নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো গোলাপ

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে

মাসুদুল হাসান শাওন

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে পৃথিবীর অবশিষ্ট আলোটুকুও তখন কোথায় হারিয়ে গেল - কে জানে!

মাসুদুল হাসান শাওন › বিস্তারিত পোস্টঃ

নীল খাম- মাসুদুল হাসান শাওন

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭



নীল খাম



একটা কুরিয়ার এসেছে আমার নামে

নীল খাম লাল ফিতায় মোড়া-হারিয়ে যাওয়া চেনা সুগন্ধি জড়ানো;

প্রেরকের স্থানে ‘লাবণ্য’-

নস্টালজিয়ায় কিছুক্ষণ বিমুগ্ধ বসে থাকা, অতঃপর

বহু যত্নে আলতো হাতে ধীরে ধীরে খুলছিলাম আবরণ তার

ঠিক তখনি একটি বুনো ষাঁড় অকস্মাৎ

ছুটে এল লাল ফিতার মোহে ক্রুদ্ধ হিংস্রতায়।

আমি ছুটছি ঊর্ধ্বশ্বাস দিগ্বিদিক

দু’হাতে সযত্নে লুকিয়ে আধখোলা নীল কুরিয়ার।

পাহাড় জঙ্গল গিরিখাত শাপদ-শঙ্কুল বন্ধুর পথে ছুটতে ছুটতে

ক্লান্ত আমি রক্তাক্ত ক্ষতবিক্ষত পায়ে মুখ থুবড়ে পড়ি সহসা।

সুতীব্র হুঙ্কারে বুনো ষাঁড় আমার নিকটবর্তী হয়-

নিকটবর্তী হতে হতে একসময় আমার

অসহায় চোখের দিকে তাকিয়ে কিংবা নিরস্ত্র ভেবে

ক্রুদ্ধতা ভুলে ভর দিয়ে বসে দু’পায়ে-

ছুটে আসার ক্লান্তিতে ঝুলে পড়ে চোয়াল, জিভ

আমি তাকে ম্রিয়মান হতে দেখি, আর দেখি

বুনো ষাঁড় হয়ে গেছে একটা কালো রোমশ কুকুর, এবং

আমার হাতের নিরপরাধ নীল কুরিয়ার-

লাল ফিতায় মোড়া এক টুকরো রুটি।

ঘুম ভেঙ্গে উঠে বসি,

আবিষ্ট স্বপ্নের মোহে আচ্ছন্ন তখনও আমি।



কী ছিল ওই নীল খামে, লাবণ্য?

আধ ফোঁটা কালো গোলাপ? নীল প্রজাপতি?

কিংবা ধূসর কোন স্মৃতি?

তোমার আমার সেই সব দিনলিপি- লাল নীল বেগুনী!

হাজার রঙের আবির মেশানো-

নাকি তোমার করুণ চোখের কাজল ধোয়া এক আকাশ বর্ষার মেঘ!

যার স্রোতে আজ আমি দিকভ্রান্ত পথিক-

হারিয়ে পথ ছুটছি দিগ্বিদিক।



কী ছিল ওই নীল খামে, লাবণ্য?

অনেক কথার ফুলঝুরি, অথচ হয়নি বলা যে কথা-

তারই সলাজ প্রকাশ?

তোমার আমার পারস্পরিক বোঝাপড়া ছিল যে গানে,

ছিল সুকোমল স্নিগ্ধ আহ্বান- নিরব অনুভবে

দিয়েছিলে কি তারই ভগ্নাংশ? আজ যা সুরহীন অস্থি-কঙ্কাল?



কী ছিল ওই নীল খামে, লাবণ্য?

তোমার কস্তূরী গন্ধে ভরা চুলের ঘ্রাণ, হাসি অমলিন,

নিটোল মসৃণ গালের গোলাপি আভা, তোমার সর্বাঙ্গ-আমার সর্বনাশ!

নাকি ফাল্গুনের নির্মেঘ নীলাভ আকাশের মত

বিশাল হৃদয় তোমার-

বহু যত্নে ভাঁজহীন সমর্পণ করেছ আমার দীনহীন বুক-পকেটে।



অবসন্ন ক্লান্ত চোখে ধূসর গোধূলি;

আজ আমি রিক্ত শূন্য হাত তোমারই প্রতীক্ষায় থেকে থেকে

ধ্বসে যাওয়া শ্যাওলা ধরা প্রাচীন দেয়াল,

তোমারই প্রতীক্ষায় থেকে থেকে মৃত জোনাকি।

তোমার পাঠানো নীল খাম তাই হল না খোলা;

খুলবার আগেই ওটা রুটি-বুনো ষাঁড় কুকুর বেশে

অপেক্ষায় অতিক্রান্ত প্রহর গুনে গুনে কৃষ্ণ বিবর!

আর আমি সূর্যাস্তের অপেক্ষায়।

সূর্যাস্তের আর কত দেরি, লাবণ্য?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.