| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
স্বাগত ৩৬ জুলাই!
ফিরে এসেছে জুলাই। আমাদের সাহসের জুলাই, আমাদের প্রতিরোধের জুলাই, আমাদের মুক্তির জুলাই।
এই জুলাই কোনো সাধারণ মাস নয়। এটা রক্তে লেখা ইতিহাসের নাম। বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম। এই জুলাই সেই জনতার নাম, যারা ভয়কে পরাজিত করে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল।
জুলাই আমাদের শিখিয়েছে- ক্ষমতা জনগণের, বন্দুকের নয়; রাষ্ট্র জনগণের, কোনো পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জুলাই কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম ও আত্মত্যাগের ফসল।
যারা ভেবেছিল দমন-পীড়ন দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে, যারা ভেবেছিল কারাগার, গুম, নির্যাতন আর ভয়ের রাজত্ব চিরস্থায়ী হবে- জুলাই তাদের জন্য ইতিহাসের নির্মম জবাব। জনগণের জাগরণ যখন শুরু হয়, তখন কোনো স্বৈরশক্তিই তার সামনে টিকে থাকতে পারে না।
৩৬ জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়- মুক্তি কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান সংগ্রাম। স্বৈরাচারের পতনই শেষ কথা নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দুর্নীতির শিকড় উপড়ে ফেলা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। জুলাই এসেছিল শৃঙ্খল ভাঙতে, জুলাই এসেছে স্বপ্ন গড়তে। জুলাই ছিল জাগরণের, জুলাই হবে রাষ্ট্রগঠনের।
আজ যারা ক্ষমতার অলিন্দে বসে জনগণের আকাঙ্ক্ষা ভুলে যেতে চান, তাদেরও মনে রাখা উচিত- ইতিহাসের আদালতে জনগণই শেষ বিচারক। জুলাই সেই বিচারকের নাম, যে অন্যায়কে ক্ষমা করে না এবং বিশ্বাসঘাতকতাকে ভুলে যায় না। জুলাই ফিরে এসেছে। ফিরে এসেছে প্রতিবাদের আগুন, স্বাধীনতার শপথ এবং বিজয়ের প্রত্যয়।
জুলাই কেবল একটি মাস নয়, জুলাই একটি ঘোষণা- অন্যায়ের বিরুদ্ধে জনগণের চূড়ান্ত ভেটো। যারা জুলাইকে ভুলে যায়, ইতিহাস তাদের ভুলে যায়। আর যারা জুলাইকে ধারণ করে, তারাই ভবিষ্যৎ নির্মাণ করে।
আসুন, ৩৬ জুলাইয়ে আমরা নতুন করে শপথ করি- কোনো স্বৈরাচারের পুনর্জন্ম হতে দেব না। কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের ভবিষ্যৎ সমর্পণ করব না। মুক্তির সংগ্রাম শেষ হয়নি; ৩৬ জুলাই সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার নতুন অঙ্গীকার।
জয় হোক জনগণের। জয় হোক গণতন্ত্রের।
বাংলাদেশ জিন্দাবাদ।
©somewhere in net ltd.