| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
মন্ট্রিয়লের শীতের রাত। শীত ঠিক নয় শীত আসি আসি করছে এমন একটা ভাব। অক্টোবর ২১ তারিখে আজ তাপমাত্রা রাতে সাত ডিগ্রি হবে। তারপরও আজ দেখা হবে দুজনার, রাস্তার ওপারের কফি শপে। সুমনা ক্রিম রঙের ওভারকোট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। গলায় ভারী মাফলার। যখন তখন বাতাসের ঝাপটা ভীষণভাবে ঠান্ডা আবেশ বুলিয়ে দেয় কিন্তু সেই ঠান্ডা সহ্য করা যায় না। তারপরও সবকিছু ঠিকঠাক আছে কিনা সুমনা দেখে নিল।
রাস্তার ওপারে দু’ মিনিটের পথ। সুদীপ্ত আসছে সেই কতদূর থেকে। কতদিন পর দেখা হতে যাচ্ছে দুজনার। অপেক্ষায় থেকে থেকে জীবনটাই তো পার হয়ে গেল। আজ এতদিন পর সুদীপ্ত কেন যোগাযোগ করলো ভেবে পাচ্ছে না সুমনা।
সে কিন্তু কিছু জানতেও চাইনি। শুধু বলেছে, সন্ধ্যে সাতটায় সামনের কফি শপে। অর্থাৎ খুব ভালই জানে সুমনা কোথায় থাকে। এতদিন যোগাযোগ না থাকলেও সব খবর জানে। তাই সুমনাকে আমন্ত্রণ জানাতে বেশি দূরের কোন রেস্টুরেন্টে দেখা করতে বলেনি। একদম তার বাড়ির কাছের রেঁস্তোরা কাম কফি শপে।
সুমনা কফি শপের কাছাকাছি আসতেই দেখলে ভিতরে আলো ঝলমলে সোফায় বসে ঠিক কাঁচের দরজার দিকে তাকিয়ে আছে সুদীপ্ত, সুমনার আসার পথ বরাবর। রাস্তা পার হতে দেখে সেই চিরচেনা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে আসলো সুমনার জন্য। ও ভারী কাঁচের দরজা ঠেলে এগোতে গেলে তার আগেই দরজা খুলে দাড়ালো সুদীপ্ত। সুমনা তাকালো ওর দিকে। এতদিন পর। কিন্তু কেউ একটুও বদলায়নি। সেই আগের মতনই আছে সেই হাসি,
…’চিরপরিচয়-ভরা ঐ কালো চোখ!
আমার নয়ন হতে লইয়া আলোক,
আমার অন্তর হতে লইয়া বাসনা
আমার গোপন প্রেম’…যে করেছে রচনা।
হ্যা সুদীপ্তই সেই বাসনার মানুষ । দু’ দশক পর দেখা হল আজ। অনেকটা সময়, কিন্তু কেন জানি মনে হচ্ছে সময়ের কোন ব্যবধান ছিল না। এইতো সেদিন ২০০০ সালে শেষ দেখা। আর আজ ২০২৬ –এ, সুদীপ্ত একদম তার সামনে দাঁড়ানো। কেমন করে সামনের দিকে এগিয়ে গেল ক্যালেন্ডারের পাতাগুলো? মনে পড়ছে না তো!
হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। কেউ যেন বলছে,
-কেমন আছো?
সুমনা সামনে তাকালো। সুদীপ্ত দাঁড়িয়ে আছে সামনে। সুমনা কোথায় যেন হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। গলা যে কেন ভেঙে গেছে, বুঝতে পারছে না কেন? বলল,
- ভালো আছি।
সুদীপ্ত আস্তে করে কাঁচের দরজা বন্ধ করে দিল। সুমনার দৃষ্টি অবনত। ধীর পায়ে টেবিলের দিকে আগালো। আসলে সুমনা বেশিক্ষণ সুদীপ্তর চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। কখনোই পারত না।
দু'জনেই চুপচাপ, সেই আগের মতন। সুমনা মাথা নত, সুদীপ্তের মুখোমুখি উপবিষ্ট। এক দৃষ্টিতে সুমনাকে দেখছে সুদীপ্ত। কি আছে দেখার? হয়তোবা কপালে কয়টা ভাঁজ পড়েছে, না হয় চোখের নিচে কতটুকু কালি জমেছে, এই তো দেখবে ? রূপচর্চার তো কখনো প্রয়োজন হতো না, সেই আগের সময়গুলোতে। আজকাল একটু দরকার হয়ে পড়েছে। কিন্তু তারই বা প্রয়োজন কোথায়? সময় যেমন থেমে আছে, জীবনটাও তো তেমন থেমে আছে সুমনার কাছে। দেহের ত্বকে শুধু একটি পরিবর্তন।
মনের দিকে? কোন পরিবর্তন খুঁজে পায় না। তবে হ্যা, না পাওয়ার আফসোসটা এখন কমাতে পেরেছে। কোন কিছুর প্রতি কোন আকাঙ্ক্ষা যেন কাজ করে না।
২
কিভাবে ঘন্টা দুয়েক কেটে গেল কিছু না বলেই, সুমনা বুঝতে পারছে না। সামনে কফির কাপ। দেশের মতো ঘন ক্রিম দিয়ে কফি পান করে তারা দু’জনা এখনো। রাত ন’টারও বেশি বাজে। সুদীপ্ত বলল,
- একটা অনুরোধ করতে পারি?
সুমনা হেসে ফেলল। বলল,
- তোমার আবার অনুমতি চাইতে হয়?
- চাইতে হয় মাঝে মাঝে।
- কি সেই অনুরোধ?
- এই শাড়িটা কাল পড়বে।
এবার চোখে পড়ল সুদীপ্তর হাতে রাখা ব্যাগটার দিকে।
সুমনা যেন ঘোরের মাঝে আছে। ব্যাগটা হাতে নিয়ে দেখল তার সেই প্রিয় রংটা-ই! সুদীপ্ত কিভাবে জানে, যে এটাই তার প্রিয় রং? কখনো তো তাকে বলেনি। মানে কখনো তো তাকে বলা হয়নি। হাতে নিয়ে শাড়িটা দেখছে প্রাণ ভরে। তারপর বলল,
- নিশ্চয়ই। সুদীপ্ত বলল,
- কাল পড়বে এই শাড়িটা।
- কিন্তু কাল কখন?
- এই সন্ধ্যায়
- কোথায়
- এখানে
সুমনা হেসে ফেলল। এবার উঠে দাঁড়ালো। যাবার সময় হয়েছে। দরজার দিকে পা ফেলতেই পাশাপাশি এগিয়ে এলো সুদীপ্ত কাঁচের দরজার কাছে। দরজার হাতলে হাতে রাখতেই সুদীপ্তর হাতের স্পর্শ। সুমনা থেমে দাঁড়িয়ে বলল,
- শাড়ি কেন?
- তুমি পরবে বলে।
সুমনার হাতের উপর সুদীপ্তর হাত। দরোজাটা ধরেই আছে , কেউই খুলছে না। কথাটুকু বলার জন্য তো একটু উষ্ণতার প্রয়োজন। স্পর্শে অনুভবে সে উষ্ণতা পেলেও বাইরে তো এখন হু হু ঠান্ডা। উত্তরের হাওয়ায় তাপমাত্রা যেন দুই ডিগ্রী । সুদীপ্তর স্পর্শ পেয়ে সুমনা জিজ্ঞেস করলো,
- এই শীতের দেশে শাড়ির কথা তোমার মনে আছে? সুদীপ্তর সরাসরি উত্তর,
- তুমি কাল পরবে, তাই মনে আছে।
- কালকে কেন?
- কারণ কালকে আমি সবার সাথে তোমায় পরিচয় করিয়ে দেবো। বলবো, তুমি আমার লাল টুকটুকে বউ।
২১/১০/২০২৬
২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৫০
হুমায়রা হারুন বলেছেন: লাল হলো color of passion. সেজন্য লাল রঙ ব্যবহার করা হয় বিয়ের শাড়িতে।
সাদা রঙ হলো রঙের অনুপস্থিতি। স্বামীর (man of passion)যখন তিরোধান ঘটে, তখন তার স্ত্রী তার নিজের জীবনের color of passion -কে যেন হারিয়ে ফেলে। সে তার জীবন থেকে সব রঙ মুছে দিয়ে সাদা রঙকে ধারণ করে। বৈধব্যের বেলায় সাদা পরিধাণ করার চল আছে।
অর্ধাঙ্গীনিকে হারালে স্বামীর -ও বিরহ দশা আসতে পারে। কিন্তু প্রকৃতিতে পুরুষ ও নারীদের কর্ম বিভাজিত করা আছে। পুরুষরা সব কাজ ফেলে বিরহ করতে পারেনা, তাদের উপর ন্যস্ত দায়িত্ব /কাজের জন্য । তাদের আচরণ ভিন্ন হয়ে থাকে। তারা রঙ নিয়ে পড়ে আছে এমন দেখা যায় না । বিশেষ করে যারা গৃহস্থ পুরুষ।
end time -এ নারীরা যখন পুরুষদের কাজ শুরু করবে তখন তাদের দেহে হরমোনের imbalance সৃষ্ট হবে। এসব কারণে বিভিন্ন রোগের শিকার হবে তারা ।
আর কালো রঙ হলো dark entity -দের আকৃষ্ট করার রঙ। অঘোরীরা এই রঙ পরিধান করে। এরা গৃহস্থ নয়। তাদের rank অনুযায়ী তাদের পরিধেয় বস্ত্র খন্ডের রঙ নির্ধারিত হয়। বুদ্ধিস্ট মংক-দের ক্ষেত্রও তাই।
রঙ-এর ফ্রিকোয়েন্সি দেহের Aura (bio -energetic field)-র উপর প্রভাব বিস্তার করে।
যদি সাউন্ড -ফ্রিকোয়েন্সি, লাইট -ফ্রিকোয়েন্সি দেহের ওপর প্রভাব ফেলতে পারে, তাহলে রঙের থেকে নির্গত আলোক রশ্মিও প্রভাব ফেলে।
২|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
লাল টুক টুকে সুন্দরী বউরা শীতের দেশে কেন পৃথিবীর যে কোন প্রান্তে বসেই নতুন শাড়ির জন্য উন্মোখ হয়ে থাকে ।
এইতো দিন কয়েক পুর্বে বাংলাদেশ পারফর্মিং আর্টের একটি সাংস্তৃতিক অনুষ্ঠানে কলকাতা হতে আগত আমাদের
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাই এর দৌহিত্র প্রখ্যাত সংগীত শিল্পী নুপুর কাজী সহ এই জিরো ডিগ্রি
শিতের মাঝেও অনেককেই দেখেছি শাড়ি পরিহিত হয়ে অনুষ্ঠানে আসতে । আপনার শাড়ী গল্পটি পড়তে গিয়ে
আমার এই সামুতে অনেক বছর পুর্বে ডেলে দেয়া এই লেখাটির লক্ষ প্রাণের বিনিময়ে সুন্দরী ললনাদের জন্য একটি রেশমী শাড়ির জম্ম কাহিনী কথা ।
গল্প ভাল লেগেছে ।
২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৪০
হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই।
আপনার লেখা 'রেশমী শাড়ির জম্ম কাহিনী' পড়ে খুব ভাল লাগলো।
বিশেষ করে সেই সময়ের ব্লগারদের মন্তব্য পড়ে সেই সময়ে চলে গিয়েছিলাম।
৩|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
তরঙ্গের ছন্দে, মহাকাশ হাসে
................................................
শব্দের সুরে বাজে যে কাঁপন,
আলোর রেখায় তারই অনুরণন।
দৃশ্যমান এই রঙের মেলা,
গোপনে চালায় দেহের মিলন খেলা।
লাল আলোর উত্তাপ জাগায় প্রাণ,
রক্তে ছড়ায় নতুন অজানা তান।
সবুজ আনে মনে স্নিগ্ধ ছায়া,
শান্ত করে মনের কায়া।
নীলের গভীর শীতল আভা,
দেহঘড়িতে লেখে নতুন কাব্য ,
অদৃশ্য এই কম্পাঙ্ক সবই,
শরীর-মনে আঁকে জীবন্ত ছবি।
সুর আর আলো, রঙের বাহার,
প্রকৃতি ও দেহের মাঝে একাকার।
মেলাটোনিনের গোপন সংকেতে সময়ের সীমানা খুঁজে পায় ,
অস্থির স্নায়ুগুলো শান্ত হয়ে আসে এক অদ্ভুত মায়ায়।
২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৪১
হুমায়রা হারুন বলেছেন: খুব ভাল লাগলো কবিতাটি।
৪|
২৩ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুর আর আলো, রঙের বাহার,
প্রকৃতি ও দেহের মাঝে একাকার।
.........................................................
আপনার সেই লাল টুকটুকে বউ এর কথা
ভাবতে ভাবতে এই কবিতার সূচনা ।
এরপর কবি কাব্যর গভীরে যেতে যেতে একসময়
কবিতা নিয়ে ভেসে উঠল এলো এই জগতে !!!
২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮
হুমায়রা হারুন বলেছেন: আমি যদি বাক্য না লিখে একটা 'শব্দ' শুধু লিখি, তা দিয়েও আপনার কাব্য রচনা হবে।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলবো, তুমি আমার লাল টুকটুকে বউ।
..................................................................
বউরা কি সবসময় লাল টুকটুকে হয় ?
লাল টুকটুকে বউরা কি বেশী ভালবাসা দেয় ???