| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের ভবনধস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগসহ ক্ষমতাসীন জোটের নেতারা। সমালোচকদের মধ্যে রয়েছেন একজন মন্ত্রীও।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আখ্যা দিয়েছেন ‘বেফাঁস কথা’ বলে।
প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখন গণতন্ত্র ও অর্থনৈতিক স্বার্থে বেফাঁস কথা না বলে উদ্ধার অভিযানে যোগ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পরও সাভার বিল্ডিং ধসের কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য শুধু দুর্ভাগ্যজনকই নয়, কাণ্ডজ্ঞানহীনও। তাঁর ওই বক্তব্য দোষী মালিকদের আড়াল করার শামিল।
গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে ভবনধসে হতাহত পোশাকশ্রমিকদের সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহের সময় মেনন এ কথা বলেন।
মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল এক বিবৃতিতে ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেন।
এ ছাড়া গতকাল সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অযথা কথা বলে মানুষের কাছে সরকারকে বিতর্কিত করছেন। কোনো ঘটনা ঘটলে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।’
বুধবার সকালে সাভারে বহুতল রানা প্লাজা ধসের পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হরতাল-সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ ও ফটক ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। ভবনটি ধসে পড়ার পেছনে এটি একটি সম্ভাব্য কারণ হতে পারে। পরদিন সচিবালয়েও সাংবাদিকদের কাছে এ বক্তব্য সমর্থন করে মন্তব্য করেন তিনি। তবে গতকাল শুক্রবার মন্ত্রী দাবি করেন, প্রচারমাধ্যমে তাঁর ‘পূর্ণ বক্তব্য’ আসেনি। তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
©somewhere in net ltd.