নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ!

কোমায় থাকা ব্লগ

জনৈক আরাফাত

তেমন ভাবে এখানে আর নেই।

জনৈক আরাফাত › বিস্তারিত পোস্টঃ

রাত জাগি...

২১ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৭

একটু আগেই রাতে জাগা নিয়ে ছিমছাম একটি ব্লগ পড়লাম। বেশ ভালো লাগলো। ‘রাত জাগা’ ব্যাপারটা আসলেই খুব ভালো লাগার। সারাদিনের কর্মক্লান্ততার পর, রাত যেন নিজের হয়ে আসে। শুধুমাত্র নিজের।



স্কুলে যখন পড়তাম, খুলনা শহরের কোন এক গলির শেষ প্রান্তে ছিলো আমাদের বাসা। সমস্ত গলি ঘুমে তলিয়ে গেলেও রাত জেগে পড়তাম। সকালে পড়তে পারতাম না যে! জানালা খুলে দিলে আসতো হু-হু বাতাস। যেন হাড়ের উপর সরাসরি কোমল ছোঁয়া লাগিয়ে দেবার অনুভূতি। এক বাসা ডিঙ্গিয়ে পাশের বাসায় গরু পুষতো। দো’তলার জানালা দিয়ে আমার দৃষ্টি তখন পাশের একতলা বাড়ির ছাদ টপকে শুধু গরুটিকেই দেখতো। গরুটাই তখন রাত জাগার একমাত্র সাথী। নানা’কে তাই গোটাগোটা অক্ষরে চিঠি দিয়েছিলাম, “সারা পাড়ায় আমি আর গরুটা ছাড়া আর কেউ জেগে নেই।” শুনে সবাই খুব হেসেছিলো! তাতে কী? ‘আর্লি-টু-বেড’ মেনে চলা পুরো চেনাজানা-স্বজনে নানা-ই যে রাতজাগা-ভালোলাগা একমাত্র মানুষ তখন। অন্য কাউকে কী ভাবে লিখি একথা?



এখন আমার ঘরটা অনেক বড়। পাশের ঘরটা আরও বেশি বড়। সেটি ফাঁকা থাকে। কখনও কখনও অনেক রাত ধরে আমার একা একা হেঁটে বেড়াবার অনেক প্রিয় জায়গা হয়ে পড়ে এ দু’ঘর। আটপৌরে জীবন, তার বোধগম্যতা বা বোধহীনতা, কিংবা অনিশ্চিত ভবিষ্যত- এসব নিয়ে বিছানায় গিয়ে চিন্তা করতে গেলেই ঘুমিয়ে পড়ি। হেঁটে হেঁটে ভাবলে, সেই ভয়টা থাকেনা। ভাবনাগুলো ডানা মেলে ইচ্ছেমত। কখনও বারান্দায় যাই। দিনের বেলা যে টবগুলোর দিকে দ্বিতীয়বার তাকানোর সময় পাইনা, সেগুলোর উপর জন্মানো গাছগুলোকেই ছুঁয়ে দেখি। ভালো লাগে। কখনও অনেক রাতে বন্ধুদের ফোন করি। প্রায় সবাই এখন নিদ্রাদেবীর কোলে মাথা রাখে-দেহ রাখে বিছানায়। তবুও, কেউ কেউ জেগে থাকে। যেমন, ব্লগার অদ্ভুতুড়ে ! মাসের মধ্যে অনেকগুলো রাত অফিসে কাটায় সে-নাইট শিফট থাকলে, কখনও তাকে ফোন করা হয়। গল্প হয়। পাশের বাড়ি কোন বাচ্চাও কেঁদে ওঠে কখনও। মা তার তাকে শান্ত করার জন্য ফিসফিস করে ওঠেন। ক্রমশ সেটিও মিলিয়ে যায়। কুকুরের ডাক শোনা যায়। বাসাটা মেইন রোডে না হলেও কেন জানি সারারাতই মানুষ চলে সামনে। গাড়ি চলে। রাতপ্রহরীর বাঁশি বাজে। তারা আমার জানালার নিচেই বিড়ি ফুঁকে। অন্ধকারে ভালো দেখিনা তাদের। ঈদের বখশিসের মৌসুমেই শুধু দিনের চেহারায় দেখি তাদের। গত শীতে এক পাগলী এসে জানালার নিচে ইচ্ছে মত কী সব জানি বলতো। শুনতাম। বাসার সবার ঘুমের সমস্যা হতো। আমার হতনা। ঘুমিয়ে পড়লে পৃথিবী দুলে উঠলেও হয়তো টের পাবোনা হয়তো। ক্লান্তিসুখের ঘুম! সুখী মানুষ? পাগলীটা এখন আর আসেনা। মনে হয়, সে সেই সব পাগলদের একজন-যারা শুধু শীতকালেই পাগলামো করে।



আমার পিসিতে একটা গানের ফোল্ডার আছে- ‘তন্দ্রাহারা রাত’। পুরনো দিনের বাংলা গানের ছোট্ট একটা সংগ্রহ। নিস্তব্ধতা আরও নেমে এলে চালিয়ে দিই উইন্যাম্প-এ। শাফল মুডে বাজতে থাকে, যতক্ষণ আমি জেগে থাকি, কিংবা যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে। ইউপিএস নেই যে আমার! ইলেকট্রিসিটি’র যাওয়া আসাটা আমার রাতের রুটিনকেও পরিবর্তন করে দিয়েছে। রাত দশটায় সে চলে গেলে ঘুমিয়ে পড়ি। কখনও রাত শেষ হবার ঠিক আগের প্রহরে উঠে পড়ি। নেটে ঘুরি। ব্লগ পড়ি। গান শুনি। কখনও একবারে সকালটাকেই দেখি।



গানেরও হাজার রকম পছন্দভেদ আছে। কত ধরণের গান। কত ধরণের শ্রোতা। তবে বিরহের গানগুলো-ই মনে হয় বেশির ভাগ শ্রোতার মন ছুঁয়ে যায়। ‘তন্দ্রাহারা রাত’ ফোল্ডার থেকেই একটি গান। গানের গলা- খুব সম্ভবত হৈমন্তী শুক্লা’র।



গভীর রাতে জাগি খুঁজি তোমারে

দূর গগনে প্রিয় তিমির পারে।।



জেগে যবে দেখি হায় তুমি নাই পাশে

আঙ্গিনায় ফোটে ফুল ঝরে পড়ে আছে।।

বান বেঁধা পাখি সম

আহত এ প্রাণ মম

লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে



দূর গগনে প্রিয় তিমির পারে।।

গভীর রাতে জাগি খুঁজি তোমারে।



মৌন নিঝুম ধরা, ঘুমায়েছে সবে

এসো প্রিয় এই বেলা বক্ষে নিরবে

কত কথা কাঁটা হয়ে বুকে আছে বিঁধে

কত অভিমান কত জ্বালা এই হৃদে

দেখে যাও, এসো প্রিয়

কত সাধ ঝরে গেলো

কত আশা মরে গেলো হাহাকারে।



গভীর রাতে জাগি খুঁজি তোমারে

দূর গগনে প্রিয় তিমির পারে।।



মন্তব্য ৬৬ টি রেটিং +১৯/-১

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৩

ইশতিয়াক অাহমেদ বলেছেন: ঘুমানোর আগে এমন রাত জাগাজাগির পোস্ট জনস্বার্থে ক্ষতিকর ...

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০০

জনৈক আরাফাত বলেছেন: হা হা। আপনার কথা শিরোধার্য। তাই, পোস্ট দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে রিপ্লাই দিচ্ছি! :)

২| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৭

জয় সরকার বলেছেন: সহমত @ ইশতিয়াক ভাই।

@লেখক, মাইন্ড কইরেননা।ইয়ারকি করলাম।

লেখা ভাল্লাগছে!!

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০২

জনৈক আরাফাত বলেছেন: @ কমেন্টক, মাইন্ড করিনাই।

ধন্যবাদ। আপনার ব্লগ কিন্তু আমি প্রায়ই অফলাইনে পড়ে আসি। :)

৩| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩৩

বাবুনি সুপ্তি বলেছেন: :) অনেক কথা ভীর করে আছে মনে আপনার লেখা পড়ে, এখন রাত জাগতে ভালই লাগে। ইচ্ছে মত হাসি, কেউ জানতে চায়না কেন!, আমার কান্না গুলো কাউকে দেখাতে হয় না। সময় টুকু একে বারেই নিজের যেন।

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১২

জনৈক আরাফাত বলেছেন: আপুমনি, তুমি তো অনেক রাত জাগো, নেটে সে তো দেখিই । :)

রাতটা শুধুমাত্র নিজের। চারিদিকে নেমে আসা কালো রাত অথচ মনের স্বাধীনতা।

৪| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪১

তোরাশ বলেছেন: comment by: ইশতিয়াক অাহমেদ বলেছেন: ঘুমানোর আগে এমন রাত জাগাজাগির পোস্ট জনস্বার্থে ক্ষতিকর ...

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৩

জনৈক আরাফাত বলেছেন: লেখক বলেছেন: হা হা। আপনার কথাও শিরোধার্য। তাই, পোস্ট দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে রিপ্লাই দিচ্ছি! :)

৫| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৫

কাব্য বলেছেন: রাত জাগা খ্রাপ খুব খ্রাপ।যান লক্ষী মেয়ের:|| মতো ঘুমিয়ে পড়েন ;)

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১০

জনৈক আরাফাত বলেছেন: কেমনে জানলে লক্ষী মেয়েরা আগে আগে ঘুমায়া পড়ে?

৬| ২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: রাত সুন্দর।

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৩

জনৈক আরাফাত বলেছেন: নিঃসন্দেহে। :)

৭| ২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:১৪

_ মিঠু বলেছেন:
--সারাদিনের কর্মক্লান্ততার পর, রাত যেন নিজের হয়ে আসে। শুধুমাত্র নিজের। --

আসলেই মনে হয় তাই! যদিও খুব বেশি কিছু করার থাকে না রাতে- নিজের কিছু কাজ, ফেসবুক, ব্লগ আর সঙ্গে গান; তার পরেও সময়টাকে আপন মনে হয়।
মনে হয় নিস্তব্ধ পরিবেশে সারাদিনের বিরামহীন ব্যস্ততা আর রোবোটিক পথচলার শেষে কিছুক্ষনের জন্যে হলেও হয়ত নিজেকে খূজে পাওয়া!
:)

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৮

জনৈক আরাফাত বলেছেন: নিজেকে খুঁজে পাওয়াতেই জীবনের সবচেয়ে বড় আনন্দ। ক্ষণে ক্ষণে হারিয়ে আবার খুঁজে পাওয়া। :)

৮| ২১ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:১৪

রেজাউল হক কৌশিক বলেছেন: আপনি ঘুমান কখন?
এতগুছিয়ে লিখলেন কিভাবে?
আপনার লেখা দেখে আমার হিংসা হচ্ছে।
যাহোক লেখাটা খুবই ভাল লাগছে। সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৪

জনৈক আরাফাত বলেছেন: হলে থাকতে অনেক রাত, সকালে ক্লাস না থাকতে।
ক্লাস থাকলে দুইটা-আড়াইটা।
এখন সকালে অফিস থাকে নয়টায়।
তারপরও ঘুমুতে ঘুমুতে রাত ২-৩ হত।
আর এখন, কোন নিয়ম নেই।
কখনও দশটা-কখনও চারটা।
তারপরও আমি দারুণ ঘুমকাতুরে।

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। :)

৯| ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২

কাব্য বলেছেন: আপ্নেরে দেইখ্যা :>

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৪

জনৈক আরাফাত বলেছেন: ও!

১০| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪২

বাবুনি সুপ্তি বলেছেন: আরেকটা কথা বলতে ভুলেই গেছি! রাতের সময় টা অদ্ভুত শান্ত হয়ে যায়! শব্দহীন! সেই সাথে মনও শান্ত হয়ে যায়।

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬

জনৈক আরাফাত বলেছেন: হুম...

রাত তখন আমার ভিতরে ঢোকে
আমি ঢুকি রাতের ভিতর। :)

১১| ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৮

নীল কষ্ট বলেছেন: রাতের নিস্তব্ধতা অনেক উপভোগ্য। কিন্তু.................

২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫১

জনৈক আরাফাত বলেছেন: কিন্তু কী?

১২| ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৪

সহেলী বলেছেন: শুরু করে ভালই এগিয়ে যাওয়া ছিল , শেষে গানটা দিয়ে সব শেষ করে দিলে !
এ গান থাকবে জানলে ঢুকতামনা তোমার ব্লগে !

( গানটা আমার অনেক প্রিয় , এত প্রিয় যে দূরে দূরে থাকি ) !

২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৩

জনৈক আরাফাত বলেছেন: শুরুটা ভালো ছিলো?

গানটা এত বেশি পছন্দ? আমার মত? পুরো ফোল্ডারেই তো একই ধরণের গানের আবেদন। করবো নাকি আস্তে আস্তে সব আপলোড?

অনিচ্ছাকৃত মনের কষ্ট দেবার জন্য 'নির্বাক'!

১৩| ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৩

অলস ছেলে বলেছেন: হায় রাত। কত রাত কাটালাম না ঘুমিয়ে। একসময় এমন ছিলো। চারটায় ঘুমাতাম, আস্তে আস্তে পাঁচটায়, আস্তে আস্তে ছয়টা, আস্তে আস্তে সকালের নাস্তা করে, পরে যখন আর ক্লাশ নাই তখন দশটা থেকে চারটা: স্কুল টাইমের ডে শিফটের মতো সময়সূচী ধরে ঘুম। এখন যদিও 'বাস্তবের কষাঘাতে' আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ, কিন্তু সারাজীবন ই মিস করবো জেগে থাকা রাতগুলোকে। ইদানিং স্বাস্থ্য সচেতন :) হবার পর মনে হয়, বডি ক্লক ঠিক রাখতে রাতে ঘুমানোই ভালো, কিন্তু ঐ সব রাতের বিকল্প কখনো হবে না।

লেখাটা সত্যিই বড় গতিময়, সুন্দর। ভালো থাকুন।

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

জনৈক আরাফাত বলেছেন: ঠিক বলেছেন, কোন কারণ নেই- অহেতুক রাত জেগে থাকতে ভালো লাগে। রাতের সৌন্দর্য একবার চোখে চলে এলে, আর ফিরে যাওয়া যায়না। স্বাস্থ্য সচেতনতার কথা ভাবি বটে- তবুও! রাত রাত-ই..

রাত ফুরোলে দিনের আলোর বিষে মাতাল হই..

কমেন্টের জন্য ধন্যবাদ। :)

১৪| ২১ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

সোহায়লা রিদওয়ান বলেছেন: মনোযোগ দিয়ে পড়লাম। পরেই মনে মনে রাত নেমে এলো, গতিশীল আর পরিণত একটা লেখা যা লিখিয়েরাই লিখে থাকেন! যেখানে আমার লেখা পড়ামাত্র পাঠক বোঝে অপরিণত একটা হাতে খট খট করে ভাবাবেগ টাইপ করেছে !!
সুতোরাং এটাই হলো রাতের অনুভব।
রাত জাগা নিয়ে কত বকা, কত কিছু ... তারপরও হু, রাত জাগি! কত সন্দেহ , কত কি ...... তারপরও মধ্যরাতে চা বানিয়ে না খেলে হয়না।

হয়তো ঠিকনা, অল্প অল্প ঠিক ......... তারপরও না হয় আর কটা রাত জেগে থাকি রাত-জাগার আনন্দে!
অনেক অনেক সুন্দর একটা লেখা আরাফাত ভাইয়া, কেন যে এতোদিন না লিখে হাত গুটিয়ে বসেছিলেন! আশ্চর্য!

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৯

জনৈক আরাফাত বলেছেন: : বিনয়! বিনয়!! আপনার রাত নিয়ে লেখাটায় এতো প্লাস!!! (আমার প্লাসটা সহ।) আর, আপনার মুখে এই কথা!! আল্টিমেট বিনয়। :)

রাতের অনুভব শেষ হবার নয়। বুয়েটে অনেক রাতে হাটতে বেরোতাম। ক্যাম্পাস, বখশীবাজার, নাজিরাবাজার, বঙ্গবাজার কিংবা শাহবাগ। এখন ভাড়াটে বাসার পরাধীন গণ্ডীকে মাঝে মাঝে কেবলমাত্র মনটাকে বেড়াতে দিই। সে-ই সব করে।

ভালো থাকুন। :)

১৫| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০২

সহেলী বলেছেন: নাহ্ এসব আপলোড করে কাজ নেই আর !

( আমার ক্যামেলিয়া ... গল্প পড়েছিলে ?)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩০

জনৈক আরাফাত বলেছেন: কাজ নেই বলেই তো আপলোডের 'হুমকি'!

নাহ, গল্পটা মিস হয়ে গেছে। আমি তো আপনার লেখা পড়ি বিচ্ছিন্নভাবে। হঠাৎ পুরনো কোন একটা! :)

১৬| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৪

নীল-দর্পণ বলেছেন: রাতজাগা আসলেই বেশ মজার। :)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৬

জনৈক আরাফাত বলেছেন: নো ডাঊট! :)

১৭| ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩২

ওমর নাসিফ বলেছেন: মনপসন্দ লেখা!

২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৫

জনৈক আরাফাত বলেছেন: :)

১৮| ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪

বাঙ্গাল বলেছেন: বাসায় একা থাকায় আমারো রাতের ঘুমের শিডিউল আউলায় গেছে। রাত ২টায় জোরে সাউন্ড দিয়ে মুভি দেখা...অথবা জ্ঞানজালের অলিগলি ঘুরা হয় প্রায়ই...বেহুদা টাইম পাস। সকালে উঠলে কাজ কামে ভূল কম হয়, মাথার ভিতরে ডীপডিপ ব্যথাটা থাকে না।

২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬

জনৈক আরাফাত বলেছেন: তোর কাছে ব্যাপারটাকে আসলেই কী বেহুদা টাইমপাস বলে মনে হয়?

১৯| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪০

সৌরভ১৩ বলেছেন: আপনি তাইলে আবার ব্লগে পোস্ট করলেন? ভাল লাগলো ... :)

২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১২

জনৈক আরাফাত বলেছেন: জ্বী, জনাব। আমি আবারও পোস্ট করিলাম। :)

২০| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮

তায়েফ আহমাদ বলেছেন: হে ভ্রাতঃ, বহুদিন পরে এই ব্লগে....
লেখাটা রাতেই পড়তে পারলে যে মৌতাত পেতাম এখন তার পুরোটা পেলাম না......:)

২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১১

জনৈক আরাফাত বলেছেন: আপনি তো সুরার মাতাল নন, নেশার মাতাল!

তবে কেন এমন হলো? :)

২১| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৭

অদ্ভুতুড়ে বলেছেন: রাত জাগাটা এখন অনেক নিয়মিত। মাঝে মাঝেই নিজেকে নিশাচর মনেহয়। মাসের অন্তত সাত-আটটা রাত নির্ঘুমই কাটে। গভীর রাতে একা একা নদীর পাড়ে বা নদীর উপর (আমাদের প্লান্ট টা বার্জ মাউন্টেড) বসে ঢেউ গুনতেও অনেক ভাল লাগে মাঝে মাঝে। আর বুয়েটের সময়কার ঘটনা আরাফাত তো বলেই দিয়েছে।

২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৭

জনৈক আরাফাত বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) B-))

২২| ২২ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৭

চতুষ্কোণ বলেছেন: সোহায়লা'র পোস্টটা অদ্ভুত সুন্দর ছিল। এই লেখাটা অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো নিশি জাগা মানুষের ভাবনা।

ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

জনৈক আরাফাত বলেছেন: হু্ম---- সোহা'র লেখার মান ক্রমশ অন্য উচ্চতায় উঠে যাচ্ছে!

আপনিও ভালো থাকুন। :)

২৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৩

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: রাত জাগা আমার কাজ না! রাত জাগতে পারলে হয়ত এই রকম একটা সুন্দর লেখা লিখতে পারতাম।
গানটা তো দেখি সুন্দর! আগে শুনি নি কখনো! :-*


অট: ফেইসবুক শুধু ঝামেলা করে। :( লগইন করতে পারছি না। এই নিয়ে দুইবার এই রকম হয়েছে। এইবার অবশ্য ইমেল আসছে একটা:
Hey কখনো মেঘ,

You recently requested a new password.

Here is your reset code, which you can enter on the password reset page:
একজন বললো, আমার একাউন্ট হয়ত কেউ হেকড করতে চেয়েছে, পারে নি।
পাসওয়ার্ড চেন্জ করার জন্য কিছুই আমি করি নি। রিসেট করেও চেষ্টা করেছিলাম। কোন কাজ হয় নাই। এইসব ব্যাপারে আমি কিছু বুঝিও না অবশ্য। তুমি কিছু জানো?

২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৫

জনৈক আরাফাত বলেছেন: তাহলেই তুমি কাব্য'র কথা মত লক্ষী মেয়ে! :)

ফেসবুকে তোমার হ্যাক হবার সম্ভাবনাই বেশি! ফেসবুক সিস্টেমে সমস্যা জানিয়ে মেইল করলে সমাধান পেতেও পারো!

২৪| ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৯

আলী আরাফাত শান্ত বলেছেন: ঝরঝরে লেখা!

২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১১

জনৈক আরাফাত বলেছেন: ঝরঝরে কমেন্ট!

২৫| ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২১

মেহবুবা বলেছেন: আমারও কিছুদিন খুলনায় থাকবার সুযোগ হয়েছিল , ছিমছাম শহর ।

আপনার লেখার মধ্যে একরকম ছন্দময় গতিময়তা আছে । লিখুন বেশী বেশী ।

২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৬

জনৈক আরাফাত বলেছেন: হু্ম---- খুলনা খুব প্রিয় শহর- যদিও যাইনা অনেক দিন!

কমেন্টের জন্য ধন্যবাদ।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৮

ফারজানা মাহবুবা বলেছেন: “সারা পাড়ায় আমি আর গরুটা ছাড়া আর কেউ জেগে নেই।” :) পড়ে খুব মজা পেলাম!

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

জনৈক আরাফাত বলেছেন: একথা লেখার জন্য তখন অনেকেই আমাকে খুব ক্ষেপিয়েছিলো! :(

২৭| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৫

অজন্তা তাজরীন বলেছেন: রাত আমার নিত্য দিনের সাথী। পছন্দের গান শুনতে আর নিজের কাজের জন্য উপযুক্ত সময় রাত।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫

জনৈক আরাফাত বলেছেন: রাত-কে উপভোগ করতে হয় এভাবেই! :)

২৮| ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৫

শোশমিতা বলেছেন: রাতজাগা আসলেই বেশ মজার ।হায় কত রাত কাটালাম না ঘুমিয়ে একসময় এমন ছিলো সারা রাত আড্ডা সকালে ঘুমানোর সুজুগ নাই কিন্তূ তার পর ও রাতজাগা মজার বিকল্প কখনো হবে না।



সারাদিনের কর্মক্লান্ততার পর, রাত যেন নিজের হয়ে আসে। শুধুমাত্র নিজের।
চমৎকার!!!!
পোস্টটা অনেক ভালো লাগলো

২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১৪

জনৈক আরাফাত বলেছেন: জাগি নিশি একেলা, নিরালায়....

গানটা শুনেছেন?

২৯| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫

নস্টালজিক বলেছেন: রাত বন্ধু!
রাত সুন্দর!


রাত অপার্থিব!!

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৬

জনৈক আরাফাত বলেছেন: রাত সুন্দর।

৩০| ০১ লা মে, ২০১০ রাত ১:৩১

জেসমিন মলি বলেছেন: রাত জেগেও যদি এতো ভাল লেখা বেড় হয় তাহলে তো রাত জাগায় ভালো।অবশ্য পৃথিবীর সব সৃজনশীল মানুষ রাত জাগে তাদের সৃজনশীল কাজের জন্য। শুভকামনা।

০১ লা মে, ২০১০ রাত ১:৪৪

জনৈক আরাফাত বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা। :)

৩১| ২০ শে জুলাই, ২০১০ রাত ১:৪৭

ত্রাতুল বলেছেন:
একটা মানুষের জন্য নিজেকে সময় দেয়া অনেক জরুরি। আর এই অসম্ভব ব্যস্ত নগরে রাত ছাড়া সেই একাকীত্বের নির্জনতা কোথায় পাওয়া যাবে। রাতই আশ্রয়। রাতই বন্ধু, নির্বাক অথচ সাবলীল, অনেকটা এই লেখাটার মতোই।

২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:০০

জনৈক আরাফাত বলেছেন: রাত মনে হয় নিজেরই ছায়া ...

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১১

আসিফ মুভি পাগলা বলেছেন: বড় হচ্ছি আর রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে । আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে এইটা দুঃসংবাদ নয় আশীর্বাদ । :-B :-B

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪

জনৈক আরাফাত বলেছেন: ঠিক তাই।

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৩

ফটিকছড়ি বলেছেন: প্রত্যেকের কাছে রাতটা একান্ত নিজের.... রাতের নিস্তব্ধতা যেন মনের সুপ্ত কল্পনাগুলোকে অবাধ বিচরণের সুযোগ করে দেয়..


“সারা পাড়ায় আমি আর গরুটা ছাড়া আর কেউ জেগে নেই।” ---নষ্টালজিয়া !

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫২

মাহমুদা সোনিয়া বলেছেন: রাতের লেখা দিনে পড়লাম! তাও ভাল লাগলো। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.