| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাব্যাঙ
লেখক হতে চেয়েছিলাম, পেটের দায় কামলা হয়েছি। এছাড়াও হাতের লেখা খারাপ, তাই লেখার ব্যাপারে এলার্জি আছে।
আমি চাই, আমার সন্তান সুস্থ পৃথিবীতে বেড়ে উঠুক।
আমি চাই, আমার সন্তান সুস্থ পরিবেশে বড় হোক।
হামাগুড়ি দিতে দিতে সে একদিন দৌড়াতে শিখুক,
ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া শিখুক।
স্কুলে যাক, বন্ধু পাতাক, হইচই করে খেলাধুলা করুক,
বই খাতা জামা ছিঁড়ুক, টিফিন নষ্ট করুক,
বন্ধুর সাথে মারামারি করুক, আড়ি দিক,
মায়ের বকুনি খেয়ে কান্না করুক।
আনন্দময় শৈশব শেষে দুরন্ত কৈশোরে পা দিক সে,
স্কুল শেষে এক ছুটে মাঠে চলে যাক,
ফুটবল, ক্রিকেট, গোল্লাছুট, কাবাডি ইচ্ছেমতো খেলুক।
ধুলোবালি মেখে, ঘামে নেয়ে,
সন্ধ্যার আজানের সাথে সাথেই সে ঘরে ফিরুক।
আমি চাই, আমার সন্তান বন্ধুদের ভালোবাসতে শিখুক।
আমি চাই, আমার সন্তান সকলের সাথে মিশতে শিখুক।
প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে শিখুক,
হাতখুলে দান করা শিখুক,
সাধ্যমত অপরের উপকার করা শিখুক,
প্রাণ দিয়ে দেশকে ভালোবাসতে শিখুক।
আমি চাই, আমার সন্তান একজন ভালো মনের মানুষ হোক।
আমি চাই, আমার সন্তান একজন পরিশুদ্ধ মানুষ হোক।
কৈশোরটাকে দারুনভাবে উপভোগ করুক আমার সন্তান,
তার মুখে দাঁড়ি গোঁফের রেখা দেখা দিক,
চুলে টেরি কেটে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা শিখুক সে।
পরিপাটি হয়ে স্কুলে যেয়ে টিফিন টাইমে স্কুল পালানো শিখুক,
শিক্ষকের কাছে হাত পেতে বেত খাক,
বাসায় মায়ের চোখ রাঙ্গানি খাক, বাপের প্যাদানী খাক,
প্রাইভেট ফাঁকি দিয়ে দলবেঁধে কনসার্ট, সিনেমা, নাটক দেখতে যাক,
আর ধরা পড়ার পরে...
নিজের কৃতকর্মের দায় নিজের কাঁধে নিতে শিখুক।
আমি চাই, আমার সন্তান ঘুরে দাঁড়াতে শিখুক।
আমি চাই, আমার সন্তান সত্যকে আঁকড়ে ধরতে শিখুক।
কৈশোরের উন্মাদনায় সে প্রেমে পড়ুক,
গান শুনুক, কবিতা লিখুক,
পরিচ্ছন্ন প্রতিযোগিতা হোক তাদের মাঝে,
যোগ্যতায় ছাড়িয়ে যেতে চাক একে অপরকে।
সে গান শিখুক, গীটার শিখুক, রংতুলি হাতে ছবি আঁকুক,
গল্পের বই পড়ুক, অকারণে মন খারাপ করুক।
সুখের পাশাপাশি দুঃখবোধও তৈরি হোক তার মাঝে,
সে কাঁদতে শিখুক, জীবনের গভীরতা বুঝতে শিখুক।
আমি চাই, আমার সন্তান ভীষণ দুরন্ত হোক।
আমি চাই, আমার সন্তান খোলা বই হোক।
২|
০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২১ সকাল ৮:০৯
জটিল ভাই বলেছেন: অসাধারণ সুন্দর হয়েছে। তবে চাওয়াটা সবার সন্তানের জন্য হলে পৃথিবীটা কতোইনা সুন্দর হতো!