| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইরিন সুলতানা
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন*** ----------------------------- ::: সুস্থ ব্লগিং নীতিমালার সঠিক বাস্তবায়ন চাই ::: -----------------------------
জনৈক প্রবাসী বাঙালি তার দীর্ঘ দিনের প্রবাস জীবনের কারণে ইংরেজীতে যতটা দক্ষ হয়ে ওঠেন মাতৃভাষায় ততটাই দূর্বল থেকে যান। অনেক বছর আগের কথা; একবার কোন এক রাজনৈতিক নেতার ভাষণ শুনে সেই প্রবাসী বাঙালি আমাকে প্রশ্ন করেন, ’আপামর অর্থ কি?’ এই ক্ষণে বলে নেই, এই শব্দটির প্রতি উক্ত প্রবাসীর আগ্রহের হেতু কি। প্রথমত এই বাংলা শব্দটি তার পূর্বশ্রুত নয়। দ্বিতীয়ত তিনি নিজেই শব্দটিকে ব্যবচ্ছেদ করেন এইভাবে- ’আপা+মর’ ! স্বীয় বিশ্লেষণে তিনি যে শব্দার্থ বোধদয় করেন (আপা, মর!) তাতে তিনি নিজেই সামান্য বিচলিত হয়ে পরিচয়সূত্রতার কারণে আমার দ্বারস্থ নয়। তাকে প্রকৃত অর্থটি বলার পর তিনি স্থির হন এবং একচোট হেসেও নেন নিজের শব্দ বিশ্লেষণী প্রতিভাকে স্বরণ করে।
প্রবাসী বাঙালির গল্পটুকু এবার বিস্মৃত হতে পারি আমরা। এবং মনোযোগ দেই বহুল চর্চিত আপামর শব্দটির দিকে, যার সাথে আমরা জড়িয়ে আছি ওতপ্রতো ভাবে । রাজনীতির মঞ্চে তাবৎ প্রতিশ্রুতির ইন্দ্রজালে আটকাতে সর্বস্তরের জনগণকে সম্বোধন পূর্বক অহরহ ব্যবহৃত একটি শব্দ ’আপামর’। আমরাও নিজেদের দাবি-দাওয়া নিয়ে উচ্চবাচ্যে মেতে উঠলে নিজেদেরকে প্রথমেই আম-জনতার কাতারে দাঁড় করিয়ে 'আপামর জনসাধারণের' হয়েই বক্তব্য পেশ করি। অর্থ্যাৎ আপাতদৃষ্টিতে আপামর শব্দটির অর্থ সম্পর্কে আমরা জ্ঞাত। যারা অভিধান ঘেঁটে এই শব্দটির অর্থ কখনো খুঁজে দেখেননি, তারাও জনশ্রুত হতে হতে অর্থ বুঝে নেন এবং সেই অর্থ অনেকক্ষেত্রেই অভিধানে প্রদত্ত অর্থ থেকে যথেষ্ট ব্যতিক্রম নয় একেবারেই।
মোহাম্মদ হারুন-উর-রশিদ সম্পাদিত বাংলা একাডেমী’র ’সহজ বাংলা অভিধান’ -এ বিশেষণ পদের আপামর -এর শব্দার্থ করা হয়েছে, ’সকলে। ছোট-বড় সবাই।’ উদাহরণহিসেবে এসেছে ’আপামর জনতা’ । [পৃষ্ঠা ৪০, মুদ্রণকাল- ফেব্রুয়ারি, ২০০৩]
আশুতোষ দেব (Ashu Tosh Dev)-এর স্টুডেন্টস’ ফেভারিট ডিকশনারি (Students’ Favourite Dictionary)-তে (বেঙ্গলি টু ইংলিশ) এ্যাডভার্ব (ad; adverb) গোত্রীয় উল্লেখপূর্বক ’আপামর’ শব্দের বিশ্লেষণে বলা হয়েছে ’ডাউন টু দ্য লোয়েস্ট (down to the lowest), হাই এন্ড লো (high and low), ওয়ান এন্ড অল (one and all)’ । উদাহরণ হিসেবে এসেছে ’আপামর জনসাধারণ’ এবং এর অর্থ বলা হয়েছে ’পিপল অফ অল ক্লাসেস ফ্রম দ্য হাইয়েস্ট টু দ্য লোয়েস্ট (people of all classes from the highest to the lowest)’। [পৃষ্ঠা ১৫৭, মুদ্রণকাল- মে, ১৯৯২]
হাতের কাছে অন্যান্য অভিধান যাচাই-বাছাই করার সুযোগ নেই বিধায় আন্তর্জালের সরণাপন্ন হই। বিমুখ হতে হয়নি বটে বরং শব্দার্থে এবার চরম নাটকীয়তার আবির্ভাবই ঘটে। এভাগ্রিণ বাংলা অভিধান ওয়েবসাইট (Click This Link ) থেকে জানা গেল শব্দের বুৎপত্তি। উচ্চারণের সুবিধার্তে আপামর শব্দটির অবকাঠামো প্রকাশ করা হয়েছে এরুপে- āpāmara, বোঝা যায় ’আ-কার’ এর উপর জোর দেয়া হয়েছে উচ্চারণে। ক্রিয়া-বিশেষণ পরিচয়ে আপামর -এর শব্দার্থ বর্ণনা করা হয়েছে, ১. পামর বা নরাধমকে বাদ না দিয়ে, পামর পর্যন্ত সকলে এবং ২. উচ্চ-নীচ নির্বিশেষে । সংস্কৃত বিশ্লেষণে আপামর হলো আ+পামর (ā+pāmara)। আম-পাঠকের চোখ বার বার যেখানে আটকে যাবে তা হলো আপামর’কে ভেঙ্গে প্রাপ্ত শব্দ ’পামর’। পামর -কে নরাধম সমতুল্য করায় এর সম্ভাব্য অর্থ অনুধাবন করে পাঠক মাত্রই অস্বস্তি বোধও করতে পারেন এবার।
কথা হচ্ছিল আপামর নিয়ে এখন আবার নতুন ফ্যাঁকড়া পামর! সামসাদ বাংলা-ইরেজী অভিধানের ওয়েবসাইটে ’পামর’ এর অর্থ বলা হয়েছে ’এ মোস্ট সিনফুল অর উইকেড (a most sinful or wicked)’ । বিশেষ্য ও বিশেষণ জাতীয় উল্লেখপূর্বক পামর শব্দের আরো অর্থ গোচরীভূত হয়- পাপিষ্ঠ, নীচ, অধম (সহজ বাংলা অভিধান, পৃষ্ঠা-২৩১)। বলা বাহুল্য, পামর একটি পুংবাচক শব্দ এবং এর স্ত্রী-বাচক শব্দ হলো পামরী।
এতক্ষণে স্পষ্টই বোধগম্য হয় যে, পামর শব্দটি তিরস্কার হিসেবেই কারো উদ্দেশ্যে প্রয়োগ হয়। সাহিত্যাঙ্গনে বহুবার ধিক্কারের ছলে পামর শব্দটির ব্যবহার হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দীন ও দান -এ রাজা ও সন্ন্যাসী’র বাক্যালাপে স্পষ্টবাদী সন্ন্যাসী’কে তুচ্ছ-তাচ্ছিল্য করতে অহংকারী রাজা ক্রোধে ফেটে পড়েন এভাবে-
(Click This Link)
রাজা জ্বলি রোষানলে
কহিলেন, ” রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ ক’রে
এ মুহূর্তে চলি যাও।”
মীর মোশাররফ হোসেনের বিষাধ সিন্ধু’র উদ্ধার পর্বে (ত্রিংশ প্রবাহ) সভায় বন্দীদের জিগাষাবাদের সময় এক বন্দী আরেক বন্দীকে ধিক্কার জানান এভাবে -
(Click This Link )
জয়নাল আবেদীন বলিলেন, ”রে পামর! তোকে গত নিশীথেই চিনিয়াছিলাম। চিনিয়া কি করিব, আমি নিরস্ত্র! ”
মারওয়ান বন্দি অবস্থাতেই বলিল, ”আমি সশস্ত্র থাকিলেই-বা কী করিলাম! কী ভ্রম! কী ভ্রম! সুযোগ-সুবিধা মত তোমাকে পাইয়াও যখন আমার এই দশা, তখন আর আশা কি? কী ভ্রম!!”
”আরে নরাধম! ঈশ্বর কী না করিতে পারেন, তাঁহার ক্ষমতা তুই কি বুঝবি পামর?”
মারওয়ান -এর স্বরূপ উন্মোচনে জয়নাল আরো বলে চলেন -
জয়নাল গম্ভীরস্বরে বলিতে লাগিলেন, ”এই নরাধম, এই পাপাত্মাই এজিদ পক্ষ হইতে আপনার নাম স্বাক্ষর করিয়া, মহাত্মা হাসানের নিকট মক্কা-মদিনার কর চাহিয়া পাঠাইয়াছিল। এই পামরই হাসান বিরুদ্ধে যুদ্ধ করিতে, পবিত্রভূতি মদিনার স্বাধীনতাসূর্য হরণ করিয়া চিরপরাধীনতার অন্ধকার অমানিশায় আবরণ করিতে সসৈন্যে মদিনায় আসিয়াছিল। যুদ্ধে পরাস্থ হইয়া মায়মুনার যোগে জায়েদার সাহায্যে হীরকচূর্ণ দ্বারা, মহাত্মা হাসানের জীবন অকালে বিনাশ করিয়াছে! এই দুরাচারই কুফা নগরের আবদুল্লাহ জেয়াদকে টাকায় বশীভূত করিয়া মহাবীর মোসলেমের জীবন মিথ্যা ছলনায় কৌশলে শেষ করিয়াছে। এই নারকীই কারবালা প্রান্তরে মহাসংগ্রাম ঘটাইয়াছে। ...”
এই পরিচ্ছেদটুকু পাঠ কালে আমরা পামর -এর আরো কিছু সমার্থক শব্দের সাথে পরিচিত হই- পাপাত্মা, দুরাচার, নারকী। পাঠকের এতোক্ষণে মর্মে মর্মে উপলব্ধি হওয়ার কথা, পামর ও এর সমার্থক শব্দগুলো মোটেও ইতিবাচক অর্থে ব্যবহৃত হওয়ার মত নয়। এবং পামর যদি নেতিবাচক অর্থ বহন করে সেক্ষেত্রে আপামর কি কোন রূপ ইতিবাচক আবেদন তৈরী করে যার অন্তর্ভূক্ত হতে পেরে আম-জনতা ধন্য হয়ে যায়?
ড. কাজী দীন মুহম্মদ আপামর এবং পামর প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে বলেছেন, ’...আসমুদ্র হিমাচল, অর্থ্যাৎ যার অর্থ সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত।’ ’আকন্ঠ নিমজ্জিত’, ’আবক্ষ পানিতে দাঁড়িয়ে’ ইত্যাদি আ-প্রত্যয় বাচক উদাহরণও তিনি টেনেছেন। এর অর্থ দাঁড়ায় যে, মূল শব্দের সাথে আ-প্রত্যয় যোগ শব্দার্থের পরিধিকে বিস্তৃত করে অর্থ্যাৎ পারিপার্শিকতাকে অন্তর্ভূক্ত করে আরো ব্যাপক অর্থে শব্দকে প্রকাশ করে। এই পর্যায়ে ড. কাজী দীন বলেন,” যখন আপামর জনসাধারণ বলি, তখন অর্থ হয় পামর থেকে জনসাধারণ পর্যন্ত -অর্থ্যাৎ পাপিষ্ঠ বা পাপাত্মা থেকে জনসাধারণ পর্যন্ত সবাই।”
হলফ করে বলা যায় যে, আপামর জনসাধারণ বলতে সাধারণ জ্ঞানে এখন পর্যন্ত আমরা যদি সাধারণ, সর্বস্তরের জনগণ বুঝে থাকি তবে তা বড়জোর ধর্ম-বর্ণ নির্বিশেষে, ধনী-গরীব সকলকে। সাধারণ জনগণ বলতে আমাদের চিন্তা-ভাবনা, চাওয়া-পাওয়াও সাধারণ হয়ে যায়। এই সাধারণ গোত্রে পাপিষ্ঠ, কীট, অধম জাতীয় কাউকে অন্তর্ভূক্ত হতে দেখলে সাধারণ মানুষ আদৌ স্বস্তি বোধ করবেন কি? এই অস্বস্তি প্রকাশেই বোধহয় কাজী দীন মুহম্মদ আপামর শব্দটিকে অশালীন হিসেবে আখ্যায়িত করেন। ( ভব্য শব্দের পাঠদান, ড. কাজী দীন মুহম্মদ, দৈনিক ইত্তেফাক, ২৭শে নভেম্বর ২০০৯, পৃষ্ঠা-২১ )।
প্রশ্ন আসতে পারে ’আপামর জনসাধারণ’ কি আসলেই একটি প্রায়োগিক ভুল নাকি পরিস্থিতি ভেদে এবং বক্তার অবস্থানভেদে এর ব্যবহার নিয়ে আমাদের একটু ভাবনার অবকাশ রয়েছে। কথা হচ্ছিল একজন সাহিত্যানুরাগীর সাথে এই বিষয়েই। তিনি ’আপামর জনসাধারণ’ এ কোন অসংগতি খুঁজে পেলেন না এমনকি শব্দটির বিষদ অর্থ উদাহরণসহ জানার পরও। বরং তিনি পাল্টা উদাহরণ দেখিয়ে তার যুক্তি দিলেন , যেখানে প্রেক্ষাপট রাজনীতির মঞ্চই, এবং বক্তা কোন এক রাজনৈতিক নেতা। ধরা যাক, একটি সেতু উদ্বোধনী অনুষ্ঠানে নেতা ভাষণ দিচ্ছেন, ’অত্র এলাকায় আপামর জনসাধারণের জন্য সেতুটি আজকে থেকে উন্মুক্ত করে দেয়া হলো...।’ এর অর্থ, পামর (পাপিষ্ঠ) থেকে জনসাধারণ পর্যন্ত সকলের জন্য সেতুটি ব্যবহারযোগ্য। একটি এলাকাবাসীর জন্য নির্মিত সেতু নির্দিষ্ট করে কেউ কেউ ব্যবহার করবে তা সম্ভব নয়। কে সাধু আর কে দুষ্টু চরিত্রের তা বাছাই করে সেতুতে চলাচলের সুবিধা দেয়াও সম্ভব নয়। অর্থ্যাৎ সেতুটি আক্ষরিক অর্থেই আপামর জনগণের (পামর থেকে জনসাধারণ) জন্য এতে কোন দ্বিমত নেই। তাই এই ক্ষেত্রে ’আপামর জনসাধারণ’ এর ব্যবহারকে প্রায়োগিক ভুল বলতে নারাজ ছিলেন সেই সাহিত্যানুরাগী। গ্রহণযোগ্যতা আর অগ্রহযোগ্যতার দোদুলদোলে আমার অবস্থান দ্বিধান্বিত কিঞ্চিৎ। আমি তখন নিজেকে জনগণের দলে ভিড়িয়ে উদাহরণ পেশ করার চেষ্টা করি । আর দশজন মানুষের মত আমিও কণ্ঠ জোরালো করি, যেমনটা বলি বা বলা হয় হরহামেশাই- ’অচিরেই দেশ দূর্ণীতিমুক্ত হোক, এ আপামর জনগণের দাবি।’ কিন্তু সর্ষেই মধ্যেই তো ভুত! পামর সহযোগে এরূপ একটি দাবি কি ন্যায়সঙ্গতার পরিচয় বহন করে আদৌ?
আপামর নিয়ে এই দ্বিধা অথবা বিভ্রান্তি সবার মাথা ব্যাথার কারণ হয়ে ওঠেনি এখনো। একেবারেই নাচক না করে দিয়ে বরং আগের কথার খেই ধরেই বলতে হয় যে, কর্তার(ব্যক্তি) অবস্থানের উপরই ’আপামর’ শব্দটির সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে ’আপামর জনগণ’ -এর প্রায়োগিক শুদ্ধতা কর্তার সাপেক্ষেই নির্ধারিত হচ্ছে।
লোক মুখে প্রচলিত হতে হতে অনেক শব্দ এর আদি-অর্থ থেকে হয়ত খানিক নড়চড়ে অবস্থানে এখন। সাধারণ জনগণের কথা বাদ দেয়া গেলেও আজকাল গণমাধ্যমগুলোতেও এই ভ্রান্ত চর্চা চলে আসছে। সঠিক অর্থ বুঝে, সঠিক শব্দের সুষ্ঠু প্রয়োগেই ভাষার সঠিক চর্চা নিশ্চিত করা সম্ভব। তবেই আমাদের ভাষাজ্ঞান সমৃদ্ধ হবে।
**********************
ব্যাপক সম্পাদনার পর এই লেখাটা উপসম্পাদকীয়তে একটু জায়গা পেয়েছে!!! ![]()
সমকাল, ৮ই ডিসেম্বর ২০০৯
**********************
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
আইরিন সুলতানা বলেছেন: কোনটা? পামর না আপামর !
২|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
জনৈক আরাফাত বলেছেন: লেখাটা ভালো লাগলো।
প্রয়োজনেই ভাষার প্রয়োগ পালটে যায়!
---------------------------------------------------------------------
ছোট বেলায় আরেকটা শব্দ/শব্দগুচ্ছ খুব বিরক্ত করতো, আবাল-বৃদ্ধ-বনিতা!
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০
আইরিন সুলতানা বলেছেন: প্রদত্ত উদাহরণটির কাতারে প্রথম অংশটির ব্যবহার ব্লগাররা অহরহ করে থাকেন !
৩|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮
কালপুরুষ বলেছেন: প্রশংসাযোগ্য পোস্ট।
শেখা ও জানা হলো "পামর" ও "আপামর" শব্দের ব্যবহার সম্পর্কে।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১
আইরিন সুলতানা বলেছেন: এর ব্যবহার সঠিক ভাবে হচ্ছে না বেঠিক ভাবে হচ্ছে, সে ব্যাপারে আপনি কি মনে করেন?
৪|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১
ফেরারী পাখি বলেছেন: লেখার পেছনে একটা গভীর বোধ লক্ষ্য করলাম। আসলে ভাষার প্রয়োগ এবং ব্যবহারে যে সংবেদনশী মানসিকতা দরকার তা বোধ হয় গণমাধ্যমরে কর্তা-ব্যাক্তিদের অতটা নেই।
সাধারণ জনগণের মধ্যে বেশীর ভাগ ক্ষেত্রেই নেই।
তবে ভাষার বেশী ব্যবহারে কি রূপ হয় না হয় সেটা নিয়ে আমি গভীর ভাবে না ভাবলেও আপনার লেখাটা কিন্তু চমৎকার হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
আইরিন সুলতানা বলেছেন: লেখাটা মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ এবং ভালো লেগেছে জেনে ভালো লাগল।
যদিও আপনি জানিয়েছেন, আপনি ভাষার অতি-ব্যবহার নিয়ে বেশী ভাবেন না, তারপরও আমি মতামত জানতে আগ্রহী, আপামর জনসাধারণ কি আদৌ অগ্রহণযোগ্য নাকি ...?
৫|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
'লেনিন' বলেছেন: দারুণ গবেষণা আপা+মর! ![]()
আদিগন্ত, আকর্ণ ইত্যাদির মতোই পূর্ব হইতে ব্যবহৃত হইতে হইতে অর্থ বিবর্তিত হইয়া সর্বসাধারণ অর্থেই ব্যবহৃত হইতেছে বলা যায়।
বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
আইরিন সুলতানা বলেছেন: কোন আপা যেন এই বিশ্লেষণ না দেখে !
আপামর নিয়ে আপনার মতামত কি তবে? আপনি একে ড. দীন মুহাম্মদের মত অশালীন বলবেন?
ঈদের আনন্দে সবাই ভুলে গেছে হয়ত যে, বাঁচতে হলে জানতে হবে! বিশ্ব এইডস দিবসের শুভেচ্ছা।
৬|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
কালপুরুষ বলেছেন: ভাষা বা শব্দ যদি যোগাযোগের মাধ্যম হয়ে থাকে তবে আমি যা জেনে এসেছি বা আমি যতটুকু জানি সেইটুকু আমার নিজস্ব সীমাবদ্ধতা। আর সেই জানার সীমাবদ্ধতা যখন অতিক্রান্ত হবে কোন প্রচলিত শব্দের নতুন কোন অর্থ বা ব্যখ্যা দ্বারা তখন নিজের চিরাচরিত ধারণা থেকে একটু সরে আসতেই হবে এবং সেই শব্দ প্রয়োগে সচেতন হতেই হবে। শেখা ও জানার শেষ নেই বলেই হয়তো এগুলো আমরা মেনে নিই।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৭
আইরিন সুলতানা বলেছেন: শব্দ প্রয়োগে সচেতন হতেই হবে ....
৭|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
'লেনিন' বলেছেন: আমি ড. দীন মুহাম্মদের বিশ্লেষণকে সঠিকই বলবো। তবে, বিটিভিতে আমার প্রিয় একটি অনুষ্ঠান ছিলো বাংলা'র উপরে 'মোদের গরব মোদের আশা'। সেখানে অধ্যাপক ফরহাদ বিভিন্ন বিবর্তিত শব্দের যে সমাহর দেখাতেন তা দেখে আমার মনে হয় এটা তেমন বড় কোনো সমস্যা নয়। নিরাপদভাবে বেঁচে থাকার গ্যারান্টি নেই আজ সেখানে একটা শব্দ পাল্টিয়েই বা কি হবে? দেশের সরকার হবার কথা জনগণের চাকর, কিন্তু জনগণ প্রকৃত অর্থেই এখনো পামর হয়ে আছে নয় কি?
আগের যুগে ধর্মকর্তৃক রাজা প্রজাদের প্রভূ নির্ধারিত থাকতো তাই তারা অমান্যকারি মাত্রই পামর ডাকতে দ্বিধা করতো না। আর তা থেকেই আপামর প্রচলিত বলেই মনে করি। অবস্থা কতোটা বদলেছে আজ?
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩০
আইরিন সুলতানা বলেছেন: ড. দীন মুহম্মদের সাথে একমত হতে হলে 'আপামর জনগণ' এর এই প্রচলিত ব্যবহারটিকে এড়িয়ে চলতে হয় একেবারে। এজন্যই মতামত নিয়ে দেখছিলাম, কে কি ভাবে দেখছেন শব্দের বিবর্তনকে, প্রচলিত ব্যবহারকে।
ভাবার্থ যদি জীবন ঘনিষ্ঠ চিন্তাভাবনা করা হয়, তো ঠিকই আছে, আদতে ভুল বা সঠিক প্রয়োগে কোন পরিবর্তন , লাভ-ক্ষতি সাধন হচ্ছেনা সাধারণ জনগণের। তারপরও শব্দ যেহেতু যোগাযোগের মাধ্যম তাই শব্দের ব্যবহার কতটুকু অর্থপূর্ণ তা দেখাটাই জরুরী। কিন্তু দেখা যায়, কোন বিশেষ শব্দ ব্যকরণগত দিক দিয়ে ভুল হলেও এর সাবলীল প্রচলন ঠিক মতই যোগাযোগ ঘটাতে সক্ষম হচ্ছে।
নাহ, অবস্থার খুব পরিবর্তন হয়নি। ভাষার ব্যবহার পাল্টেছে, চেহারা পাল্টেছে কিন্তু দূরাবস্থার কোন পরিবর্তন খুব করে হয়তবা অনুভব করা যায় না এখনো ...........!
আরেকটু যোগ করতে চাই, বাস্তব জীবনে যদিও শব্দের অর্থের সঠিক প্রয়োগ বা অপপ্রয়োগ তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্যই অন্তত সঠিক ব্যবহারটা জানা দরকার। জ্ঞান চর্চা আর কি !
৮|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০
ফিউশন ফাইভ বলেছেন: সঠিক অর্থ বুঝে, সঠিক শব্দের সুষ্ঠু প্রয়োগেই ভাষার সঠিক চর্চা নিশ্চিত করা সম্ভব। তবেই আমাদের ভাষাজ্ঞান সমৃদ্ধ হবে।
সহমত।
=====
তরিকা : অনুচ্ছেদ-৩ (নোট দ্রষ্টব্য)
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫
আইরিন সুলতানা বলেছেন: আপনার গভীর বিশ্লেষণী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ !
(পাল্টা জবাবের জন্যও কিছু তরিকা প্রয়োজন!)
=======
তরিকা আগেই পড়েছিলাম।
৯|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপামর জনসাধারণ অর্থ পামর (পাপিষ্ঠ) থেকে জনসাধারণ হয় না মনে হয়। হতে পারে পামর সহ জনসাধারণ, কারণ পামরও জনসাধারণের অন্তর্ভুক্ত। হতে পারে people of all classes including devils.
দেখুন :
আপামর (বিশেষণ) সকলেই; সাধারণ লোক পর্যন্ত; ছোটবড় অভেদে (আপামর সর্বজনে শান্তিবারি করিল প্রদান - মোহিতলাল মজুমদার); {আ+পামর; পামর পর্যন্ত}
(সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ ১১১, ডিসেম্বর ২০০০)
আর শব্দটা মনে হয় নেগেটিভ অর্থে ব্যবহার না হয়ে সমষ্টি অর্থেই ব্যবহার্য। আপামর জনতার ধারণা, তুমি আমার হতে নাকি পারো না... (কুমার বিশ্বজিতের গাওয়া গান)।
পঙ্কে (কাদায়) জন্মে যাহা> কেঁচো, শেওলা, কচুরিপানা, আরো কতো ময়লা-নোংরা কীটপতঙ্গ>পঙ্কজ> এর অর্থ শুধু পদ্মফুল।
আমরা জানি, অর্থগতভাবে শব্দকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন ১) যৌগিক, ২) যোগরূঢ় ৩) রূঢ়। আপামর যোগরূঢ় শব্দ না?
শব্দের ব্যুৎপত্তি বা উৎপত্তির ইতিহাস জানা থাকলে খুব ভালো। কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করলে বা ব্যবচ্ছেদগত অর্থ গোনায় ধরলে অনেক সময় কনফিউজ্ড হবার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
আপনার রচনাশৈলি ভালো লেগেছে।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১০
আইরিন সুলতানা বলেছেন: কখনও কখনও অভিধানে অনেকটা এরকম করেই লেখা আছে, যেমন পামর পর্যন্ত সকলে। তবে পামর থেকে জনসাধারণ এবং পামর সহ জনসাধারণ, মূলত সবক্ষেত্রেই পামর এবং জনগণ মিলেই একটি গোষ্ঠিগত রূপ বোঝানো হচ্ছে।
পামর এর অর্থ নেতিবাচক, আপামর শব্দটি মিশ্র, যেহেতু সকলকে অন্তভূক্ত করছে।
গানটিতে আমার মনে হয় আপামর জনতার বলার পরে মূলভাব আরো জোরালোরূপে প্রকাশ পায়, কারণ, এখানে বলছে সর্বস্তরের লোক বলছে, (এখানে ভাল এবং মন্দ দুই স্তরই বিদ্যমান) "তুমি আমার হতে নাকি পারোনা" !
যৌগিক এবং রূঢ় শব্দের সংজ্ঞার সাথে আপামর মিলছে না।
যোগরূঢ়ে শব্দের সংজ্ঞা বলছে যে,
সমসাবদ্ধ কিংবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন অপেক্ষিত অর্থকে না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে যোগরূঢ় শব্দ বলে। সেই অর্থে পঙ্কজ যোগরূঢ় শব্দ। কিন্তু আপামর যে যোগরূঢ় তা আমি নিশ্চিত হয়ে এখনই বলতে পারছিনা।
মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং আপনার মতামতকে অন্তর্ভূক্ত করার জন্য ধন্যবাদ।
১০|
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২১
মৃন্ময় আহমেদ বলেছেন: না না আমি ভিন্নমত পোষণ করি না মোটেই। একটা রহস্যের কথা বলি-
'অচিরেই দেশ দূর্ণীতিমুক্ত হোক, এ আপামর জনগণের দাবি।’ কিন্তু সর্ষেই মধ্যেই তো ভুত! পামর সহযোগে এরূপ একটি দাবি কি ন্যায়সঙ্গতার পরিচয় বহন করে আদৌ?
ভাষণে বা শ্লোগানে যারা মুখর যারা তারা "আপামর জনতা" বলে কারণ সে বা তারা (পামর) নিজেদের সেই দলে অন্তর্ভুক্ত করতে চায় বলে।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬
আইরিন সুলতানা বলেছেন: রহস্যের মাঝে কঠিন সত্য !
১১|
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: মাইনাসটা আমি দিছি, ডোন্ট মাইন্ড ![]()
অযথাই একটা বিষয়কে ফেনালেন বলে মনে হল। খুঁজলে অনেক শব্দই পাবেন যেগুলো বহুল ব্যবহৃত, কিন্তু আভিধানিক অর্থে নয়, একটু অন্য অর্থে।
আর "পামর" শব্দটায় সমস্যা খুঁজে পেলেন। একটা ক্লু হতে পারে, যে, সংস্কৃত ভাষাটা গড়ে উঠেছিল শিক্ষিত তথা উচ্চবর্ণের মানুষের হাতে, তাই "সকলকে" বোঝাতে ঐ অধম তথা নিম্নবর্ণের মানুষগুলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৫
আইরিন সুলতানা বলেছেন: ব্যাপার না। নতুন নতুন ব্লগে এসে আমিও এমন করে প্লাস-মাইনাস টেস্ট করে দেখতাম ! ![]()
ব্লগে অনেক বিষয় আমরা এমনি এমনিই ফেনাই! ধীরে ধীরে বুঝে যাবেন।
দ্বিতীয়ত, অনেক শব্দেই সমস্যা থাকতে পারে, রাজ্যের সব সমস্যাযুক্ত শব্দ এক লেখাতেই টেনে আনাটা কি খুব দারুণ কিছু হবে ? নাকি আমার চোখে একটা খটকা লাগলো বা সামান্য জানার আগ্রহবোধ হলো, তাই আমি তা নিয়েই একটু পড়াশোনা, জানাশোনা করে দেখব।
তাছাড়া আপত্তির গোড়াপত্তন কিন্তু আমার কর্তৃক নয়, ড. দীন মুহম্মদ কর্তৃক, আমার আগ্রহের সূত্রপাত সেখান থেকেই।
আপনার সহমত, দ্বিমত থাকতে পারে, সেটাই যৌক্তিক আকারে জানতে চাওয়ার কারণেই লেখাটা দিলাম। এবং আমি মনে করিনা এটা অযথাই বলাটা খুব একটা ঠিক হলো।
১২|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
সায়েম মুন বলেছেন: বেয়াকরণ ফড়তে গিয়া দন্ত ভাইংগা গেলগা ![]()
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
আইরিন সুলতানা বলেছেন: এবার বুঝিয়ে বলুন, যা বললেন তা কোন কারক, কোন সমাস, কোন বিভক্তি ?
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ![]()
অনেক কঠিন পোষ্ট
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
আইরিন সুলতানা বলেছেন: কঠ্ঠিন পোস্ট ! ![]()
১৪|
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
তাজা কলম বলেছেন:
সুন্দর গবেষণাধর্মী পোষ্ট।
তবে আমার মত, যখন আপামর শব্দটি কোন রাজনৈতিক নেতা/নেত্রী ব্যবহার করেন সে ক্ষেত্রে শব্দটির অপপ্রয়োগ হয় না। কারণ আমাদের নেতা-নেত্রীরা সামন্ততান্ত্রীক চিন্তা-ভাবনায় আচ্ছন্ন এবং সমাজের নীচতলার মানুষদের তারা মানুষ হিসেবে গণ্য করেন কি না তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আমার। এই নব নেতা-নেত্রীদের চোখে সমাজের সাধারণ মানুষেরা তো পামরই বটে।
ধন্যবাদ আইরিন সচেতনমূলক পোষ্টটার জন্য। ++++
০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
আইরিন সুলতানা বলেছেন:
জনগণের ক্ষোভগুলো যদি নেতানেত্রীরা বুঝতেন !
ধন্যবাদ স্যার মন্তব্যের জন্য।
১৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
নিরব হাসি বলেছেন: ধন্যবাদ আপনাকে সচেতনমূলক পোষ্টটার জন্য।
অফটপিকঃ
Click This Link
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
আইরিন সুলতানা বলেছেন: ধন্যবাদ লিংকটির জন্য। সময়-সুযোগমত চেষ্টা করব লিংক দিয়ে সহযোগীতা করার।
১৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৪
কাব্য বলেছেন: শুধু স্ক্রল কইরা নিচে নামছি, পড়বার সাহস পাই নাই ![]()
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
আইরিন সুলতানা বলেছেন: ভাল করসো, পড়লেই আছাড় খাওয়ার চান্স ছিল! :-&
১৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
সাইফুর বলেছেন: ব্যাপক এনালাইসিস
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
আইরিন সুলতানা বলেছেন: হ !
১৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২
রাগ ইমন বলেছেন: বিষ-লোশন ভালো হয়েছে ।
আজন্ম, আসমুদ্র , আমৃত্যুর মতই আপামর । বুঝার এত কষ্ট তো হওয়ার কথা ছিলো না । যাক গে, তোমার পোস্টে তো এত বানান ভুল থাকে না । তাড়াহুড়ো করে লেখা নাকি?
সময় পেলে একটু দেখে নিও।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
আইরিন সুলতানা বলেছেন: পড়ে বললে তো ? আপামর নিয়ে তো সমস্যা নাই। পামর এবং আপামর এর একক অর্থেরও বিবর্তন হয়নি। উৎপত্তিতেও যা ছিল তাই আছে। তাই ওগুলোর অর্থ বুঝতেও কোন সমস্যা হয়নিতো। সমস্যা হলো 'আপামর জনসাধারণ' প্রয়োগটা সঠিক বা বেঠিক? এই আপত্তিটা কম হলেও কেউ কেউ করেছে, করছে। সচলায়তনেও একজন পোস্ট দিয়েছিল একবার, সেখানে 'আপামর জনসাধারণ' এ তার বেশ আপত্তি ছিল। এখানে ড. দীন মুহম্মদ এর লেখার লিংক দিয়েছি। তিনিও বেশ আপত্তি তুলেছেন। এজন্যই বিষ-লোশন ঢাললাম। দেখি 'আপামর ব্লগাররা' কি বলেন ? ![]()
তাড়াহুড়ায় লিখলে এই টাইপ পোস্ট লেখার কথা না। তবে বানান রিভিশনের সময় দেই নাই। তবে অসুবিধা নাই, সামুর এডিটিং ফিচার আছে না ! ![]()
১৯|
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯
আবু সালেহ বলেছেন:
ব্যপকস...........জটিলস.....
০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
আইরিন সুলতানা বলেছেন: আয় হায়! এখনো জটিল ! আমি তো জটিলতা সহজ করার জন্যই পোস্টাইলাম !
২০|
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২২
মেঘ বলেছেন: ভালো হয়েছে
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৩
আইরিন সুলতানা বলেছেন: তাহলে তো ভালই
২১|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
সায়েম মুন বলেছেন: মারমান্তিক বিফদে ফালাইলেন দেহি। দন্ত মোবারক যাও অবশিষ্ট আছিল তাও বোধ করি ভাইংগা গেল।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
আইরিন সুলতানা বলেছেন: আপনি পেপসোডেন্ট ব্যবহার করেন না !!!!!!!!!!!!
পেপসোডেন্ট বাচ্চারা ব্যকরণকে বিপদ বলে না !
২২|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
চাচামিঞা বলেছেন: বিষাল পোস্ট.....সময় নিয়ে পড়ে কমেন্ট করবো।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
আইরিন সুলতানা বলেছেন: আজকাল আমার পোস্ট পড়ার বেলায়ই দেখি আপনার সময় হয় না !
২৩|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অন্য ব্লগে পড়েছি। এখানে মন্তব্য করলাম। খুব কাজের পোস্ট। আগে জানা ছিল না।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
আইরিন সুলতানা বলেছেন: তাই ? লেখাটাকে প্রয়োজনীয় মনে করায় ধন্যবাদ অনেক।
২৪|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
নতুন ভাবে বাংলা ব্যাকরণ নিয়া বসতে হবেক
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
আইরিন সুলতানা বলেছেন: এইচ.এস.সি'তে ড. মনিরুজ্জামানের বাংলা ব্যাকরণ বই ছিল রেফারেন্স হিসেবে । বইটার সবুজ মলাট দেখতে এতো ভাল লাগতো যে অতি যত্নে রাখতাম ওটা, মানে ওটা পড়তামই না আসলে!!! পরীক্ষার আগে আগে কেবল একটু চোখ বুলিয়েছিলাম, তাই দু'চারটে টিক্ চিহ্ন আছে, তাও পেন্সিলের। আর সব বই গায়েব হয়ে গেলেও ওটা রেখে দিয়েছিলাম সংগ্রহে যদি কখনো কাজে লাগে এই আশায়!! এই লেখাটা পোস্ট করার পর সেদিন খুঁজে খুঁজে বার করলাম সেই সবুজ মলাটের বাংলা ব্যাকরণ !!!
২৫|
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
সহেলী বলেছেন: তুমি দেখছি রীতিমত গবেষনা করেছো ।
ভাগ্যিস আমাকে জিজ্ঞেস করেনি ।
আপামর মানে জানতে চাইলে সোজা বলে দিতাম -- আপা মর্ !
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৭
আইরিন সুলতানা বলেছেন: :-&
২৬|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮
চাচামিঞা বলেছেন: আমার কমেন্টের উপর আপো-নার রাগে ইমো গুলো দেখে বুঝতে পারছি....আসলেই আমার উপর চেতসেন.....
কিন্তু আমি আপো-নার একজন সিরিয়াস পাঠাক...একটা প্লাস দিয়ে ব্যাফক বলে ছেরে দিতে পার্তাম.....এমনটা হয়তো অনেকের সাথেই করি
.....কিন্তু যাদের সাথে করি..তাদের সাথে পার্সোনাল ইন্টারেক্শন হয় না.....বিষয়টা অনেকটা এমন লাগে আমার কাছে "হিট ফোর হিট" ....আপনার সাথে তো আমার এমন সম্পর্ক না.....তাই না?
যাই হো....আসলেই ইদানিং সময় সর্টে আছি......লগইন করেথাকি কিন্তু পড়ার বা লিখার সময় হয় না....কালকে রাতে অফলাইনে আপনার রিপ্লাই দেখে ঠিক করেছিলাম, আজকে অফিসে এসেই আপনার লিখাটা পড়ে ফেলবো...সকাল সকাল চলেও আসলাম.....আপনার ব্লগে ঢুকলাম.....যেই পড়া শুরু করেছি ...ওমনি একটার পর একটা ফোন আসতে থাকলো....আজাইরা ফোন .....সকালে অফিসে আসার সময় রেডিও ফুর্তিতে একটা এসএমএস করসিলাম...ওরা ঐটা পড়ায় আমি যতো না খুশি হইসি...আমার পাশে বসা আপনার চাচী এরচেয়ে ১০০ গুন খুশি হয়ে তামাম আত্নীয়স্বজনকে ফোন করে জানাইসে বিষয়টা......ওরা আবার পাল্টা ফোন করে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হওইতে চাচ্ছে....এখন বুঝেন ঠেলা
....
যাইহো এর পরে আপনার লিখাটা পড়লাম....মন্তব্যগুলো পড়লাম.....কেউ কেউ আপনার বানানের ভুল ধরেছে, সেটাও জানলাম.....যদিও আমার চোখে বানান ভুল ধরা পরে নাই......কারন বানান ভুলের বিষয়টা আমি মোটেও পাত্তা দেই না......আমার মতে "ভাবার্থ বুঝাতে পারলেই হইলো"........আর্টিকেল পড়ে আমি যা বুঝলাম সেইটা হইলো....আমজানতাই হইলো আপামর....এবং এর মধ্যে আ হইলেন আপনারা......আর পামর হইলাম আমি আপনার অনুগত গরিব চাচা
"
ভালো থাকবেন........
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১
আইরিন সুলতানা বলেছেন: যাক, ইমো কাজে লাগসে ! কেবল সাতটা ইমোতেই আপনে দেখি আমার পোস্টের চেয়েও ব্যপক বিশ্লেষণ লিখে ফেলসেন! তাও আবার সুচারু পর্যবেক্ষণ !
কথা তো সত্যই চাচা-ভাতিজির সম্পর্কে আমরা হিতাকাঙ্খী হইতে পারি, হিটাকাঙ্খী নয় !
এস.এম.এস কি টি-স্টল শো তে পাঠাইসিলেন ? আপনারটা মিস করলাম তাইলে, ১১টার পর আজকে রেডিও ছাড়সিলাম, একটা এস.এম.এস. -ও পাঠাইলাম, কিন্তু তার পর পরই শো শেষ হয়ে গেল !
তবে গত পরশু অবশ্য বিকালের শো ঢাকা কলিং -এ আমার এস.এম.এস পড়সিল ! আর.জে অপু'র বদলে ওইদিন আর.জে রনো কে বসাইসিল, তাই আর.জে. অপুর হাল-হকিকম জানতে ম্যাসেজ পাঠাইলাম! আমি আবার আর.জে. অপু'র পাংখা কিনা ! :#>
চাচী'রে সালাম পৌছায় দিয়েন।
২৭|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
পথিক!!!!!!! বলেছেন: সকলেই পাপী . এই দৃষ্টিকোণ থেকে আপামর জনগণ সঠিকই তো
সকল পাপী জনগণ।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬
আইরিন সুলতানা বলেছেন: লাখ কথার এক কথা বললো এতোক্ষণে কেউ একজন !
২৮|
০৯ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩৩
লালসালু বলেছেন: অনেক গবেষনা মূলক পোষ্ট
০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭
আইরিন সুলতানা বলেছেন: একটু পড়াশোনা করে দেখলাম আর কি ! ধন্যবাদ পড়ার জন্য।
২৯|
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০১
ক্যামেরাম্যান বলেছেন: কিংকর্তব্যবিমূঢ় !!!
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
আইরিন সুলতানা বলেছেন: এইটার ব্যবচ্ছেদ, বিশ্লেষণ আমার পক্ষে সম্ভব না তা আগেই বলে রাখলাম কিন্তু!!!
৩০|
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
তারার হাসি বলেছেন:
এমন অনেক কিছুই আমি খুব কম বুঝি...
খুব কমন শব্দ নিয়েও দ্বিধায় ভুগি, ব্লগে জয়েন করার পর আমার উন্নতি হয়েছে। ![]()
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
আইরিন সুলতানা বলেছেন: বুঝিনা বলেই তো লিখি !
৩১|
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
হিমালয়৭৭৭ বলেছেন: এই লেখাটায় ৪মাস পরে বিস্তারিত মন্তব্য করতে পারবো, কারণ মন্তব্য করার মত যথেষ্ট জ্ঞান এ মুহূর্তে নেই; আরও পড়াশোনা করতে হবে এই সময়ের মধ্যে।।। আশা করছি, আগামী এপ্রিল নাগাদ সেটা হয়ে যাবে।।।
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১
আইরিন সুলতানা বলেছেন: এপ্রিল ...? কাউন্টডাউন starts now ... ... ...
৩২|
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
পারভেজ বলেছেন: ব্যাপক গবেষণা!
" তবে রে পামর..........।" এই শব্দটা টেনিদা মনে হয় ব্যাপক ব্যবহার করেছেন ![]()
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
আইরিন সুলতানা বলেছেন: টেনিদা !!!!! ইশশ, গবেষণায় কমতি ছিল মনে হচ্ছে ! এমন একটা নমুনা বাদ পড়ে গেল লেখাতে !
৩৩|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৭
ফারহান দাউদ বলেছেন: খাইসে! মাথা ঘুরানো শব্দতত্ত্ব।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
আইরিন সুলতানা বলেছেন: জ্বি ! আমারো মাথা ঘুরতেছিল লিখতে লিখতে !
৩৪|
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
জলপাই দেশি বলেছেন: লোক মুখে প্রচলিত হতে হতে অনেক শব্দ এর আদি-অর্থ থেকে হয়ত খানিক নড়চড়ে অবস্থানে এখন। সাধারণ জনগণের কথা বাদ দেয়া গেলেও আজকাল গণমাধ্যমগুলোতেও এই ভ্রান্ত চর্চা চলে আসছে। সঠিক অর্থ বুঝে, সঠিক শব্দের সুষ্ঠু প্রয়োগেই ভাষার সঠিক চর্চা নিশ্চিত করা সম্ভব। তবেই আমাদের ভাষাজ্ঞান সমৃদ্ধ হবে।
= খুব ভালো লাগলো। সহমত।
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
আইরিন সুলতানা বলেছেন: কোথাও দ্বিমত থাকলেও তা জানানোর আহ্বান থাকলো ।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯
ম্যাভেরিক বলেছেন: ব্যাপক!