| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা সবার ধর্মানুভূতি রক্ষা ও মুক্তচিন্তার পথ রুদ্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার ২০ জন বিশিষ্ট নাগরিক এই উদ্বেগের কথা জানান। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, চার ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় দেশে-বিদেশে ভুল বার্তা পৌঁছাবে। এ ধরনের ঘটনায় বিশিষ্টজনেরা গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে বলা হয়, এই তরুণেরা শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রচারে যুক্ত ছিল। আমরা ইসলাম কিংবা অন্য কোনো ধর্ম, মুক্তিযুদ্ধ ও ব্যক্তি বিশেষ সম্পর্কে যেকোনো ধরনের কটূক্তিরবিরোধী।
বিবৃতিতে বিশিষ্টজনেরা আরও বলেন, আমরা মনে করি, গত প্রায় দু মাস ধরে শাহবাগে বাংলাদেশের তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অপরিসীম কষ্ট স্বীকার করেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ধন্যবাদই তাঁদের প্রাপ্য। এঁদের বিরুদ্ধে প্রতিপক্ষ ধর্মদ্রোহিতার অভিযোগ তুলে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে ঠিক এমনিভাবেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধর্ম বিরোধিতার অভিযোগ তোলা হয়েছিল। গণজাগরণ মঞ্চ থেকে বারবার সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, ধর্মের বিরুদ্ধে তাঁরা কেউ কোনো কথা উচ্চারণ করেনি। তারপরও তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন আমাদের ব্যথিত করেছে। বিশেষ করে আমরা যখন দেখতে পাচ্ছি, মুদ্রণ মাধ্যম ও ব্লগে ধর্মকে অপব্যবহার করে অনেক মিথ্যাচার করা হচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন সরকারের এই একপেশে আচরণে আমরা বিস্মিত। বিবৃতিতে বিশিষ্ট জনেরা আশাপ্রকাশ করেন, এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং এই তরুণদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।
বিবৃতিদাতারা হলেন: সালাউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, আকবর আলী খান, অজয় রায়, কাইয়ুম চৌধুরী, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, খুশী কবীর, সুপ্রিয় চক্রবর্তী, তারেক আলী, জাফর ইকবাল, এম এম আকাশ, ইয়াসমিন হক, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, রোবায়েত ফেরদৌস।
বিভিন্ন ব্লগে ইসলাম অবমাননার অভিযোগে গত সোমবার রাতে তিন ব্লগারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন—সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ। বুধবার গ্রেপ্তার করা হয় ব্লগার আসিফ মহিউদ্দীনকে।
©somewhere in net ltd.