| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছে বিষন্ন ক্লান্ত দিন-
নিয়মের রৌদ্রের পর শীত বিকেল;
হেমন্তের হরিৎ প্রান্তরে এক হাঁস সন্ধ্যার আলোচ্ছায় মেখে-
ফিরে যাচ্ছে পুরনো নীড়ে,
অথবা কোন এক শ্যাওলা ঝরা হ্রদের দিকে হারিয়ে যাচ্ছে;
হীম কালো এক হ্রদ-
কলকলে মচকানো স্রোত খেলা করে তরঙ্গে তরঙ্গে!
জানি না, এই অন্তহীনতার শেষ কোথায়?
আকাশ ভরে চিল উড়ে
অথবা রুপার বিমানের মতো বক-
এক ঘেয়ে নাশপাতি রোদ,
কাস্তের ফলার নিচে সোনালি ফসল;
কোথাও কোন নারী নেই, মেঘ নীল আকাশ-
ছাতার মতো অন্ধকার নেমে আসে তারপর!
চুম্বনের পরে যদি মৃত্যু এসে যেত
অথবা তোমার সঙ্গমের আগে-
গভীর আবেশে ঠিকই যেতাম মরে,
শুকনো পাতায় পাতায় অথবা কোমল ফসলের 'পর
শুয়ে থাকতাম-
মিশে যেতে থাকতাম যেভাবে মিশে যেতে হয়!
রাত্রি অনেক ক্লান্তি নিয়ে আসে,
বিষাক্ত অবসর!
যেন কোন এক কেউটে এসে তাঁর বিষফলা বসিয়ে গেছে,
অন্ধকার সময়টা ঘিরে-
ঘুম আসে না- কত দিন হয়ে গেলো, হায়!
ছায়া বিম্বের মতো চমৎকার মিলিয়ে গেলে-
চাঁদ তবুও আকাশে ঘুরে, সুর্য সোনালি দিন আনে-
মেঘ ভাসে পাখি উড়ে,
হাঁস অথবা সমুদ্র সবই রয়ে গেছে,
নিজের মতো করে তুমি আর নেই,
অনন্ত অট্টহাস রক্তাপ্লুত ক্ষরণের মতো বয়ে যেতে থাকে-
যেতে থাকে বিষণ্ন উষ্ণ প্রবাহের মতো
©somewhere in net ltd.