধরে রাখার জন্য জমিয়ে রাখি-তার পক্ষে স্মৃতিগুলো স্বেচ্ছায় মুছে ফেলা সম্ভব না।
সকালে ঘুম থেকে উঠে ওয়ার্ডে যাওয়ার তাড়া নেই,স্যারের রাউন্ডে পড়া না পারার টেনশন নেই,আমার বেডের রোগীটার ইনভেস্টিগেশন রিপোর্টে কি আসলো-খারাপ কিছু না তো!অমুক রোগীটার ব্যাপারে হ্যান্ড-ওভার দিতে ভুলে গেছি!আয় হায়!ফোন করে ডিউটি ডাক্তারকে জানানোর ব্যাকুলতা নেই।অনেক রিল্যাক্স এখন জীবন.....
সুখে আছি।মাঝে মাঝে স্মৃতিকাতর হয়ে বিলাসিতা।ফেসবুকে স্ট্যাটাস।বন্ধুদের সাথে ফোনালাপ। বিশ্বকাপের আমেজ।ভালই চলছে।মাঝে দুটো দিন রুমমেটদের সাথে নিজ বাসায় আড্ডা,ঘুরাঘুরি।ফেসবুকে গাজায় হামলার ছবি শেয়ার,প্রার্থনা চেয়ে স্ট্যাটাস দেখে বিরক্ত কিছুটা।মনে মনে বলি-হায় ফেসবুক!এখানে এসব শো-অফ করে লাভটা কি মানুষের!এগুলা তো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি।নতুন কিছু তো না।একেকটা সময় কেবল মাথা চাড়া দিয়ে ওঠে।এসব করে আমরা কি করতে পারব?সেই লাভ-ক্ষতির ভাবনায় বাঁধা পড়ে যাই।মজ্জাগত হয়ে গেছে যে!
আমি ভাই আছি আমার মত।বেশ ভাল আছি।কোথাকার কোন দূরে মানুষ মরছে,আমার কী!ওদের জন্য দুঃখ করেই বা কী!বিশ্বজুড়ে এসব রাজনীতি,ধর্মযুদ্ধ চলছে,চলবে....
আজ বিকেলে একটা নাটক দেখলাম।নাটক দেখে আমার রোমান্টিক মন জেগে উঠলো।নাটকের গানটা মাথায় ঘুরছে।শেয়ার করতে হবে ফেসবুকে।কিন্তু ফেসবুকে ঢোকার পর বিবেকের কাছে বাঁধা পড়ে গেলাম।এগুলো কী ছবি দেখছি আমি!ভিডিও দেখলাম দু-একটা।সন্তান কাঁদছে বাবার লাশের পাশে বসে।বাবা আহাজারি করছে ছোট্ট সোনামানিকের মরদেহ দেখে।বুলেট এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে দেহ,নিস্তেজ হয়ে গেছে প্রাণ।কাফনের কাপড়ে মোড়া সারি সারি লাশ।
আমার দেশে যখন একটুখানি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়,পাশের দেশের কাছে বুঝি দেশটা বিক্রি হয়েই গেল এবার-এমন আতঙ্ক এসে চেপে ধরে;তখন কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগে।অস্থিরতা শুরু হয় নিজের ভেতর।আমি ভাবতেই পারি না অন্য দেশ আমার দেশের উপর এসে যখন তখন হামলা করে মানুষ মারবে।আমি আজ আমার চাচা,মামা কিংবা কোন বন্ধুর মৃত্যু সংবাদ পাব।কাল হয়তো আমার বাবার কিংবা ভাইয়ের।সারা বিশ্ব এটা তাকায় তাকায় দেখবে।কারো কিছু করার নেই।প্রচন্ড ক্ষমতাধর দেশটা দ্বিগুণ উতসাহে আমার উপর আবার হামলা চালাবে!
আমাদের মেডিকেলের ফিলিস্তিনী সিনিয়ার ভাইয়া-আপুদের কথা মনে পড়ছে।গ্রাজুয়েশন শেষে নিজ দেশে ফিরে গেছেন তারা।আজ এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছেন তো তারা!!
মুসলিম বিশ্বের নেতারা কী করছেন এই মুহূর্তে-আমার জানতে ইচ্ছে করে।জাতিসংঘ কি আসলে কিছু করবে? আল্লাহ কেন সহ্য করছেন ওদের এই আস্ফালন?
আমি অনেক কম জানি,কম বুঝি।লাভ-ক্ষতির চক্করে ক্ষণে ক্ষণে বাঁধা পড়া সাধারণ মানুষ আমি।সন্দেহবাতিক তো কিছুটা অবশ্যই।অনলাইনে আওয়াজ তুলে কী কী করতে পারি,কীভাবে করতে পারি,প্রার্থনা ছাড়া কোনপ্রকার সাহায্য কি আমি আদৌ করতে পারি?-কারো জানা থাকলে জানাবেন প্লীজ।
ধন্যবাদ তাদেরকে-যারা আমার মত লাভ-ক্ষতির হিসেব না কষে কিছু পোস্ট শেয়ার করেছেন।আমার আজকের বিবেকবোধটুকু,মানবিকতাটুকু জাগ্রত করতে সাহায্য করেছেন।
©somewhere in net ltd.