নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.kobitaabbritti.com

মামুন আল আশরাফ

প্রবাসী

মামুন আল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

একটি স্বরচিত কবিতা ও আবৃত্তি

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

মেঘ যমুনার আরশিতে
নাসির মাহমুদ

কখনো হয় নি পড়া মুক্ত নয়নপাঠ
পড়েছি কেবল সোনা ঝরা অশ্রুদীপ
প্রশান্ত সাগর বুকে নিস্তব্ধ ঝিলিক
সূর্যকণার ঝলসানো দ্যুতি চমকেছিল-
মেঘের আড়ালে প্রিয় চন্দ্রিমা কপোলে।
অশ্রুবিন্দু শিল্প হয় ছিল না তা জানা
কে জানে নীল পুকুরে মিশেছিল কিনা!
স্মৃতির ঝিনুকে সেই ডাকসুর ক্যাফে
তীব্র চঞ্চল সময়ে বৃত্তাকার আড্ডা
নদীতীরের খুঁটিতে ধ্যানি মাছরাঙা
আপনার মাঝে লীন মৌন নি:সঙ্গতা...

জোয়ারের তীব্র টানে সূর্যঘড়ি ঘোরে
টেবিল ফ্যানের মতো কিংবা তারও চেয়ে
দ্রুতগামী জুনো যান তীব্র বিস্ফোরণে
পৃথিবীময় বিক্ষিপ্ত ক্যাফের প্রাণেরা

তারপর-
জীবনের বাঁকে বাঁকে বসন্ত-খরায়
সূর্য ডোবে,চন্দ্র ওঠে উল্কা ঝরে কত
ফুল পাখি ভরে ওঠে প্রতিটি বাগানে
শারদি হলুদ মিলে বাসন্তি সবুজে
জেগে উঠে কিশলয় সামনে দাঁড়ায়।

তারপর-
একদিন সাঁঝের বেলা চেনা সেই মুখ
চেনা কাঁধের কলসি বৈশাখি আল্পনা
নিমেষে ভাবনার পানসি পাল তুলে যায়
বৈঠা কেটে সাদাকালো ক্যাফেটেরিয়ায়
ফেনিল রহস্যঘেরা নীল মোহনায়
ফেলে আসা-
প্রবাল, মুক্তো ঝিনুক কুড়িয়ে নিলাম
জমিয়ে নিলাম সব কালের আঁচলে
কাঁচের ঝিনুক যেন বালির সৈকতে
চোখে চোখ রেখে পড়ে নিলাম কোরাস
“তুমি”! হা হা! সেই তুমি আয়না তরঙ্গে
ধ্বনি-প্রতিধ্বনি তুলে থ’ বনে গেলাম
স্মৃতির ফড়িং নাচে ধা-ধি-না- না-থু-না
জীবনবৃক্ষের শাখায় লাফিয়ে বেড়ায়
উড়ে উড়ে ডিগবাজি খায়,খেতে খেতে
ওঠে প্রশান্তির চাঁদ ক্লান্তির ডানায়
আহা ক্লান্তি! আহা শ্রান্তি! অচেনা স্পন্দন
অশ্রুকণার কপোলে রঙধনু নন্দন
ডানা মেলে ওড়ে সেই প্রজাপতি ফুলে
রিন্‌ঝিন কাকন বাজে দুহাতের দোলে
বাতাসে উড়ে বেড়ায় ভোলামন ঘুড়ি
আবেগের ফেনা ওঠে দু’আঙুলে তুড়ি
তবু নেই আজও সেই প্রাচীন উচ্ছ্বাস
শুধু পাতা না খোলার মোদিত নি:শ্বাস
সেই কবিতার খাতা সেই অরুণিমা
সেই গল্পকথা আর সেই পংক্তিমালা
অভিন্ন মাত্রায় আজও যুক্ত হলো নৃত্য
কণ্ঠে ফুটিয়ে কবিতা ঘ্রাণময় নিত্য
আজও আকাশের নীলে ফোটে শ্বেত কাশ
ফুলে ফুলে সুখ খোঁজা পীৎ রঙ ঘাস
মনের গহীনে বাজে সঙ্গীত ধ্রূপদি
কবিতার ঘরকন্না শিল্প পঞ্চপদী
কবিতাসন্ধ্যার সেই আড্ডার ব্যঞ্জন
মঞ্চে টিভির পর্দায় হাতে মাইক্রোফোন
কখনো আহ্বান কিংবা নিজেই কবিতা
কখনো আবৃত্তিকার আবেগি সবিতা

এভাবেই শরতের পর স্নিগ্ধ শীত
বরফ মাড়িয়ে ওঠা দারুন সবুজ।
দুরন্ত সময় দেখো খরগোশ যেন
উৎকর্ণ চপল এবং কৌতূহলী আজ
শিল্প ভুবনেই ভোর সেখানেই সাঁঝ।
এক হাতে নীলাকাশ অন্য হাতে মরু
ভরাসাগর তরঙ্গে ভ্রান্ত জলোচ্ছ্বাস
ভেজে না তৃষিত মন বাঁকা অলিগলি
বালুকাময় দারুণ,উত্তপ্ত ও সরু
ই ভরা ভাদর তবু বাদরহীন খরা
ভিজে ভিজে মুছতে চায় জীবনের জরা
দু’চোখের স্বরলিপি এখন টেবিলে
মানচিত্রের মতো খোলা মেলা এ নিখিলে
এখন সন্ধ্যার পর ধ্রূবতারা ডাকে
আমি দেখি তাণপুরাটি সেই জীর্ণ তাকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পড়ে ভাল লেগেছে! শুভকামনা!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

মামুন আল আশরাফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.