নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পডুন,জানুন,শেয়ার করুন

একাকী মনের মানুষ

একাকী মাহ্‌মুদুল হাসান

েদশের খবর তুলে ধরাই আমার কাজ

একাকী মাহ্‌মুদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ২৭/০৪/২০১৩

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

সাভারে ভবনধসে হতাহতের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাজীপুর ও কালিয়াকৈরে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকেরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ গাজীপুরের সব কারখানা ছুটি ঘোষণা করেছে।

একই দাবিতে টঙ্গীতে শ্রমিকেরা ২৫টি কারখানা ও ৫০টি যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুরে দুই মহাসড়কে অবরোধ, দুর্ভোগ: সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সকালে শিল্পকারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন, বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। গত বুধবার সাভারে ভবনধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ভবনমালিককে গ্রেপ্তার ও বিচারের দাবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রমিকেরা গতকাল সাড়ে আটটা থেকে অবরোধ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের ভোগড়া এলাকায় গতকাল সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল করছিলেন। এ সময় এমএইচ টাওয়ার থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পরে মিছিলকারীরা টাওয়ারে ভাঙচুর চালান এবং টাওয়ারের নিচতলায় থাকা এবি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর করেন। বিক্ষুব্ধ লোকজন টাওয়ারের নিচতলার আসবাবের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া টাওয়ারের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন। জয়দেবপুর চৌরাস্তা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে মহাসড়কে প্রায় পৌনে নয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় শহর এলাকায় চালু রাখা সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর, টঙ্গীতেও ভাঙচুর: কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ না করায় গতকাল সকালে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে আশপাশের ১০-১২টি কারখানার পাঁচ শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সাভারের ঘটনায় কারখানা বন্ধ না থাকায় শ্রমিকেরা এ তাণ্ডব চালিয়েছেন। টঙ্গীর বিসিক শিল্প এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ২৫টি কারখানা ও ৫০টি গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় মিছিলকারীরা সাভারে ভবনধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। প্রত্যক্ষদর্শী ও কারখানার মালিকেরা জানান, টঙ্গীর বিসিক শিল্প এলাকার জিনস কালেকশন, স্যাপ ফ্যাশনস, মুনলাইট ওয়াশিং, জাবের জোবায়ের ফেব্রিকস লিমিটেড, নোমান ফেব্রিকস লিমিটেড, হোসেন ডায়িং, ঢাকা ডায়িংসহ ২৫টি কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালান। তা ছাড়া ৫০টি গাড়ি ভাঙচুর করেন।

নারায়ণগঞ্জে আটক ৩৬: ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্প এলাকায় গতকাল পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি কারখানার জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ভোলাইল এলাকায় ৩০-৪০ জন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা বিসিক শিল্প এলাকায় পাঁচটি কারখানা ভাঙচুর করেন। শ্রমিকদের অভিযোগ, শুক্রবারও কারখানা খোলা রাখার কারণেই তাঁরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, শ্রমিকেরা ভাঙচুরের চেষ্টা চালালে মৃদু লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। হামলা ও ভাঙচুরে জড়িত সন্দেহে ৩৬ জনকে আটক করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.