নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

তানজীব তন্ময়

নিজ আনন্দে লিখি । কারো সাথে মতের মিলবে কিনা ভাবি না । কেউ পড়লো কিনা সেটা নিয়েও মাথা ঘামাই না ।

তানজীব তন্ময় › বিস্তারিত পোস্টঃ

ছায়া

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৯

‘এই পথ যদি না শেষ হয় , তবে...’ হেড ফোন কানে দিয়ে মিউজিক প্লেয়ার থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটা শুনছি । হঠাৎ হঠাৎ বাতাসের ঝাপটা এসে রাস্তার সমস্ত ধুলো বালি গায়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে । ভ্যাঁপসা গরমের মধ্যে বাতাসের দয়ায় একটু একটু শীতলতার স্পর্শ পাচ্ছি বলে ধুলো বালির জন্য খুব বেশি বিরক্তি লাগছে না । পূর্ণিমা রাত । তবু রাস্তায় জোছনার কোন অস্তিত্ব নেই । রাস্তার মাঝখানে সারি সারি ল্যাম্পপোস্ট নিয়ন আলো দিয়ে জোছনাকে হটিয়ে সমস্ত রাস্তা দখল করে তার উপর একক আধিপত্য বিস্তার করেছে । রহস্যময় নিয়ন আলোয় আলোকিত নির্জন রাস্তা দেখতে ভীষণ মজা লাগছে ।

ক্যাম্পাসের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে এসেছি । একটু বিশ্রাম নেবার জন্য রোড ডিভাইডারের উপর বসলাম । বিপরীত দিক থেকে আসা ল্যাম্পপোস্টের আলোতে আমার সামনে আমার দেহের একটা ছায়া পড়েছে । হঠাৎ ছায়াটার দিকে তাকিয়ে মনে হল যেন সেটা গানের তালে তালে মাথা দোলাচ্ছে ! আশ্চর্য ! আমি তো স্থির বসে আছি ! তবে ছায়াটা নড়ছে কিভাবে ? ভাবলাম মনের ভুল । হেমন্তের গান পাল্টে মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ গানটা ছাড়লাম । এবার স্পষ্ট দেখতে পেলাম যে আমার ছায়াটা উঠে দাঁড়িয়ে ‘বিট ইট’ গানের তালে তালে অবিকল মাইকেল জ্যাকসনের মত করে নাচছে !! হতভম্ব হয়ে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালাম । পেছনে কেউ নেই ! ছায়াটাও একইভাবে নেচে যাচ্ছে ! যেন আমার দেহের ছায়ার উপর আমার কোন নিয়ন্ত্রণ নেই ! হঠাৎ একটা ফিস ফিসে গলার জোরালো কণ্ঠস্বর বলে উঠলো , “কিরে ভয় পেয়েছিস ?” আমি আঁতকে উঠে ভয়ার্ত গলায় বলে উঠলাম , “কে ? কে কথা বলছেন ?” কণ্ঠস্বরটা অদ্ভুত একটা অট্টহাসি দিয়ে বললো , “আমি তোর ছায়া । দিনের পর দিন আমি তোর গোলামী করে আসছি । সব সময় তোর পাশে থেকে তোকে অনুকরণ করে গেছি । আজকে তুই আমার গোলাম । তুই আমাকে অনুকরণ করবি ।” বুঝলাম যে এখানে আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না । ঊর্ধ্বশ্বাসে হলের দিকে দৌড়াতে শুরু করলাম । দৌড়ের মধ্যেই পেছন ফিরে দেখি ছায়াটাও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে ! তবে সে আমার মত ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে না । আয়েসি ভঙ্গীতে ‘বিট ইট’ গানের তালে তালে দৌড়াচ্ছে ! সে ক্রমাগত বলে যেতে লাগলো , “কোথায় যাচ্ছিস ? দাঁড়া বলছি । তুই আমার গোলাম । তুই আমার গোলাম । তুই..।” দৌড়াতে দৌড়াতে ছায়াটা আমার শার্টের পেছনের অংশ টেনে ধরলো ! আমি দৌড় থামালাম না । শার্টের একটা অংশ ছিঁড়ে গেল ! একটা বিশাল বড় নিম গাছের নিচে এসে পড়লাম । নিম গাছের নিচে অনেকটা জায়গা জুড়ে গাছের বিশাল ছায়া । পেছনে তাকিয়ে দেখি ছায়াটা হঠাৎ দাঁড়িয়ে গেছে । সে নিম গাছের ছায়া থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বললো , “আজ বড় বাঁচা বেঁচে গেছিস । আরেক দিন সুযোগ মত পেলে তোকে দেখে নেবো ।” সমস্ত দেহে কাঁপন ধরিয়ে দেয়া অদ্ভুত একটা শব্দ করতে করতে ছায়াটা অদৃশ্য হয়ে গেল ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেলাঘর বলেছেন:


আপনাকে ছায়াহীন হতে হবে; অন্ধকার হবে আপনার বন্ধু

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

তানজীব তন্ময় বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.