নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...............

শ্রাবণধারা

" আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি-ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক-পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে......."

শ্রাবণধারা › বিস্তারিত পোস্টঃ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


কয়েক দিন আগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল জঙ্গি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করে তৌহিদি জনতা জড়ো করা হয়। তারা একত্রিত হয়ে শামীমকে দফায় দফায় পেটায়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাঁকে পেটানো হয়। তারপর শামীমকে টেনেহিঁচড়ে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে আরও এক দফা পিটিয়ে তৌহিদিরা তাঁর মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পরে জঙ্গিরা লাশের ছবি ফেসবুকে পোস্ট করে বর্বর উল্লাসে মেতে ওঠে।

হত্যাকারীদের নেতৃত্বদানকারী ফজলুল হক আমিনীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটকের পর সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি অপরাধী কি না, তখন হত্যাকারী বলে, রাষ্ট্রীয় আইনে তিনি অপরাধী, তবে আল্লাহর আইনে নন। হত্যাকাণ্ডের জন্য অনুশোচনা হয় কি না - এমন প্রশ্নের জবাবে, মুচকি হেসে তিনি বলে, তার কোনো অনুশোচনা নেই।

ফেসবুকে অসংখ্য ধর্মোন্মাদ মুসলমান এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। শুধু তাই নয়, ধর্মীয় রেফারেন্স টেনে এনে অনেকে এই হত্যাকাণ্ডের পক্ষে যুক্তি দিয়েছে। গত দুই বছরে জামাত এবং জঙ্গিগোষ্ঠীগুলো মিলে বাংলাদেশে এক সহিংস সংস্কৃতি সৃষ্টি করেছে।

ইসলামপন্থিরা ধর্মকে আর ধর্মবিশ্বাসের জায়গায় রাখেনি, ধর্মকে তারা একটা সহিংস কল্পিত বাস্তবতায় পরিণত করেছে। সেই কল্পিত জগতে তারা কখনো ফেরেশতার সাথে কথা বলে, কখনো ভিন্নমতের মানুষকে কতলের নির্দেশনা লাভ করে। বিপজ্জনক বিষয় হলো, কল্পিত জগতের বিশ্বাস বাস্তবে এসে ভয়াবহ রূপ নেয়; আর এর নির্মম শিকার হয় সমাজের প্রান্তিক মানুষগুলো।

গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস বা ভিন্নমতাবলম্বী ওয়াহিদুজ্জামান শামীমের সামাজিক প্রতিপত্তি নেই বলে তাঁরা তৌহিদি জঙ্গিদের সহজ শিকারে পরিণত হন। সংখ্যালঘু ও ভিন্নমতের মানুষকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে ইসলামপন্থিরা সীমিত আকারে তাদের কল্পিত শরিয়া আইন প্রতিষ্ঠা করে এবং হত্যাকাণ্ডের মতো অপরাধকে উদ্‌যাপন করে।

ইসলামের নামে তৈরি হওয়া কল্পিত বাস্তবতার সাথে কয়েক দশক আগের জনপ্রিয় সিনেমা "দ্য ম্যাট্রিক্স" এর কাহিনীর মিল আছে। সেটি ছিল কম্পিউটারে তৈরি করা সিমুলেশন দিয়ে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের বৈজ্ঞানিক কল্পকাহিনী। সিনেমার গল্পে পৃথিবীর নিয়ন্ত্রণ চলে গেছে যন্ত্রের হাতে; সেখানে মানুষের মস্তিষ্ককে কম্পিউটার সিমুলেশনের সাথে যুক্ত করা হয়েছে। ফলে, মানুষ সিমুলেশন দিয়ে তৈরি করা কৃত্রিম জগতকে বাস্তব পৃথিবী বলে বিশ্বাস করছে। সেখানে মানুষ এমন এক মিথ্যা বাস্তবতায় বাস করে, যে বাস্তবতার আসলে কোনো অস্তিত্ব নেই।

সিনেমায় প্রধান চরিত্র নিও দিনের বেলায় প্রোগ্রামার আর রাতে হ্যাকার। সে ধারণা করে, পৃথিবীর মধ্যে কোথাও একটা বড় গণ্ডগোল আছে। কিন্তু সেটা যে ঠিক কী, তা বুঝতে পারে না। এর সমাধান খুঁজতে গিয়ে নিও ম্যাট্রিক্স নামের একটা ধারণার সন্ধান পায়। তার পরিচয় হয় মরফিয়াসের সাথে। সেও বড় হ্যাকার, কিন্তু আবার প্রতিরোধ আন্দোলনের নেতাও। মরফিয়াস তাকে জানায়, পৃথিবী সম্পর্কে মানুষ যা জানে, তার মধ্যে খুব বড় মিথ্যা লুকিয়ে আছে।

মরফিয়াস নিওকে একটা নীল ও একটা লাল বড়ি দেখিয়ে বলে, বড়ি দুটি তাকে দুই ভিন্ন রাস্তার সন্ধান দেবে। নীল বড়ি খেলে সে নিজের পরিচিত জীবনে ফিরে যাবে এবং অন্য সবার মতো এতদিনের জানা পৃথিবীকে বাস্তব বলে বিশ্বাস করবে। কিন্তু লাল বড়িটি খেলে সে জানতে পারবে বাস্তবতার প্রকৃত স্বরূপ, সেই সত্য যত অস্বস্তিকর বা ভয়াবহ হোক না কেন। নিও লাল বড়িটি বেছে নেয়। তারপর আবিষ্কার করে, এতদিন যে পৃথিবীকে সে বাস্তব বলে জেনে এসেছে, সেটা সত্য নয়, সেটা ম্যাট্রিক্স নামের একটা কম্পিউটার সিমুলেশন মাত্র।

ধর্মোন্মাদদের কল্পিত জগৎ ম্যাট্রিক্স এর যন্ত্রনিয়ন্ত্রিত বাস্তবতার মতোই একটা বিভ্রম। ধর্মোন্মাদরা সেই বিভ্রমকেই অজ্ঞতা, কুসংস্কার ও বিশ্বাস দিয়ে গভীর করে তোলে, আর তার জালে নিজেদের আষ্টেপৃষ্ঠে বন্দি করে। অনেক সময় নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে সিআইএ বা আইএসআইয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলো তাদের মদদ জোগায়। উন্মাদনা এবং ধ্বংসের বীজ ধর্মসম্প্রদায়ের ভেতরেই সুপ্ত থাকে। স্বার্থান্বেষী শক্তিগুলো সেই বীজকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে।

উদাহরণ হিসেবে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি সংগঠনের কথা বলা যায়। পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে শিশু-কিশোরদের এমনভাবে ধর্মীয় উন্মাদনায় দীক্ষিত করা হতো যে, তাদের বিশ্বাস করানো হতো, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলে শত্রুর গুলি শরীরে লাগবে না। যাদের বিশ্বাসে ফাঁক আছে, কেবল তারাই গুলি খেয়ে মরবে। শিশু-কিশোরদের মনে এই ধরনের বিশ্বাস এমনভাবে গেঁথে দেওয়া হতো যে, তারা মৃত্যুভয় উপেক্ষা করে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর তৈরি করা জিহাদে অংশ নিতে দ্বিধা করত না।

সৌদি রাজতন্ত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থকে ধর্মভীরুতার মনোজগতের সাথে এমনভাবে যুক্ত করেছে যে, উগ্রপন্থীরা তাদের নিয়ন্ত্রিত কল্পিত বাস্তবতাকেই পরম সত্য বলে মনে করে। সিনেমায় ভিলেন যন্ত্র, আর তার নিয়ন্ত্রণ ও অপকর্মগুলো খুবই স্পষ্ট। বাস্তব জগতের নিয়ন্ত্রণ থাকে শাসকগোষ্ঠী, কূটকৌশলী গোয়েন্দা সংস্থা ও পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের হাতে। নিজেদের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারকে বৈধতা দিতে তারা ব্যবহার করে আল্লাহর আইন, ধর্ম অবমাননা কিংবা স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহের শাস্তির মতো কল্পিত বাস্তবতার প্রতারণামূলক ধারণা। মানুষের ধর্মবিশ্বাসের ভেতরে সাপের মতো ঢুকে এরা ধর্মান্ধতাকে প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় রূপ দেয়।

তবে ধর্মীয় উন্মাদনা ও মগজধোলাইয়ের মাত্রা ও উদ্দেশ্য সবখানে এক নয় - কোথাও তা চরম ও প্রকাশ্য, কোথাও সূক্ষ্ম ও পরোক্ষ।যখন দীপু চন্দ্র দাস ও ওয়াহিদুজ্জামান শামীমকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়, তখন এর পেছনের ধর্মীয় উন্মাদনাটা স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। কিন্তু যখন সৌদি সরকারের বেতনভুক্ত জল্লাদ "আল্লাহু আকবর" ধ্বনি দিয়ে গরিব অভিবাসী শ্রমিকের গলায় তলোয়ারের কোপ বসায়, অথবা রাজতন্ত্রের অনুগত ভৃত্যরা বিচারক সেজে অনৈতিকতার অভিযোগে শিরশ্ছেদের রায় দেয়, তখন এর পেছনের ধর্মীয় উন্মাদনা সরকারি দায়িত্ব ও প্রাতিষ্ঠানিকতার আড়ালে চাপা পড়ে যায়। যদিও এদের প্রত্যেকেই ম্যাট্রিক্স এর নীল বড়ি খাওয়া, মগজধোলাইয়ের শিকার অ-মানুষ।

সিনেমার শেষে নিও ঘোষণা করে, সে মানবজাতিকে এমন পৃথিবীর সন্ধান দেবে, যেখানে যন্ত্রের তৈরি মিথ্যা বাস্তবতা থাকবে না। কিন্তু বাস্তব জগতে এমন নায়কের দেখা মেলা ভার, যিনি সমাজের ত্রাণকর্তা হয়ে একাই বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। বাস্তব পৃথিবীর ম্যাট্রিক্স ভাঙতে প্রয়োজন হয় বহু উচ্চ নৈতিকতাসম্পন্ন যুক্তিশীল মানুষের, যারা যুক্তি-বুদ্ধি দিয়ে ধর্মোন্মাদের মিথ্যা বাস্তবতার ভিত্তিমূলে আঘাত হানবে এবং তাদের কল্পিত জগৎটাকে ভেঙে গুঁড়িয়ে দেবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন। তবে আপনার কাছে জানতে চাই , মানুষকে তার ভ্রান্ত বিশ্বাসের জন্য এককভাবে দায়ী করা কতটা যৌক্তিক, যখন সেই বিশ্বাস তৈরিতে সমাজ, ধর্মীয় শিক্ষা ও প্রচলিত ব্যাখ্যার ভূমিকা রয়েছে ?

যেমন, ইসলামে মূর্তিপূজার বিরোধিতা করা হয়েছে। কিন্তু মূর্তির উপাসনা করা আর মূর্তির আশপাশে যাওয়া কিংবা সাংস্কৃতিক মেলায় অংশ নেওয়া তো এক বিষয় নয়। আধুনিক সমাজে অনেক মানুষ মূর্তিকে ধর্মীয় দৃষ্টিতে নয়, বরং শিল্প ও সংস্কৃতির অংশ হিসেবে দেখে। তাদের কাছে এসব কাজ পাপের বিষয় নয়।

সমস্যা হলো, মানুষের জীবনবোধ ও সমাজের বাস্তবতা বদলালেও ধর্মীয় বিধানের প্রচলিত ব্যাখ্যাগুলো অনেক ক্ষেত্রে আগের মতোই রয়ে গেছে।

পরিবর্তিত বাস্তবতায় পুরোনো ব্যাখ্যার প্রাসঙ্গিকতা যাচাই না করে মানুষকে তার বিশ্বাস ও কাজের জন্য দায়ী করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন থেকে যায়। কারণ, মানুষের তথাকথিত ভ্রমের পেছনে তার ব্যক্তিগত দায়ের পাশাপাশি সেই ভ্রম তৈরি ও টিকিয়ে রাখা ব্যবস্থারও ভূমিকা রয়েছে।

২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫০

শ্রাবণধারা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে জানতে চাই , মানুষকে তার ভ্রান্ত বিশ্বাসের জন্য এককভাবে দায়ী করা কতটা যৌক্তিক, যখন সেই বিশ্বাস তৈরিতে সমাজ, ধর্মীয় শিক্ষা ও প্রচলিত ব্যাখ্যার ভূমিকা রয়েছে?

আপনার এই প্রশ্ন শুনে মিশেল ফুকোর সেই গল্পটা মনে পড়ল। একদল প্রগতিশীল লোক নাকি ফ্রান্সে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট বন্ধ করার দাবিতে সরকারের কাছে করা একটি আবেদনে ফুকোর স্বাক্ষর নিতে গিয়েছিল। ফুকো নাকি বলেছিলেন, শুধু ফাঁসির শাস্তি বন্ধ করলেই হবে না, পুরো জেলখানাব্যবস্থাই বন্ধ করতে হবে। সব অপরাধের দায়ই সমাজকে নিতে হবে।
(গল্পটা সঠিক না হওয়ার সম্ভাবনা অবশ্য বেশি।)

২| ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৪

নতুন বলেছেন: এটা সম্ভবত মানুষের মস্তিস্কের একটা দূর্বল দিক।

বেশিরভাগ মানুষই কোন না কোন বিশ্বাসের চাদরে ঢাকা পরে থাকে।

কিছু মানুষ আছে যাদের ব্রেনওয়াস করা সহজ,।

রাস্ট চালাতে হইলে ধমান্ধদের নিয়ন্তন করতে হবে।

২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৩

শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ তবে শুধু যে মস্তিস্কের দূর্বল দিক তা নয়, এটা আসলে চরিত্রের দুর্বল দিক। ছবির এই জঙ্গিটার কোন প্রকার মস্তিস্ক আছে বলে তো আমার মনে হয়না।

৩| ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
১। বাংলাদেশের প্রচলিত আইনে নবী-রাসুল, কোরান অবমাননার কোন সাজা নেই। এই লোক যেটি করছে তাকে বরং অবলম্বে ছেড়ে দিয়ে বরং সরকারের পুরস্কৃত করা উচিত। একটি মাহফিলের ওয়াজে এনায়েত আব্বাসী নামের এক হুজুর এভাবে বিনা বিচারে হত্যাকে পেট্রোনাইজ করছে। ওয়াজ-মাহফিল কি বলা যাবে আর কি বলা যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালা করা দরকার। এদেশে ওয়াজ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য পুর্ন আলাপ কম রাজনৈতিক, পরনিন্দা, হাঁসি তামাশা বেশি....

২। দক্ষিনাঞ্চল জেলা গুলোতে মানুষগুলো একটু বেশি ধর্মীয় আবেগ প্রবন এবং সাম্প্রদায়িক।‌ ১৪ ইলেকশন পর বিরোধীদল থেকে যে অবরোধ ঢাক দেওয়া হওয়া সেটা দক্ষিনাঞ্চল প্রায় অনেকটা সফল ছিলো। অনেক আওয়ামীলীগ এমপিরা প্রাণ হারানোর ভয়ে তখন সেনাবাহিনীর প্রটোকল চাইতেন নিজ জেলা শহরে সফরে যাওয়ার সময়।‌

২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৮

শ্রাবণধারা বলেছেন: ওয়াজ-মাহফিলের নিয়ন্ত্রণের বিষয়ে আপনার সাথে একমত।

তবে আমার মতে, এগুলো সম্পূর্ণ তুলে দেওয়া উচিত। আমি ছোটবেলায়, এইট-নাইনে পড়ার সময়, একবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ শুনতে গিয়েছিলাম। সেই ওয়াজ শুনে ছোটবেলাতেই বুঝেছিলাম, এর মধ্যে আর যা-ই থাকুক, ধর্ম বলে কোনো পদার্থ নেই।

৪| ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৯

নাহল তরকারি বলেছেন: কিছু কিছু অন্ধ মুসলিম আছে, যা কোন কিছু যাচাই না করে অন্ধের মত আরেকজন কে অনুকরন করে।

২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৯

শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ, তা বটে!

৫| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

নতুন বলেছেন: নাহল তরকারি বলেছেন: কিছু কিছু অন্ধ মুসলিম আছে, যা কোন কিছু যাচাই না করে অন্ধের মত আরেকজন কে অনুকরন করে।

র্ধামিকরা বড় হুজুরের অনুকরনই করে। বেশির ভাগই নিজে ধর্মীয় কিতাব পড়ে না।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০১

শ্রাবণধারা বলেছেন: ধর্ম আসলে অনুকরনের মাধ্যমেই মানুষ বেশি রপ্ত করে। ধর্মীয় কিতাবগুলো প্রায়ই দেখা যায় সমুদ্রের মত, তল পাওয়া মুশকিল হয়।

৬| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মাথানষ্ট।
পাগল।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০১

শ্রাবণধারা বলেছেন: ওকে!

৭| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের আমি ভয় পাই। এরা মগজহীন।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০২

শ্রাবণধারা বলেছেন: ঠিকাছে!

৮| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এদের থেকে হয় দূরে থাকতে হবে অথবা ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৩

শ্রাবণধারা বলেছেন: আপনার কোম্পানিতে চাকরি দিয়ে দেন!

৯| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

জ্যাক স্মিথ বলেছেন: আজকাল বাংলাদেশে এগুলো নরমালাইজড হয়ে গেছে।

কেউ হয়তো আপনার পোস্টে এসে মন্তব্য করবে- ওই লোকের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে - র্যাবের হাতে আটক হওয়ার পরও লোকটির কি নূরানী হাসি- মনে বিন্দুমাত্র কোন অনুশোচনা নেই মনে হচ্ছে তিনি বহুত বড় এক সওয়াবের কাজ করে ফেলেছেন- অথচ বিষয়টা মানুষ হত্যা সম্পর্কিত।



২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৫

শ্রাবণধারা বলেছেন: হ্যাঁ এই ছবিটাও দেখেছি। এই জঙ্গি ধর্মোন্মাদনার ডিপ স্টেজে চলে গেছে। এর সাথে আরো বহু লোকের এই অবস্থা।

১০| ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:০৬

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ভিক্ষাবৃত্তি করে যারা জীবন চালায় বা শৈশব থেকেই ভিক্ষাবৃত্তির মাধ্যমেই যাদের জীবনের শুরু টা হয়, তারা একটা সময় বালেগ হয়, অতঃপর হয় প্রাপ্তবয়স্ক। তারা গায়ে গতরে বেড়ে ওঠে ঠিকই, কিন্তু একটা জিনিস ছাড়া।

কি সেটা? সেটা হল মেরুদণ্ড।

এদের হাত, পা, মাথা, চোখ, নাক, কান সবকিছুই থাকে, যা থাকে না তা হল মেরুদণ্ড। অমেরুদণ্ডী প্রাণী হিসেবেই এরা সমাজে প্রতিষ্ঠিত হয়।

ছেলেবেলায় থেকেই গামছা পেতে মাদ্রাসার দান সংগ্রহ করা কিংবা কুরবানির সময় পশুর চামড়া সংগ্রহ করা…….এসব করে এরা ভিক্ষুকের মনবৃত্তি নিয়ে বেড়ে ওঠে। এতে ফলাফল যা দাঁড়ায়, তা হলো এদের নীতি নৈতিকতার দিক নির্দেশনা বা গতিপ্রকৃতি কোরআন হাদিসের আলোকে হয় না, লিল্লাহ বা ভিক্ষা প্রাপ্তির অনুপাতে হয়।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

শ্রাবণধারা বলেছেন: আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্লেখ করেছেন। এদের যে অর্থনৈতিক বন্দোবস্ত গড়ে উঠেছে, যা আওয়ামী আমলে আরও পরিপুষ্ট হয়েছে বলে আমার ধারণা, তা এই ধর্মোন্মাদ ও জঙ্গিদের জন্য দারুণ সুবিধা তৈরি করেছে।

১১| ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৫

নূর আলম হিরণ বলেছেন: এই সরকার চাইলে ধর্মান্ধ ও উগ্র ধর্মান্ধদের থামাতে পারবে। আওমীলীগ পারেনি কারণ এরা আওমীলীগকে ধর্মবিদ্বেষী হিসেবে এস্টেবলিশ করে ফেলেছিল। বিএনপিকেও এরা ধর্মবিদ্বেষী হিসেবে এস্টেবলিশ করার চেষ্টা চালিয়ে দিয়েছে অলরেডি।

২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০

শ্রাবণধারা বলেছেন: আপনার পয়েন্টটাও গুরুত্বপূর্ণ।

তবে আমার মনে হয় না, বিএনপি ধর্মান্ধ ও উগ্র ধর্মান্ধদের থামানোর কোনো ব্যবস্থা নেবে। তাদের রাজনীতিও যে ধর্মভিত্তিক, সেটা যেমন ঐতিহাসিকভাবে সত্য, তেমনি এখনও সেটা সত্য

১২| ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ব্লগে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৫০

শ্রাবণধারা বলেছেন: এই মন্তব্যটা অপ্রয়োজনীয়। আপনি যে আপনার ভাষাতেই "মগজহীন", এটা তার জলজ্যান্ত প্রমাণ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @লেখকঃ এদের যে অর্থনৈতিক বন্দোবস্ত গড়ে উঠেছে, যা আওয়ামী আমলে আরও পরিপুষ্ট হয়েছে বলে আমার ধারণা,

লীগ তাদের চিরাচরিত ধর্মনিরপেক্ষ নীতি জলাঞ্জলি দিয়ে হেফাযতি/কওমী হুজুরদের সাথে সমঝোতা করে "কওমী জননী" উপাধী অর্জন করেছে। শত শত মডেল মসজিত নির্মান করেছে (অথচ এই টাকা মানব সম্পদ উন্নয়নে ব্যায় করলে সমাজে কর্মক্ষম মানুষের দুই হাত অর্থনীতিতে অবদান রাখতো)। কি লাভ হলো?

২০২৪ এর জঙ্গী আন্দোলনের পর ঠিকই পল্টিবাজ মোল্লার দল তাদের গুপ্ত রূপ প্রকাশ্য করেছে।

২৪ শে অক্টোবর, ২০২৬ ভোর ৪:৩৫

শ্রাবণধারা বলেছেন: ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন। আওয়ামী লীগ এখানে এসে ব্যর্থ হয়েছে।

ইসলামপন্থিদের বিষয়ে তাদের আরও সুদূরপ্রসারী চিন্তা করা প্রয়োজন ছিল। কওমি-হেফাজতি - এদের পৃষ্ঠপোষকতা করা আওয়ামী লীগের খুব বড় ভুল ছিল। এখন এই সমস্যার সমাধান করা বহুগুণ কঠিন হয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.