নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরের জানালা

দূরের জানালা › বিস্তারিত পোস্টঃ

একজন মুসআব ইবন উমাইর (রাঃ) ও বর্তমানের আমরা

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

কাফেরদের মধ্য হতে ইবন কামিয়া এগিয়ে এসে তরবারির আঘাতে তার ডান হাতটি বিচ্ছিন্ন করে ফেললো, যে হাতে তিনি ইসলামের পতাকা ধরে রেখেছিলেন। ওই অবস্থাতেই তিনি বলে উঠলেনঃ "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল, কাদ খালাত মিন কাবলিহির রাসুল।" অর্থাৎঃ "মুহাম্মাদ (সাঃ) একজন রাসুল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে আরও বহু রাসুল অতিবাহিত হয়েছেন।" এরপর বাম হাতে পতাকাটি আবার তুলে ধরলেন, বলে উঠলেনঃ "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল"। তরবারির অন্য একটি আঘাতে বাম হাতটি ও বিচ্ছিন্ন করে ফেলা হলো। পড়ে থাকা পতাকাটি সবশেষে দুই বাহু দ্বারা আঁকড়ে তুলে ধরলেন। এবার তার প্রতি বর্শা নিক্ষেপ করা হলে তিনি পতাকা সহ মাটিতে পড়ে যান এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের পূর্বে যে বাক্যটি তিনি বার বার উচ্চারণ করছিলেন তখনও কিন্তু তা কোরআনের আয়াত হিসেবে নাযিল হয়নি। উহুদের এই ঘটনার পরই "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল ..." এই আয়াতটি নিয়ে হযরত জিবরাঈল (আঃ) উপস্থিত হন।
.
যুদ্ধ শেষে তার লাশটি খুঁজে পাওয়া গেলো। রক্ত ও ধুলোবালিতে একাকার তার চেহারা। লাশের কাছে দাঁড়িয়ে রাসুল (সাঃ) অঝোরে কেঁদে ফেললেন। তাঁকে কাফন দেয়ার জন্য একপ্রস্থ চাঁদর ছাড়া আর কিছুই পাওয়া গেলো না। তা দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিলো। শেষমেষ রাসুল (সাঃ) বললেনঃ চাঁদর দিয়ে মাথার দিকে ঢেকে দাও, বাকী পায়ের দিকে "ইযখির" ঘাস দাও। তার লাশের পাশে দাঁড়িয়ে রাসুল (সাঃ) পাঠ করলেনঃ "মিনাল মু'মিনিনা রিজানুল সাদাকু আহাদুল্লাহ আলাইহি ... " অর্থাৎঃ "মুমিনদের এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে"। অতঃপর তার কাফনের চাদরটির দিকে তাকিয়ে বললেনঃ "আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কোমল চাঁদর এবং সুন্দর জুলফি আর কারো ছিল না। আর আজ তুমি এই চাদরে ধুলো মলিন অবস্থায় পড়ে আছো"।
.
কথা বলছিলাম প্রখ্যাত সাহাবী "মুসআব ইবন উমাইর (রাঃ)" সম্পর্কে। পিতা মাতার পরম আদরে ঐশ্বর্যের মধ্যে লালিত মক্কার অন্যতম সুদর্শন যুবক ছিলেন তিনি। বাবা মা অত্যন্ত ভোগ বিলাসের মাঝে তাকে প্রতিপালন করেন। তখনকার যুগে মক্কায় যত রকম চমৎকার পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত সবই তিনি ব্যাবহার করতেন। রাসুলুল্লাহ (সাঃ) এর সামনে কোনোভাবে তার প্রসঙ্গ উঠলেই তিনি বলতেনঃ "মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন আর উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না।" ইসলামের উদ্ভাসিত আলোকে আলোকিত হৃদয় নিয়ে তিনি সুখের সেই মহল ত্যাগ করেছিলেন।
.
একদিন মুসলমানদের একটি দল রাসুলুল্লাহ (সাঃ) এর পাশে বসে ছিল। এমন সময় পাশ দিয়ে তারা মুসআব (রাঃ) কে যেতে দেখলেন। তাকে দেখেই বৈঠকের সকলের দৃষ্টি নত হয়ে গেলো। কারো কারো চোখে পানি এসে গেলো। কারন, মুসাআবের গায়ে তখন শত তালি দেয়া জীর্ণ শীর্ণ একটি চামড়ার টুকরো। তাতে মারাত্মক দারিদ্রের ছাপ সুস্পষ্ট। তাদের সকলের মনে তখন তার ইসলাম পূর্ব জীবনের ছবি ভেসে উঠল। তখনকার পরিচ্ছদ হতো বাগিচার ফুলের মতো কোমল, চিত্তাকর্ষক ও সুগন্ধিময়। এই দৃশ্য দেখে রাসুল (সাঃ) বলেছিলেন, "মক্কায় আমি এই মুসআব কে দেখেছি। তার চেয়ে পিতামাতার আদরের আর কোনো যুবক মক্কায় ছিল না। আল্লাহ্‌ ও তার রাসুলের মুহাব্বতে সে সবকিছু ত্যাগ করেছে"।
.
মুসআব ইবন উমাইর (রাঃ) ভালোবেসেছিলেন আল্লাহ্‌কে, আল্লাহ্‌র মনোনীত দ্বীন কে, তার রাসুলকে। যে ভালোবাসার অঙ্গীকার তিনি পূরণ করেছিলেন নিজের প্রানের বিনিময়ে। আজ আমরা যারা বাই ডিফল্ট মুসলমান হিসেবে জন্ম নিয়ে নিজেদের গর্বিত মনে করছি, তার সবই তো আল্লাহ্‌র রহমত ও মুসআব ইবন উমাইর (রাঃ) র মতো শত সহস্র সাহাবীদের বুনে যাওয়া বীজ, যা আজ সুবিশাল মহীরুহে পরিনত হয়েছে। ইসলামের প্রচার ও প্রসারে রাসুল (সাঃ) এর সাহাবীদের অবদানের কথা আমরা কয়জনই জানি বা জানতে চাই ?
.
হায় আফসোস, এখনও প্রিয় সন্তানের হাতে আমরা তুলে দেই হ্যারি পটার কিংবা মারভেল কমিক্স এর ফ্যান্টাসির বই। হুমায়ুন আহমেদ কিংবা জাফর ইকবালের বই পড়ে কল্পনার জগতে আমাদের এখনও অবাধ বিচরণ। অথচ একটু পরেই মৃত্যুদূত উকি দিলে কি অবস্থা হবে তা আমরা কয়জন জানি? আমরা কি পারি না নিজেদের এবং প্রিয় সন্তানদের উপর একটু রহম করতে? আমরা কি পারি না অখণ্ড অবসরে রাসুলের সাহাবীদের জীবনী নিয়ে একটু পড়াশুনা করতে? ফ্যান্টাসির জগত ছেড়ে রিয়েল লাইফের রিয়েল চরিত্রগুলোর সাথেই যদি পরিচিতই না হই তবে ইসলামের জন্য সাহাবীদের অবদান কে অনুভব করবো কিভাবে? কিভাবে আমার আপনার প্রিয় সন্তানেরা বুঝবে, স্পাইডারম্যান, সুপারম্যান কিংবা আয়রনম্যানরা নয়, প্রকৃত হিরো ছিলেন আমাদের রাসুল (সাঃ) ও তার সঙ্গী সাহাবীরা ??

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

তানভীরএফওয়ান বলেছেন: :-< :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.